হজ করে দেশে ফিরলেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি

হজ করে দেশে ফিরলেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি। এদিকে হজ পালনকালে এখন পর্যন্ত ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৬ হাজার ৩৬২ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৬১ হাজার ৩৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে দেশে ফেরা হজের ১৮৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩১ হাজার ১৬৫ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৪২১ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪৩ জন বাংলাদেশি মারা গেছেন।

আজ ১০ মহররম পবিত্র আশুরা

আজ ১০ মহররম পবিত্র আশুরা আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি মহররম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর এই তারিখে শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে

দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা ও তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অধিবেশনে রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও ‘আরাকান আর্মি’র মতো সশস্ত্র গোষ্ঠীসমূহের মধ্যকার চলমান সংঘাত মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং রোহিঙ্গাদের দুর্দশা আরও বাড়িয়ে তুলছে বলে বাংলাদেশের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার পরিষদকে অবহিত করে উল্লেখ করেন, রাখাইন রাজ্যে চলমান হত্যাযজ্ঞ, নিপীড়ন ও সহিংসতা এড়াতে শুধুমাত্র ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে অনুষ্ঠেয় উচ্চ-পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকটের সমাধানকল্পে বাস্তবমুখী ও সময়াবদ্ধ সমাধানও খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রসঙ্গত, জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত রেজ্যুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজ্যুলেশনে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকতর দায়িত্ব গ্রহণের বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া এতে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহকে রাখাইনে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়। রেজ্যুলেশনটিতে রাখাইনে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি অবসানের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি রাখাইন রাজ্যের সব স্তরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গা মুসলমানদের অংশগ্রহণ ও অর্থপূর্ণ প্রতিনিধিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো স্থাপনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত ১৬ জুন শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশন আগামী ৯ জুলাই শেষ হবে

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন। ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই সফর হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর। গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়। ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইতালি আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।

মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা

মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। আজ সকাল ৯টায় নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার শ্যালক আশফাক কাদেরী বলেন, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের মর্গে মরদেহ রাখা রয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে আসছেন। তিনি আসার পর জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে বনানী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত রয়েছে। প্রশাসক হিসেবে দীর্ঘ কর্মজীবনের অধিকারী এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অন্তর্ভুক্ত হন।প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বেই বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। বহির্শক্তির হস্তক্ষেপে সেটা সাজানো নির্বাচন ছিল বলে অনেকেই সমালোচনা করে থাকেন।

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২৯ জন এবং এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত

সারাদেশে আরও ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ৫৮ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক এক শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা। প্রসঙ্গত, ২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০৪ জন

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০৪ জন সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘শহীদ দিবস’ পালন বাধ্যতামূলক

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘শহীদ দিবস’ পালন বাধ্যতামূলক ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ এখন থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালন বাধ্যতামূলক-এমন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি স্কুল ও কলেজগুলোকে নির্ধারিত তারিখে দিবস দুটির আনুষ্ঠানিকতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এতে আরো বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর সূত্রোক্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।