মার্চে সাড়ে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক

মার্চে সাড়ে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক চলতি বছরের মার্চে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালতের ১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি ৫১ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক জানায়, মার্চে পাওয়া আদালতের মোট ১২টি আদেশের ভিত্তিতে এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আদালতের ৫টি আদেশে ক্রোককৃত সম্পদের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ৬০৫ টাকা। ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে, ১৭ একর জমি, একটি ভবন, একটি টিনশেড বাড়ি, তিনটি ফ্ল্যাট, একটি পুকুর, চারটি বাণিজ্যিক স্পেস এবং একটি বাড়ি। অন্যদিকে, আদালতের ৭টি আদেশে অবরুদ্ধকৃত আর্থিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫০৮ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে রয়েছে ৭৪টি ব্যাংক হিসাব, ৮টি সঞ্চয়ী হিসাব, ১টি চলতি হিসাব, ৩টি ক্রেডিট কার্ড, ২টি এমএসডি, ১টি এসবি হিসাব, ৫টি এফডিআর, ২টি বিও হিসাব, ১টি সঞ্চয়পত্র ও ৪টি মেয়াদি আমানতসহ আর্থিক উপকরণ। সব মিলিয়ে ক্রোক ও অবরুদ্ধকৃত সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫১ লাখ ৮০ হাজার ১১৩ টাকা। দুদক জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদের বিস্তারিত তালিকা কমিশনের নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে প্রেরণ করা হয়েছে।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে ১৫ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে এবং এক শিশু নিশ্চিত হামে মারা গেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার। একই সময়ে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। যার ৩১৫ জনই ঢাকার। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৬। যার মধ্যে ৬১ জনই ঢাকার। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। ছাড় পাওয়া ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ২০৫ শিশু ঢাকার, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের, ১৭ শিশু সিলেটের। এর আগে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে এক শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এছাড়া, হামের উপসর্গ পাওয়া ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে ১২ হাজার ৩১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৭২ শিশু বাসায় ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
‘প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে’

‘প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে’ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হুমায়ুন কাদের চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ অধিবেশনের সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ জন এবং এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৪) এর আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫) শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজিইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে এ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদাররা কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, জিরো এমিশন লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।
বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, বাংলাদেশ ও ইইউয়ের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি বিস্তৃত ও বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইইউর মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক লাভজনক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান সংস্কার উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট’ (পিসিএ) স্বাক্ষরের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইইউকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান।
আজ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

আজ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর মৎস্য অধিদপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ এ নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় জেলা ভোলার সাতটি উপজেলার প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলেকে খাদ্য সহায়তা দেবে সরকার। সাগরমুখী ভোলার জেলেরা জানিয়েছেন, সরকারের জারিকৃত এ আইন মেনে তারা ইতোমধ্যে জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরেছেন। ভোলা সদরের ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া বলেন, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই সাগরে মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ রাখা হয়। ভোলা জেলার মৎস্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সাত উপজেলায় মোট ৬৩ হাজার ৯৫৪ জন নিবন্ধিত জেলে রয়েছেন। যারা শুধু সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭ হাজার ৫৬১ জন জেলে রয়েছেন চরফ্যাশন উপজেলায়। অন্যান্য উপজেলার মধ্যে দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, মনপুরায় ১০ হাজার ১৮৫ জন, লালমোহনে ৮ হাজার ৮০৪ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, তজুমুদ্দিনে ৪ হাজার ৫০৬ জন এবং ভোলা সদর উপজেলায় ৩ হাজার ৬৯৮ জন জেলে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েন। এদিকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সাগরে প্রশাসনের টহল ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালীন যেন কোনোভাবেই ভিনদেশি জেলেরা বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দেশের জলসীমায় কঠোর নজরদারি জোরদার হলে নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ আহরণের ক্ষেত্র তৈরি হবে বলে আশা করছেন ভোলার জেলেরা। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মাছ ঘাটগুলোতে সচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হচ্ছে। জেলেদের অভাব লাঘবে নিষেধাজ্ঞার শুরুতেই প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৭৭ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সরেজমিন ভোলার বিভিন্ন মাছ ঘাট ও মেঘনা নদীর সংযোগ খালগুলোতে দেখা গেছে, সমুদ্র থেকে ফেরা ট্রলারগুলোর ভিড় বাড়ছে। তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তারা নিজেদের জাল, ট্রলার ও সরঞ্জামাদি নিরাপদে রাখছেন। কেউবা ছেড়া জাল সংস্কার করছেন। কেউ করছেন ট্রলারের ইঞ্জিন মেরামতের কাজ। তবে, যথাসময়ে খাদ্য সহায়তা দেওয়া হলে জেলার সমুদ্রগামী এসব জেলেরা আগামী ৫৮ দিন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন বলে মনে করছেন জেলার মৎস্য সংশ্লিষ্ট সমিতির নেতারা।
কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টা ২০মিনিটে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর আগে সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজার বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর আশ্বাস ভারতের

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর আশ্বাস ভারতের আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এর আগে গেলো মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনদিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।
বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার

বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। স্পিকার ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে সমর্থন দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেইসঙ্গে ভারতের এই সমর্থন প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গিরই অনন্য বহিঃপ্রকাশ বলে জানান তিনি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং এখানে বিরোধী দল যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সংসদীয় কূটনীতির ওপর জোর দিয়ে বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়। এসময় নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা। তিনি ভারত সরকারের পক্ষ থেকে স্পিকারের হাতে ভারতের সংবিধান ও একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারের পরিচালন ব্যয় হ্রাসকল্পে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত- ১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে। ২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেওয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। ৩. প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে। ৪. সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হাস করতে হবে। ৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে। ৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করতে হবে। ৭. সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে। ৮. আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে। ৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে। এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে জানিয়ে গত ৯ এপ্রিল সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে প্রভাব; পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কর্মকৌশল (স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি) এবং অর্থায়ন কৌশল সম্বলিত অর্থ বিভাগের প্রণীত কর্মপরিকল্পনা পর্যালোচনা করে বিভিন্ন ব্যয় সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার।