ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সম্প্রতি এ সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট মিলবে। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে। এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দফতরের ৩৮ অডিট পর্যবেক্ষণ পেশ

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দফতরের ৩৮ অডিট পর্যবেক্ষণ পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশ সংক্রান্ত তথ্য অবহিত করা হয়েছে। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে এসব রিপোর্ট দেন বাংলাদেশের মহাহিসাব-নিরিক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। আজ দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।’ তারেক রহমান প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়ে বলেন, ‘যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।’ বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এছাড়াও, শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত এসব বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল রাখা হয়েছে। তবে ভ্যাট ছাড়া সকল প্রকার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের ওপর মোট করভার হবে মাত্র ১৫ শতাংশ। বাসের পাশাপাশি, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় ও সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ শুল্ক সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী। পরে ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকদের কেউ বাদ পড়বে না

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকদের কেউ বাদ পড়বে না অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ড. মিলন বলেন, প্রথমত, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলার জন্য আটকে আছে, সেটা থেকে আমাদের বের করে আনতে হবে। এর পরে আমরা প্রাইমারিতে আমরা ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে পারবো। অপরদিকে বিগত সরকার যেটা তরিঘরি করে করলো, ১৪ হাজার ৩০০ সেটাও আমরা ডিসিপ্লিনে আনছি। সেটাও আমরা নেবো। এরপরই আবার ৩২ হাজার ৫০০ নিয়োগ দেবো। তিনি বলেন, এরপরই আবার আরও ১৫ হাজার। ৭৫ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে পাবলিক সিষ্টেমে। ৭ হাজার নিয়োগ দিতে হবে সরকারি হাইস্কুলে। হিউজ নাম্বার। যত দ্রুত সম্ভব, আমরা এটা করবো। তিনি আরও বলেন, আমরা পিএসসি এর আশায় ছিলাম তারা আমাদের না দিতে পারলে আমরা ইমিডিয়েটলি ডিসিশন নেবো, আমরা স্পেশাল কোনো পরীক্ষা নেবো কি না। কারণ আমরা তো শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারবো না। এদিকে তো আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই। আমাদের সেই ভাবে প্রজেক্ট তৈরি করতে হবে। কাজ করতে হবে। আমাদের প্রচুর সুযোগ রয়েছে শিক্ষায় কাজ করার।
ডিএমপির ৩ থানায় নতুন ওসি

ডিএমপির ৩ থানায় নতুন ওসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই বদলি করা হয়। আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর দারুস সালাম থানার ওসি এসএম জাকারিয়া ও আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে। এর আগে এক ভুক্তভোগীর কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের আবহাওয়ায় ফের সক্রিয় হয়েছে বৃষ্টিপাতের ধারা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অংশে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সব জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী ও নারায়ণগঞ্জেও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর বরিশাল বিভাগে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান, সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি বৃষ্টি’ ধরা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটি ‘অতি ভারি’ বর্ষণ হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া তৈরি হচ্ছে। এর ফলে দেশের বেশিরভাগ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার এই পরিস্থিতিতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, আর রাজধানী ঢাকায় হয়েছে ২৮ মিলিমিটার। সব মিলিয়ে, আগামী কয়েক দিন দেশের আবহাওয়া থাকবে অস্থির। তাই বিশেষ করে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও ১০ শিশুর মৃত্যু হাম ও উপসর্গে

আরও ১০ শিশুর মৃত্যু হাম ও উপসর্গে দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে।রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে। গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী: ১,১৬৬ জন; নিশ্চিত হাম রোগী: ৯৫ জন। মোট সন্দেহজনক রোগী: ৪০,৪৯১ জন; মোট নিশ্চিত রোগী: ৫,৩১৩ জন। হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত পাওয়া রোগী: ২৭,৮১৬ জন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম সংক্রমণ এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুদের মধ্যে ঝুঁকি বেশি থাকায় দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।