শিবগঞ্জ মনাকষা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

শিবগঞ্জ মনাকষা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের রানীনগর গ্রামের শাহাপাড়ার রাস্তার উপর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একই উপজেলার শ্যামপুর এলাকার এন্তাজ আলীর ছেলে মোবারক হোসেন রসদুলকে আটক করে। আটকককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও’র মতবিনিময়

ভোলাহাটে সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত ইউএনও’র মতবিনিময় ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন মতবিনিময় করেছেন। সম্প্রতি ভোলাহাট উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন শামীম হোসেন। উপজেলা নির্বাহী অফিসার পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভোলাহাট উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সাথে আজ বিকেলে অফিস কক্ষে সৌজন্য মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন সাংবাদিকদের সাথে নিয়ে কালে বলে মোঃ মনিরুজ্জামান স্যার খুব ভালো মানুষ ছিলেন। তিনি অল্প সময়ে ভোলাহাট উপজেলার বিভিন্ন উন্নয়নে যে কার্যক্রম চালিয়েছেন এর ধারাবাহিকতায় চালিয়ে যেতে যান। এছাড়াও বৃহত্তর বিলভাতিয়া বিল, জনগুরুত্বপূর্ণ এলাকায় মেডিকেল মোড় উন্নয়ন, মাদকদ্রব্য, ভেজাল শিশুখাদ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম হোসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, বরেন্দ্র নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেন, অনলাইন এনটিভি ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম, আমার দেশ ভোলাহাট প্রতিনিধি আলি হায়দার, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক কায়সার আহমেদ, মোঃ রবিউল ইসলাম ও মোঃ শরিফুল ইসলামসহ অন্যরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ আবু মোতালেব উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুপুরে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা-ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন। পাশাপাশি সমাজের উন্নয়নের পথকে সুগম করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে নারীরাই পারে দেশ ও পরিবারকে এগিয়ে নিতে। কয়েকজন দর্শনার্থী বলেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি। উদ্যোক্তা শামীমা বেগম বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসায় এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজের ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আরেক উদ্যোক্তা আমিনা রোজি উর্মি বলেন, আমি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কয়েক বছরে এখন আমার দ্বিগুণের ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টায় দূর্লভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সহ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ শিবগঞ্জ ও ভোলাহাট সীমা„ন্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দকৃত ৪৭ বোতল চোলাই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীামন্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জবাদকৃত ফোন ও কমমেটিকস কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এছাড়া, গতকাল বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত বলেও জানান অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ সড়ক ডাকাত চক্রের সদস্য এবং সদর থানায় দায়ের হওয়া একটি সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় সাড়ে ৪ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার এলাকার ফারুক আলীর ছেলে আতিক। র‌্যাাব জানায়, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে জেলার নাচোল উপজেলাগামী সড়কের আমনুরা রেলক্রসিং এলাকায় অভিযান চালালে, আতিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর আড়াইটায় র‌্যাব-৫ ব্যাটলিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে দায়ের সড়ক ডাকাতি প্রস্তুতি মামলায় আসামী আতিককে দোষী সাব্যস্ত করে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সাজা দেয় আদালত। সাজা ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন। সাজা ঘোষণার পর ওয়ারেন্ট ইস্যু হলে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় আসামী আতিককে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫ ।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক মোহাম্মদ সোলায়মান। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বক্তব্য দেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। এসময় আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবুসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার কাজ করবেন । এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নকিব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান।

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাব-৫ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর পুঠিয়ায় র‌্যাব-৫ এর অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ২ টি মোবাইলসহ সীমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা পরিবহনের সময় শেখ ফয়সাল মিয়া ও আলম নামে ২জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর আভিযানিক দল, ঐ ২ জন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে এমন তথ্যের ভিত্তিতে তাদরে গতিবিধি পর্যবেক্ষন করে, নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জনকে অভিনব কায়দায় বহন করা উল্লেখিত আলামতসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধওে আন্ত:জেলা মাদক চক্রের সদস্য এবং রাজশাহী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ, সদর মডেল থানার সেকেন্ড অফিসার রাজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যরা। সভায় এলাকার বিভিন্ন সমস্যা মাদক চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উন্নয়নমূলক কাজ, নিরাপত্তা, যানজট নিরসন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অদিদপ্তরের উপ পরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা বেগমসহ অন্যরা। সভা সঞ্চালনা ও গ্রাম আদালতের চাঁপাইনবাবগঞ্জ জেলার অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালত চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার হাফিজ আল আসাদ। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।