যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা

যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া আফগান নারী ফুটবলাররা নতুন করে গঠিত আফগান নারী শরণার্থী দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। ফিফা আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে নিরাপত্তাজনিত কারণে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। চলতি বছরের মে মাসে ফিফা অনুমোদিত আফগান নারী শরণার্থী দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় পাওয়া আফগান খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দল ফিফার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার শর্তে ফিফা ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও ইউরোপে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দের জন্য একই ব্যবস্থা করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে থাকা অন্তত ২২ জন আফগান ফুটবলারের মধ্যে ১০ জন হিউস্টনে বসবাস করেন। তাদেরই একজন সাবেক অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ও হিউস্টন শাইন এফসির ফরোয়ার্ড জাহরা সুলতানি বলেন, ‘ফুটবল সবসময় আমার পরিচয়, আমার স্বাধীনতা, আর বিশ্বমঞ্চে আফগান নারীদের প্রতিনিধিত্বের উপায়। ক্যাম্প বাতিল হওয়ার খবর আমার হৃদয় ভেঙে দিয়েছে। ’ প্রথম আফগান নারী জাতীয় দলের সদস্য সোদাবা খানজানি (২৮) মন্তব্য করেন, ‘এটি অগ্রহণযোগ্য এবং কোনো অর্থ বহন করে না। অস্ট্রেলিয়া বা ইউরোপের খেলোয়াড়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের কোনো পার্থক্য নেই। আমরা উপেক্ষিত ও অসম্মানিত বোধ করছি। ’আরেক খেলোয়াড় নিলোফার মুমতাজ (২৪) বলেন, ‘আমরা চার বছর ধরে পরিবার ছাড়া যুক্তরাষ্ট্রে আছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ক্যাম্প হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে নয়। আমরা কাঁদছি, তবুও হাল ছাড়ব না। ’ ফিফা জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আইনি ও লজিস্টিক জটিলতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই প্রক্রিয়া এগোচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দেরও ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ’ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হয়। ফিফা, ফিফপ্রো ও আন্তর্জাতিক সহযোগিতায় শতাধিক নারী খেলোয়াড় ও তাদের পরিবার বিদেশে আশ্রয় পান। বর্তমানে আফগান নারী জাতীয় দল ফিফার বিশ্ব র‍্যাংকিংয়ের বাইরে। জাতিসংঘ ইতোমধ্যে তালেবানের নারীবিরোধী নীতিকে ‘লিঙ্গভিত্তিক বৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছে।

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তবে আইসিসির এফটিপি অনুযায়ী নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবার আর থাকছে না। মূল সূচিতে সব ফরম্যাট মিলিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টি বাদ দিয়ে টেস্ট ও ওয়ানডেকেই গুরুত্ব দিচ্ছে দুই বোর্ড। বিশ্বকাপ-পরবর্তী এই সফর ঘিরে বিসিবি ও পিসিবির মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে বিসিবি, তবে নির্দিষ্ট দিনক্ষণ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২৪ সালের জুলাইয়ে, যখন দুটি দল মুখোমুখি হয়েছিল একটি টি-টোয়েন্টি সিরিজে। এবার দীর্ঘ ফরম্যাটে সিরিজ আয়োজনকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের মতো প্রতিপক্ষকে পেয়ে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে লাল-সবুজের দল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ শেষে সরাসরি বাংলাদেশ সফরে আসবে সালমান-শাহিনরা। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি ও পিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ ব্যাটিং-নির্ভর একাদশ নিয়ে মাঠে নেমেছিল মাত্র চারজন বোলার নিয়ে। পার্ট-টাইম বোলারদের খরুচে স্পেল দেখে সতর্ক করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, সুপার ফোরে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আফগানিস্তানের বিপক্ষে শামীম হোসেন ও সাইফ হাসান মিলিয়ে চার ওভারে খরচ করেন ৫৫ রান। যদিও বাংলাদেশ ম্যাচ জেতে, তবে অধিনায়ক লিটন দাসের কৌশল নিয়ে প্রশ্ন ওঠে। জাফরের মতে, ‘পঞ্চম বোলার’ এর ঘাটতি স্পষ্ট ছিল। ভাগ্য সহায় হওয়ায় বাংলাদেশ ম্যাচ জিতলেও পরবর্তী ধাপে একই কৌশল কার্যকর হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাফর একাদশে দেখতে চান শেখ মেহেদী হাসানকে। তার মতে, নুরুল হাসান সোহানের পরিবর্তে মেহেদীকে সুযোগ দেওয়া উচিত। জাফর বলেন, ‘শ্রীলঙ্কা দলে অনেক বাঁ-হাতি ব্যাটার আছে। তাই মেহেদীকে নেওয়া দরকার। সে শুধু ভালো বোলারই নয়, ব্যাটও করতে পারে। আগের ম্যাচগুলোতে তাকে পাঁচ নম্বরে খেলানো হয়েছিল। নুরুল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই পায়নি, তাই তার জায়গায় মেহেদীকে আনা যেতে পারে। ’আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট। জাফরের মতে, দুবাইয়ের বড় মাঠে বাঁ-হাতি স্পিনাররা কার্যকর। তাই নাসুমকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।

