দেশে করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১৯

দেশে করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ১৯ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৮ জনে দাঁড়াল। অন্যদিকে, গত এক দিনে সারা দেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জন ও ঢাকায় একজন মারা গেছেন। তাদের একজনের ২ জন নারী ও একজন পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। বাকি দুজনের মধ্যে একজন ৭১ থেকে ৮০ ও অন্যজন ৯১ থেকে ১০০ বছর বয়সী। সবমিলিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ। অন্যদিকে গত একদিনে ঢাকায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ময়মনসিংহে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন ও কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন প্রধান উপদেষ্টার

দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন প্রধান উপদেষ্টার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। আজ ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে শুনানি ৭ জুলাই রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল শুনানির এই দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত ৭২ সালের সংবিধানের বিধান পুনর্বহালে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর রিটের শুনানি নিয়ে গত ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই রুলের জবাব দিতে বলা হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরস সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। নতুন করে পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন ডেঙ্গুরোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০১ ডেঙ্গুরোগী। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ছয় হাজার ৮১৭ জন, মারা গেছেন ৩২ জন। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।
হজ শেষে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি

হজ শেষে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি হজপালন শেষে সৌদি আরব থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩৭ হাজার ৯৪৪ জন হাজি। আজ হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০৯টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে ফিরেছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৮ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় একজন ও আরাফায় ১ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।
সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদিত হয়। উপস্থাপন করা বাজেটের ওপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে : এতে আরো বলা হয়েছে, সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। নিট টেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়েছিল, কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য তা ন্যূনতম ৫০০ টাকা হবে।
বাংলাদেশে ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে রুল

বাংলাদেশে ভারতীয় ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে রুল বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে ‘রিপাবলিক বাংলা’ টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ এবং ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। ওই রিট পিটিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিট পিটিশনে বলা হয়, ‘রিপাবলিক বাংলা’ একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ, কনটেন্টসমূহ ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। এতে বলা হয়, এই ভারতীয় টেলিভিশন চ্যানেল ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়া এই চ্যানেল নিরন্তর বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিট পিটিশনে আরও বলা হয়েছে, ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। এই চ্যানেল বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। “বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে উক্ত বিদেশি টেলিভিশন চ্যানেলের সব নিউজ, কনটেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে।” বলা হয় পিটিশনে। এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে এর আগে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাংলাদেশ সরকার ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এবং চ্যানেলটির নিউজ ও কনটেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব থেকে ব্লক না করার কারণে উক্ত বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। আজ শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন, দেশে মৃত্যু ১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন, দেশে মৃত্যু ১ চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ৯ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৬ জন। এই ২৬ জনের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এই ২ জনের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া ১ জন শিশু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৪ জন। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬৬ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একদিনে সারা দেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রধান দাবির মধ্যে ছিল— * পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা। * নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের বাজেট পাস। * শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবিগুলো মানা না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলেজ বন্ধের ঘোষণা এলো।