জাতীয়করণ দাবিতে আন্দোলন, সচিবালয়ে গেলেন ১২ শিক্ষক

জাতীয়করণ দাবিতে আন্দোলন, সচিবালয়ে গেলেন ১২ শিক্ষক জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করেছে। পদযাত্রার পরিবর্তে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয় গেছেন ১২ সদস্যের একটি প্রতিনিধি। আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা—এই ৫ দাবিতে মহাসমাবেশে আন্দোলন করছেন শিক্ষকরা। বেলা সাড়ে ১২টার পর এই প্রতিনিধিদল সচিবালয়ে যান। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছিলেন। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি।কুমিল্লা থেকে আসা শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয়ে গিয়েছেন। আমরা এখানে তাদের ফিরে আসার অপেক্ষায় আছি। নিশ্চয়ই শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবেন। চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, মানিকগঞ্জ, জামালপুর, সিলেট, নরসিংদী, মাদারীপুর, বগুড়াসহ অন্যান্য জেলার সমন্বয়কারীরা বলেন, ২০১৮ সাল থেকে শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। চাকরি করেও শিক্ষকরা ঋণগ্রস্ত সবাই। এবার হয় দাবি আদায় করব, না হয় মরব। উপদেষ্টারা কথা রাখেননি। উনি সবার দাবি মানলেও শিক্ষকদের দাবি না মেনে বৈষম্য সৃষ্টি করেছেন। সরকারকে আজকের দিন আল্টিমেটাম দেওয়া হয়েছে—যদি দাবি না মানা হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, আসুন দেখুন আমাদের কান্না। আমাদের জীবন-যৌবন সব শেষ হয়ে গেছে। বিগত দিনের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে পড়ে আছেন। ঢাকার সমন্বয়কারী বলেন, আমি আমার অধিকার চাইতে এসেছি, পাওনা নিতে এসেছি। আমরা শিক্ষক। তারা যে সম্মানী পাচ্ছি তা দিয়ে সংসার চালানো যায় না। আমরা জাতীয়করণের আওতায় আসতে চাই। দাবি না হলে ক্লাসে যাব না, মাঠ ছাড়ব না। আমাদের দাবি মানতে হবে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল। তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা। এদিকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং পদযাত্রা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ১৭০০ কমলালেবুর চারা বিতরণ

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ১৭০০ কমলালেবুর চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে আজ ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ হাজার ৭০০টি কমলালেবুর চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ফলদ বৃক্ষ রোপণে উৎসাহিত করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মারশাল শিক্ষার্থীদের হাতে কমলালেবুর চারাগুলো তুলে দেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, কৃষি সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান ‘প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ শপথ পাঠ, আলোচনা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আজ বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন— স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। এছাড়াও বক্তব্য দেন— নারী উদ্যোক্তা শামসুন নাহার পলি ও যুব সংগঠক আব্দুর রহিম। সূচনা বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান। আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে প্রযুক্তিনির্ভরতা অর্জন করতে হবে, প্রযুক্তির জ্ঞান অর্জন করে সৃজনশীল কাজে লাগাতে হবে। প্রযুক্তির ভালোটা গ্রহণ করে নিজের ভাগ্য গড়েত হবে। তাহলে নিজেদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। জুলাই যোদ্ধারা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন তার জন্য আমাদের কাজ করতে হবে। পরে ৫ জন উদ্যোক্তার মধ্যে সাড়ে ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের ফাইজুল এগ্রো ফার্মের মালিক ফাইজুল কবিরের মৎস্য, গরু খামার, ডেইরি ফার্ম, ফল বাগানের ভিডিও চিত্র দেখানো হয়। ফাইজুল কবির জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কোটায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্টান্ড এলাকায় হে*রো*ইন কা*রবারী গ্রে*প্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র্যাবের হাতে আপন আমীর হামজা নামে এক কারবারী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজলোর সরজন মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল হক ওরফে ভগুর ছেলে। র্যাব জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে থেকে আপনকে হাতনোতে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত জামার মধ্যে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আজ বিকেলে র্যাব-৫ ব্যটালয়িনরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো পসে বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাসস্টান্ডে হেরোইন বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন সংবাদরে ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র্যাবরে উপস্থিতি টের পেয়ে আপন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত

গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ কর্মসূচী অব্যহত রয়েছে। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টারও বেশী সময় ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক বারিউল ইসলাম, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সোনা,ইমরান আলী,সেতাউর রহমান,শামসুন্নাহার সোহানা, উপজেলা সুজন’র সদস্য মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, চিকিৎসক মুরাদ হোসেন, শ্রমিক নেতা আল আমিন সহ অন্যান্যরা। বক্তরা বলেন, দেশ কাঁপানো এই নির্মমতায় জড়িত কয়েকজন চিহ্নিতকে গ্রেপ্তারের পর তাদের দম্ভোক্তিতে দেশের নাগরিকরা হতবাক হয়েছেন। দেশে সভ্যতা এখন ভূ-লুণ্ঠিত। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, প্রমাণ এমনকি ভিডিও ফুটেজ রয়েছে। কাজেই এ ঘটনার বিচারে কালক্ষেপণের কোন সূযোগ নেই। অবিলম্বে এর বিচার সম্পন্ন করা উচিত। সাথে সাথে ঘটনায় জড়িতদের পেছনে শক্তির মদদদাতাদরও শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য এ ঘটনায় গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে শতাধিক সাংবাদিক বিক্ষোভ ও মানববন্ধন করেন।
শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে শিবগঞ্জে। আজ দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে ও বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলি, বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক ফয়সাল আজম অপু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাতের শামিল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তু গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুশিয়ারি দেন বক্তারা। শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শিবগঞ্জে সড়কের দুই ধারে ৩ হাজার বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে এসব ফুল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুল গাছের চারা করা হয়। তিনি আরও বলেন, একবার লাগানোর পর বহু বছর ধরে বাঁচে ও প্রতি বছর ফুল দেয় এসব গাছ। এ ধরণের গাছের চারা সাধারণত বীজ, কাটিং, বা অন্যান্য পদ্ধতি দ্বারা বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শোভা বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে ফুল গাছের চারা রোপণের মূল উদ্দেশ্য বলে জানান ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিএমডিএ শিবগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরস্থ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয় হতে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। র্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মারুফ হোসেন, প্রয়াস হসপিটালের ব্যবস্থাপক রুহুল আমিন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। এদিকে, সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নের যুব সমাজ কার্যক্রমের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলা অফিসে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক অজিউর রহমান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ সমৃদ্ধি টিম। এছাড়াও স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ঘোড়া পাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোশাররোফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হকসহ ইউনিনের যুবসদস্য বৃন্দ। অনুষ্ঠানগুলোতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুনসহ অন্যরা।
গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও যুব ঋন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার প্রামাণিক, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, যুব সংগঠক ও রহনপুর মুক্তমহাদলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন নাদিম ও যুবক মাহফুজ আহমেদ নিরব। আলোচনা শেষে গাভী পালনে প্রশিক্ষণ প্রাপ্ত আশিক ও সেলাই মেশিনে প্রশিক্ষণার্থী তোসলিমা খাতুনকে ১ লাখ করে যুব ঋনের চেক তুলে দেন অতিথিরা।