লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৫৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৫৮ বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ১৫৮ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী লিবিয়া থেকে দেশে ফিরেছেন।আজ সকালে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রত্যাবাসনকৃত এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লাখের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

লাখের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২২ জুন দুপুর ১২টা থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত এই নিয়োগের আবেদন ও ফি জমা দেওয়া যাবে। তবে, টাকা জমা দেওয়া যাবে ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন। এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১১১০টি পদ উল্লেখ করা হয়েছে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। ১ হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে সুপারিশ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ না দেয়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিল করার পদক্ষেপ নেওয়া হবে। তবে, শূন্যপদের চাহিদা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত হওয়ায় চাহিদাজনিত ভুলের দায় এনটিআরসিএ নেবে না বলেও জানানো হয়।
এইচএসসি পরীক্ষার ১০ দিন আগে ফরম পূরণের সুযোগ

এইচএসসি পরীক্ষার ১০ দিন আগে ফরম পূরণের সুযোগ এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র ১০ দিন আগে আবারও ফরম পূরণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিত করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখও ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর পর আর কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না। আগামী ২৬ জুন থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, শনাক্ত ২৫ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে এক জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫০৪ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে সারা দেশে ২৩১টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় এক জন মারা গেছেন। এই সময়ে ঢাকায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ৩১ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও সিলেটে ৫ জনের নমুনা পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৫১ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে।
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদল

প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থাটির কোনো সদস্যের প্রথম বাংলাদেশ সফর। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল রবিবার (১৫ জুন) ঢাকায় পৌঁছেছেন। ঢাকা সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে, রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার (১৫ জুন) দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নম্বর চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে +৯৬২৭৮১৬৪০০৮১ (হোয়াটসঅ্যাপ ও ইমো) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জর্ডানে বাংলাদেশ দূতাবাস এ সংকটকালে সব প্রবাসী বাংলাদেশিকে সচেতন ও সতর্ক থেকে চলাফেরা করার পাশাপাশি যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে মেডিকেল টিম

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে থাকবে মেডিকেল টিম করোনাভাইরাস ও ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই আগামী ২৬ জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে সারা দেশে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১৬ জুন) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এ-সংক্রান্ত আদেশ দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। ‘বিষয়টি অতীব জরুরি’ বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাস এবং ডেঙ্গুর সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনাগুলো হলো: ১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। ২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ৩. ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৪. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের অভ্যন্তরে মশকনিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে। ৫. পরীক্ষা কক্ষের আসনবিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে। ৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। ৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে। আদেশে আরো বলা হয়েছে, শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। সে হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা হবে : সিইসি

ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা হবে : সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ৫৫ দিন হয় বা ৬০ দিন আগেই তফশিল হবে। এই মুহূর্তে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব নয়। তবে নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত রয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় সাধারণত ভোটের দুই মাস আগে। ৫৫ দিন হয় বা ৬০ দিনও হয়। নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’সিইসি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণা করার আগে ভোটার তালিকা প্রস্তুত থাকতে হবে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলতি জুন মাসের মধ্যে শেষ করা হবে। তরুণ প্রজন্মকে যুক্ত করার জন্য প্রয়োজনে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা-ভাবনা হচ্ছে। যাদের ১৮ বছর হয়ে যাবে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের সময়ও ২২ জুন শেষ হচ্ছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বড় কাজও রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সাথে আমাদের আলোচনার দরকার রয়েছে। এতদিন এগুলো নিয়ে সরকারই আলোচনা করেছে। উনাদের পজিশন আমাদের বুঝতে হবে। সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের সম্ভাব্য সময়সীমা নিয়ে ধারণা পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকার থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুত আছি সব চেয়ে বড় কাজ ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা মোটামুটি শেষ। যেদিন আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করবো সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে। এটাই হচ্ছে আইন। সিইসি বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো টার্গেট ঠিক করিনি। লন্ডনে উনারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি, রমজানের আগেও নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, একটা সুন্দর নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকার প্রধানই বলছেন, ‘আমি একটা সুন্দর নির্বাচন দিব’। তার মানে উনার দায়দায়িত্ব আছে। তা না হলে উনি কি একথা বলতেন। তিনি বলেন, ‘এটা একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, একদিকে সরকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। সংস্কারের বিষয়ে আলোচনা চলছে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে, তবে ত্বরান্বিত করার বিষয় রয়েছে, এটি নিয়ে আলোচনা চলছে। আমাদের ধারণা, সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। কিন্তু লন্ডন সফরের পরে দায় দায়িত্ব কিছুটা আমাদের উপরই আসছে।’
২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ৩৮ জেলায় চলমান তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে তীব্র গরমের দাপট এখনো বিদ্যমান। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছাড়িয়েছে ৩৮ ডিগ্রির ঘর। এই অবস্থায় আষাঢ়ের প্রথম দিন আগামীকাল থেকে সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃষ্টি হবে, পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। যা ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।’ তিনি জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী বরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এতে আরো বলা হয়েছে যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারী ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের মাধ্যমে এই বিনিয়োগ স্বচ্ছতা বৃদ্ধিতে ও দুর্নীতি হ্রাসে সহায়তা করবে। এতে বাংলাদেশ এমন আধুনিক সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা একটি উদীয়মান অর্থনীতির চাহিদা পূরণে সক্ষম।’ তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি সেবার গুণগত মান ও প্রবেশগম্যতা বাড়াবে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।’