২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ নিতে যাওয়া ৪২টি দল ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে আর মাত্র ছয়টি দল। ফুটবলের এই মহাযজ্ঞে লড়বে ৪৮টি দল। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ অতীতের সব আসরের চেয়ে দীর্ঘতম হবে। ৩৯ দিন ধরে চলবে এই বৈশ্বিক আয়োজন। নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের বেশ কিছু শক্তিশালী দল নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেনের মতো বড় দলগুলো। এর পাশাপাশি ফুটবলের মানচিত্রে এতদিন অপেক্ষাকৃত ছোট দেশ হিসেবে পরিচিত কিছু দলও বিশ্বকাপের টিকিট কেটেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুদ্র রাষ্ট্র কুরাকাও মঙ্গলবার জামাইকার বিপক্ষে ০-০ গোলে ড্র করে চার দলের গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। জনসংখ্যার দিক থেকে কুরাকাও হলো বিশ্বকাপের ইতিহাসে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট দেশ। তাদের সাথে এই অঞ্চল থেকে আরও বিশ্বকাপ নিশ্চিত করেছে পানামা ও হাইতি। অন্যদিকে, ২৮ বছর পর ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরছে স্কটল্যান্ড। বাকি ছয়টি স্থানের জন্য আন্তঃমহাদেশীয় এবং উয়েফা প্লে-অফ খেলা হবে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইউরোপীয় বাছাইপর্ব চলবে, যেখানে ১৬টি দল চারটি স্থানের জন্য নকআউট লড়াইয়ে নামবে। অন্যদিকে, ফিফার আন্তঃমহাদেশীয় প্লে-অফে ছয়টি মহাদেশীয় অঞ্চলের সেরা দলগুলো বাকি দুটি স্থানের জন্য লড়বে, যার সমাপ্তি হবে ২০২৬ সালের ৩১ মার্চ। সব দলের নাম নিশ্চিত হওয়ার আগেই আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এই জমকালো ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৪৮টি দলকে নিয়ে এবার বিশ্বকাপে নতুন ফরম্যাট চালু হচ্ছে। দলগুলোকে ১২টি চার দলের গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থান অর্জনকারী সেরা আটটি দল রাউন্ড অফ ৩২-এ প্রবেশ করবে, যা আগের আসরের তুলনায় একটি অতিরিক্ত নকআউট পর্ব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হবে। যুক্তরাষ্ট্র ১১টি শহরে, কানাডা ২টি শহরে ১৩টি ম্যাচ এবং মেক্সিকো ৩টি শহরে ১৩টি ম্যাচ আয়োজন করবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল, তারা এবারও অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। আবহাওয়ার প্রভাব এড়াতে আরলিংটন, আটলান্টা এবং হিউস্টনের মতো কিছু স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হতে পারে, কারণ অতীতে এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় ফুটবলারদের অসুবিধা হতে দেখা গেছে।

আইরিশদের ৫ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

আইরিশদের ৫ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে দিন শেষে আইরিশদের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে মাত্র ৯৮। তারা এখনও পিছিয়ে আছে ৩৭৮ রানে। দিনের শুরুতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস ৪৭৬ রানে শেষ করে। ব্যাটিংবান্ধব উইকেটে টাইগাররা ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে। মুশফিকুর রহিম শততম টেস্টে পেয়েছেন শতকের দেখা। লিটন দাসও হাঁকিয়েছেন সেঞ্চুরি। মুমিনুল হক পেয়েছেন ফিফটির দেখা। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। তৃতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের প্রধান লক্ষ্য হবে ফলো-অন এড়ানো। এর জন্য এখনো তাদের সামনে প্রয়োজন বিশাল সংগ্রহ। হাতে বাকি মাত্র ৫ উইকেট। অন্যদিকে, বাংলাদেশ চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে আরও বড় লিড নিয়ে চালকের আসনেই থাকতে।

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। গতকাল এই গেজেট জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপনের জন্য আগের আইনের বিধান অপ্রতুল। মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন ও প্রতিস্থাপন সহজীকরণ, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার রোধ ও অবৈধ পাচার রোধ করতে আগের আইন রহিত করে একটি যুগোপযোগী অধ্যাদেশ প্রণয়ন করা সমীচীন। সেজন্য সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। নতুন এই অধ্যাদেশের ফলে অঙ্গ প্রতিস্থাপনটা খুব সহজ হবে। আগে যেমন ছিল অঙ্গ প্রতিস্থাপনের জন্য খুবই কাছের যেমন ভাই, বোন, বাবা-মা থেকে নিতে পারতেন, এখন এটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে। অঙ্গ দান করার ক্ষেত্রে পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে ভাতিজা, ভাগিনা যুক্ত করা হয়েছে। তারাও অঙ্গদান করতে পারবে না। এর ফলে বাংলাদেশের অনেককেই এখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য আর বিদেশে যাওয়া লাগবে না। বাংলাদেশের হাসপাতালগুলোও এই সার্ভিস দিতে পারবেন। এর আগে ১৭ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫৩। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৮৫ হাজার ২৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার আমন সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, তাই আগেভাগেই সংগ্রহ শেষ করা হবে। আজ সচিবালয়ে আমন সংগ্রহ অভিযান নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। ধান ও চালের মধ্যে আগে সংগ্রহের ক্ষেত্রে আনুপাতিক হারে ব্যবধান থাকতো। এবার তা হবে না, যা কৃষকদের উৎসাহিত করছে। ৩৯ টাকা কেজিতে ধান, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হবে। সংগ্রহের ডেডলাইন আগামী ফেব্রুয়ারি। কিন্তু, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ায় এর আগেই প্রায় সবটা সংগ্রহ করা হবে। তিনি বলেন, ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের মিনিমাম টার্গেট নির্ধারণ করা হয়েছে। সব কিছু হিসাব করে ধান উৎপাদনে কিছু পরিমাণ ঘাটতি থাকে, যার কারণে আমাদের আমদানি করতে হয়। তিনি আরও বলেন, ৫০ লাখ পরিবার থেকে ৫৫ লাখ পরিবারের কাছে ১৫ টাকা কেজি দরে চাল দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়েছে সরকার। ৫ মাস দেয়া হত আগে, এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে, তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

গোমস্তাপুরে তরুনী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে তরুনী গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুরে এক তরুনী গৃহবধুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালিয়া ইউনিযনের ২ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মো.সুমন ওরফে শাকিলের স্ত্রী ও একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জোছনা আরা মিম । তবে ঘটনার পর থেকে সুমনের স্বামী সুমন পলাতক রয়েছেন। মিম এক বছর বয়সী এক শিশুপুত্রের জননী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ছাদের বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় মিম। এ সময় তাঁর স্বামী ও শ্মশুড়ি বাড়িতেই ছিলেন। তবে তাঁরা ঘটনা পরে টের পান। ঘটনা টের পেয়ে তাঁরা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মিমের মরদেহ নামায়। খবর পেয়ে পুলিশ ব্কিালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ সময় পুলিশ মিমের স্বামী সুমনকে বাড়িতে পায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মিম আত্মহত্যা করে থাকতে পারেন। স্বামীর সাথে তাঁর পূর্ব থেকেই দাম্পত্য কলহ ছিল বলে জানা গেছে। এদিকে মিমের পরিবার মিমের মৃত্যুর জন্য তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগ করেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ-ওসি ফরিদ আহমেদ বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ।

চাঁপাইনবাবগঞ্জে কবি, সঙ্গীত পরিচালক, গণসঙ্গীতকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ‘সতত সলিল’ অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে কবি, সঙ্গীত পরিচালক, গণসঙ্গীতকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ‘সতত সলিল’ অনুষ্ঠান জনপ্রিয় গান ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,আর কতকাল তুমি রবে দিশেহারা’ পরিবেশনের মধ্য দিয়ে, চাঁপাইনবাবগঞ্জে কিংবদন্তির কবি, সঙ্গীত পরিচালক ও গণসঙ্গীতকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ‘সতত সলিল’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সলিলের সৃষ্টি ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইসরাইল সেন্টু, উদীচী জেলা সংসদ সহ-সভাপতি আমীরুল মোমেনিন জীবন, সাধারণ সম্পাদক গোলাম মওলা, সদস্য আবুল হাসান,রবীন্দ্র সঙ্গীত শিল্পী নিয়াজ আহমেদ কমল সহ উদীচী সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ। আলোচকরা বলেন, সলিল আধুনিক বাংলা গানের একজন স্মরণীয় সুরশ্রষ্টা ও গণসঙ্গীত প্রনেতা। তিনি ছিলেন একাধারে গীতিকার,সুরকার ও গল্পকার। বিভিন্ন বাদ্যযন্ত্রেও তিনি পারদর্শী ছিলেন। কবিতার জন্যও তিনি প্রশংসিত। চলচিত্র শিল্পেও তিনি অবদান রেখেছেন। একাধিক ভাষায় তাঁর সৃষ্টি জনপ্রিয় হয়েছে। বাংলা সঙ্গীতের বিখ্যাত শিল্পীরা তাঁর ‘আজ নয় গুন গুন, গুঞ্জন প্রেমের’, ‘আয় বৃর্ষ্টি ঝেঁপে,ধান দিব মেপে’, ‘ধিতাং ধিতাং বোলে’ ইত্যাুিদ বহুমাত্রিকতার,প্রকৃতি ও সমসাময়িকতা নিয়ে তৈরী অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর কাজ কখনও হারিয়ে যাবার নয়। সভা শেষে সলিলের একক গান, গণসঙ্গীত গেয়ে শোনান ও কবিতা আবৃত্তি করেন উদীচীর শিল্পী এবং অতিথিরা।

