তেলের দাম কমানো হয়েছে, বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

তেলের দাম কমানো হয়েছে, বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, “জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, নিলেই ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, “মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।” মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি–এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, ফেরত দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে।” তিনি আরো বলেন, “ভাড়া বেশি নেওয়ার কিছু ঢালাও অভিযোগ এসেছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।” গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। অন্যদিকে পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।
আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান আজ (বৃহস্পতিবার, ৫ জুন) পবিত্র হজ। ভোর থেকে দলে দলে হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হচ্ছেন। আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। বুধবার (৪ জুন) মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানে যেতে শুরু করেন। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। ’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর ওপর হজ ফরজ। আরাফাতের ময়দান মক্কা থেকে ২২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি দৈর্ঘ্যে দুই কিলোমিটার, প্রস্থেও দুই কিলোমিটার। এ ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত। আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। এ ময়দানে উপস্থিত হজযাত্রীদের উদ্দেশে খুতবা দেওয়া সুন্নত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানকার মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন। কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মিলন। লাখ লাখ হাজির এ ময়দানে মুসলিমদের একতার ইঙ্গিত বহন করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে এ নামাজ আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে দিনে বা রাতে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে। (সুনানে নাসায়ি) আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ আরাফাতের দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা দেন। পবিত্র কোরআনে এসেছে, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দ্বীন মনোনীত করলাম। (সুরা: মায়েদা, আয়াত: ৩) আজ মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। স্থানীয় সময় দুপুর ১২:১০ মিনিটে মানারাতুল হারামাইন (manaratal haramain) ওয়েবসাইটসহ বিভিন্ন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিত হবে। এদিকে কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় এ খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। বিগত কয়েক বছরের মতো এবার বাংলাসহ ৩৪টি ভাষায় আরাফাতের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ বছর ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। এবার খুতবার বাংলা অনুবাদ উপস্থাপন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান। হজের অংশ হিসেবে জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ এ পাঁচদিনে মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজযাত্রীরা হজের কার্যক্রম পালন করবেন। এর মধ্যে আজ বৃহস্পতিবার (সৌদি আরবে ০৯ জিলহজ) আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়া হবে। এরপর সূর্যাস্ত পর্যন্ত দোয়া-মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে ৯ কিলোমিটার দূরত্বে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত্রিযাপন করবেন। শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে তারা পাথর সংগ্রহ করবেন। পরদিন রোববার (১০ জিলহজ) মিনায় জামারায় (জামারা হল হজের একটি গুরুত্বপূর্ণ অংশ—এটি মিনায় অবস্থিত তিনটি নির্দিষ্ট পাথরের স্তম্ভ, যেগুলোকে প্রতীক হিসেবে ধরা হয় শয়তানের। হজের সময় হাজিরা এ তিনটি জামারায় ছোট ছোট পাথর নিক্ষেপ করেন, যা শয়তানকে প্রতীকীভাবে প্রত্যাখ্যান করার অংশ হিসেবে পালন করা হয়। তিনটি জামারা হলো: ছোট জামারা, মধ্যম জামারা, ও বড় জামারা) গিয়ে বড় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হবে। এরপর কোরবানি করে মাথা ন্যাড়া করবেন হাজিরা। তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাঈ (সাতবার দৌড়ানো) করবেন। সেখান থেকে অনেকে আবার মিনার তাঁবুতে ফিরে যাবেন, অনেকে মক্কার বিভিন্ন হোটেলে থাকবেন। তবে যেখানেই হাজিরা থাকুন না কেন সেখান থেকে তারা দুই দিন বা তিন দিনের (১১ থেকে ১২ বা ১৩ জিলহজ) মধ্যে পর্যায়ক্রমে বাকি দুই শয়তানকে (মধ্যম ও ছোট) সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মক্কায় বিদায়ি তাওয়াফ করে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন।
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০ হাজার ৫২১ জন

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০ হাজার ৫২১ জন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফল জানা যাবে যেভাবে ফল প্রকাশের পর তা প্রার্থীদের মোবাইল ফোনের নিবন্ধিত নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনটিআরসিএ। ধারাবাহিকভাবে সবাই এসএমএস পাবেন। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.gov.bd এবং টেলিটক লিমিটেডের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd থেকে পরীক্ষার ফল ও ব্যাচ নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। জানা যায়, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন। তাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু ১০ দিনের ছুটি

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু ১০ দিনের ছুটি ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার (৪ জুন)। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি। শেষ কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সরকারি দপ্তরগুলো স্বাভাবিক। অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। উপস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। উপস্থিতি স্বাভাবিক। সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন। লিফট চালকদের কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে ঈদের বকশিশ আদায়ের তৎপর দেখা গেছে। এক নম্বর ওই দুই নম্বর গেইটের মাঝখানে অতিথি অভ্যর্থনা কক্ষে অন্যান্য দিনের মতোই সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দূর-দূরান্তে ঈদ উদযাপন করবেন তাদের কেউ কেউ বুধবার অফিস করেই কর্মস্থল ত্যাগ করবেন বলে জানা গেছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে এরইমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরইমধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর ঈদের পরের দিন রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। তবে ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।
মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ শীর্ষ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এ বিষয়ে বলেছেন, “মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও মুক্তিযোদ্ধা। যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, যারা তা পরিচালনা করেছেন, সবাই মুক্তিযোদ্ধা। তবে, সরকারের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হন।” তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ অনুযায়ী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীসহ বিদেশে কর্মরত কূটনীতিকরাও ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পান। ফারুক-ই-আজম বলেছেন, “সহযোগী মুক্তিযোদ্ধা মানে তাদের সম্মান বা মর্যাদা ক্ষুণ্ন করা হয়নি। মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা—দুয়েরই মর্যাদা, সম্মান এবং সুযোগ-সুবিধা সমান থাকবে।” তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ীই বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পরে ২০১৮ ও ২০২২ সালে এই সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়, যা আইনি কাঠামোর মধ্যে থেকেই করা হয়েছে। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষীবাহিনীর ছুটি বাতিল

ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষীবাহিনীর ছুটি বাতিল ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদ যাত্রায় চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন চাকরিরত ও পেনশনভোগীরা

জুলাই থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন চাকরিরত ও পেনশনভোগীরা আগামী ১ জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে নূন্যতম ১ হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা দেবে সরকার। আজ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, ১ জুলাই থেকে বেতনগ্রেড ভেদে (গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত) ১০ শতাংশ এবং (গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত) ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হবে। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১০০০ টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে দেওয়া হবে।
ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী ১৯ জুন এ মামলার চূড়ান্ত শুনানি হবে। আজ শুনানি শেষে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী, শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল।
সব চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি

সব চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব চাকরির নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ এস এম হুমায়ুন কবীর বলেন, চাকরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে। এনআইডি আইনে বাধ্যবাধকতা রেখে চাকরি ক্ষেত্রে সব অফিস, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে।