কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর?

কোন রঙের আঙুর সবচেয়ে পুষ্টিকর? আঙুর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে একটি। শুধু স্বাদেই অনন্য নয়, এই ক্ষুদ্র ফলে আশ্চর্যজনক পরিমাণে পুষ্টি রয়েছে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কোনো একটি রঙের আঙুর অন্যগুলোর চেয়ে স্বাস্থ্যকর কিনা? সবুজ, কালো এবং লাল আঙুর দেখতে একই রকম হতে পারে, তবুও স্বাদ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্য উপকারিতার দিক থেকে এগুলো আলাদা। সবচেয়ে পুষ্টিকর আঙুর পেতে আপনার কোনটি খাওয়া উচিত? চলুন জেনে নেওয়া যাক- সবুজ আঙুরের উপকারিতা ভিটামিনের চমৎকার উৎস: সবুজ আঙুর ভিটামিন সি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। জার্নাল অফ ফুড সায়েন্স অনুসারে, এই পুষ্টি উপাদানগুলো সবুজ আঙুরকে সুষম খাদ্য করে তোলে। হাইড্রেশন এবং ওজন নিয়ন্ত্রণ: এতে থাকা পানি এবং কম ক্যালোরির পরিমাণ হাইড্রেটেড থাকার এবং ওজন নিয়ন্ত্রণের জন্য আদর্শ, বিশেষ করে উষ্ণ মাসগুলোতে। হালকা অ্যান্টিঅক্সিডেন্ট: সবুজ আঙুরে ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তবে লাল এবং কালো আঙুরের তুলনায় কম পরিমাণে, যা প্রতিদিনের খাবারের জন্য হালকা পুষ্টিকর বৃদ্ধি প্রদান করে। লাল আঙুরের উপকারিতা হৃদযন্ত্রের জন্য উপকারী: লাল আঙুর রেসভেরাট্রলের একটি প্রাকৃতিক উৎস, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি অ্যান্টিঅক্সিডেন্ট। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, রেসভেরাট্রল প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের কার্যকারিতা সমর্থন করে। কোষীয় সুরক্ষার জন্য পলিফেনল: এই যৌগগুলো অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। ভাস্কুলার স্বাস্থ্য: আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় দেখা গেছে যে আঙুর পলিফেনল রক্তনালীর নমনীয়তা উন্নত করতে এবং রক্তচাপ কমাতে পারে। কালো আঙুরের উপকারিতা সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি: কালো আঙুর অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ, যা এই ফলকে গাঢ় রঙ দেয় এবং শক্তিশালী প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য প্রদান করে। জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি অন্যান্য জাতের তুলনায় এই আঙুরের উচ্চতর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোফাইল তুলে ধরে। মস্তিষ্ক এবং হৃদরোগের উপকারিতা: এর ফ্ল্যাভোনয়েড এবং রেসভেরাট্রল জ্ঞানীয় কার্যকারিতা এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে করে, যা সামগ্রিক সুস্থতার জন্য তাদের একটি পাওয়ার হাউস হিসেবে কাজ করে। স্মৃতিশক্তি এবং জ্ঞান উন্নত করে: ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনের একটি গবেষণায় দেখা গেছে যে কালো আঙুরের পলিফেনল বয়স্কদের স্মৃতিশক্তি এবং মানসিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। কোন আঙুর সবচেয়ে পুষ্টিকর? সবুজ, লাল এবং কালো আঙুর সবই স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, তবে কালো আঙুরের কিছুটা সুবিধা রয়েছে। উচ্চ মাত্রার অ্যান্থোসায়ানিন, রেসভেরাট্রল এবং ফ্ল্যাভোনয়েডের জন্য এটি সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান করে এবং মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। লাল আঙুর তাদের হৃদয়-বান্ধব রেসভেরাট্রল এবং পলিফেনলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়, যেখানে সবুজ আঙুর হাইড্রেশন এবং প্রতিদিনের খাবারের জন্য একটি সতেজ, ভিটামিন-সমৃদ্ধ বিকল্প হিসেবে কাজ করে। তাই যদি আপনি সর্বাধিক পুষ্টি ও উপকারিতা চান তবে কালো আঙুরই সবচেয়ে ভালো। তবে সম্ভব হলে আপনার খাদ্যতালিকায় সবুজ, লাল এবং কালো আঙুরের রঙিন মিশ্রণ উপভোগ করুন।

