১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

১৬ দেশের প্রতিনিধি আসছেন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ করবে। এরপরই রয়েছে ১২ জন সংসদ সদস্য নিয়ে তুরস্ক; ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে ১ জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায়

সৌদিপ্রবাসী বাংলাদেশিরা যাতায়াত করতে পারবেন ২০ হাজার টাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২,০০০ টাকা।
৩ ফেব্রুয়ারির মধ্যে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন

৩ ফেব্রুয়ারির মধ্যে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের কার্ড পেতে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আবেদন করতে হবে। আজ ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবাইকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশে বিধি-নিষেধ রয়েছে এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। স্থানীয় পর্যবেক্ষকদের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ রয়েছে; যা মেনে পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে।
উচ্চশিক্ষার সংস্কারে মাঠ পর্যায়ে সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষার সংস্কারে মাঠ পর্যায়ে সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ প্রস্তুতি ও কর্মসংস্থানের চাহিদা নিরূপণে বড় ধরনের সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ প্রস্তুতি এবং সক্ষমতা নিরূপণে একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ শীর্ষক এ গবেষণাটি পরিচালনা করবে ‘কনসিগলিয়েরি প্রাইভেট লিমিটেড’। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানটিকে এই কাজের কার্যাদেশ ও অনুমতি প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এ দেশের আপামর জনসাধারণের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেশের সব অঞ্চলের, সব শ্রেণি-পেশা এবং ধর্মের মানুষের সমস্যা ও চাহিদা জানতে চাই। আমাদের মূল লক্ষ্য-ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ গ্রহণ করা, যাতে কেউ পিছিয়ে না থাকে।’ তিনি আরও বলেন, ‘এ গবেষণাটি যেন আন্তর্জাতিক মানের হয়, যাতে দেশের নীতিনির্ধারকগণও উচ্চশিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে একে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের ৭০ শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে)। রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে আগের বছরের একই সময়ের ৪৯ শতাংশ প্রবাসী আয় এসেছে। আগের বছরের জানুয়ারি মাসের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ হাজার ডলার। জানুয়ারি মাসে আসা এ প্রবাসী আয় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি।