১ দিনেই ২৮৮ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

১ দিনেই ২৮৮ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৬৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট চার হাজার ৮৩২ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩০৩ জন। এর মধ্যে ৫৯ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনকে পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন দাঁড়িয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। আজ সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি ফুল দিয়ে প্রথম ফিরতি ফ্লাইটের হাজিদের বরণ করে নেন। বিমানবন্দরে এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। বেবিচক সূত্রে জানা গেছে, আজ আরো সাতটি ফিরতি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল।এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়। সর্বশেষ হজ ফ্লাইটটি যায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এবার হজ ফ্লাইট পরিচালনায় অংশ নেয় তিনটি এয়ারলাইনস।সেগুলো হচ্ছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস। ফিরতি যাত্রার ক্ষেত্রেও এসব এয়ারলাইনস প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে নেওয়া হয়েছে কয়েকটি বিশেষ ব্যবস্থা। বেবিচক জানিয়েছে, এভসেক পুরো হজযাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করবে। ফ্লাইট আগমনের পর আনসার সদস্যরা হাজিদের স্বাগত জানিয়ে সঠিক পথে গাইড করবেন। ইমিগ্রেশন পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের তত্ত্বাবধানে হাজিদের জন্য নির্ধারিত বিশেষ কাউন্টারে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। এতে করে ভিড় এড়ানো এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। লাগেজ বেল্ট ৫, ৬, ৭ ও ৮ শুধুমাত্র হাজিদের জন্য বরাদ্দ থাকবে। আনসার সদস্যরা হাজিদের লাগেজ সংগ্রহে সহায়তা করবেন। লাগেজ সংগ্রহ শেষে হাজিরা গ্রিন চ্যানেল-২ দিয়ে কাস্টমস পার হবেন। এরপর তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তত্ত্বাবধানে জমজমের পানি সংগ্রহ করবেন এবং ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন। এছাড়া, এপিবিএন এর ব্যবস্থাপনায় হাজিদের জন্য নির্ধারিত ড্রাইভওয়েতে যান চলাচল সুনিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার ৯ জুন অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার একাধিক সাব-ভেরিয়েন্ট— বিশেষ করে অমিক্রনের এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১ দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এসব ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারতসহ আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ঝুঁকি মোকাবিলায় হেলথ স্ক্রিনিং বাড়ানোসহ বিমানবন্দর ও স্থলবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়। সম্প্রতি দেশে করোনায় একজনের মৃত্যু হলেও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয়। তবে বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে এসেছে। আইসিডিডিআরবির গবেষকেরা দেশে করোনার নতুন ধরন এক্সএফজি শনাক্ত করার কথা জানিয়েছেন। পাশাপাশি এক্সএফসি নামের আরও একটি সাব-ভেরিয়েন্টও পাওয়া গেছে। উভয়টিই অমিক্রনের শক্তিশালী ভ্যারিয়েন্ট জেএন-১ এর উপধরন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা— সাতবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)। নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন। আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা— দেশের বিভিন্ন স্থল, নৌ, বিমান বন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কসমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন। দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার, ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন। চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন। জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়— অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।
আজ বায়ুদূষণে চতুর্থ ঢাকা

আজ বায়ুদূষণে চতুর্থ ঢাকা বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১০ গুণেরও বেশি রয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (১৭৪)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৫৬) এবং নেপালের কাঠমান্ডু (১৫৬)। শহর তিনটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বৃষ্টি হতে পারে যেসব বিভাগে

আজ বৃষ্টি হতে পারে যেসব বিভাগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, আর ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বাকি অংশে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আছে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগও রয়েছে এই তালিকায়। এসব জায়গায় গরমের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তখন তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২.৬ ডিগ্রি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ২৪ মিলিমিটার। সামনের কয়েক দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং গরম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট ১০ জিলহাজ্ব (৮ জুন) জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদির স্থানীয় সময় রাত ০১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে। এদিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন চার হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।
৩৩ জেলায় তাপপ্রবাহ, আরো গরম বাড়ার পূর্বাভাস

৩৩ জেলায় তাপপ্রবাহ, আরো গরম বাড়ার পূর্বাভাস দেশের ৩৩ জেলায় সোমবার (৯ জুন) তাপপ্রবাহ চলছে। গত শনিবার এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার (১০ জুন) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তা কমে অসতে পারে। দেশের অর্ধেকের বেশি অংশজুড়ে তাপপ্রবাহ রয়েছে। তবে অন্য এলাকাতেও ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, “আজ রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।” যে চার বিভাগে আজ তাপপ্রবাহ চলছে, সেসব বিভাগে মোট জেলার সংখ্যা ৩০। এর পাশাপাশি ৩ জেলা মিলিয়ে মোট ৩৩ জেলায় আজ তাপপ্রবাহ চলছে বলে জানান তিনি। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার চট্টগ্রামের কিছু জায়গা ও ঢাকা, বরিশাল ও সিলেটের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, চুয়াডাঙ্গা ও খুলনার কয়রায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন: উপদেষ্টা আসিফ মাহমুদ

যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন: উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা জাতিগতভাবে আমাদের জন্য দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। বলা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন দিলে জাতীয় নির্বাচন বিলম্ব হবে। কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় বলেই দিয়েছেন, সুতরাং এখন তো অসুবিধা হওয়ার কথা নয়। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।
আজ থেকে মেট্রোরেল চালু, মাংস বহন নিষিদ্ধ মেট্রোরেল

আজ থেকে মেট্রোরেল চালু, মাংস বহন নিষিদ্ধ মেট্রোরেল ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল। তবে যাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। আজ সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এদিন প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে হেডওয়ে অনুযায়ী। তবে আগামীকাল থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন নিষিদ্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত ৩ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।