আবারও আলোচনায় শিল্পা শেঠি

আবারও আলোচনায় শিল্পা শেঠি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদেন বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ। এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে। বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা। ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের স্বল্প বিরতির পর মেট্রোরেল এখন স্বাভাবিকভাবে চলাচল করছে। একইসঙ্গে সরকারি ছুটির দিন হলেও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সময়সূচি অনুযায়ী, আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন এবং ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল স্টেশনে ট্রেন চলাচল করবে। আজ দুপুরে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার জন্য বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর আবার আগের মতোই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় পরপর ট্রেন চলাচল করছে। আজ সরকারি ছুটির দিন কতক্ষণ মেট্রোরেল চলাচল করবে জানতে চাইলে তিনি বলেন, শনিবার ও অন্যান্য সব সরকারি ছুটির দিনের জন্য আমাদের সময়সূচি নির্ধারিত। সে অনুযায়ী আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে ৬টা ৩০ মিনিটে৷ সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে৷ আর মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে৷ আর সবশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। উল্লেখ্য, ডিএমটিসিএলের নিয়ম অনুযায়ী নিয়মিত দিনে (শুক্রবার ছাড়া) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত, এবং শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিংগেল জার্নি টিকিট কেনা ও এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার শুধু উত্তরা উত্তর স্টেশনে বিকাল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকাল ৩টা ৫ মিনিট থেকে এই সেবা চালু হয়। আর রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট অফিস ও মেশিন বন্ধ হয়ে যায়।

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানা‌লো যুক্তরাষ্ট্র-ভারত-চীন

বিজয় দিব‌সের শুভেচ্ছা জানা‌লো যুক্তরাষ্ট্র-ভারত-চীন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন। আজ পৃথক বার্তায় সং‌শ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়। মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে। চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি। ভারতীয় হাইক‌মিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইক‌মিশন, ঢাকা বাংলা‌দে‌শের জনগণকে জানাচ্ছে বিজয়‌ দিবসের শুভেচ্ছা। এ ছাড়া, পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ‌্য, ফ্রান্স, সুইজারল‌্যান্ড ও সুই‌ডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে।

রণবীরের সিনেমার আয় ৭৮৯ কোটি টাকা ছাড়িয়ে

রণবীরের সিনেমার আয় ৭৮৯ কোটি টাকা ছাড়িয়ে প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। চলতি বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। লাদাখে শুটিং করতে গিয়ে সিনেমাটির শতাধিক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন, ট্রেইলার মুক্তির পর রণবীরের মারকাটারি উপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছিল। ফলে আদিত্য ধর নির্মিত এ সিনেমার জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরাও। অপেক্ষার ইতি টেনে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ভক্তদের হতাশ করেননি রণবীর সিং। পাশাপাশি বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমাটি। বক্স অফিসে ‘ধুরন্ধর’ সিনেমার শুরুটা মন্দ হয়নি। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের প্রায় ৫০টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৩৭ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ২১ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ২৫.৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ২৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করেছে ৩১ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করেছে ৫০ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করেছে ৫৭ কোটি রুপি (নিট), একাদশতম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (নিট)। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩২.৮১ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৭১৫ কোটি ২৭ লাখ টাকা। তবে স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ধুরন্ধর’ সিনেমার আয় খানিকটা বেশি। মুক্তির ১১ দিনে শুধু ভারতে আয় করেছে ৪৫৭.৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৯ কোটি ৩৬ লাখ টাকা)। ভারতীয় একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান তিনি। সত্য-মিথের সীমানা মিলিয়ে সিনেমাটিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও। অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়। এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তাছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, রাজেশ বেদি, আর. মাধবন, মানব গোহিল প্রমুখ। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর, জ্যোতি দেশপান্ডে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হলিউড নির্মাতা রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার

হলিউড নির্মাতা রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের (৬৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কাই নিউজের মার্কিন সহযোগী এনবিসি নিউজের বরাতে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রেইনারের ঘনিষ্ঠজনের এক সূত্র জানিয়েছে, রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি। রব রেইনার হলিউডের একজন কিংবদন্তী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। রব রেইনার ১৯৮৯ সাল থেকে মিশেল সিঙ্গার রেইনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার পরিচালনার সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

গোল্ডেন গ্লোবের মনোনয়নে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র দাপট

গোল্ডেন গ্লোবের মনোনয়নে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’র দাপট বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় বাজিমাত করেছে হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকায় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বলে লিখেছে বিবিসি। ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটটি মনোনয়ন। এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবগুলোতে আলোচিত ছিল। এছাড়া ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। ৮৩তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয় সম্প্রতি। লস অ্যাঞ্জেলেস থেকে দুই অভিনয়শিল্পী মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে। এছাড়া ‘উইকেড: ফর গুড’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা দুটি পেয়েছে পাঁচটি করে মনোনয়ন।

আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি, প্রশ্ন শুভশ্রীর

আমার ছবি তোলার জন্যই কি আপনারা মেসিকে দেখতে পাননি, প্রশ্ন শুভশ্রীর সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে কলকাতায় তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এদিন ‘খুদে জাদুকর’কে একনজর দেখতে না পারার আক্ষেপে পুড়ছেন অনুরাগীরা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছবি পোস্ট যেন আগুনে ঘি ঢেলে দেয়! মন্তব্যের ঘরে ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত বিতর্কের জবাব দিলেন শুভশ্রী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গাঙ্গুলি সেখানে আমন্ত্রিত ছিলাম। তার কথায়, আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই। নির্ধারিত সময়ে আমরা মেসির সঙ্গে দেখা করি এবং ছবিও তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, আমরা সেখানেই অপেক্ষা করছিলাম। তিনি আরও বলেন, যে সময়ে ছবিগুলো পোস্ট করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যার জন্য সেই মুহূর্তে তা পোস্ট হয়নি। কারণ, ক্রীড়াঙ্গনে জ্যামার লাগানো ছিল। মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন সাড়ে ১১টা নাগাদ। তাকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। সমালোচনার বিষয়ে নায়িকা বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে আমার ছবিগুলো কিছুটা দেরিতে পোস্ট হয়। আর সেটাই দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ে। এরপরই আমাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। আমাকে প্রোপাগান্ডা এবং অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম? এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তার অভিযোগ, এসব মন্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। প্রসঙ্গত, গত শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান মেসি। কিন্তু আয়োজকসহ অন্যান্যদের ভিড়ে এবং ছবি তোলার মাঝে ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিলেন অন্তত ৫০ জন। যার জেরে কেউ মাঠে বোতল ছুড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

দক্ষিণ-পশ্চিম চীনে নতুন প্রজাতির ক্যাটফিশ আবিষ্কার

দক্ষিণ-পশ্চিম চীনে নতুন প্রজাতির ক্যাটফিশ আবিষ্কার দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য এলাকায় নতুন এক প্রজাতির মাছ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। চীনের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জায়ুল কাউন্টিতে এই মাছের সন্ধান পাওয়া গেছে। গবেষকদের মতে, এই আবিষ্কার হিমালয় অঞ্চলের মাছের বৈচিত্র্য ও বিবর্তন (ধীরে ধীরে পরিবর্তনের প্রক্রিয়া) বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই মাছের নাম দেওয়া হয়েছে গ্ল্যারিডোগ্লানিস ভেরুকিলোবা (Glaridoglanis verruciloba sp. nov)। এটি এক ধরনের ক্যাটফিশ, যা দেখতে অন্য মাছের চেয়ে কিছুটা ভিন্ন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর নিচের ঠোঁট বেশ বড় এবং ঠোঁটের মাঝামাঝি অংশে চার থেকে সাতটি গুটি বা খাঁজের মতো অংশ রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই মাছটিকে অন্য প্রজাতি থেকে আলাদা করা গেছে। চলতি বছরের এপ্রিল মাসে শিজাং অঞ্চলের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত শিয়াও নদী থেকে প্রথম এই মাছ সংগ্রহ করা হয়। গবেষণায় অংশ নেয় শিজাং ইনস্টিটিউট অব প্ল্যাটো বায়োলজি, শিজাং ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম, জাওঝুয়াং বিশ্ববিদ্যালয় এবং চীনা একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব হাইড্রোবায়োলজির একটি যৌথ গবেষক দল। শুরুতে মাছটিকে ভুল করে গ্ল্যারিডোগ্লানিস অ্যান্ডারসোনি নামে পরিচিত অন্য একটি প্রজাতি মনে করা হয়েছিল। পরবর্তীতে মাছটির দেহগঠন বিশ্লেষণ এবং জিনগত পরীক্ষা (মলিকুলার ফাইলোজেনেটিক বিশ্লেষণ—জিনের মাধ্যমে আত্মীয়তা নির্ধারণ) করার পর গবেষকরা নিশ্চিত হন, এটি আগে অজানা একটি নতুন প্রজাতি। এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক জার্নাল ZooKeys-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের ভাষ্য অনুযায়ী, এটি গ্ল্যারিডোগ্লানিস গণের তৃতীয় স্বীকৃত প্রজাতি। এই আবিষ্কার হিমালয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তের মিঠাপানির মাছের উৎপত্তি, বৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া বুঝতে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যৎ গবেষণায় এই তথ্য বিশেষভাবে সহায়ক হবে।