ঢাকা ও আশপাশের এলাকায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা ও আশপাশের এলাকায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকাল সোয়া ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে। এর গভীরতা ১০ কিলোমিটার। এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবহাওয়া অফিস সে সময় জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। সবচেয়ে বেশি-পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

বিলুপ্তির মুখে বিরল প্রাণী লেমুর, গোপনে খেয়ে ফেলা হচ্ছে

বিলুপ্তির মুখে বিরল প্রাণী লেমুর, গোপনে খেয়ে ফেলা হচ্ছে মাদাগাস্কারের জঙ্গলে লেমুর নামের ছোট প্রাইমেট প্রাণী বহুদিন ধরেই বিপদের মুখে। কিন্তু নতুন গবেষণা আরও ভয়াবহ তথ্য সামনে এনেছে। লেমুর শুধু বনভূমি ধ্বংস বা অবৈধ শিকারের কারণে নয়, ধীরে ধীরে মানুষের পাতে ‘গোপনে’ হারিয়ে যাচ্ছে। গবেষকদের ভাষায়, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে লেমুর হয়তো খেয়ে-খেয়েই বিলুপ্ত হয়ে যাবে। চার বছর ধরে (২০২২–২০২৫) পরিচালিত এই গবেষণায় প্রথমবারের মতো মাদাগাস্কারের লুকানো ‘লেমুর মাংস বাণিজ্য’-এর আসল চিত্র উঠে এসেছে। ১৭টি শহরের ২,৬০০ মানুষের সঙ্গে কথা বলে গবেষকেরা দেখেছেন—বছরে প্রায় ১৩ হাজার লেমুর শিকার ও খাওয়া হয়। যেসব শহরে জরিপ হয়েছে, তার এক-তৃতীয়াংশে নিয়মিত লেমুর মাংস খাওয়ার সংস্কৃতি রয়েছে। গবেষণা বলছে, মোট বেচাকেনার প্রায় ৯৪.৫ শতাংশই হয় গোপনে—শিকারি, সরবরাহকারী ও নির্দিষ্ট ক্রেতাদের মধ্যে। মাত্র ৫.৫ শতাংশ বিক্রি হয় কিছু রেস্টুরেন্টে। এসব রেস্টুরেন্ট সাধারণত দামি, কারণ এ মাংস ধনী ক্রেতাদের কাছে ‘দুর্লভ খাবার’ হিসেবে জনপ্রিয়। কেউ কেউ বিশ্বাস করেন লেমুর মাংসে বিশেষ স্বাদ আছে এবং এটি স্বাস্থ্যের জন্যও ‘উপকারী’। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সবচেয়ে বেশি শিকার হওয়া প্রজাতি হলো ব্রাউন লেমুর ও রাফড লেমুর। আন্তর্জাতিক প্রকৃতি ও সংরক্ষণ সংঘ ( আইইউসিএন) জানিয়েছে, লেমুরের ১১২টি প্রজাতির মধ্যে ৯০ শতাংশই বিলুপ্তির ঝুঁকিতে। গবেষকেরা সতর্ক করে বলেন, প্রচলিত সংরক্ষণ পদ্ধতি এই সংকট মোকাবিলায় যথেষ্ট নয়। তাদের মতে, লেমুর রক্ষা করতে হলে শক্তভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগ, লেমুর মাংস খাওয়ার স্বাস্থঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিকারিদের বিকল্প আয়সূত্র তৈরি করতে হবে। গবেষকদের সতর্কবার্তা, ডেটা-ভিত্তিক (তথ্যনির্ভর) সমাধান ছাড়া পৃথিবীর সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লেমুর খুব দ্রুত হারিয়ে যাবে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপ্পের

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা। গতকাল স্বাগতিক অলিম্পিয়াকস ম্যাচের মাত্র ৮ মিনিটেই চমকে দিয়ে লিড নিয়ে নেয়। পিছিয়ে পড়া রিয়ালের জন্য এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। মাত্র ৭ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদায় করে নেন হ্যাটট্রিক। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে। অলিম্পিয়াকসে বিপক্ষে হ্যাটট্রিক করতে এমবাপের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাত্র ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন মোহাম্মদ সালাহ। অলিম্পিয়াকসে বিপক্ষে ম্যাচে ৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকস। তবে ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে এবং জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। এই গোলে সহায়ক ছিলেন ভিনিসিউস।এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।

