ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোলাহাটে পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভোলাহাটে অতিথিসহ অন্যান্য পাখি শিকার বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামীম হোসেনের সভাপতিত্বে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই জনসচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, ভোলাহাট থানার সাব ইন্সপেক্টর শাহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম। সভায় সব ধরনের পাখি শিকার থেকে দূরে থাকার জন্য আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন বক্তারা। পাখি শিকার ও বাজারজাতকালে কেউ ধরা পড়লে সর্বোচ্চ ১ বছরের সাজা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে বলে জানান সভার সভাপতি শামীম হোসেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত ‘আত্মহত্যা বিষয়ে দৃষ্টিভোঙ্গি পরিবর্তন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ সিভিল সার্জন অফিস র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করে। সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহম্মদ মশিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন। মুক্ত আলোচনায় অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মো. গোলাম কিবরিয়া, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিশির শবনম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী মোসা. তামান্না খাতুন, নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রী মোসা.আবিদা সুলতানা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহবুবা ফেরদৌস। আলোচনা সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। মাল্টিমিয়া প্রেজেন্টেশনে বাংলাদেশসহ বিশ্বের আত্মহত্যার পরিসংখ্যান, মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন আগত্মহত্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. শাহীন। তিনি তার উপস্থাপনায় জানান, বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার মানুষ আত্মহত্যা করে এবং বিশ্বে প্রতিবছর ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। তিনি জানান, পরিবারের অবহেলাসহ নানান কারণে ১০ থেকে ১৯ বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। ৯০ ভাগ মানুষ জানে না মানসিক স্বাস্থ্য কী। ডা. শাহীন জানান, দেশে ১০ টি জেলায় মানসিক স্বাস্থ্য নিয়ে সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জও রয়েছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একটি করে কর্নার আছে যে খানে প্রশিক্ষিত চিকিৎসক ও সেকমোগণ কাজ করছেন। আলোচনা সভায় বক্তারা সন্তানদের ওপর মানসিক চাপ না দিয়ে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার করার জন্য অভিভাবক বা মা বাবার প্রতি আহ্বান জানান।

নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নওগাঁর ব্যবসায়ী অপহরণ: মূলহোতা শাহাজান গ্রেফতার, ভিকটিম উদ্ধার নওগাঁর ব্যবসায়ী আলমগীর হোসেনকে অপহরণের ঘটনায় ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা মো. শাহাজান কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। একই সঙ্গে অপহৃত আলমগীর হোসেন কে ঢাকা জেলার সাভারের নতুনপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে শাহাজানকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শাহাজানের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চর কচুপিয়া গ্রামে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্যবসায়ী আলমগীর হোসেন ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন। পরে অজ্ঞাত ব্যক্তিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আলমগীরের ছেলে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় গ্রেফতার আসামিকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার ২ নম্বর আসামি রফিক শেখ গ্রেপ্তার রাজশাহীর আলোচিত মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রফিক শেখকে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৬ সাতক্ষীরা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্যামনগর উপজেলার শংকরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ অক্টোবর দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামে মোস্তফা শেখকে লোহার হাসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় নিহতের পরিবারের আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় মোস্তফা শেখের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে এই মামলায় রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব জানায়, রফিক শেখকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে সাদিয়া খাতুন নামে ৬ বছরের এক শিশু। আজ দুপুরে গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সাদিয়া ওই গ্রামের বাইরুল ইসলামের মেয়ে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ-ওসি ওয়াদুদ আলম জানান, দুপুরে সাদিয়া বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এক নারী গোসল করার সময় টের পান কিছু একটা ডুবে আছে। পরে ওই নারী তুলে দেখেন শিশুর মরদেহ। তিনি লোকজনকে খবর দিলে তারা সাদিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়র করা হয়েছে।

শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড

শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ শেষ হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল— ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে বিকশিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস. রোকন। উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং ২৭ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ শিবগঞ্জে ধ্রুব পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সংগীত পরীক্ষায় বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সংগীত শিক্ষার গুরুত্ব ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে ধ্রুব পরিষদের ভূমিকা তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আজ সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া ও সঠিক স্যানিটেশন চর্চার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

রাজশাহীর দূর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর দূর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর দূর্গাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী পারভেজ মোশারফ কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে তরিপতপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, পারভেজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিতভাবে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্ব কুমার ঘোষ। অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন পলশা যুব মহিলা কল্যাণ সংস্থার শামসুন নাহার পলি ও সানপুর যুব উন্নয়ন সোসাইটির ফাইজুল কবির। অনুষ্ঠানে জানানো হয়, মৎস্য চাষ, নকশী কাঁথা, গরু মোটাজাকরণ, ছাগল পালন, গাভী পালনদর্জি বিজ্ঞান, সমন্বিত সবজি চাষ বৃক্ষ রোপণ, হাঁস-মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা হলো। এই ১৬ টি যুব সংগঠনের মধ্যে ১টিকে ৭৫ হাজার টাকা এবং অন্য ১৫টিকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।