চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল চাঁপাইনবাবগঞ্জে ডাকাতদের ধারাল অস্ত্রের আাঘাতে গুরুতর আহত হয়েছেন সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নুরুল ইসলাম। গতকাল রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস সড়কের মারিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। জানা গেছে, রাত ১১টার দিকে থানায় ‘৯৯৯’ হটলাইন থেকে কল আসে মারিয়াপাড়া এলাকায় ফাঁকা সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ১০/১২ জনের একদল ডাকাত। খবরটি আমনুরা ক্যাম্পে জানানো হলে নিয়মিত টহলে থাকা এসআই নুরুল ইসলাম মোটরসাইকেলে একজন এএসআইকে এবং একটি অটোরিক্সায় ৪ জন কনষ্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন। প্রথমে মাটরসাইকেলে এসআই নুরুল ঘটনাস্থলে পৌঁছামাত্র ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমন করে ডাকাতরা। এর মধ্যেই অটোরিক্সায় থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতরা ধানক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরে ওই ডাকাত দল আমনুরা থেকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালাগামী ওই সড়কে গভীর রাত পর্যন্ত ডাকাতি করে। সদর থানার অফিসার ইনচার্জ – ওসি শাহিন আকন্দ জানান, ঘটনার পর এসআই নুরুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে “বাল্যবিবাহ রোধ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সদর থানার পুলিশ অফিসার মুনজুর রহমান। মুনজুর রহমান। ঝিলিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুম পারভেজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরতে খোদা, ঝিলিম ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী বারকাতুল্লাহ, কে. এম. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুখলেসুর রহমান, দরগাপাড়া জামে মসজিদের খতিব আবদুল হামিদসহ অন্যরা। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও নারীর প্রতি বৈষম্য সমাজ থেকে দূর করতে হলে পরিবার, বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তাই সচেতন সমাজই পারে নিরাপদ ও সহিংসতামুক্ত প্রজন্ম গড়ে তুলতে। শেষে উপস্থিত সবাই বাল্যবিবাহ ও শিশুনির্যাতনমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট

জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরিকে টেনে ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। মুমিনুল হকও আছেন সেঞ্চুরির পথে। তার আগে সেঞ্চুরি মিস করেছেন সাদমান ইসলাম। তবু সবমিলিয়ে সিলেট টেস্টে দ্বিতীয় দিনটা পুরোই বাংলাদেশের দখলে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ২৮৬ রানের জবাবে টাইগাররা দিন শেষ করেছে ৮৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। জয় ১৬৯ আর মুমিনুল ৮০ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৫২ রানের। এর আগে দিনের শুরুতে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট, আর হাসান মুরাদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার হাসান মাহমুদও ছিলেন দারুণ, তুলে নেন ২ উইকেট। আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়েছেন পল স্টার্লিং (৬০) ও কেড কার্মাইকেল (৫৯), তবে দলের বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন। প্রথম উইকেট জুটি যোগ করে ১৬৮ রান। যেখানে সাদমান খেলেন ৮০ রানের ইনিংস। এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে জয় গড়ে তোলেন আরেকটা শতরানের জুটি। দিনের শেষ বিকেলে আয়ারল্যান্ডের বোলারদের ক্লান্ত করে তোলেন এই দুই ব্যাটার। ৮৫ ওভারের খেলায় বাংলাদেশের রানরেট প্রায় ৪, যা টেস্টের হিসেবে বেশ দ্রুতগতির। জয় ২৮৩ বলে ১৪টি চার ও ৪টি ছয়ে ১৬৯ রানে অপরাজিত, মুমিনুল ১২৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৮০ রানে অপরাজিত আছেন।

শাহরুখপুত্র মোট কত সম্পত্তির মালিক?

শাহরুখপুত্র মোট কত সম্পত্তির মালিক? তার প্রথম পরিচয় তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র। তবে কাজেও আরিয়ান নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। ২৮ বছর পূর্ণ করলেন আরিয়ান খান। বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। প্রথম পরিচালিত কাজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ নিয়ে চর্চাও তুঙ্গে। পর্দার পিছনে থাকলেও অভিনেতা হিসাবেও নাকি বেশ ভালো আরিয়ান। তবে শুধু সৃজনশীলতা নয়। ব্যবসায়িক দিক নিয়েও যথেষ্ট সচেতন তিনি। ২৮ বছর বয়সি আরিয়ানের সম্পত্তির পরিমাণ সেটাই প্রমাণ করে। বলিউডে কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ানের। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষের বেশি। সেখান থেকেও আয় করেন তিনি। ২০২৩ সালে বাবার সঙ্গে জোট বেঁধে পোশাকের একটি ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। সেখানে জ্যাকেটের দাম ২ লক্ষ রুপি, টি-শার্টের দাম ২৪ হাজার রুপি এবং হুডি পাওয়া যায় ৪৫ হাজার রুপিতে। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় উচ্চ মানের মদও বাজারে এনেছেন শাহরুখ পুত্র। সেই ব্র্যান্ডের প্রচার করেছেন ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজের মধ্যে। আরিয়ানের গাড়ির সম্ভারও বড়। সেখানে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ। এর সঙ্গে দিল্লির বিলাসবহুল এলাকায় ৩৭ কোটি টাকার একটি বাড়িও রয়েছে তার। বর্তমানে তিনি ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক। ১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম আরিয়ানের। পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুল থেকে। শোনা যাচ্ছে, ওটিটি মঞ্চে সাফল্যের পরে এ বার বড় পর্দার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান।

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড

মারা গেছেন অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার প্রয়াণে শোক জানিয়েছেন হলিউডের সহকর্মীরা ও ভক্তরা। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যমকে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। তিনি জানান, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি। এরপর হাড়ের সংক্রমণ রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে। পাশাপাশি তিনি স্মৃতিভ্রংশজনিত (ডিমেনশিয়া) সমস্যায়ও ভুগছিলেন। নিউইয়র্কে জন্ম নেওয়া স্যালি কার্কল্যান্ড অভিনয়জীবন শুরু করেন অফ–ব্রডওয়ে প্রোডাকশন ও অ্যাভান্ট–গার্ড থিয়েটারের মাধ্যমে। ১৯৮৪ সালে ‘ফেইটাল গেমস’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৮৭ সালের ‘আনা’ চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবির জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন। ‘আনা’ ছাড়াও স্যালি কার্কল্যান্ড অভিনয় করেছেন ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, **‘হোপ ফর দ্য হলিডেজ’**সহ অসংখ্য চলচ্চিত্রে। পাশাপাশি তিনি টেলিভিশন সিরিজেও নিয়মিত অভিনয় করতেন। দীর্ঘ কর্মজীবনে স্যালি কার্কল্যান্ড হলিউডে ‘ঝলমলে স্বর্ণকেশী’ হিসেবে পরিচিত ছিলেন—তাঁর উজ্জ্বল উপস্থিতি ও বহুমাত্রিক অভিনয় তাঁকে আজও স্মরণীয় করে রেখেছে।

কলম্বিয়ায় সেনা অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

কলম্বিয়ায় সেনা অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত কলম্বিয়ায় মাদক কারবারি এক গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে সন্ত্রাসী দলটির ১৯ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, গত কাল এই হামলা ছিল সুনিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক। অভিযানে একজনকে আটক ও সশস্ত্র গোষ্ঠীটির ব্যাপক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহনীর অ্যাডমিরাল ফ্রান্সিসকো কিউবিডস বলেছেন, নিহতরা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের (এফএআরসি) একটি শাখার সদস্য। তারা দীর্ঘদিন থেকে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। সেনাবাহিনী দাবি করছে, বিমান হামলাটি গেরিলাদের কমান্ড ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। এই ধরনের অভিযান জননিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীর প্রভাব কমানোর জন্য অপরিহার্য। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই গোষ্ঠীর বিরুদ্ধে হামলা ও সামরিক অস্ত্র বিলুপ্তিকরণের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, কলম্বিয়ায় দীর্ঘদিন থেকে সরকারি বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। ফার্কের মূলশাখা ২০১৬ সালে শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেও, কিছু শাখা তা প্রত্যাখ্যান করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট পেট্রোর সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক চাপ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। গত অক্টোবরে ওয়াশিংটন মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো ও তার পরিবারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও মাদক পাচারের সঙ্গে পেট্রোর সরাসরি যোগসূত্রের প্রমাণ দেয়নি।

ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু বেওয়ারিশ কুকুরের আক্রমণে ভারতে নতুন একটি চিড়িয়াখানায় আন্তত ১০টি হরিণ প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সদ্য উদ্বোধন করা চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে এমন ঘটনা ঘটেছে। মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এ ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। চিড়িয়াখানার পরিচালক নাগারাজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল চিড়িয়াখানায় পৌঁছেছে। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি বিস্তারিত তদন্ত শুরু করেছে তারা। ৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খোলার তারিখ ঘোষণা করা হয়নি এখনো।

যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১ হাজার ৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১ হাজার ৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই এ তথ্য জানিয়েছে। গত ১০ অক্টোবর আমেরিকার মধ্যস্ততায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে ৮ নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ-প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে। কিছু বিশেষজ্ঞ বলছেন, ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে’ কাজ করছেন।

