২০২৫ সালে বিদেশি বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বেড়েছে

২০২৫ সালে বিদেশি বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বেড়েছে ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্ত-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬৪.৬৩ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ৪০৩.৪৪ মিলিয়ন ডলারের তুলনায় ১১৪.৩১ শতাংশ বেশি। ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায়ও নিট বিদেশি বিনিয়োগ ৭৬.৩১ শতাংশ বেশি। ওই সময়ে নিট এফডিআই ছিল ৪৯০.৪০ মিলিয়ন ডলার। অন্যদিকে, পুনঃবিনিয়োগকৃত আয়ের হার বছরে ২৪.৩১ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও এই তীব্র বৃদ্ধি ঘটেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন মূলধন বিনিয়োগ এবং ঋণ প্রবাহ বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহকে চালিত করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইক্যুইটি বিনিয়োগের প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৩০৪.৩৮ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ১৮৮.৪৩ মিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি। একই সময়ে আন্ত-কোম্পানি ঋণের প্রবাহ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২৬.৯৭ মিলিয়ন ডলার। যা গত বছরের ২৫৩.৮০ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। তবে, পুনঃবিনিয়োগকৃত নিট আয় চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৯৪.৭১ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এক বছর আগে ছিল ২৫৭.২৬ মিলিয়ন ডলার। প্রান্তিকটিতে মূলধন বহির্গমনও বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশে মূলধন বহির্গমন হয়েছে ৭১১.৫৩ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৬৫১.১৯ মিলিয়ন ডলার। সূত্র: বাসস

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। কয়েক মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মামলা করে। হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস ই-মেইলের মাধ্যমে জানান, পুতুল তাৎক্ষণিকভাবে ছুটিতে যাচ্ছেন। তিনি আরো জানান, ডাব্লিউএইচও সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে দক্ষিণ-পূর্ব এশীয়ার আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ১৫ জুলাই নয়দিল্লিতে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি ওই পদে যোগ দেন, তবে অভিযোগ রয়েছে—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ের জয় নিশ্চিত করতে প্রভাব খাটিয়েছেন। দুদক জানায়, জানুয়ারিতে তদন্ত শুরু করে মার্চে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, মনোনয়ন প্রক্রিয়ায় পুতুল নাকি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পদে কাজ করছেন বলে মিথ্যা দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, এসব তথ্য তার যোগ্যতা বাড়িয়ে দেখানোর জন্য ব্যবহার করা হয়। দুদকের আরো অভিযোগ, পুতুল ক্ষমতার অপব্যবহার করে ‘সুচনা ফাউন্ডেশন’-এর নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২৮ লাখ ডলার তুলেছেন। ওই অর্থ কোথায় ব্যবহার হয়েছে তা স্পষ্ট নয়। এই অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহার দেখানো হয়েছে। ডব্লিউএইচও এখনো তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শ‌নিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠান— ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে, মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক৷ একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না৷ এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে র‍্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ সব মিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কাজ করছে৷ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি৷ এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে৷ এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মোদ্দাকথা, এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়৷ কোনো ঘটনা ঘটলে, সেটা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়৷ আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে৷ আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেপ্তার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে যে পরামর্শ দিয়েছে, তাকেও আইনের আওতায় আনা হয়েছে৷ চাঁদপুরের ঘটনাতেও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে৷ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থা মোটেও নির্লিপ্ততা নয়৷ অনেক সময় দু-এক জায়গায় কোনো কারণে একটু হয়ত দেরি হতে পারে৷ তবে, এ সমস্ত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে অ্যাকশনে যাচ্ছে। প্রেস ব্রিফিংকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম, স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই।  শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো। তিনি বলেন, নির্বাচন কবে হবে সেটা ঘোষণা দিবেন নির্বাচন কমিশন। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চাই। নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন। ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাসহ বিভিন্ন মব ভায়োলেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাতে যে ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে আমরা ৫ জনকে আইনের আওতায় এনেছি। ডিবির সদস্যরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এজন্য আমি আপনাদেরও বলবো সাহায্য-সহযোগিতা করতে। তিনি বলেন, আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। যেকোনো ছোটখাটো ঘটনা ঘটলেই আমরা ইস্যু হয়ে যাই। এটা বন্ধ করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে। সোহাগকে এক ঘণ্টা ধরে হত্যা করা হলো, পুলিশ কী করেছে, গোয়েন্দা সংস্থা কী করেছে- এই দায় কি এড়ানো যায়? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু যে হত্যাকাণ্ড, সেরকম না- চাঁদাবাজিসহ সার্বিক আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা চাঁদপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছি। গতকাল একটি বিমান কাঠমান্ডু যাচ্ছিল, সেখানেও একটি ঘটনা ঘটেছে। কেউ একজন টেলিফোনে বলেছে বিমানে বোমা আছে। সে ঘটনায় যে টেলিফোন করেছে আমরা তাকে ধরেছি। এতে তাকে দুইজন সহায়তা করেছে, তাদেরকেও ধরেছি। যেসব ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান উপদেষ্টা।

 গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৮ জন

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৪ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৫৪ জন। এদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী।

পুলিশের বিশেষ অভিযানে ১৪১৮ জন গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে ১৪১৮ জন গ্রেপ্তার   গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪২০ জন।    

সরকারি ছুটি থাকছে না আগামী ১৬ জুলাই

সরকারি ছুটি থাকছে না আগামী ১৬ জুলাই ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়। তবে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতারং এদিন ছুটি থাকবে না। এ ছাড়া ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে সরকার। এদিন সাধারণ ছুটি থাকবে। পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি থেকে দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ হাজি

সৌদি থেকে দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ হাজি পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮২ হাজার ৪১৬ বাংলাদেশি হাজি। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭৭ হাজার ৩২৯ জন। জানা গেছে, এ পর্যন্ত ২১৫টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এ বছর হজ পালনে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৫ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ২০৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রামে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, রাজশাহীতে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন এবং ময়মনসিংহে ১২ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মোট ২৫ জন মারা গেছেন। এর মধ্যে ১৩ জন নারী। বাকি ১২ জন পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭ এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৫৮ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন করে মোট ১০ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।