অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হয়ে যাবে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট। তবে, এর মধ্যেই যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বরের আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোন স্বংক্রিয়ভাবেই নিবন্ধিত হয়ে যাবে। আজ এ বার্তা দিয়েছে বিটিআরসির। সেখানে বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’ বার্তায় আরও বলা হয়, আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে। মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে বৈধতা যাচাই করার পদ্ধতি: আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য ডায়াল করুন *#06#। অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। এনইআইআর সম্পর্কিত তথ্য সেবা : এনইআইআর সম্পর্কিত যে কোন তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০ এ কল করুন। যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *16161#। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ ডায়াল করে অথবা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত সেবা নিন। NEIR সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার সমাধান পেতে ভিজিট করুন http://neir.btrc.gov.bd।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ১৩৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ১৩৯ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে, গত একদিনে সারা দেশে ১১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
টি-টেন লিগে দল পেলেন তাসকিন

টি-টেন লিগে দল পেলেন তাসকিন সাকিব আল হাসান, সাইফ হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নাহিদ রানাও টি-টেন লিগে দল পেয়েছিলেন, তবে তার খেলা হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। ৮ দলের টুর্নামেন্টের টি-টেন লিগ শুরু হবে ১৮ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যাম্পস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নেয় তারা। এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, জেসন রয়ের মতো তারকাদের। ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন সাইফ। দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন তিনি। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানাও। তবে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় এ আসরে আর খেলা হচ্ছে না তার।
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড ড্যারিল মিচেল দুইবার জীবন পেলেন। রোস্টন চেজ ও জেডেন সিলসের হাত ফসকে নিউজিল্যান্ডও পেয়ে গেল মোমেন্টাম। মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭০ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের মতো এবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু শেষ ওভারে বোলিং প্রান্ত থেকে স্নায়ুচাপ সামলে সফল জ্যাকব ডাফি। ৭ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপরা। ক্রাইস্টচার্চে আগে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংকে ফিরিয়ে ম্যাথু ফোর্ড হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। ২৪ রানেই দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে নিয়ে সেই ধাক্কা ভালোভাবে সামলে নেন মিচেল। এক রানের আক্ষেপ নিয়ে কনওয়ে জাস্টিন গ্রিভসের বলে শাই হোপের ক্যাচ হন কনওয়ে। ৬৭ রানের এই জুটিতে ৪৯ রান করে অবদান রাখেন তিনি। ১৯ ও ৬৭ রানে জীবন পাওয়া মিচেল ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলকে (৩৫) নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। ৬১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর তিনি ১০৭ বলে সেঞ্চুরি করেন ১২ চার ও ১ ছয়ে। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে থামেন মিচেল। ১১৮ বলে ১২ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ১১৯ রানের ইনিংস। তার আগে জ্যাক ফোকসের (২২) সঙ্গে ৪৩ রান যোগ করেন মিচেল। নিউজিল্যান্ডের সাত উইকেটের মধ্যে সবচেয়ে বেশি তিন উইকেট নেন সিলস। দুটি পান ফোর্ড। লক্ষ্যে নেমে ১০ রানে জন ক্যাম্পবেল (৪) ফিরে যান। কিসি কার্টি ও আলিক আথানেজ ৬০ রানের জুটিতে সেই ধাক্কা কাটান। তবে ১৭ রানের ব্যবধানে দুজনই আউট হলে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। শেরফানে রাদারফোর্ড ফিফটি গড়ে সফরকারীদের লড়াইয়ে রাখেন। শাই হোপের (৩৭) সঙ্গে ৫১, চেজকে (১৬) নিয়ে ৩১ ও গ্রিভসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। ৫৩ বলে হাফ সেঞ্চুরি করা রাদারফোর্ড ৬১ বলে ৫৫ রান করে কাইল জেমিসনের শিকার হন। শেষ দিকে রোমারিও শেফার্ড ও গ্রিভস ভয় ধরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের মনে। তাদের জুটিতে শেষ দুই ওভারে লক্ষ্য কমে দাঁড়ায় ৩২ রানে। ম্যাট হেনরি শেষের আগের ওভারে ১২ রান দেন। শেষ ওভারে দরকার ছিল ২০ রানের। চমৎকার বোলিংয়ে ১২ রান দেন ডাফিও। ২৯ বলে ৫৩ রানের জুটি ছিল শেফার্ড ও গ্রিভসের। ৩৮ রানে গ্রিভস ও শেফার্ড ২৬ রানে অপরাজিত ছিলেন।
এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাত ১১টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। তবে চোটের কারণে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না লা ব্লুজ। একই সময়ে মাঠে নামবে ইংল্যান্ডও, আলবেনিয়ার বিপক্ষে খেলতে। রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুটা কঠিন হলেও এখন দারুণ ছন্দে এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে গড়েছেন ৪০০ গোলের রেকর্ড—ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা তারকা মাত্র দুই গোল দূরে আছেন অলিভার জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার। তবে আজারবাইজানের বিপক্ষে তার সেই রেকর্ড ব্রেকিং গোলের অপেক্ষা বাড়ছে চোটের কারণে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে টিকিট। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে ফ্রান্স। গ্রুপ ডিতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। টানা ৬ ম্যাচ অপরাজিত ফরাসিরা বাকুতে কোনো হোঁচট চাইছে না। দলে স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এনগোলো কন্তে। আজ তাকে বাজিয়ে দেখতে পারেন কোচ দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।
ঘরের মাঠে প্রথমবার ব্যর্থ জয়সওয়াল, দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রান

