পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা বলেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা বলেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সাথে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালন করতে এসেছি। আজ বেলা ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকটি শুরু হয়। এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরে রুদ্ধদ্বার বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এসব কথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই অনির্ধারিত বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনও ব্যক্তির ছবি

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনও ব্যক্তির ছবি ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন টাকা। এ লক্ষ্যে ইতোমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়ে গেছে। তবে নতুন এই টাকায় থাকছে না কোনও ব্যক্তির ছবি। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে গভর্নর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদ বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে। টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।
গুজবে কান না দিয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দিয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াতে চাইছে উল্লেখ করে এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশী হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশী হজযাত্রী বাংলাদেশ থেকে আজ দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও ১ জন নারী।
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেল কর্তৃপক্ষের আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশ প্রদান করা হয়। আলোচনা সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় প্লাটফরমে বিনা টিকেটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্ল্যাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিপন্থি যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতেও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। আগামী ১লা জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনসমূহ নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।
বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট ঈদুল আযহা ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট। তবে গত ঈদুল ফিতরের আগে বাজারে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এবার আসন্ন ঈদুল আযহা সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গাজীপুরের দ্যা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) এরই মধ্যে এসব নোট ছাপার কাজ শুরু করেছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। তার পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পূর্বের নকশা ফিরে আসছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে। সেভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
সারাদেশে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট

সারাদেশে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সারাদেশে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার জন্য আইএসপিগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসি এক নির্দেশনায় মহানগর, জেলা শহর, উপজেলা এবং ইউনিয়নপর্যায়ে পাঁচ এমবিপিএস গতির ইন্টারনেট মাসিক সর্বোচ্চ ৪শ টাকায় দেওয়ার নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের মূল্য যুক্তিসংগত পর্যায়ে নামিয়ে আনার জন্য একটি বাস্তবসম্মত এবং গ্রাহকবান্ধব ইন্টারনেট ট্যারিফ প্রণয়নে সরকারিবেসরকারি সব ধরনের আইএসপিদের জন্য বিটিআরসি একটি খসড়া ট্যারিফ প্রস্তুত করে তা অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায় এবং পরবর্তীতে সরকার ট্যারিফটি অনুমোদন করেন। এ ছাড়াও সারাদেশে ১০ এমবিপিএস ৭শ টাকা এবং ২০ এমবিপিএস ১১শ টাকা। ট্যারিফের শর্তাবলি: বিটিআরসি’র লাইসেন্সধারী সকল সরকারি/বেসরকারি বিভিন্ন ধরনের আইএসপি প্রতিষ্ঠানের জন্য উল্লিখিত ট্যারিফটি ১ জুলাই থেকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য নির্ধারিত থাকবে এবং পরবর্তীতে নতুন করে ট্যারিফ নির্ধারিত না হলে কমিশনের অনুমোদনক্রমে তা বলবৎ থাকবে। তবে কমিশন বাজার চাহিদা ও গ্রাহক স্বার্থ বিবেচনায় যে কোনো সময় তা পরিবর্তন করতে পারবে। গ্রাহক সেবা ও সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় জরিমানা শর্তসহ সেবার মান বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদণ্ড নির্ধারণে এ, বি, সি গ্রেড মোতাবেক গ্রেড অব সার্ভিস বজায় রাখতে প্রতিটি আইএসপি বাধ্য থাকবে। সব ধরনের আইএসপির ক্ষেত্রে গ্রাহক পাঁচদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল ৫০ শতাংশ দেবে, ১০ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিলের ২৫ শতাংশ দেবে এবং ১৫ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসে কোন মাসিক বিল দেবে না। সরকারের অনুমোদিত ইন্টারনেট স্পিড সর্বনিম্ন সীমা পাঁচ এমবওপিএস বিদ্যমান রেখে ট্যারিফের তালিকা অনুযায়ী ৫, ১০, ২০ অথবা কামেকশন র্যাশিও ১:৮-কে আনুপাতিক হারে প্রয়োজনীয় সমন্বয় করে কমিশনের অনুমোদনক্রমে গ্রাহকদের আইএসপি অন্যান্য প্রোডাক্টসেবা দিতে পারবে। কমিশন থেকে অনুমোদিত ট্যারিফ চার্ট আইএসপিদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করতে হবে এবং অনুমোদিত সেবা বা ট্যারিফে কোনো ধরনের পরিবর্তন বা সংযোজন গ্রহণযোগ্য নয়। ট্যারিফের বাইরে অনুমোদন ব্যতীত কোন সেবা/প্রোডাক্ট পরিচালনা করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনানুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন আইনি ব্যবস্থা নেবে। গ্রাহক অভিযোগ (টিকেটিং নাম্বারসহ) দ্রুততার সাথে সমাধান করতে হবে, গ্রাহকের কোন অভিযোগপ্রাপ্ত হলে বিটিআরসি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে এবং গ্রাহক অভিযোগ ও অভিযোগ সমাধানের তথ্য কমপক্ষে ছয় মাসের জন্য সংরক্ষণ করতে হবে।
সাইবার নিরাপত্তা আইন বাতিল, সুরক্ষা অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন বাতিল, সুরক্ষা অধ্যাদেশ জারি ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি, অনলাইন জুয়া নিষিদ্ধ ও অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। একইসঙ্গে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। বুধবার (২১ মে) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর আগে গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে। অধ্যাদেশে আগের আইনের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি, কুৎসামূলক প্রচারণার দণ্ড, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, এর অপরাধ ও দণ্ড, আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি ধারাও বিলুপ্ত করা হয়েছে। অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। এছাড়া অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত আগের আইনের কিছু কিছু ধারায় পরিবর্তন এনে অধ্যাদেশে রাখা হয়েছে। ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষ মূলক তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ডের বিষয়টি পরিবর্তন এনে রাখা হয়েছে। মত প্রকাশের মামলা জামিনযোগ্য রাখা হয়েছে। অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যদি সাইবার অপরাধ করা হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ড পেতে হবে।
সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী সোমবার (২৬ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করতে পারে। বৃহস্পতিবার (২২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। শুক্রবার (২৩ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার (২৪ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো / হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৫ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন বিএসএফের

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন বিএসএফের ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের আটক করে বার্ডর গার্ড বাংলাদেশ (ফেনী ৪ বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে আটকদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এরপর তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, ভোরে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৯ জনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতে বসবাসরত এসব বাংলাদেশিকে গুজরাট ও হরিয়ানা রাজ্য থেকে বিমানে আগরতলা সীমান্তে আনা হয়। পুরো দলে ছিলেন মোট ১৪০ জন। এর মধ্যে ৩৯ জনকে ফেনীর দুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ২৪ জন ফেনী ৪ বিজিবির আওতায় এবং ১৫ জন ১০ বিজিবির (কুমিল্লা) আওতাধীন ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে। আটকদের মধ্যে ১০ জন মুসলমান এবং বাকিরা হিন্দু। তারা সবাই ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।