মেক্সিকোতে গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২৫

মেক্সিকোতে গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২৫ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ভয়াবহ একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেয়ালে ধাক্কা খায় গ্যাসবাহী ট্যাংকারটি। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের পরপরই বিকট বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা অন্তত ৩০টি যানবাহনেও আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান অন্তত ১০ জন। বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এনআইডি সংশোধন: ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের

এনআইডি সংশোধন: ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এনআইডি পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।চলতি বছর ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রায় নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। তবে এখনো প্রায় তিন লাখ আবেদন ঝুলে রয়েছে।

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো।

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের আগামী বছরের জানুয়ারি মাস থেকে বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার। তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নভেম্বরে স্পেনের বিলবাওতে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে বাস্ক জাতীয় দল। এই দলটি ফিফার স্বীকৃত না হলেও তাদের নিজস্ব ফুটবল ফেডারেশন রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের ১৫ তারিখ, সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি আয়োজিত হবে বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। গাজায় প্রাণ হারানোদের স্মরণে আয়োজন হওয়া এই ম্যাচকে ফিলিস্তিনি ফেডারেশন উদযাপনের উপলক্ষ হিসেবে দেখছে। এর আগে আথলেতিক বিলবাওয়ের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙান। ব্যানারে বাস্ক ভাষায় লেখা ছিল, ‘আজ থেকে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। ’ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যে স্পেন প্রথম দিকের দেশগুলোর একটি যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড ও বেড়ে চলা মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান জয় লাভ করলে, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নির্ভর করবে রান রেটের ওপর। এই কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। আফগানিস্তান আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে বিশ্রাম দিয়ে দারভিশ রাসুলিকে সুযোগ দেয়া হয়েছে, আর আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর। শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন এনেছে। পেসার মহেশ থিকসানার জায়গায় দুনিথ ভেল্লালাগে মাঠে নামছেন। আবুধাবির উইকেটটি স্পিনারদের জন্য ভালো বলে মনে হলেও, পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আজকের উইকেটে কিছু ঘাস থাকার কারণে পেসাররাও সুবিধা পেতে পারেন। আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নুর আহমেদ, ফজলহক ফারুকি। শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন ও বহির্বিভাগে ৮ জন এবং শিবগঞ্জে ১ জন ও গোমস্তাপুরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী এবং ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩ জন পুরুষ ও ১০ জন মহিলাসহ ১৩ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন, গোমস্তাপুরে ১ জন মহিলা রোগী। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ১ জনকে এবং গোমস্তাপুর থেকে ১জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১৭ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৭৮ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।