২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২২ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫২২ জনসহ মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৯০ জন। পুলিশের এ বিশেষ অভিযানে ওয়ান শুটারগান ৪টি, দুই নলা বন্দুক একটি, একনলা বন্দুক একটি, এলজি ৭টি, একনলা শটগান একটি, এয়ারগান একটি, পিস্তল ৪টি, কার্তুজ ১৯ রাউন্ড, খোসা ৩৫টি, লোহার চাপাতি একটি, ছুরি ৬টি, রামদা ৬টি ও সুইচ গিয়ার চাকু একটি উদ্ধার করা হয়।

সকালেই হোক সুস্থতার শুরু

সকালেই হোক সুস্থতার শুরু ইংরেজি একটি প্রবাদ আছে ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ দিনের শুরুর কর্ম উদ্যমতাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যায়। আরেকটু ভেঙে বললে বলা যায় যে, সকালের যেকোনো সুস্থ অভ্যাস আপনাকে ধীরে ধীরে কর্মঠ এবং আত্মবিশ্বাসী করে তোলে। চলুন স্বাস্থ্যকর অভ্যাসগুলো জেনে আসা যাক। এক তাড়াহুড়ো করে দিন শুরু করার কোনো প্রয়োজন নেই। আস্তে-ধীরে শুরু করুন। প্রাকৃতিক আলো যেন আপনাকে জাগিয়ে তুলতে পারে। দুই নিশ্বাস নিন। মেডিটেশন কিংবা ধ্যানে বসুন এবং নিজেই নিজেকে কয়েকটি বিষয় বলুন- পাঁচটি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, চারটি জিনিস যা অনুভব করতে পারছেন, তিনটি জিনিস যা শুনতে পাচ্ছেন, দুইটি জিনিস যার গন্ধ শুঁকতে পারছেন এবং একটি জিনিস যার স্বাদ নিতে পারছেন। তিন ঘরে টেলিভিশন চললে বন্ধ করে দিন। এমনকি মোবাইলফোন থেকেও দূরে থাকুন। চাইলে ব্যাকগ্রাউন্ডে হালকা কোনো গান বাজাতে পারেন। চার প্রাতরাশ করার পূর্বে বড় এক গ্লাস পানি পান করুন। চাইলে ভেষজ চা-ও পান করতে পারেন। পাঁচ পেট ভরে সুষম খাবার দিয়ে নাস্তা করুন। যেমন- আটার রুটি, ওটমিল, সবজি, ফল, ডিম ইত্যাদি। ছয় নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলুন। যেমন- সেদিন কী করতে চান, আপনার পরিকল্পনা কী কিংবা আপনি কেমন বোধ করছেন ইত্যাদি। টু-ডু লিস্ট কিংবা কর্মতালিকায় চোখ বুলিয়ে দেখুন। এটি আগের রাতেই ঘুমের পূর্বে তৈরি করে রাখবেন। আট কাজ শুরু করার পূর্বে টেবিলে একবার চোখ বুলান। দেখুন গোছানো আছে কিনা। না গোছানো থাকলে গুছিয়ে তারপর কাজে হাত দিন।

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মেনে নিলে পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ বিকেল ৪টার দিকে শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে। শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য সংগঠন আমরণ অনশন শুরু করবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ

নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা, একাদশে সাইফ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। আজকের একাদশে বড় চমক সাইফ হাসান। তার সঙ্গে চমক দেখিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন নুরুল হাসান সোহানও। তবে উইকেটরক্ষক এই ব্যাটারের জায়গা হয়নি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জার্সি আরও আগেই গায়ে দিয়েছেন সাইফ। লাল-সবুজ জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। নেদারল্যান্ডস একাদশ ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো রেকর্ড দামে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি নিলামে বিক্রি হয়েছে চার লাখ মার্কিন ডলারেরও বেশি দামে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক এই জিনিসটির প্রতি বিডারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ডন ব্র্যাডম্যান ১৯২৮ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেন। তার ক্যারিয়ারজুড়ে ব্যবহৃত ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার সেটিই উঠেছিল নিলামে যেখানে একাধিক ব্যক্তি টুপিটি পাওয়ার জন্য নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত টুপিটি বিক্রি হয়েছে চার লাখ ডলারেরও বেশি মূল্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকার সমান। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাদুঘর ক্যাপটি নিজেদের সংগ্রহে নিয়েছে। তবে এটি কেনার অর্ধেক খরচ দিয়েছে ফেডারেল সরকার। ক্যাপটি ১৯৪৬-৪৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পরেছিলেন ব্র্যাডম্যান। তার নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা। প্রচলিত আছে, ব্র্যাডম্যানের ১১টি ক্যাপ আছে, যার মধ্যে এটি একটি। তার আরেকটি ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে স্থান পেয়েছে। বাকি ৯টি এখনও ব্যক্তি মালিকানায় আছে।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ রোগী

