হাসপাতালে মিয়ানমারের সরকারি বাহিনীর হামলায় নিহত ৩৪

হাসপাতালে মিয়ানমারের সরকারি বাহিনীর হামলায় নিহত ৩৪ হাসপাতালে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত। এতে আরও বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিসিবি। গতকাল রাতে দেশটির পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি হাসপাতালে এই হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে জান্তাবিরোধী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক বাহিনী জাতিগত সেনাবাহিনীগুলোর কাছ থেকে এলাকা পুনরুদ্ধার করার জন্য বিমান হামলা আরও জোরদার করেছে। তারা শত্রুদের উপর বোমা ফেলতে প্যারগ্লাইডারও ব্যবহার করছে। এই হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। তবে, টেলিগ্রামে সামরিক বাহিনীর সমর্থক অ্যাকাউন্টগুলো দাবি করেছে যে এই সপ্তাহের হামলাগুলো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়নি। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বিবিসিকে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই হাসপাতালের রোগী ছিলেন। তিনি বলেন, এটি বেসামরিক স্থান লক্ষ্য করে সন্ত্রাসী সামরিক বাহিনীর সর্বশেষ ঘৃণ্য হামলা। সামরিক বাহিনীকে বেসামরিক নাগরিকদের উপর বোমা বর্ষণের জন্য দায় নিতে হবে।
স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া

স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার আইনপ্রণেতারা স্কুলে ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের জন্য হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি আইন অনুমোদন করতে পারে। আজ একটি আইন অনুমোদন করতে পারেন অস্ট্রিয়ার আইনপ্রণেতারা। এই আইন বৈষম্যমূলক ও সামাজিক বিভাজন বাড়াতে পারে বলে মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তবে, রক্ষণশীল নেতৃত্বাধীন সরকারের দাবি, বাড়তে থাকা অভিবাসী বিরোধী চাপের প্রেক্ষাপটে, এই নিষেধাজ্ঞা মেয়েদের ‘অত্যাচার থেকে রক্ষা’ করার উদ্দেশ্যে প্রস্তাব করা হয়েছে। ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের একটি আইন অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে বাতিল করেছিল। তবে সরকার বলছে, এবার তাদের প্রস্তাবিত আইনের সাংবিধানিক ভিত্তি আরও শক্তিশালী। প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৪ বছরের নিচের মেয়েদের ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখা হিজাব, বোরকা পরে বা এ ধরনের যে কোনো পর্দা করে স্কুলে আসা নিষিদ্ধ করা হবে। এই বিল উপস্থাপনের সময় ইন্টিগ্রেশন মন্ত্রী ক্লাউডিয়া প্লাকোল্ম বলেন, ‘যখন একটি মেয়েকে বলা হয় সে পুরুষের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে শরীর ঢেকে রাখবে, তখন এটি কোনো ধর্মীয় আচার নয়, বরং নিপীড়ন।’ এই আইন পাস হলে, আগামী সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। ফেব্রুয়ারি থেকে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নতুন নিয়ম ব্যাখ্যা করার একটি ‘পরিচিতি পর্ব’ চালু করা হবে, যেখানে নিয়ম ভাঙলে কোন শাস্তি দেওয়া হবে না। তবে বারবার এই নিয়মকে অমান্য করলে, অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়া প্রস্তাবিত আইনকে ‘মুসলিম মেয়েদের বিরুদ্ধে প্রকাশ্য বৈষম্য’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি ‘ইসলামবিরোধী বর্ণবাদের প্রকাশ’। এই সংগঠনের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে পূর্বধারণা ও কুসংস্কারকে আরও উসকে দিতে পারে। অস্ট্রিয়ার মুসলিম সম্প্রদায়ের সরকারি প্রতিনিধিত্বকারী সংস্থা আইজিজিওই আইনটির বিরোধিতা করেছে। সংস্থাটি বলেছে, এই নিষেধাজ্ঞা ‘সামাজিক সংহতিকে বিপন্ন করবে’ এবং বাচ্চাদের ক্ষমতায়নের বদলে ‘তাদেরকে কলঙ্কিত ও বিচ্ছিন্ন করবে’। নারী অধিকার সংগঠন ‘আমাজোনে’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাঞ্জেলিকা অ্যাটসিঙ্গার বলেন, হিজাব নিষিদ্ধের উদ্যোগ মেয়েদের কাছে ভুল বার্তা পাঠাবে, যে অন্যরা তাদের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং সেটি গ্রহণযোগ্য। অ্যান্টি-রেসিজম সংগঠন ‘এসওএস মিটমেন্স’-এর জারি করা বিবৃতিতেও এই আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, আকস্মিক বন্যার সতর্কবার্তা

সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, আকস্মিক বন্যার সতর্কবার্তা সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চল ও উত্তর সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে। মরুপ্রধান সৌদিতে এ ধরনের ঝড়-বৃষ্টি সাধারণত বিরল। তবে গত দুই-তিন বছরে বেশ কয়েকবার ভারী বৃষ্টি ও ঝড়ের ঘটনা ঘটেছে। এনসিএম জানায়, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৌদির বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে। লোহিত সাগর উপকূলীয় দিক থেকে ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা। পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে। সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এনসিএম দেশটির নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, উপত্যকা বা নিচু এলাকায় যাতায়াত এড়িয়ে চলা এবং সব ধরনের সরকারি সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বুলগেরিয়া। দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বুধবার সন্ধ্যায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ। সংবাদমাধ্যমর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। রাজধানী সোফিয়া এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশটির আরও কয়েক ডজন শহরে সর্বশেষ বিক্ষোভের খবর পাওয়া গেছে। এমন এক সময় দেশটিতে এই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে যখন আগামী ১ জানুয়ারি থেকে বুলগেরিয়া ইউরোকে তাদের সরকারি মুদ্রা হিসেবে গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিক্ষোভকারীরা লেজার ব্যবহার করে কেন্দ্রীয় সোফিয়ায় অবস্থিত পার্লামেন্ট ভবনে ‘পদত্যাগ’, মাফিয়া আউট এবং সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন শব্দ প্রদর্শন করে। সোফিয়ার বাসিন্দা ৬৪ বছর বয়সী ডোবরি লাকভ বলেন, আমি মনে করি জনগণের শক্তি ধীরে ধীরে তাদের (সরকারকে) পদত্যাগ করতে বাধ্য করবে কারণ অনেক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, প্রথমত বিচার বিভাগীয় সংস্কার প্রয়োজন। যদি বিচার ব্যবস্থা ঠিক করা হয়, তাহলে বাকি সবকিছুই ঠিক হয়ে যাবে, একেবারে সবকিছুই। বুলগেরিয়ার সংসদ আজ প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভের সরকারের ওপর অনাস্থা ভোটের আয়োজন করবে। চলতি বছরের ১৫ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ষষ্ঠবারের মতো অনাস্থা ভোটের আয়োজন করা হচ্ছে। গত সপ্তাহে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে নেয়। বিরোধী দল এবং অন্যান্য সংগঠন জানিয়েছে যে, তারা উচ্চতর রাষ্ট্রীয় ব্যয়ের অর্থায়নের জন্য সামাজিক নিরাপত্তা অবদান এবং লভ্যাংশের ওপর কর বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাজেট পরিকল্পনার বিষয়ে সরকার পিছু হটার পরেও গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটিতে গভীর রাজনৈতিক ও সামাজিক বিভাজনের মধ্যে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইটি বিশেষজ্ঞ অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, অবশেষে বুলগেরিয়ায় স্বাভাবিকতা ফিরে আসার এবং আমাদের অভিজাততন্ত্র, মাফিয়া এবং তাদের প্রতিনিধিত্বকারী শক্তি থেকে নিজেদের মুক্ত করার সময় এসেছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় পৃথক সচিবালয়ের যাত্রা, পরবর্তী সরকারও ধারাবাহিকতা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য রেজিস্ট্রার ও কর্মকর্তারা। এর আগে, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। তার আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ

বিয়ে-তালাকের সব তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। তিনি গণমাধ্যমকে জানান, আদালত নির্দেশ দিয়েছেন বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডাটাবেজ সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়। তিনি আরও বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিবাহ লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা— এসব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও সুদৃঢ় হবে। এর আগে, ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিটটি করেন। একই বছরের ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা
মহান বিজয় দিবস উদযাপন ঘিরে নির্দেশনা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া, ১৬ ডিসেম্বর প্রত্যুষে ভিভিআইপি ও ভিআইপিরা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত, জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। আজ তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে ইসির চিঠি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন আজ এই চিঠি সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের ভেতর ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড। ভবনে ঢুকতে হচ্ছে তল্লাশি পেরিয়ে।নির্বাচন ভবনের মূল ফটক ও সংলগ্ন এলাকায় পুলিশের পাশাপাশি আনসার ও র্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে। আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ| আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। আগের দিন বুধবারও পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। দায়িত্বরত ডিএমপির এসআই (এডিসি) মাহবুবুল করিম বলেন, ‘‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচন ভবনে প্রবেশকারীদের পরিচয় যাচাইসহ প্রতিটি পয়েন্টে তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা।’’ দায়িত্বরত ডিএমপির ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ রহমতুল্লাহ জানান, নির্বাচন কমিশনের অনুষ্ঠান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের মোতায়েন বেড়েছে। ভবনের চারপাশে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায়

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার – সিইসি এ এম এম নাসির উদ্দীন। ভাষণটি আগেই রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জমা দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ইসির সব প্রস্তুতি চূড়ান্ত। সিইসি আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন।