এক টুনা মাছের দাম ৩৯ কোটি টাকা!

এক টুনা মাছের দাম ৩৯ কোটি টাকা! জাপানের রাজধানী টোকিওর তোয়োসু মাছবাজারে একটি বিশাল ব্লুফিন টুনা মাছ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বছরের প্রথম নিলামেই মাছটি রেকর্ড ৫১০ দশমিক ৩ মিলিয়ন ইয়েন বা ৩ দশমিক ২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকায় বিক্রি হয়। ২৪৩ কেজি ওজনের টুনা মাছটি কিনে নিয়েছে কিয়োমুরা করপোরেশন। জনপ্রিয় সুশি চেইন ‘সুশি জানমাই’-এর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের ব্যবসা জাপানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত। কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, “বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।” স্থানীয় বার্তা সংস্থা কিয়োডোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নববর্ষের এই বার্ষিক নিলামে কিমুরা নিয়মিত মুখ। ‘টুনা কিং’ নামে পরিচিত কিমুরা নববর্ষের নিলামে সর্বোচ্চ দামে ব্লুফিন টুনা কেনার জন্য সুপরিচিত। নিলাম শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ভেবেছিলাম একটু কম দামে কিনতে পারব, কিন্তু বুঝে ওঠার আগেই দাম হু হু করে বেড়ে গেল।” এর আগে ২০১২ সালে তিনি একটি ব্লুফিন টুনার জন্য ৫৬ দশমিক ৫ মিলিয়ন ইয়েন এবং ২০১৩ সালে ১৫৫ মিলিয়ন ইয়েন খরচ করে রেকর্ড গড়েছিলেন। ২০১৯ সালে তিনি ৩৩৩ দশমিক ৬ মিলিয়ন ইয়েন দিয়ে আরেকটি ব্লুফিন টুনা কেনেন, সেটিও রেকর্ডবই তোলপাড় করে। তখন সাংবাদিকদের কিমুরা বলেছিলেন, তিনি হয়তো ‘অতিরিক্তই করে ফেলেছেন’। কিন্তু বছর ছয়েক পরে এসে তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। টোকিওর তোয়োসু মাছবাজারে বছরের প্রথম নিলামে সাধারণত রেকর্ড দামে মাছ বিক্রি হয়। গত বছর নিলামের প্রথম টুনাটি ২০৭ মিলিয়ন ইয়েনে কিনে নেয় আরেকটি সুশি চেইন প্রতিষ্ঠান অনোদেরা গ্রুপ। নিলাম শেষ হওয়ার পরপরই মিলিয়ন ডলারের টুনাটি কিমুরার সুশি রেস্তোরাঁগুলোতে গ্রাহকদের পরিবেশন করা হয়। কিমুরার রেস্তোরাঁয় উপস্থিত এক ক্রেতা সংবাদমাধ্যমকে বলেন, “বছরের শুরুতে এমন কিছু খেতে পেরে আমার মনে হচ্ছে, বছরটা ভালোভাবেই শুরু হলো।” সূত্র: বিবিসি

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে ৫ উইকেটের জয় পেয়ে চট্টগ্রামকে সরিয়েই শীর্ষে উঠে গেছে রংপুর। গ্তকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। জবাবে রংপুর ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। চট্টগ্রামের ইনিংসে ওপেনার অ্যাডাম রসিংটন টানা তৃতীয় ম্যাচে ফিফটি করেন। তিনি ৪১ বলে ৫৮ রান করেন। তার সঙ্গে হাসান নাওয়াজের জুটিতে আসে ৬১ বলে ৮২ রান। বিপিএল অভিষেকে নাওয়াজ খেলেন দারুণ এক ইনিংস, ৩৮ বলে ৪৬ রান। শেষদিকে আমির জামাল ১০ বলে ১৯ এবং শেখ মেহেদি হাসান ৭ বলে ১৩ রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। রংপুরের রান তাড়া শুরু হয় আগ্রাসী ভঙ্গিতে। কাইল মায়ার্স শুরু থেকেই আক্রমণে যান। তৃতীয় ওভারের পর ফ্লাডলাইট সমস্যায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও খেলা শুরু হতেই ভয়ংকর রূপ নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। ডেভিড মালানের সঙ্গে তার জুটিতে ২৭ বলে আসে ৬১ রান। মালান পরে ৩০ বলে ৩০ রান করে আউট হলে ম্যাচে আবার চাপ বাড়ে রংপুরের ওপর। মায়ার্স ও মালান ফিরে যাওয়ার পর শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪১ রান। সেই চাপের মুহূর্তে দায়িত্ব নেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমির জামালের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। পরের ওভারে খুশদিল শাহ শরিফুল ইসলামকে দুটি চার ও একটি ছক্কা মেরে জয়ের পথ সহজ করে দেন। মাহমুদুল্লাহ ১৯ বলে অপরাজিত ৩০ রান করেন, আর খুশদিল শাহ ১২ বলে ২২ রান করে আউট হন। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে রংপুরের। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স, আর গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে শীর্ষস্থান হারাল চট্টগ্রাম রয়্যালস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান পড়তে যাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর। এখন দেখার বিষয়- ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকল এর প্রস্তাবে বিসিবির মন গলে কি না, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।

মুস্তাফিজের ক্ষতিপূরণের বিষয়ে যা বলল আইপিএল কর্তৃপক্ষ

মুস্তাফিজের ক্ষতিপূরণের বিষয়ে যা বলল আইপিএল কর্তৃপক্ষ আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশি এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি বাতিল হলেও কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছেন না মুস্তাফিজ, এর পেছনের কারণ হিসেবে আইপিএলের বিমা নীতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক ক্রিকেটার, তিনি কোনো ইনজুরি বা শৃঙ্খলাভঙ্গের সঙ্গে জড়িত নন, তিনি কেন পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন; এ নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট অঙ্গনে। এ বিষয়ে পিটিআইকে আইপিএল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আইপিএলের সব খেলোয়াড়ের চুক্তি বিমাকৃত থাকলেও সেই বিমার আওতা সীমিত। সূত্রের ভাষ্য অনুযায়ী, বিদেশি ক্রিকেটাররা সাধারণত টুর্নামেন্ট চলাকালে বা ক্যাম্পে যোগ দেওয়ার পর ইনজুরিতে পড়লে বিমা সুবিধা পান। সে ক্ষেত্রে বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ থাকে। তবে মুস্তাফিজের চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই এবং সেটিও রাজনৈতিক কারণে। ফলে এটি ইনজুরি বা ক্রিকেটীয় পারফরম্যান্সসংক্রান্ত কোনো বিষয় নয়। এই কারণেই বিমা কোম্পানি কিংবা কেকেআর, কোনো পক্ষেরই মুস্তাফিজকে অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সূত্রটি। আইনি লড়াইয়ের পথ খোলা থাকলেও সেটি অত্যন্ত জটিল বলেও উল্লেখ করা হয়েছে। কারণ, আইপিএল পরিচালিত হয় ভারতীয় আইনের আওতায়।

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের ব্যাটে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। জো রুটের ঝলমলে সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রান করলেও, ২১৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে অস্ট্রেলিয়া দিন শেষে তুলে নেয় ৭ উইকেটে ৫১৮ রান। ফলে চতুর্থ দিনে ১৩৪ রানের লিড নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। দিনের শুরুতে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড নাইটওয়াচম্যান মাইকেল নেসারের সঙ্গে গড়েন ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি। নেসার ৯০ বলে করেন ২৪ রান। পরে স্টিভ স্মিথের সঙ্গে দ্বিতীয় সেশনে আরও ৫৪ রান যোগ করেন হেড। ১৬৬ বলে ২৪ চার ও একটি ছক্কায় ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি আউট হলেও তখন ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। ইনিংসের দ্বিতীয় ভাগে দৃঢ়তা ও ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠেন স্টিভ স্মিথ। ক্যামেরন গ্রিনের সঙ্গে ৭১ এবং বেউ ওয়েবস্টারের সঙ্গে অপরাজিত ৮১ রানের জুটি গড়ে দিন শেষ করেন তিনি। ২০৫ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ, যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি। এই ইনিংসে অস্ট্রেলিয়া গড়েছে সাতটি পঞ্চাশোর্ধ্ব জুটি যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মাঠে ইংল্যান্ডের দিনটি ছিল হতাশার; চারটি ক্যাচ ও একটি রানআউটের সুযোগ নষ্ট করে তারা। ম্যাথু পটস ২৫ ওভারে দেন রেকর্ড ১৪১ রান। ব্যক্তিগত কীর্তির দিক থেকেও দিনটি স্মরণীয় করে রাখেন হেড ও স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের তালিকায় ডন ব্র্যাডম্যানের পরেই উঠে এসেছেন স্মিথ। অন্যদিকে, ঘরের মাঠে অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলীয় ওপেনার হিসেবে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটান ট্র্যাভিস হেড। পাশাপাশি, ৯৬ বছর পুরোনো ব্র্যাডম্যানের দ্রুততম দেড়শ রানের একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। সব মিলিয়ে, এসসিজির তৃতীয় দিনটি ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার ব্যাটে, রেকর্ডে ও ম্যাচের গতিপথে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫ জীবনযাত্রার ব্যয় অসহনীয় হওয়ার কারণে ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন এবং কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে প্রকৃত হতাহত ও গ্রেপ্তারের সঠিক সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তবে মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্যানুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। আজ যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য রয়েছেন। ইরানের ভেতর থাকা বিস্তৃত কর্মী নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, যা দেশটির অতীতের অস্থিরতার সময়েও নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাশত ও কোরভেহ শহরে অন্তত ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ৬৪ জন, যাদের অধিকাংশের শরীরে পেলেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাত রয়েছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী, প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও দেশটির অন্তত ৮৮টি শহরের ২৫৭টির বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। রয়টার্স জানিয়েছে, সপ্তাহজুড়েই মৃত্যু ও গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো, তবে পরিসংখ্যান ভিন্ন ছিল। রয়টার্স এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ২০২২ সালে পুলিশের নিরাপত্তা হেফাজতে ২২ বছরের কুর্দি ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেখা দেওয়া গণবিক্ষোভের পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ। তবে এবার জনগণের অসন্তোষের ব্যাপারে দেশটি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সুর তুলনামূলকভাবে অনেকটা নরম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের ‘প্রতিনিধিদের’ সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়ে ‘সমস্যা সমাধানে’ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বছর প্রাপ্ত তার নোবেল শান্তি পুরস্কারটি ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করেন এই পুরস্কারটি তাদের সবার এবং তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এর অংশীদার করতে পারলে খুশি হবেন। মাচাদো গত বছর যখন নোবেল পুরস্কারটি জেতেন, তখন ট্রাম্পও এটি পাওয়ার জন্য জোরালো চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্পকে পেছনে ফেলে যখন নরওয়ের অসলোতে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন মাচাদো, তখন থেকেই তাদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বর্তমানে ভেনেজুয়েলার রাজনৈতিক পটপরিবর্তনের মুহূর্তে ট্রাম্পের এই অসন্তোষ মাচাদোর ক্ষমতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মাচাদোর নোবেল গ্রহণ করার সিদ্ধান্তটিকে ট্রাম্প ইতিবাচকভাবে নেননি। কর্মকর্তারা মনে করেন, মাচাদো যদি পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পের নাম প্রস্তাব করতেন, তবে হয়তো আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন তিনি। এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা আটক করার পর সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ওই পোস্টে তিনি বলেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তারা এখন ক্ষমতা নিতে প্রস্তুত। কিন্তু এর দুই ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়- মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে চালানোর মতো সমর্থন ও সক্ষমতা মাচাদোর নেই। দেশটির সবাই তাকে সম্মান করেন না বলেও মন্তব্য করেন ট্রাম্প। মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। চিঠিতে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের জন্য তাকে এখন জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মাদুরো বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ফলে মার্কিন সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন। মাচাদোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে কম্পনের শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে। জেএমএ জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান প্রশান্ত মহাসাগরের ‌‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশিরভাগই কম মাত্রার।

১০ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

১০ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস দেশের ১০ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সংস্থাটি জানায়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র ওয়েবসাইটে (ptd.gov.bd) প্রকাশ করা হয়েছে। এতে বিগত ১৫ বছর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি) সংঘটিত দুর্নীতি ও অনিয়ম-সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা এবং বিশ্লেষণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনা স্থান পেয়েছে। গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্বেতপত্রে গত দেড় দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন অবস্থায় সরকারের প্রত্যাশা, এই শ্বেতপত্র টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা।