কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩

কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরা। দেশটির ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিমি (৯৩ মাইল) দূরে বুধবার ও বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০০ যাত্রীবাহী একটি নৌকা যাত্রা করে। পরে আগুন ধরে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে প্রদেশের লুকোলেলা এলাকার মালাঙ্গে গ্রামবিনাশের কাছে অবস্থিত একটি হোয়েলবোটে। এতে ১০৭ জন নিহত হন। উদ্ধার করা হয় ২০৯ জনকে। কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় এখনো ১৪৬ জন নিখোঁজ আছেন। একদিন আগে, অন্য আরেক পৃথক দুর্ঘটনা ঘটে। দেশটির বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উল্টে যায়। এতে অন্তত ৮৬ জন নিহত হন, তাদের অধিকাংশই শিক্ষার্থী, সরকারি গণমাধ্যম জানিয়েছে। দুইটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ৩ দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার ১ দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৩ দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা। সূত্র মতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে। এদিকে চাকরিজীবীরাও দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনের ছুটি পাবেন।
সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯

সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে দুজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৭ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা বিভাগে দুজন ডেঙ্গুতে মারা গেছেন।
চটজলদি ওজন কমাবে দারুচিনির পানি

চটজলদি ওজন কমাবে দারুচিনির পানি ওজন কমাতে দারুচিনির জুড়ি মেলা ভার। তাই চটজলদি ওজন কমাতে দিনে অন্তত দু-বার করে খান দারুচিনির পানি।এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি ব়্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুচিনির পানি দারুণ কাজ দেয়। দারুচিনি কীভাবে ওজন কমাতে সাহায্য করে? আপনার বিপাক হার যদি ভালো হয়, তাহলে ওজন নিয়ন্ত্রণেই থাকে। মেদ জমলেও তা ঝরানো সহজ হয়। এই বিপাক হার বাড়ানোর কাজটাই করে দারুচিনির পানি। দারুচিনির পানি হজমের সমস্যা দূর করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়। দারুচিনির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্রনিক অসুখের ঝুঁকিও প্রতিরোধ করে। ডায়াবেটিস, কোলেস্টেরল, পিসিওডি-এর মতো শারীরিক সমস্যায় ওজন বাড়ে। এই সব ক্ষেত্রেও দারুচিনি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। দিনের কোন সময়ে দারুচিনির পানি খেলে দ্রুত ওজন কমবে? ১. সকালে খালি পেটে দারুচিনির পানি খেলে সারাদিন আর কোনো চিন্তা থাকবে না। এতে সকালেই পেট সাফ হয়ে যাবে এবং শরীর টক্সিনমুক্ত থাকবে। পাশাপাশি বিপাক হার ভালো থাকবে। সকালবেলা ডিটক্স ওয়াটার হিসেবে খেতে পারেন দারুচিনির পানি। ২. ডায়াবেটিসের রোগী হয়ে ওজন বশে রাখতে হলে লাঞ্চ বা ডিনারের ৩০ মিনিট আগে দারুচিনির পানি খান। এতে পেট ভরবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছেও কমবে। এ ভাবেও ওজন কমাতে পারেন। ৩. চটজলদি ওজন কমাতে জিমে গিয়ে কসরত করছেন। শরীরচর্চা শেষ করেও দারুচিনির পানি খেতে পারেন। এতে পেশির ক্ষয় দ্রুত নিরাময় হবে এবং ক্লান্তি দূর হবে। ৪. ঘুমোতে যাওয়ার আগেও দারুচিনির পানি খেতে পারেন। এতেও পেটের সমস্যা এড়াতে পারবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কীভাবে দারুচিনির পানি বানাবেন? ২ কাপ পানি গরম বসান। এতে এক চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন। দারুচিনির গুঁড়া না থাকলেও দুটি দারুচিনির কাঠিও ফুটিয়ে নিতে পারেন। ১৫ মিনিট ফুটিয়ে নিয়ে চায়ের মতো পান করুন দারুচিনির পানি। আবার আগের দিন রাতেও এই পানীয় বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। পরদিন সকালে খালি পেটে খেতে পারেন।
জাকসুর ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টা

জাকসুর ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টা অবশেষে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়। আজ দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। গণনা শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে গতকাল রাতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহী সাত্তার। মুহূর্তেই এ ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, জাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থি শিক্ষক মাফরুহী সত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। একইদিন ধীর গতির পরিপ্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন জাবির ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনায় গতি বাড়ানোর কথা বলেন তিনি। রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলেও আশাবাদ জানান তিনি। কিন্তু আজ দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে দুই দফায় স্কোয়াড ঘোষণা করেছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। দু’বারই ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। যদিও শেষবার চোটের সমস্যা নয়, কৌশলগত কারণে ডাক না পাওয়ার অভিমত জানান এই তারকা। যা নিয়ে ব্রাজিল কোচের সঙ্গে নেইমারের দ্বিমত দেখা দেয়। নতুন করে তার জাতীয় দলে ঢুকতে পুরোনো শর্ত-ই জুড়ে দিয়েছেন আনচেলত্তি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯) হওয়ার কীর্তি গড়েন নেইমার। এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে পরের মাস থেকেই তিনি এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান। এরপর আল-হিলাল হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ম্যাচ খেললেও, এখনও জাতীয় দলে ফেরা হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ক্যারিয়ারজুড়েই ছিল ইনজুরির হানা। যা তার শেষ সময়ে এসেও বারবার ব্যাঘাত ঘটাচ্ছে। চলতি মাসে (সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার জন্য আনচেলত্তির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। কিন্তু ম্যাচের দু’দিন আগে চোটে পড়ায় চূড়ান্ত দলে তার জায়গা মেলেনি। এর পেছনে চোট ও ফিটনেসজনিত সমস্যার কথা উল্লেখ করেছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমারের ভাষ্য ছিল ভিন্ন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।’
মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়েছেন। এর মাঝেও ৫৫ ম্যাচে দলের হয়ে নেমেছিলেন। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একটিতে নামতে পেরেছেন তিনি। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার। ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুডিগারকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের। স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’ রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল। এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।’অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, ‘একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’ প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বার্তায় তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।’ অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তার নেতৃত্বে আরও জোরদার হবে। তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ স্কাউটের ‘ঐতিহাসিক’ সফর

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ স্কাউটের ‘ঐতিহাসিক’ সফর ১৫-১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত হবে ১৭তম আইএসজিএফ এশিয়া-প্যাসিফিক রিজিওন গ্যাদারিং। বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ থেকে ৩৪ জন এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ খান সংবাদ সম্মেলনে বলেন,‘এবারই প্রথম বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩৪জন সম্মেলনে যোগ দিচ্ছে। ইতোপূর্বে কখনো এতজন বাংলাদেশ থেকে এশিয়ার সম্মেলনে যোগ দেয়নি। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠাতব্য সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যেও সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকবে বাংলাদেশের।’ এবার ইন্দোনেশিয়ার গ্যাদারিংয়ে (সম্মেলন) অংশগ্রহণ করছে– ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, চীন, জাপান, হংকং, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, বাংলাদেশ ও থাইল্যান্ড। বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা বিনিময় এবং ভ্রাতৃত্ব-সহযোগিতায় আরো অগ্রসর হচ্ছে। ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ প্রতিষ্ঠিত হয়।স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপের বৈশ্বিক সংগঠনের কমিটির মেয়াদ তিন বছরের। সে অনুসারে মহাদেশীয় ও জাতীয় কমিটিগুলোও তিন বছর মেয়াদি। তিন বছরের মধ্যে একবার মহাদেশীয় আরেকবার বৈশ্বিক সম্মেলন হয়। বাংলাদেশ ২০১২ সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলন আয়োজন করেছিল। স্বেচ্ছাসেবী শৃঙ্খলা নির্ভর সংগঠন বাংলাদেশ স্কাউট। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠাতব্য সম্মেলনে বাংলাদেশ স্কাউট গাইড অ্যান্ড ফেলোশিপ সংগঠনকে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসও সহযোগিতা করেছে। এ নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আন্তরিক ভূমিকা রেখেছেন। আমাদের কন্টিনজেন্টের ভিসার জন্য তিনি আলাদাভাবে দায়িত্ব দিয়েছিলেন পাশাপাশি নির্ধারিত ফি’ থেকেও আমাদের ৫০ শতাংশ মওকুফের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা ইন্দোনেশিয়ার দূতাবাসের কাছে কৃতজ্ঞ।আজ সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার দূতাবাসের দু’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ারসহ আরো অনেক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।
ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুশীলা কার্কির পা ধরে আশীর্বাদ নেন নেপালের জেন-জি বিপ্লবের নায়ক সুদান গুরুং। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, গতকাল রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। এরমাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে। সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।