আগামীকাল মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আগামীকাল মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগামীকাল নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুতে নিউইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর দুই রাজনীতিকের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে নিজের পুরনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’ এদিকে, নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রীতি অনুসারে নবনির্বাচিত মেয়র জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিউইয়র্কবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে তার পক্ষে ভোট দিয়েছিলেন, তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করছেন।’

গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে তারা ৪০ হাজারেরও বেশি শিশুকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সহযোগীরা ইতোমধ্যে ৯ নভেম্বর শুরু হওয়া প্রথম ধাপের আট দিনে তিন বছরের কম বয়সী ১০ হাজার শিশুকে টিকা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, প্রথম ধাপের কর্মসূচি শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, যক্ষ্মা, পোলিও, রোটাভাইরাস ও নিউমোনিয়ার বিরুদ্ধে শিশুদের সুরক্ষা দেওয়া হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপ পরিচালিত হবে। এ কার্যক্রমে অংশ নিচ্ছে ইউনিসেফ, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। টেড্রোস বলেন, ‘যুদ্ধবিরতি অব্যাহত থাকায় আমরা উৎসাহিত। এতে গাজায় জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করা, প্রয়োজনীয় সরঞ্জাম পুনঃসংস্থান এবং বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমেই গত ১০ অক্টোবর গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার জেরে দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ফিলিস্তিনি এই ভূখণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে বর্তমান যুদ্ধবিরতির মধ্যেও সেখানে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২২১ জন ইসরায়েলি নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরায়েলি সেনাদের পাল্টা অভিযানে এখন পর্যন্ত ৬৯ হাজার ৫০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ সংখ্যাকে নির্ভরযোগ্য বলে মনে করে। মন্ত্রণালয় জানায়, নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলের আবাসিক এলকায় এক রাতে নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও ৭৭ জন। নিহতদের মধ্যে ৩ জন এবং আহতদের মধ্যে ১৫ জন শিশু আছে। গত মঙ্গলবার রাতে তেরনোপিলে হামলা চালায় রুশ বাহিনী। এই শহরটি পোল্যান্ডের সীমান্তবর্তী। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবার রাতে তেরনোপিল, লভিভ এবং খারকিভ শহরে ৪৮৩টি ড্রোন এবং ৪৮টি বিভিন্ন পাল্লারি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা প্রায় ৪৪২ ও ৪২টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পারলেও বাকি ড্রোন-ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। এই ছয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে হতাহতের এসব ঘটনা। যে তিন জন শিশু নিহত হয়েছে, তাদের বয়স যথাক্রমে ৫, ৭ এবং ১৬ বছর। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ২৫ জনের মধ্যে ১৯ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এ ১৯ জনের মধ্যে তিন শিশুও রয়েছে। হামলার পর ইউক্রেনের জাতীয় জরুরি অবস্থা পরিষেবা বাহিনীর ৪৫টি ইউনিটের ১৬০ জন সদস্য তেরনোপিলের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন। বাহিনীর সদস্যরা জানিয়েছেন তাদের উদ্ধার তৎপরতা চলছে এবং গতকাল তারা বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের নিহত ও আহতকে উদ্ধার করতে পেরেছেন। তেরনোপিলে হামলার প্রতিক্রিয়ায় গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনের বেসামরিক লোকজনের ওপর রুশ বাহিনীর প্রতিটি নির্লজ্জ আক্রমণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ কোনো কাজ করছে না।”