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা চেলসি ছেড়ে চীনে পাড়ি জমানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে খেলার স্বপ্ন দেখলেও, হৃদরোগজনিত সমস্যার কারণে এখন তিনি অবসরের কথা ভাবছেন। সাও পাওলোর হয়ে খেলার সময় অস্কারকে হঠাৎ অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। সৌভাগ্যবশত, তার অবস্থা গুরুতর নয় এবং বর্তমানে স্থিতিশীল। ক্লাব সভাপতি হুলিও কাসারেস জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সাও পাওলোর সঙ্গে চুক্তি আছে ২০২৭ পর্যন্ত, তবে তিনি চুক্তি বাতিল করে খেলোয়াড়ি জীবন শেষ করার কথাও ভাবছেন। হৃদরোগ সমস্যা অস্কারের জন্য নতুন নয়; গত আগস্টে করিন্থিয়ান্সের বিপক্ষে পিঠের হাড় ভাঙার পরই তার হৃদযন্ত্রে অস্বাভাবিকতা ধরা পড়েছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে সাও পাওলোর হয়ে অস্কার ২১টি ম্যাচ খেলেছেন, ২টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে প্রিমিয়ার লিগ খেলার পর ২০১৭ সালে সাংহাই পোর্টে যোগ দিয়েছিলেন, এবং চলতি বছরের শুরুতে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে ফিরে আসেন। ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘বিধিবদ্ধ চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং খেলোয়াড়ের গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা দল থেকে আপডেট পাওয়া মাত্র আরও তথ্য জানানো হবে।’ অস্কার ব্রাজিল জাতীয় দলে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন। এখন তার ফোকাস পুরোপুরি সুস্থতায় এবং খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ সিদ্ধান্তে।

রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান

রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান শ্রীলঙ্কাকে মাত্র ৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নাটকীয় জয় উদযাপন করেছে পাকিস্তান। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই বজায় ছিল, যেখানে লঙ্কানরা জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও সফল হয়নি। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৯ রান তোলে। শুরুতে ওপেনাররা ভালো খেলে চাপে ফেলে শ্রীলঙ্কাকে। সাইম আইয়ুব মাত্র ৬ রান করে ফিরেন, ফখর জামান ৫৫ বলে ৩২ রান করেন, আর মোহাম্মদ রিজওয়ানও সুবিধা নিতে পারেননি, ৫ রানে থামেন। বাবর আজম ৫১ বল খেলে ২৯ রান করেন। ৯৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সালমান আগা আর হুসাইন তালাত যোগ করেন ১৩৮ রানের জুটি। তালাত ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নেওয়াজ ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংস উপহার দেন। সালমান আগা অপরাজিত থাকেন ১০৫ রানে, ৮৭ বল খেলে ৯টি বাউন্ডারি হাঁকান। রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা উড়ন্ত সূচনা করেছিল। কামিল মিশরা ও পাথুম নিশাঙ্কা ৭০ বলের ওপেনিং জুটিতে ৮৫ রান তোলেন। ১২তম ওভারে হারিস রউফ একসাথে জুটি ভেঙে জোড়া উইকেট নেন। মিশরা ৩৮ রানে আউট হন, কুশল মেন্ডিসকে বোল্ড করেন রউফ। পরবর্তী ওভারে নিশাঙ্কা (২৯) ক্যাচ আউট হন। শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা ৩৯ রান করে ফেরেন, চারিথ আসালাঙ্কা ৩২ রানে স্টাম্পিং। নাসিম শাহর বলে জানিথ লিয়ানাগে (২৮) বোল্ড। কামিন্দু মেন্ডিস ৯ রান করে ফাহিম আশরাফের বলে আউট হন। তবে লোয়ার অর্ডারেও লঙ্কানরা লড়াই চালান। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫২ বলে ৫৯ রান করেন এবং শেষ পর্যন্ত নাসিম শাহর বলে লং অনে ক্যাচ হয়ে ফেরেন। শেষ পর্যন্ত ২১০ রানে ৭ উইকেট হারিয়ে থামে শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানের বোলাররা সমন্বিত পারফরম্যান্স দেখান। হারিস রউফ নেন চারটি উইকেট, নাসিম শাহ ও ফাহিম আশরাফ নেন দুটি করে। হুসাইন তালাতের শেষ ওভারে শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি আনতে চেষ্টা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ম্যাচ পাকিস্তানের নামে শেষ হয়। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচ দর্শকদের জন্য রুদ্ধশ্বাস থ্রিলার হয়ে ওঠে।