নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী

নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াতের ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে বিফ্রিংয়ে বলেন, ১২ বছরের অপেক্ষার অবসান হলো, নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচন করতে পারবেন, আর কোনো বাধা রইল না।
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধান উপদেষ্টা

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধান উপদেষ্টা বৃটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ জুন লন্ডনে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় রাজা চার্লস থ্রি নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিবেন। ২০২৪-এ প্রবর্তিত প্রথম কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন। দ্য কিংস ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়ে থাকে। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে তিনি আগামী ১০ জুন লন্ডন সফরে যাবেন তিনি। আগামী ১২ জুন ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। সফর শেষে তিনি ১৩ জুন ঢাকায় ফিরবেন।
পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান প্রধান উপদেষ্টার পাটের হারানো গৌরবের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘যখন আপনি পাট নিয়ে কথা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এই দেশটি একটি অনন্য দেশ, যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে।’ আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অফিসে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
বাড়বে জাপানি বিনিয়োগ, পাঠানো যাবে ১ লাখের মতো কর্মী

বাড়বে জাপানি বিনিয়োগ, পাঠানো যাবে ১ লাখের মতো কর্মী জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে। পাশাপাশি দেশটিতে বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে।
জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশে টোকিও ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বেলা ১১টা ২০ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। অধ্যাপক ইউনূস আজ রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
৩ দিনের সফরে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

৩ দিনের সফরে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী ৩ দিনের সফরে বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজারের বেশি হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজারের বেশি হজযাত্রী বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত ৭৯ হাজার ১৫৮ জন সৌদি আরব পৌঁছেছেন। গত ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এ পর্যন্ত ২০৪টি উড়োজাহাজে তারা গন্তব্যে পৌঁছেছেন। সর্বশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে ৩১ মে। ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজ পালন করবেন। তাঁদের মধ্যে ৫ হাজার ২শ’ জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায়, অন্যদিকে ৮১ হাজার ৯শ’ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। তিনি জানান, শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে মোট আটটি ফ্লাইটে সৌদি গেছেন বা যাবেন ২ হাজার ৮৮৬ জন হজযাত্রী। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ১ হাজার ২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪০৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ২২৪ জন হজযাত্রী রয়েছেন। সর্বশেষ হজ ফ্লাইটটি ৩১ মে সৌদি আরব পৌঁছাবে। পরিচালক আরো জানান, ধর্ম মন্ত্রণালয় নিয়মিত হজ বুলেটিন প্রকাশ করছে। সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সৌদি পৌঁছানোর পর গত কয়েক দিনে বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় ১২ জন হজযাত্রী মারা গেছেন। এ বছর হজ ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইন্স দায়িত্ব পালন করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি ফ্লাইটে ৩৯ হাজার ৪১৬ জন হজযাত্রী বহন করেছে। সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইটে নিয়েছে ২৮ হাজার ২৪২ জন। রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ২৭টি ফ্লাইটে সৌদি পৌঁছে দিয়েছে ১১ হাজার হজযাত্রীকে। হজ অফিসের বুলেটিনে জানানো হয়েছে, এভিয়েশন পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদি এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। বাকি ৭ হাজার ৭৯৯ জন হজযাত্রী ৩১ মে’র মধ্যে সৌদি পৌঁছাবেন। উল্লেখ্য, প্রথম হজ ফ্লাইটটি ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ২৯ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যায়। হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। ফিরতি ফ্লাইট আসা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
জাপানে প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

জাপানে প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। ড. ইউনুস টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা চার দিনের সফরশেষে আগামীকাল ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গত ২৭ মে জাপানে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান।
পৃথিবীকে রক্ষায় তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান ড. ইউনূসের

পৃথিবীকে রক্ষায় তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান ড. ইউনূসের বর্তমান সভ্যতার ধারায় পৃথিবী টিকে থাকতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে বলেন, ‘আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করবে।’ড. ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানুষ টিকে থাকতে পারবে না, কারণ বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংস অব্যাহত আছে। তিনি তাঁর ‘থ্রি জিরো থিওরি’ বা তিন শূন্য তত্ত্ব— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ-এর কথা উল্লেখ করে বলেন, এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে। বিশ্বের সম্পদের সিংহভাগ এখন খুব অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত, যাকে তিনি এক অভিশাপ হিসেবে উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আগত চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন। ‘থ্রি জিরো ক্লাব’ সম্পর্কে তিনি বলেন, পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না। তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে। মানুষের সহজাত উদ্যোক্তা হওয়ার ক্ষমতার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন: ‘যদি তোমার মধ্যে সৃজনশীলতা না থাকে, তবে তুমি কিছুই নও…প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে।’ তিনি উদ্যোক্তা তৈরি করতে সামাজিক ব্যবসায় ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার ক্ষমতা দেয়।’ ড. ইউনূস অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জানান কীভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক থাকাকালে পাশের একটি ছোট গ্রামে ক্ষুদ্রঋণের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।
উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৬ জেলায় ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।