১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি দেশের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এই বন্যার শঙ্কা রয়েছে। আগামীকাল পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের উত্তরে রংপুর, নীলফামারি, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। তবে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন তিনি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে। এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। পানি বেড়ে রংপুর বিভাগে তিস্তা নদীও কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তাসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব নদীসংলগ্ন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। তিনি বলেন, ‘এটি আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। ’ তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। ’ শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। ’ তিনি বলেন, ‘বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। ’ এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ কর্মীদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। ’ তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত। ’ ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর দেড় হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। ’ জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অরগানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, ‘জাপানে জনসংখ্যা কমছে এবং সে কারণে বাংলাদেশি কর্মীদের সহায়তা প্রয়োজন হবে। ’ তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। ’ স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ কর্মী পাঠাতে পারে।

সাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি

সাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানীসহ সারা দেশে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আজ ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়াও। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝ দিয়ে সন্ধ্যা নাগাদ নিম্নচাপটি উপকূল অতিক্রম করবে। এতে আগামী দুই দিন অতিভারী বৃষ্টি হবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা সৃষ্টিসহ চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে কর্মজীবী মানুষদের ব্যাপক ভোগান্তিতে পড়তে দেখা গেছে। পথচারীদের আশ্রয় নিতে দেখা গেছে বিভিন্ন দোকানের ছাউনি বা ভবনের আশেপাশে। রিকশাচালকরাও অনেকে জবুথবু হয়ে সড়কের ধারে বসে আছেন। বৃষ্টিপাতে সড়কে গাড়ি কম থাকলেও কোথাও কোথাও জলাবদ্ধতায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কি.মি. পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

জিলহজের চাঁদ উঠেছে, ৭ জুন ঈদুল আজহা

জিলহজের চাঁদ উঠেছে, ৭ জুন ঈদুল আজহা দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সভা কক্ষে “১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়” এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সভাটির আয়োজন করে ইসলামি ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।  সভাটির সভাপতিত্ব করে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। সভায় বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়।

সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার

সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মচারীরা। এই উত্তাল পরিস্থিতিতে সরকার আজ মঙ্গলবার দুপুরে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসছে। একইসঙ্গে অধ্যাদেশটি পর্যালোচনার জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে সরকারের সাতজন গুরুত্বপূর্ণ সচিব এবং আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি রাখা হবে। সকালে সচিবালয়ে এক জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, যেখানে সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই অধ্যাদেশটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, সরকার দ্রুততম সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ খুঁজে বের করতে চাচ্ছে। এদিকে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ আজ দুপুর আড়াইটায় আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে আরও সাতজন সচিবের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘‘ভূমি সচিবের ডাকে আমরা বৈঠকে যাচ্ছি। ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। আন্দোলন অব্যাহত থাকবে কি না সেটা তখন জানাবো।’’ অন্যদিকে সংযুক্ত পরিষদের আরেক অংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘‘যদি আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি হয়, তাহলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করতে পারি।’’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের সব সংগঠন একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ বিক্ষোভ কর্মসূচি পালন করে। ‘অধ্যাদেশ বাতিল করো’, ‘সরকারি কর্মচারীদের অপমান চলবে না’ স্লোগানে মুখর ছিল সচিবালয় এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়। সচিবালয়ে প্রবেশে সাধারণ দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হলেও, দুপুর ১টা পর্যন্ত সাংবাদিকরাও ভেতরে প্রবেশ করতে পারেননি। যদিও সাংবাদিক প্রবেশে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা ছিল না।

অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে সচিবালয়ে আন্দোলনকারীদের বৈঠক শুরু হয়েছে।  মঙ্গলবার (২৮ মে) বেলা পৌনে ৩টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত সচিব অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে নুরুল ইসলাম, বাদীউল কবিরসহ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ করেন তারা। এদিন সচিবালয়ে বিজিবি, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট) ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার ভূমি সচিবকে প্রধান করে সাত সচিবের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। সোমবার (২৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হবে ৭ সমঝোতা

মঙ্গলবার জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হবে ৭ সমঝোতা চার‌ দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশ সাত‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।  সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেছেন, আগামী ২৮ থেকে ৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৮ মে দুপুরে জাপানে পৌঁছাবেন ড. ইউনূস। ওই দিন বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। সেদিন তিনি বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন এবং বিশেষ বক্তব্য দেবেন। অদূর ভবিষ্যতে জাপানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কীভাবে আরো দক্ষ জনশক্তি পাঠাতে পারে, সে ব্যাপারে সেমিনারে আলোকপাত করা হবে। রুহুল আলম জানান, জাপান সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। পরদিন ৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হবে। বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হবে।  তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন কৌশলগত ইস্যু, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওইদিন দুপুরে জেট্রোর প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যেকার বাণিজ্য এবং বিনিয়োগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর পর তিনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের উদ্দেশে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন বিকেলে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে। সচিব জানান, প্রধান উপদেষ্টার সফরকালে জাপানের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতাবিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এছাড়া, বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করতে এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে। এটা সহজ শর্তের ঋণ। তারা আমাদের একটা পরিমাণ দিতে রাজি হয়েছে। আমরা সফরের আগে এটি প্রকাশ করতে পারছি না। প্রধান উপদেষ্টা ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন এবং রাতে ঢাকায় অবতরণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। শ্রমশক্তি রপ্তানি বিষয়ে রুহুল আমিন বলেন, কর্মক্ষম মানুষের চাহিদা জাপান বিদেশ থেকে পূরণ করছে এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের একটি সমঝোতা রয়েছে। এর পরিধি বৃদ্ধির জন্য বাংলাদেশের বিএমইটির সঙ্গে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সমঝোতা হবে। ওই কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা এবং বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে কাজ করবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া এবং প‌্যা‌সি‌ফিক উইংয়ের মহাপ‌রিচালক নুর এ আলম জানান, জাপান মোট ১৬টি খাতে লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা নির্দিষ্ট প্রশিক্ষণ দেবে। এসবের মধ্যে কেয়ারগিভার, হসপিটালিটিসহ অন্যান্য খাত রয়েছে।

ভর্তিতে জুলাই যোদ্ধাদের পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি

ভর্তিতে জুলাই যোদ্ধাদের পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।  সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক উত্তেজনা ও নানান গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে জানায়, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। আজ পূর্ব নির্ধারিত একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।