সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী রয়েছেন। তবে এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

কোরবানি-সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিটি

কোরবানি-সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিটি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে আহ্বায়ক করে ‘কোরবানি-সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কমিটির কার্যপরিধি বিষয়ে গেজেটে বলা হয়েছে, ‘সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সাথে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কোরবানির হাট, পশু পরিবহণ এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভারসহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। এর আগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারেÍ দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।  

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার: খাদ্য উপদেষ্টা

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার: খাদ্য উপদেষ্টা রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর খাদ্য বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠৃকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ, বিশেষ করে গম ও সার—এই দুটি গুরুত্বপূর্ণ পণ্যের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে। বর্তমানে দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যার মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভ, খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভবিষ্যতে শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ তিনি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চস্তরের অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্যানেল আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যমান ম্যান্ডেটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেকোনো পরিবর্তন আনার সময় আয়োজক সরকার, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ, শান্তিরক্ষীদের মাঠ পর্যায়ে এবং জাতিসংঘ সচিবালয়সহ সব অংশীদারদের মধ্যে অংশীদারিত্বের ওপরও জোর দেন। তিনি সম্পদের সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং তহবিলের ঘাটতি মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বার্লিনে ১৩-১৪ মে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা রয়েছেন। দুইদিনের এ সম্মেলনে শান্তিরক্ষাকারী দেশগুলোর বৃহত্তম সম্মেলনে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা জার্মানি, আলজেরিয়া, কোস্টারিকা, গাম্বিয়া, গুয়াতেমালা, তিউনিসিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, জাপান এবং মালাউইয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার আভাস থাকায় বাড়তে পারে গরম অনুভূতি। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (১৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার (১৭ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার (১৮ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ৪০ জওয়ান

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ৪০ জওয়ান রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া সাবেক বিডিআরের ৪০ জওয়ান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জসহ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া তাদেরকে জামিন দেন। চারদিন পর ১২ মে সংশ্লিষ্ট আদালতের চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জামিনের বিষয় নিশ্চিত করেছিলেন। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ৪০ জন সাবেক বিডিআর সদস্য বন্দির জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাওয়া গেছে। তাদের মধ‍্যে- ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-১ থেকে ৫ জন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ১০ জন ও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, সর্বমোট ৪০ জন মুক্তি পান। তিনি আরও বলেন, তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই করে তাদের মুক্তি দেওয়া হয়। এরই মধ্যে কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন বেরিয়ে গেছেন, কাশিমপুর কারাগার থেকে একে একে সবাই বের হচ্ছেন। এর আগে গত ২৩ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন,কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়।

আগামীকাল ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ

আগামীকাল ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগামীকাল ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন। দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করবেন। রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় দেখভাল করতেন তিনি। অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

পুশইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা

পুশইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দি‌ল্লি‌কে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। গত ৯ মে পত্রটি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। পত্রে বলা হয়, পুশইনের পদক্ষেপ গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাবও তৈরি করছে।পুশইনের পদক্ষেপ ১৯৭৫ সালের যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) ২০১১ এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনায় দুই পক্ষের পারস্পরিক সম্মত সিদ্ধান্তের পরিপন্থী। চিঠিতে বলা হয়, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশ তাদের ফেরত নেবে। এর ব্যত্যয় হলে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের পরিবর্তে তাদের আদি নিবাস মিয়ানমারেই ভারতের ফেরত পাঠানো উচিত। কোনোভাবে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পুশইন করাটা উচিত হবে না। বাংলাদেশ–ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের পুশইন অগ্রহণযোগ্য এবং তা পরিহার করা উচিত বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানান, ভারত থেকে এভাবে পুশইন করা সঠিক প্রক্রিয়া নয়। সে দেশে কোনো বাংলাদেশি থাকলে তাদের ফরমাল চ্যানেলে পাঠাতে হবে। গত ৭ মে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জন রোহিঙ্গাকে পুশইন করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ মে ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে রেখে যায়।

একাধিক বৈঠকের পর আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

একাধিক বৈঠকের পর আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ ঋণের শর্ত পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর মিলেছে। চলতি অর্থবছরে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএমএফ অবশিষ্ট তহবিল ছাড়ে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকা-ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে, তার নাম ‘ক্রলিং পেগ’। এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এত দিন ঋণ ছাড়ের এ কিস্তি আটকে ছিল। শেষ পর্যন্ত আইএমএফ তা মেনে নিয়েছে। ফলে ঋণ প্যাকেজের তৃতীয় কিস্তি হিসেবে জুনে ১.৩ বিলিয়ন ডলার ছাড় হচ্ছে। এ বিষয়ে আগামী বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আইএমএফের সঙ্গে ঋণ ছাড়সংক্রান্ত চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি ওই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের আস্থাও বাড়াবে। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য তিন বছরের ঋণ কর্মসূচি অনুমোদন করে। যার আওতায় এখন পর্যন্ত দুটি কিস্তি ছাড় হয়েছে। আসন্ন এই তৃতীয় কিস্তির মাধ্যমে মোট ছাড়কৃত ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।