নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, বজ্রবৃষ্টির আভাস

নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, বজ্রবৃষ্টির আভাস দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়- রংপুর, ময়মনসিংহ, পাবনা ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা

জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই হিসাবে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। আজ কমিশনের আদেশক্রমে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি বলছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এর আগে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে দেশটিকে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রীন সিগন্যাল মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এদিকে, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিতে কাজ করছে সকল মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে: বিইআরসি

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে: বিইআরসি বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে বিইআরসি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, তেলের দাম বাড়াতে আজ জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।

২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্যারেড স্কয়ারে প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে।

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজ মানামায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। পরবর্তী ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে ইচ্ছুক, তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটের যাত্রীসংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কর্মকর্তারা জানান, মাসিক সমন্বয় সভায় ইসি সচিব আখতার আহমেদ সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে ব্যবহৃত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে। পাশাপাশি জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজন ছাড়া সরকারি গাড়ির ব্যবহার পরিহার করতে বলা হয়েছে। সরকারের সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবেই ইসি এ নির্দেশনা জারি করেছে।

২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের

২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের সব প্রতিষ্ঠান। প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরপর দুইদিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এবং সেখানে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়। এদিকে, গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।