মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় সম্মানিত ভোটারগণ সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত- উল্লিখিত দেশগুলোতে ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত ভোটারদের নিকট ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শীঘ্রই অবহিত করা হবে।’ উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন সাড়ে ৫১ হাজারের বেশি প্রবাসী। আজ সকালে ইসির ওয়েব সাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র প্রভৃতি। মোট নিবন্ধন করেছেন আজ সকাল ১০টা পর্যন্ত ৫১ হাজার ৭২২ প্রবাসী। এছাড়া বাংলাদেশে বসবাসরত ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
সারাদেশে একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

সারাদেশে একযোগে ১৫৮ ইউএনওকে বদলি দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। গতকাল রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর/ কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, গতকাল সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। তার আগে দুপুরে একযোগে ৬৪ জেলার এসপি পরিবর্তন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক সজল আর নেই

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক সজল আর নেই সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে ঢাকার মগবাজারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। সজলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে। সজলের সহকর্মীরা জানান, সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে নিকটস্থ একটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সজল। সেখান থেকে অফিসে এসে দুপুরের খাবার খান। এরপর মগবাজারের বাসায় ফিরে যান। তবে চারতলার ফ্ল্যাটের গেট খুললেও ভেতরে প্রবেশ করতে পারেননি। প্রতিবেশীরা তাকে সিঁড়িতেই পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন, কিন্তু সজল আর ফেরেননি। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই থাকতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সজলের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। মাজহারুল ইসলাম সজল লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রহনপুরে থাকতে প্রথমে সাপ্তাহিক গৌড় সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। পরে সময় টিভিতে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির জেলা প্রতিনিধি হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও কাজ করেন। মাজহারুল ইসলাম সজলের মৃত্যুতে রেডিও মহানন্দা পরিবারসহ আরো অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে কমেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতালে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৩৯ জন।
গোমস্তাপুরে বিষপানে স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা

গোমস্তাপুরে বিষপানে স্বামী পরিত্যক্ত নারীর আত্মহত্যা গোমস্তাপুরে বিষপান করে স্বামী পরিত্যক্ত এক নারী আত্মহত্যা করেছে। আজ সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নারী ওই গ্রামের মামুন অর রশিদের মেয়ে মিম নামে। মা-বাবার সঙ্গে মনোমালিন্য কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই এলাকার ইউপি সদস্য সালেক সর্দার বলেন, মেয়েটির পিতা-মাতার সাথে মনোমালিন্যের কারণে বেলা ১০ টার দিকে বাবার বাড়িতে ওই নারী বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথে নাচোল উপজেলা এসে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ – ওসি ফরিদ উদ্দিন জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদেরকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’ গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে, ৮টি ভারতীয় গরু এবং ৫ হাজার পিস ভারতীয় নেশার ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ৮টি ভারতীয় গরু এবং ৪ হাজার ৯৬০পিস নেশাজাতীয় টেনসিউইন নামক ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি বলে জানায় বিজিবি। পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানানো হয়, আজ ভোরে সদরের সূর্যনারায়ানপুর এলাকায় জহুরপুরটেক ও জহুরপুর বিওপি এবং শিবগঞ্জের মনোহরপুর বিওপির ৩টি বিশেষ টহলদল ৮টি গরু জব্দ করে। এর মধ্যে জহুরপুরটেক বিওপি ৪টি এবং জহুরপুর ও মনোহরপুর বিওপি ২টি করে গরু জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু বাংলাদেশে এনে পদ্মা নদীতে ভাসিয়ে ও অনান্য স্থানে লুকিয়ে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গরুগুলো জব্দ করা হয় এবং তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়। অন্যদিকে, সকাল ৭ টায় শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযানকালে এক চোরকারবারীকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। এতে ওই চোরকারবারি তাঁর হতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তা তল্লাশী করে এর ভেতরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ভারতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। এর মূল্যে প্রায় ১০ লক্ষ টাকা। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ট্যাবলেটগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে।
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে টয়লেটের চাবি ও উপকরণ বিতরণ গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্যানিটেশন সুবিধা আওতায় উপকারভোগীদের মধ্যে সেমি পাকা টয়লেটের চাবি ও ব্যবহৃত উপকরণ বিতরন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এইগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৫টি উপকারভোগী পরিবারের মধ্যে চাবিসহ টয়লেটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ। অনুষ্ঠানে উপকারভোগী রওশনি বালা, ফুলন দেবী, প্রমিলা রানী বলেন বিগত দিনে তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতেন। এতে করে জমির মালিক বকাবকি করতেন। এছাড়াও তারা দিনের বেলা মলত্যাগ করতে লজ্জা পেতাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও অগ্রদূত বাংলাদেশ তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমি পাকা টয়লেট তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এছাড়া তারা আরোও বলেন পরিষ্কার-পরিচ্ছন্নভাবে টয়লেট ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে শিশুসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে শিশুসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের উদ্যোগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, দ্বিতীয় দিনে মুফতি হানিফ, আবদুল কাদের, এবং তৃতীয় দিনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এসএসবিসির প্রজেক্ট ম্যানেজার উত্তম মন্ডল। সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তোহরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মানপুর প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। প্রশিক্ষণে শিশুর নিরাপত্তা, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ আইন, এবং ধর্মীয় নেতারা কীভাবে সচেতনতা গড়ে তুলতে পারেন—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় প্রশিক্ষণার্থীরা নিজেদের এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।