বিপিএল নিলামে যেসব বিদেশি ক্রিকেটার রয়েছেন

বিপিএল নিলামে যেসব বিদেশি ক্রিকেটার রয়েছেন কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। কয়েক মৌসুম পর ফের আয়োজিত এই নিলামে অংশ নিতে প্রথমে নিবন্ধন করেছিলেন ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার; যাচাই-বাছাই শেষে ২৫০ জনকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার এসেছে শ্রীলঙ্কা থেকে- মোট ৫০ জন। পাকিস্তান থেকে অংশ নিচ্ছেন ৪৫ জন খেলোয়াড়। ভারতের মাত্র ৩ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিয়েছেন, আর আয়ারল্যান্ডের রয়েছে ৬ প্রতিনিধি। আফগানিস্তানের ক্রিকেটারের সংখ্যা ১৮। সবশেষে, যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ ৫৪ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। একই সময়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও এসএ টোয়েন্টি টুর্নামেন্ট থাকায় ফ্র্যাঞ্চাইজিদের এমন সুযোগ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যার ফলে কয়েক ম্যাচের জন্য বিদেশি তারকাদের আনতে পারবে দলগুলো। বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার। বিপিএল নিলামে বিভিন্ন ক্যাটাগরিতে তারকা ও প্রতিষ্ঠিত ক্রিকেটার যারা আছেন- ক্যাটাগরি এ- জনসন চার্লস, কেসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেক্স, আব্দুল সামাদ, জামান খান, মোহাম্মদ হাসনাইন, উসামা মির, শোয়েব মালিক, অভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, মাথিশা পথিরানা, চারিথ আসালাঙ্কা, জর্জ ডাকরেল, বাস ডি লিড, ওয়েইন পার্নেল, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, লাহিরু কুমারা। ক্যাটাগরি বি- সন্দীপ লামিচানে, আসিফ আলী, রিচার্ড এনগারাভা, ওশেন থমাস, হ্যারি টেক্টর, আলি খান, হাশমতুল্লাহ শাহিদি, রবি বোপারা, সাউথ শাকিল, ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান। ক্যাটাগরি সি- আলি রেজা, হায়দার আলী, শন উইলিয়ামস, টেরেন্স হিন্ডস, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাওয়েরা, অ্যাশেন বান্দারা, জশ লিটল, জুবায়ের হামজা, ডেন প্যাটারসন, রায়ান বার্ল, পল স্টার্লিং ও কারিমা গোর। ক্যাটাগরি ডি- মেহরান মুমতাজ, উসমান কাদির, ব্রায়ান বেনেট, দীপেন্দ্র সিং আইরে, শেভন ড্যানিয়েল, বাসিল হামিদ, কলাম পার্কিনসন, সালিম শাফি, ব্র্যাড ইভান্স, মার্ক ওয়াট ও জ্যাক হেইন্স। ক্যাটাগরি ই- সাঙ্গিথ কোরায়, থানুকা দাবারে, জশুয়া বিশপ, কাদিম অ্যালেন, কেমানি মেলিয়াস, র‍্যান্সফোর্ড বিটন, আশমীদ নেড, আসদ রাজা, তৈয়ব আব্বাস, মুহাম্মদ জিশান, রুম্মান রইস, খলিল গুরবাজ ও বাকার ইব্রাহিমজাই।

বন্যার মধ্যেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বন্যার মধ্যেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত বন্যার মধ্যেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে দেশটির সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আচেহ প্রদেশ। আর এর গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর কাছে অবস্থিত ইন্দোনেশিয়া। দেশটিতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উদগীরণ অনেকটা সাধারণ ঘটনা। এদিকে, টানা ভারি বর্ষণে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, এখনও কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ধসের ধ্বংসাবশেষে সড়ক বন্ধ থাকায় প্রায় ৮ হাজার মানুষকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ত্রাণ ও সরঞ্জাম হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার একটি বিরল ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুমাত্রা দ্বীপ অতিক্রম করেছে। এর ফলে মালাক্কা প্রণালী পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দেয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা-ভূমিধসের সৃষ্টি হয়। সংস্থাটি আরও জানিয়েছে, চলমান চরম আবহাওয়ার কারণে আগামী দু’দিন আচেহ ও রিয়াউসহ সুমাত্রার আরও কয়েকটি প্রদেশে নতুন বন্যার ঝুঁকি রয়েছে।

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল দুপুরে হোয়াইট হাউস থেকে এক ব্লক পরে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ দু’জনের অবস্থাই গুরুতর। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির। ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে ‘পরিকল্পিত গুলি’র ঘটনা বলে অভিহিত করেছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে। গুলির ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪; নিখোঁজ ২৭৯

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪; নিখোঁজ ২৭৯ হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন মানুষ। গতকাল ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে। হংকং কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, এই আগুনে মোট ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন হাসপাতালে মারা যান। এছাড়া, উদ্ধার হওয়া আরও ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন। আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সমং ধরে আগুন জ্বলছে। এ আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক। সেখানকার পুলিশ বলছে, ভবটিতে আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি। আজ সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, রাতের অন্ধকার তাদের উদ্ধার অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দমকলকর্মীরা এখনও দুটি ভবনে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। ভবনগুলোয় মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এসব অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন। আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের আবারো অনির্দিষ্টকালের কর্মবিরতি

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের আবারো অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আজ থেকে আবারও পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এবার তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ফলে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মাসে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরুর কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। আজ থেকেই পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি। আর শিক্ষার্থী সংখ্যা প্রায় এক কোটি।

দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা জারি

দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা জারি নিম্নচাপের কারণে সব সমুদ্রবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। আজ এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.২° উত্তর অক্ষাংশ এবং ৮২.৪° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৬০ কিলোমিটার (কি.মি) দক্ষিণপশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি

পুলিশের ১৩৬ পরিদর্শকের বদলি বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আজ বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।