বিক্ষোভ-প্রাণহানির জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভ-প্রাণহানির জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ নেপালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আজ তার উপদেষ্টা প্রকাশ সিলওয়াল এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে গতকাল বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর আজ দুপুরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। খবর রয়টার্সের। পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়। কিন্তু আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের এই কারফিউ ভেঙেই রাস্তায় নামেন। এর প্রেক্ষাপটে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। মঙ্গলবার সকাল থেকেও নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরে বিক্ষোভ করতে থাকেন বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। বিক্ষোভ থেকে নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ

কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ এশিয়া কাপ হকির শিরোপার রেস থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে অন্য এক জায়গায় স্বপ্ন বেঁচে ছিল বাংলাদেশের। আজ সেই স্বপ্ন পূরণও হয়েছে। কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আজ ভারতের রাজগিরে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে কত নম্বর হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ তা জানতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা সেদিন জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন আশরাফুল ইসলাম-রোমান সরকাররা। ম্যাচের প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে বাংলাদেশকে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল। আর দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে প্রতিপক্ষকে বলা যায় ম্যাচ থেকে ছিটকেই দেয় বাংলাদেশ। দলের দ্বিতীয় গোলটিও করেন আশরাফুল। ২৩ মিনিটের গোলটিও পেনাল্টি কর্নার থেকেই। তৃতীয় গোলটি আসে ওপেন প্লে থেকে। ২৮ মিনিটে করেন রোমান। তৃতীয় কোয়ার্টারেও জোড়া গোল পায় বাংলাদেশ। শুরুটা করেন রোমান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সেই গোলের রেশ শেষ হতে না হতেই বাংলাদেশ পঞ্চম লিডের উদযাপনে মাতে। প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন তায়েব আলী। অন্যদিকে ৩৮ মিনিটে আলতিনবেক আইতকালিয়েভ এক গোল করে কাজাখস্তানের ব্যবধান কমান। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে কোনো দলই গোল করতে না পারলে ৫-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্ন পূরণ হয় বাংলাদেশের।
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মাদকের ছোবলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদকের আগ্রাসন রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে সামরিক বাহিনীর সাবেক সদস্যরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পৌর ১৪ নং ওয়ার্ডবাসী অংশ নেন। তাদের সাথে যোগ দেন ১৩ ও ১৫নং ওয়ার্ডের বাসিন্দা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। সংহতি জানিয়ে অংশ নেন শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা ১৪ নং ওয়ার্ডের জোড়বাগান বস্তিকে শহরে মাদকের একটি প্রধান স্পট চিহ্নিত করে এ স্থান থেকে মাদক নির্মুলে জোর অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সায়েদুজ্জমান, বাহার আলী, জিয়া উদ্দিন, এলাকাবাসী মেহেদী হাসান, ইউসুফ আলী লাভলু সহ অন্যান্যরা। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুরে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। তাদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশু রোগী রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩ জনকে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রোগী ছিলেন। এছাড়া ১ জন পুরুষ রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে শিবগঞ্জে ভর্তি আছেন ৩ জন ও গোমস্তাপুরে ২ জন রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৮৭ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৬ জন।
গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকৌশলী আছাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা আজিজুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাস কলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার ৫০ জন প্রান্তিক কৃষকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এরমধ্যে একজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফুটবল শুধু একটি খেলায় নয়— একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনো সারা বিশ্বে ফুটবলেরই দর্শক বেশি। একসময় এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। খেলা দেখতে মাঠের দুই পাশে দর্শদের উপচেপড়া ভিড়ও হতো। কিন্তু হালে আর তেমনটা দেখা যায় না। তবে ফুটবলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবলের জমজমাট এই আসর। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বাধন করবেন দুদক কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ও রানারআপ দল ৫০ হাজার টাকার প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি দলকে ৩০ হাজার টাকা করে অংশগ্রহণের জন্য দেয়া হবে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এইসব তথ্য জানান। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানসহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা। উল্লেখ্য, এর আগে ৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা জানানো হয়েছিল। পরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু করা হয়েছে। আজ উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের জন্য নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৩৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ৩১ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক আট শতাংশ পুরুষ ও ৪০ দশমিক দুই শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
মানবতাবিরোধী মামলায় চার্জশিট হওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবে না

মানবতাবিরোধী মামলায় চার্জশিট হওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবে না মানবতাবিরোধী মামলায় চার্জশিট গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবে না। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭ এ নতুন সেকশন ২০সি যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন ৯১ এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠা সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠ হওয়ার অধিষ্ঠিত হওয়ার অযোগ্য হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি ডায়াবেটিস শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ এবং নির্দিষ্ট খাদ্যতালিকা উভয়েরই প্রয়োজন। ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সুস্বাস্থ্য বজায় রাখে। ডায়াবেটিস-বান্ধব খাদ্যতালিকায় সঠিক সবজি বেছে নিতে হবে। এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে, প্রদাহ কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি সবজি সম্পর্কে- ১. ব্রোকলি ব্রোকলি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে উপকারী সবজি। কারণ এতে ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে ফাইবার রয়েছে। ব্রোকলিতে থাকা ফাইবার কার্বোহাইড্রেট হজমকে ধীর করে দেয়, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে বাধা দেয়। ব্রোকলিতে পাওয়া অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে সালফোরাফেন প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কাজ করে, যা সাধারণত ডায়াবেটিস রোগীদের প্রভাবিত করে। নিয়মিত ব্রোকলি খেলে তা হৃদযন্ত্র ভালো রাখে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, কারণ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ২. পালং শাক গবেষণায় দেখা গেছে যে, পালং শাক ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফাইবার সহ তিনটি অপরিহার্য পুষ্টি উপাদান সরবরাহ করে, যা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং তাদের ইনসুলিন প্রতিক্রিয়া বাড়াতে সাহায্য করে। পালং শাকে পাওয়া ম্যাগনেসিয়াম ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সক্ষম, যা রক্তে শর্করার ঘনত্ব কমাতে সাহায্য করে। পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, সেইসঙ্গে শরীরের প্রদাহ কমায়। পালং শাকে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ ন্যূনতম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। ৩. বাঁধাকপি বাঁধাকপিতে থাকা ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। বাঁধাকপির হজম প্রক্রিয়া রক্তপ্রবাহে সুগারের শোষণকে ধীর করে দেয়। বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে বাঁধাকপি খেতে পারেন, কারণ এতে খুব কম কার্বোহাইড্রেট থাকে। ৪. অ্যাসপারাগাস অ্যাসপারাগাসের কম ক্যালোরিযুক্ত উপাদান এবং এর খাদ্যতালিকাগত আঁশের মিলিত মিশ্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য চমৎকার। অ্যাসপারাগাসে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, অন্যদিকে এর ভিটামিন এবং খনিজ উপাদান উন্নত বিপাকীয় স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতায় সহায়তা করে। অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীর সুরক্ষা পায়, কারণ অ্যাসপারাগাসে প্রচুর ভিটামিন সি এবং ই থাকে। গবেষণায় দেখা গেছে যে, অ্যাসপারাগাস খাওয়ার ফলে ইনসুলিন ব্যবস্থাপনা উন্নত হতে পারে। ৫. গাজর গাজরে দুটি প্রধান পুষ্টি উপাদান থাকে যা হলো, ডায়েটারি ফাইবার এবং ভিটামিন এ সহ অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন। গাজরে থাকা ডায়েটারি ফাইবার রক্তের মাত্রা ধীর করে দেয়, যা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার বিপজ্জনক বৃদ্ধি এড়াতে সাহায্য করে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি সুগার শোষণ থেকে রক্ষা করে, যা রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। গাজরের গ্লাইসেমিক সূচক কম র্যাডিক্যালে থাকে এবং সেইসঙ্গে পুরো শরীর জুড়ে প্রদাহ কমায়।
মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি? প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তিনি ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুর আগে হবু বউমা আলিয়া ভাটকে নিয়ে যে কথাগুলো বলেছিলেন, তা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। আলিয়া ভাটের জন্মদিনে তাকে স্মরণ করে সেই পুরনো স্মৃতি সামনে এনেছেন অনেকে।কাপুর পরিবারের ঐতিহ্য মেনে চলচ্চিত্রে প্রবেশ করলেও, ঋষি কাপুর নিজের অভিনয় গুণে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তার ছেলে রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়শই কথা বলতেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নীতু কাপুর মেনে নিতে পারেননি। তবে আলিয়া ভাটের ক্ষেত্রে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। রণবীরের মা নীতু কাপুর আলিয়াকে মন থেকে স্বাগত জানিয়েছিলেন এবং ঋষি কাপুরও আলিয়ার অভিনয়ের মুগ্ধ ভক্ত ছিলেন। ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর ভারতীয় সিনেমার বর্তমান অবস্থা এবং তরুণ প্রজন্মের অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন অভিনেতা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। কোনো দ্বিধা ছাড়াই ঋষি কাপুর তখন আলিয়া ভাটের নাম নিয়েছিলেন। তিনি বলেন, ‘আলিয়া ভাটের মতো একজন অভিনেত্রীর প্রশংসা করতেই হয়, যিনি হাইওয়ে এবং রাজি-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এই অল্প বয়সে একটি পুরো চলচ্চিত্রকে নিজের কাঁধে বহন করা খুবই কঠিন এবং কেবল একজন দক্ষ অভিনেতাই এটি করতে পারেন। এছাড়াও, এই ধরণের চরিত্র পাওয়ার জন্যও একজনকে যথেষ্ট ভাগ্যবান হতে হবে। আলিয়া ভাগ্যবান এবং অবশ্যই তার প্রতিভাও আছে।’ আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রেম তখন সবেমাত্র শুরু হয়েছিল। প্রায় পাঁচ বছর প্রেম করার পর, ঋষি কাপুরের মৃত্যুর দুই বছর পর ২০২২ সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।