ঘরের মাঠে প্রথমবার ব্যর্থ জয়সওয়াল, দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শূন্য রানে আউট হওয়ায় থেমে গেল যসশ্বি জয়সওয়ালের অবিশ্বাস্য রানের গতি। রবিবার সফরকারীদের বিপক্ষে কলকাতায় দ্বিতীয় ইনিংসে মাঠের নামার আগের ঘরের মাঠের ২৪ ইনিংসে ৫৭.৪৭ ব্যাটিং গড়ে এক হাজার ৩২২ রান করেছেন বাঁহাতি ব্যাটার। এ সময় তিনটা শতক এবং সাতটি অর্ধশতকের ইনিংস আছে জয়সওয়ালের। ঘরের মাঠে কখনও দুই অঙ্কের কোটায় যাওয়ার আগে আউট হননি। তবে আজ প্রোটিয়াদের বিপক্ষে মাত্র চার বলেই থামলেন জয়সওয়াল। ঘরের মাঠে এটিই জয়সওয়ালের প্রথমবার ব্যর্থ হওয়া। এই টেস্টের প্রথম ইনিংসেও বেশিদূর যেতে পারেননি তিনি। ১২ রানের পথে মার্কো জ্যানসেন বোল্ড আউট করেন তাকে। দ্বিতীয় ইনিংসেও এই পেসারকে উইকেট দেন জয়সওয়াল। কোনো টেস্টের দুই ইনিংস মিলিয়ে এটি সর্বনিম্ন রান ২৩ বছর বয়সি ব্যাটারের। এর আগে দুই ইনিংস মিলিয়ে জয়সওয়ালের সর্বনিম্ন রান ছিল ১৩, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। এদিন ১২৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ফিরেছেন স্রেফ এক রানে। টেস্ট ক্রিকেটে গত এক দশকে কোনো ভারতীয় ওপেনিং জুটি এতো কম রান করেনি।
১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার

১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার স্পিন-বান্ধব উইকেট বানিয়ে চার জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৩ রানে (লক্ষ্য) বেধে ফেলে জয়ের পাল্লাটাও তাদের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু অধিনায়ক শুভমান গিলকে হারিয়ে তাদের দুভার্গ্যের শুরুটা হয় গতকাল। ফলে চতুর্থ ইনিংসে স্বাগতিকরা ব্যাটিংয়ে নামে ১০ জন নিয়ে। এরপর মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামা প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের পাতা ফাঁদেই ধসে গেল ভারতীয় ব্যাটিং লাইনআপ। হারমার-মহারাজদের ঘূর্ণিতে ১২৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানে গুটিয়ে গেছে ভারত। এর মধ্য দিয়ে ভারতের মাটিতে প্রোটিয়াদের টেস্ট জিততে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হয়েছে। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে শেষবার টেস্ট জিতেছিল গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এমন দিন দেখতে টেম্বা বাভুমাদের লম্বা সময় অপেক্ষায় থাকতে হলো। প্রোটিয়া অধিনায়ক নিজেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হওয়ার সময়ও একপ্রান্তে ৫৫ রানে অপরাজিত ছিলেন বাভুমা। পুরো ম্যাচ মিলিয়ে এটাই ছিল কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইডেন গার্ডেনে ব্যাটারদের প্রতিকূল উইকেটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এমন উইকেট নিয়ে গতকাল থেকে সমালোচনা চলছে।
হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৭

হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৭ পাকিস্তানের হায়দ্রাবাদের লতিফাবাদ এলাকার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। সর্বশেষ গতকাল রাতে উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেন। দেশটির উদ্ধারকারী পরিষেবা ১১২২-এর মুখপাত্র জানান, লাঘারি গোথ নদীর তীরে, লতিফাবাদ পুলিশ স্টেশন এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ বহু মাইল দূরে পর্যন্ত শোনা গেছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, ধ্বংসস্তূপে অনেক কক্ষ ও দেওয়াল ভেঙে পড়ায় আরও কয়েকজন আটকা পড়ার শঙ্কা রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের বের করার চেষ্টা করছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। হায়দ্রাবাদের মেয়র কাশিফ শোরো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিস্ফোরণে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। লতিফাবাদ সহকারী কমিশনার সৌদ লুন্ড জানিয়েছেন, কারখানাটি একটি বাড়িতে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, কার্যক্রম পরিচালনার কোনো লাইসেন্স ছিল না।
যুক্তরাজ্যে শরণার্থীরা স্থায়ী নাগরিকত্ব পাবেন ২০ বছর পর

যুক্তরাজ্যে শরণার্থীরা স্থায়ী নাগরিকত্ব পাবেন ২০ বছর পর অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও আশ্রয়ের আবেদন কমাতে বড় ধরনের নীতিগত পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ সিদ্ধান্ত কার্যকর হলে শরণার্থীরা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন ২০ বছর পর। আগামীকাল এ সংস্কার চূড়ান্তভাবে উপস্থাপন করতে যাচ্ছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। নতুন পরিকল্পনা অনুযায়ী শরণার্থীরা যুক্তরাজ্যে সাময়িকভাবে থাকতে পারবেন। তাদের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে, তাদের ফিরে যেতে হবে। বর্তমান নিয়মে শরণার্থী অবস্থায় পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকা যায়। পরে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর)-এর জন্য আবেদন করতে হয়। নতুন নীতি অনুযায়ী প্রাথমিক সময়কাল ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে। এরপর নিয়মিত পুনর্মূল্যায়ন হবে। আর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সময়কাল ৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করা হয়েছে। শাবানা মাহমুদের মতে এই সংস্কার অবৈধ অভিবাসী হিসেবে দেশটিতে আসতে মানুষকে নিরুৎসাহিত করবে। তিনি বলেন, অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে। সরকারের কাজ দেশকে একত্রিত করা। এদিকে, নতুন নীতিকে রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন ‘কঠোর ও অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ নীতি নির্যাতনের শিকার ও নৃশংস যুদ্ধে পরিবার হারানো মানুষদের আসা বন্ধ করতে পারবে না। যুক্তরাজ্যের নীতিটি ডেনমার্কের অভিবাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে। ডেনমার্ক শরণার্থীদের দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেয়। মেয়াদ শেষ হলে ফের আশ্রয়ের জন্য আবেদন করতে হয়।
ঝড়ের তাণ্ডবে পর্তুগালে ৩ মৃত্যু, ইংল্যান্ডে বন্যা

ঝড়ের তাণ্ডবে পর্তুগালে ৩ মৃত্যু, ইংল্যান্ডে বন্যা বিধ্বংসী ঝড় ক্লাদিয়া কয়েক দিন ধরে পর্তুগাল, স্পেন ও ব্রিটেনে তাণ্ডব চালাচ্ছে। তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই ঝড় শনিবারের মধ্যে ব্রিটেন ও আয়ারল্যান্ডের কিছু অংশে পৌঁছে গেছে। যার প্রভাবে পর্তুগালে ৩ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসের অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা বৃহস্পতিবার পর্তুগালের লিসবনের ফেরনাও ফেরো এলাকায় পানিতে ডুবে যাওয়া একটি বাড়ি থেকে বয়স্ক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা রাতে পানি বাড়তে থাকায় বাড়ি থেকে বের হতে পারেননি। আঞ্চলিক সিভিল প্রোটেকশন কমান্ডার ভিতর ভাজ পিন্টো জানান, পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর আলবুফেইরায় ঝড়টির আঘাতে একটি ক্যাম্পিং এলাকায় বেশকিছু ক্যারাভান ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ৮৫ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিহত হয়েছেন। শহরটির একটি হোটেলে অবস্থান করা ২৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিকে, শনিবার ব্রিটেনে তীব্র বন্যা দক্ষিণ-পূর্ব ওয়েলসের মোনমাউথ শহর ও আশপাশের এলাকাগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে। সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, তারা উদ্ধার অভিযান, বাসিন্দা সরিয়ে নেওয়া ও বিভিন্ন এলাকায় পরিদর্শন কাজ চালিয়ে যাচ্ছেন। ওয়েলশ সরকারের একজন মুখপাত্র বলেন, টানা বৃষ্টি ও নদীর পানি ওয়েলসের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা সৃষ্টি করেছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপে ক্লাদিয়ার মতো ঝড়গুলো পশ্চিম থেকে পূর্বে বয়ে গিয়ে ভারী বৃষ্টি, দমকা বাতাস ও প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে। এটি ঠাণ্ডা ও মৃদু বায়ুর সংঘর্ষ থেকে শক্তি সংগ্রহ করে।