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ রোগী গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৮ জন এবং চট্টগ্রাম বিভগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ২৭ ও ময়মনসিংহ ৩ জন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো

আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পেয়েছে তারা। এদিন স্মরণীয় এক অভিষেক হলো পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। গোলের দেখা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোও। দলের হয়ে অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান। এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন ‘সিআর সেভেন।’ রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৪০। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর ৬০ গোল। বয়স ৪০ পেরোনোর পর এ নিয়ে ৪০ গোলে অবদান রাখলেন রোনালদো। এই ম্যাচ শেষে প্রথম ধাপ পেরোনোর বার্তা দিয়ে একাধিক ছবিও পোস্ট করেন পর্তুগিজ কিংবদন্তি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী পেনাল্টি থেকে এ নিয়ে তাঁর গোলসংখ্যা ১৭৬। রোনালদোর মাইলফলকের রাতটা অবশ্য বিশেষভাবে নিজের করে নিয়েছেন ফেলিক্স। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে এগিয়ে দেন আল নাসরকে। এরপর ৬৭ ও ৮৭ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন হ্যাটট্রিক। এর মাঝে এক মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো ও আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কোমান। সৌদি লিগে আল নাসর পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।

ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা

ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা ২০২৬ যুব বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে তারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। আর সেই সিরিজের জন্য শুক্রবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। যুবাদের সাম্প্রতিক সিরিজগুলোতেও অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার আজিজুল হাকিম। সম্প্রতি তার নেতৃত্বে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের বেশির ভাগ সদস্যই আছেন ইংল্যান্ড সফরের দলে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজটি খেলতে ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছে পরদিন লাফবোরোয় অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৩ সেপ্টেম্বর সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ যুবাদের। ৫ সেপ্টেম্বর লাফবোরোতেই শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে। আর বেকেনহামে সিরিজের শেষ দুই ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার।

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, নিরাপদ বায়ু ও নিরাপদ পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, বাংলাদেশকে একটি সুন্দর, সুজলা-সুফলা, নিরাপদ ও সবুজ শস্যশ্যামলা দেশে রূপান্তর করতে হবে। এজন্য, আমাদের অবশ্যই সাসটেইন্যাবিলিটির দিকে অগ্রসর হতে হবে। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত ‌‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনধারায় পরিবর্তন আনতে হবে এবং অতিরিক্ত ভোগ কমাতে হবে। তিনি বলেন, আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করব। জনগণের দাবিই প্রমাণ করে পরিবেশের সুরক্ষা কতটা জরুরি। সাদা পাথর লুটের ঘটনা এর একটি বড় উদাহরণ। একইভাবে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার কমাতে হবে, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে এবং উন্নয়নের নামে পাহাড় ও বনভূমির অযাচিত ব্যবহার বন্ধ করতে হবে। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকারের কাছে ট্যাক্স প্রণোদনার প্রস্তাব পৌঁছে দেয়া হবে যাতে পরিবেশবান্ধব উদ্যোগগুলো উৎসাহিত হয়। তিনি জোর দিয়ে বলেন, আমাদের কাছে অনেক নীতি আছে, এখন সবচেয়ে জরুরি হলো কার্যকর বাস্তবায়ন। নাগরিক, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে টেকসই বাংলাদেশ গড়া সম্ভব হবে।

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলি প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি।