৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। আসরের পর্দা নামবে ৮ মার্চ। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর।পাকিস্তান যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে। দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।
রাজশাহীর তানোরে হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৫

রাজশাহীর তানোরে হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৫ রাজশাহী তানোর হতে মাদক মামলার আসামি ও তার ২ সহযোগীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব ৫। গতকাল রাত দেড় টায় রাজশাহী জেলার তানোর থানাধীন সমাসপুর নামক এলাকা থেকে মাদক ব্যবসায়ী আসামি গোলাপ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত দবিরের ছেলে মাসুদ রানা পালু, মৃত কংগ্রেসের ছেলে শ্রী চন্দনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ১০০ গ্রাম হেরোইন, ০৩টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন সমাসপুর নামক এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই-চাঁদাবাজি এবং অবৈধ ভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে ০৩ জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং আসামি দেলোয়ারের বসতবাড়ী তল্লাশি করে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। মাদক ব্যবসায়ী দেলোয়ার এর নামে ছিনতাই-চাঁদাবাজি আইনে মোট ০৫ টি মামলা চলমান। উল্লেখ্য, কিছুদিন আগেও র্যাবের হাতে তাকে আরও ১ টি মামলায় আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জামালদের হোটেলের গেটের সামনে আগুন, চলছে বিক্ষোভ

জামালদের হোটেলের গেটের সামনে আগুন, চলছে বিক্ষোভ কাঠমাণ্ডুর অস্থির পরিস্থিতিতে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দলের হোটেলের সামনে আগুন লাগার ঘটনায়। ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থানরত জামাল ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যায় হোটেলের গেটের সামনেই আগুন জ্বলছে, চারপাশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। ভিডিওতে হোটেলের একজন নারী কর্মী আতঙ্কিত কণ্ঠে হিন্দিতে বলছেন, ‘আগ লাগ গেই, আগ লাগ গেই’, অর্থাৎ আগুন লেগে গেছে। তিনি দ্রুত বের হওয়ার অনুরোধ জানান। জামালও সতীর্থদের উদ্দেশে বলছিলেন, ‘এখানে সেইফ না, আমাদের দ্রুত বের হওয়া দরকার। ’ যদিও পোস্ট করা ভিডিওটি ফেসবুক থেকে কিছুক্ষণ পর রিমুভ করে দিয়েছেন জামাল ভূঁইয়া। এর আগে সড়কে বিক্ষোভ ও সহিংসতার কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি বাংলাদেশ দল। আনফা (নেপাল ফুটবল ফেডারেশন) নিরাপত্তাজনিত কারণে দলকে হোটেল থেকে বের হতে দেয়নি। ফলে দুপুর তিনটার ফ্লাইট মিস করে হোটেলেই অবস্থান করতে হয়েছে জামাল-তপুদের। দলের সঙ্গে থাকা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি এতটাই অস্থির যে রাস্তায় নামার অনুমতি মেলেনি। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানও জানিয়েছিলেন, ‘আমরা হোটেলেই নিরাপদে আছি। কখন ফিরতে পারব, নিশ্চিত নয়। ’ তবে সর্বশেষ জানা গেছে, বিশেষ ব্যবস্থায় আগামীকাল (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনা হবে। সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে কাঠমাণ্ডু ছাড়বে জামাল ভূঁইয়ারা। বাফুফে ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ব্যবস্থা করা হচ্ছে। এদিকে কাঠমাণ্ডুর বৈরী পরিস্থিতির কারণে সোমবারের ম্যাচও বাতিল হয়েছে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আগেভাগেই দেশে ফেরার চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আজ সম্ভব হয়নি।
নেপালের সংসদে আগুন, আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান মেয়রের

নেপালের সংসদে আগুন, আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান মেয়রের নেপালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির সংসদ ভবনে অনুপ্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা। সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি অভিযোগ করে বলেছেন, শত শত বিক্ষোভকারী সংসদ এলাকায় ঢুকে মূল ভবনে অগ্নিসংযোগ করেছে। এমন পরিস্থিতিতে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন্দ্র শাহ আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দ্য কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবরে বলা হয়, জেন-জিদের দুঃসাহসিক আন্দোলনের মাথায় পদত্যাগ করেছেন কে পি শর্মা ওলি। এরপরই বিক্ষোভকারীরা আরও কঠোর অবস্থান নেয়। তারা ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এরপর তারা পার্লামেন্টভবনে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীরা কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি দাবি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন মেয়র বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জেন-জি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ফেসবুক পোস্টে বালেন্দ্র শাহ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, তাই এখন আর প্রাণহানি ও সম্পদ ক্ষতির দিকে যাওয়া উচিত নয়। সরকারি ও বেসরকারি সম্পদ আসলে জনগণেরই যৌথ সম্পদ। তাই তরুণদের এসব ধ্বংস না করার অনুরোধ জানান তিনি। তিনি আরও লিখেছেন, দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি। এখন আমাদের সবার সংযম প্রদর্শনের সময়। এখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের। এর আগে সোমবার রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে জেন-জি তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হন।
ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন

ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন ভোলাহাট উপজেলার বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আজ বেলা ১০ টার দিকে দেশের ২য় বৃহত্তম বিল বিলভাতির সুরানপুর অংশের প্রায় ৪ কিলোমিটার রাস্তায় ফুল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন,আরডিও মোঃ সবুজ আলী, যুব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, তথ্য আপা মোসা: নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ, সুরানপুর বিওপি ক্যাম্প কমান্ডার নির্মল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলামসহ অন্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট উপজেলায় কোন বিনোদন কেন্দ্র নেই। অনেক বিনোদন প্রেমিকেরা বিলভাতিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এছাড়াও বিলভাতিয়ায় হাজার হাজার বিঘা জমিতে ফসল চাষে কৃষকেরা ফাঁকা মাঠে কাজ করলে বিশ্রামের জন্য কোন গাছ না থাকায় গাছের ছায়াতলে বিশ্রাম নিতে পারেন না। ফলে আমি ভোলাহাট উপজেলায় যোগদানের পর সৌন্দর্যবর্ধন ও কৃষকের বিশ্রামের কথা চিন্তা করে ফাঁকা মাঠের চার কিলোমিটার রাস্তায় ফুল ঔষধি ও বনজ গাছ রোপণের উদ্যোগ নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে বিনোদন কৃষিকের বিশ্রাম সারি সারি গাছে পাল্টে দিতে পারে ভোলাহাটের চিত্র। তিনি সবাইকে গাছগুলো রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, তথ্য আপা নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার হারুন অর রশিদসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ মৌসুমে মোট ৫’শ ৫০জন কৃষক এই সুবিধার আওতায় রয়েছেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৮৭ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে দেশে ৪৮৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, রংপুরে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, সিলেটে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৪০৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ৩৩ হাজার ৫৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক শতাংশ নারী রয়েছেন।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন ৩৮ তম ডাকসু নির্বাচন : ভোটগণনা শুরু

শান্তিপূর্ণভাবে সম্পন্ন ৩৮ তম ডাকসু নির্বাচন : ভোটগণনা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এর কিছুক্ষণ পর থেকে ভোটগণনা শুরু হয়েছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সারাদিনের ভোটে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ)। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।
দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি! নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্যও বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিগুণ বেড়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য। এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনো ঘোষণা না দিলেও ইতোমধ্যেই পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে। এবার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা।এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।আজ ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এই আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।কয়েক মাস পর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দলগুলো। তাই এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা আসবেন ১৫ সেপ্টেম্বর ইউরোপীয় কমিশনের অভিবাসন ও শরণার্থী বিষয়ক পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত অভিবাসন সংলাপের অংশ হিসেবে তারা এ সফরে করছেন। কূটনৈতিক সূত্র বাসস’কে জানায়, সংলাপে বাংলাদেশ বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবে। অন্যদিকে, ইইউ জোর দিবে অবৈধ অভিবাসনকে ইস্যুতে। সূত্র আরো জানায়, সফরকালে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলটি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। অন্যদিকে, ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটি (ডিআরওআই)-এর চেয়ারম্যান মৌনির সাতৌরির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারও সফরেও করবেন। সেখানে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সংরক্ষণে ইউরোপীয় পার্লামেন্ট এবং এর মানবাধিকার বিষয়ক উপকমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।