পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আলাদা তিনটি আপিল শুনানির জন্য আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে আপিল শুরু হয়। তিনটি শুনানির জন্য আজ কার্যতালিকায় এক, দুই ও তিন নম্বর ক্রমিকে ছিল এটি। এর আগে হাইকোর্ট আলাদা দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিল করেছেন, যা কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে।
পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৬৭২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৬৭২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৮৩ জন পুরুষ ভোটার এবং ১৬ হাজার ৫৮৯ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৪২০ জন, সৌদি আরবে ১৩ হাজার ১৪ জন দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৯৭ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩ জন, কানাডায় ৮ হাজার ৭৬৮ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৫৫৩ জন, যুক্তরাজ্যে ৭ হাজার ৫৫১ জন, জাপানে ৬ হাজার ৮১০জন, ইতালিতে ৫ হাজার ৩৬৯ জন এবং মালয়েশিয়ায় ৫ হাজার ২৭ জন। এদিকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, ১৮ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা। ওই সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ২৫ ডিসেম্বর পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।
৩৮ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

৩৮ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৫.৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এ দর ঘোষণা করা হয়, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।
গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ২ মাদকসেবীর কারাদন্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ২ মাদকসেবীর কারাদন্ড গোমস্তাপুর উপজেলায় দুই মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন গোমস্তাপুরের রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকার মৃত ফায়েজ উদ্দিনের ছেলে রাহিম ও হঠাৎপাড়ার শ্রী জার্মানীর ছেলে শ্রী বিরাম ৪৬। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল বিকাল পৌনে ৫টার দিকে জেলার কূখ্যাত মাদকস্পট রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবনের সময় ১৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার হন রাহিম ও বিমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও জাকির মুন্সী উভয়কে মাদকসেবনের দায়ে ৩ মাস কওে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিচালক ইমরুল হাসান।
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ এ এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা, দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮কি. মি. পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।
এইচএসসির বাংলা সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির বাংলা সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বিদ্যমান পাঠ্যসূচি বহাল থাকবে। এতে নতুন কোনো পাঠ্যসূচি যুক্ত করা হয়নি। এ ছাড়া নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকাশিত স্মারকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্য প্রযোজ্য হবে। স্মারকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। রাজউক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকারগুলো সেসবের ফল পাবে।
টেস্ট সিরিজের ১ম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজের ১ম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাদা পোশাকে রঙিন পারফরম্যান্সের পর এবার টাইগারদের সামনে সাদা বলের চ্যালেঞ্জ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। আজ চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাদা পোশাকে রঙিন পারফরম্যান্সের পর এবার টাইগারদের সামনে সাদা বলের চ্যালেঞ্জ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। আজ চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বাংলাদেশের ওপেনিংয়ে যথারীতি তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে দেখা যাবে। তিন নম্বরে লিটন দাস, চার নম্বরে দেখা যেতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনকে। পাঁচে জাকের আলি অনিককে খেলানো হতে পারে। স্পিন নির্ভর একাদশ গড়তে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদ, রিশাদ হোসেনকে। দুই দলের সম্ভাব্য একাদশ : বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ড : পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, ক্রেইগ ইয়ং।
চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার

চিকিৎসকের নিষেধ সত্ত্বেও চোট নিয়ে অনুশীলনে নেইমার সামনেই বিশ্বকাপের মতো বড় আসর। এর মধ্যেই নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থলে) ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। যে কারণে তাকে অনুশীলনের সময় ধারাবাহিক ব্যথা ও অস্বস্তিতে থাকতে হচ্ছে। এই সমস্যা কাটাতে নেইমারকে সার্জারি করা হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ। এছাড়া, এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা। কিন্তু তা অমান্য করেই অনুশীলনে হাজির নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, চিকিৎসক, সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত স্টাফদের কাছ থেকে খেলা বন্ধ রাখার পরামর্শ পেয়েছেন নেইমার। একইসঙ্গে তারা মেনিস্কাস অঞ্চলের চোট দ্রুততম সময়ে সারাতে অ্যান্থ্রোস্কপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করারও নির্দেশনা দেন। সার্জারি করলে ২০২৫ সালে আর খেলা হবে না সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডের। বর্তমানে ব্রাজিলিয়ান লিগ সেরি এ’তে রেলিগেশনের ঝুঁকিতে থাকা সান্তোসের আরও তিন ম্যাচ বাকি। নেইমারের সেসব ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা প্রবল। শুক্রবার স্পোর্ট রেসিফে’র বিপক্ষে ম্যাচ আছে ক্লাবটির। ম্যাচটিতে খেলতে চান নেইমার। সেই লক্ষ্যে আজ ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন নেইমার। সান্তোসের জন্য শেষ ৩টি ম্যাচ গুরুত্বপূর্ণ, এই বাধা টপকাতে না পারলে তারা অবনমন হয়ে দ্বিতীয় স্তরের লিগ সেরি বি’তে নেমে যাবে। আর তাই চোট আরও বড় আকার ধারণ করার ঝুঁকি থাকা সত্ত্বেও খেলতে চান নেইমার। এর আগে বুধবার নেইমারের পায়ে কিছু পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছিলেন সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা। তারকা ফুটবলারের হাঁটুর অবস্থা জানতে এই পরীক্ষা নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে এরই মাঝে বাঁ পায়ের হাঁটুতে সুরক্ষা বন্ধনী পরে অনুশীলন করেন ৩৩ বছর বয়সী এই তারকা। যদিও গণমাধ্যমের প্রশ্ন এড়াতে নেইমার সতীর্থদের আগেই মাঠ ছেড়ে যান। বর্তমান পরিস্থিতিতে নেইমারের অ্যান্থ্রোস্কপি না করালে চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এই সার্জারি করালে চোট পুনর্বাসনে সময় লাগতে পারে এক মাসের মতো। এদিকে, ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়েছেন, নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকতে হলে পুরো ফিট থাকতে হবে। নতুন চোট তার বিশ্বকাপ স্কোয়াডে প্রবেশের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে। সবমিলিয়ে ২০২৫ সালে মোট চারবার ইনজুরিতে পড়েছেন নেইমার। এর আগে জানুয়ারিতে তিনি সান্তোসে যোগ দেন। মার্চে বাঁ পায়ের ঊরুতে চোটের কারণে তিনি ঘরোয়া লিগ পোলিস্তায় সেমিফাইনাল ম্যাচ মিস করেন। এপ্রিলে আবারও একই পায়ের মাংসপেশির চোটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি। সেপ্টেম্বরে গ্রেড-২ চোট, এবার ডান পায়ের ঊরুতে এবং সর্বশেষ নভেম্বরে বাঁ পাঁয়ের হাঁটুতে। ইনজুরিতে এভাবে যাওয়া-আসার কারণে পুরো বছরে ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার, করেছেন ৭টি গোল। যা তার চুক্তির মেয়াদ বৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলছে!