গণভোটের হার কত শতাংশ, জানালেন ইসি সচিব

গণভোটের হার কত শতাংশ, জানালেন ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে গড়ে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে শতকরা ভোট পড়েছে ৬০ দশমিক ২৬। হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। তিনি বলেন, এখন অনেকের প্রশ্ন হতে পারে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোট বেশি কেন। এর কারণ যে দুটো আসনে আদালতের নির্দেশনায় ফলাফল প্রকাশ করা হয়নি। সেখানে গণভোটের ওপরে কোনো কিছু বলা নেই। সেজন্য এ শতাংশ বেড়েছে। এ সময় ২৯৭ আসনে কোন দল কত আসন পেয়েছে, সেই হিসাবও তুলে ধরেন তিনি। আখতার আহমেদ বলেন, আমাদের কাছে প্রাপ্ত বার্তা অনুযায়ী তথা ২৯৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১, গণসংহতি আন্দোলন ১, খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র পেয়েছে ৭ আসন।
বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ

বেশি বয়সে এমপি হচ্ছেন মোশাররফ, কম বয়সি হান্নান মাসউদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামা অনুযায়ী, খন্দকার মোশাররফের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এদিকে নোয়াখালী ৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। নির্বাচনি হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে। আজ শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন। চীনা দূতাবাস আরও বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।
রাজশাহীতে র্যাবের অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে র্যাবের অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার রাজশাহীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৫। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পেট্রোলবোমা ও ককটেল চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারে র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।
নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার নওগাঁর বদলগাছী থানার ঝারঘড়িয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব-৫। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৭টার দিকে ঝারঘড়িয়া গ্রামের কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পাশ থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল পদার্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পাশের ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এঘটনায় বদলগাছী থানায় জিডি করা হয়েছে।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় থাকবে সাপ্তাহিক ছুটি। আগামী ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে আর একটি ধর্মীয় ছুটিও থাকবে। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না : ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ নিশ্চিত করতে চাই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না। আজ রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা জানিয়েছেন আইজিপি

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা জানিয়েছেন আইজিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই নিয়ে নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। সারা দেশে ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। কোনো কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলে প্রয়োজনে সেই কেন্দ্র এমনকি সংশ্লিষ্ট আসনের ভোটও স্থগিত করা হবে। এদিকে, যানবাহন চলাচল বিধিনিষেধের বিষয়ে গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটগ্রহণের দিন ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামীকাল দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা।
দেশে এসেছে ৪ লাখ ৭২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ৭২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।