বাড়ছে অবিবাহিত তরুণ-তরুণীদের এইচআইভি সংক্রমণ 

বাড়ছে অবিবাহিত তরুণ-তরুণীদের এইচআইভি সংক্রমণ বাংলাদেশে তরুণ বয়সীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে মারা গেছেন ২১৯ জন। নতুন শনাক্তদের বড় একটি অংশ অবিবাহিত তরুণ–তরুণী, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলছে, ২০২৫ সালে (২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত) নতুন শনাক্ত এইচআইভি আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশই অবিবাহিত তরুণ–তরুণী। আগের বছর এই হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। মাত্র এক বছরের ব্যবধানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ সমাজে ধীরে ধীরে ছড়িয়ে পড়া একটি বড় বাস্তবতার প্রতিফলন। সরকারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে অবিবাহিতদের মধ্যে এইচআইভি শনাক্তের হার আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। রাজধানীর বাইরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। যশোরে ২০২৫ সালে ৫০ জনের বেশি মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা জানান, আক্রান্তদের মধ্যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তার ভাষায়, এই বয়সে সচেতনতা কম থাকলেও কৌতূহল বেশি থাকে, যা ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে ইনজেক্টেবল ড্রাগ ব্যবহারের সময় একই সুচ ভাগাভাগি করা, কনডম ছাড়া যৌন সম্পর্ক, একাধিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক এবং সঙ্গীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে না জানা। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা না হওয়াকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সায়মা খান বলেন, অবিবাহিত আক্রান্তদের বড় অংশের বয়স ২৫ বছরের নিচে। এই বয়সে অনেকের মধ্যেই রোমাঞ্চ ও ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে। সচেতনতার অভাব থেকেই অনেক সময় না বুঝেই ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে পড়েন তারা। একটি এনজিওতে এইচআইভি আক্রান্তদের কাউন্সেলিংয়ে যুক্ত প্রতিনিধি রাসেল আহমেদ (ছদ্মনাম) বলেন, অল্প বয়সীদের অনেকেই ঝুঁকির মাত্রা বোঝে না। কনডমসহ সুরক্ষার বিষয়গুলো সামাজিক ট্যাবুর কারণে আড়ালে থেকে যায়। এসব ট্যাবু ভাঙা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, এইচআইভি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও নিয়মিত ওষুধ নিলে আক্রান্ত ব্যক্তি প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং অন্যের মধ্যে সংক্রমণের ঝুঁকিও অনেক কমে যায়। দেশের বিশিষ্ট ভাইরাসবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নিয়মিত চিকিৎসা নিলে এইচআইভি আক্রান্ত নারী ও পুরুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তবে বাস্তবে অনেক তরুণ সামাজিক ভয় ও লজ্জার কারণে দেরিতে পরীক্ষা করান বা চিকিৎসা শুরু করেন। মনস্তত্ত্ববিদ অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ মনে করেন, প্রযুক্তির দ্রুত বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতা এবং সামাজিক বন্ধনের শিথিলতা তরুণদের আচরণে প্রভাব ফেলছে। তার মতে, সচেতনতার অভাব ও যৌনতা সম্পর্কে সঠিক ধারণা না থাকাই এই সংকটকে আরও জটিল করছে। বিশেষজ্ঞদের অভিমত, তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ কমাতে স্কুল পর্যায়ে প্রজনন ও যৌন স্বাস্থ্য শিক্ষার বিস্তার, ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি এবং ঝুঁকিপূর্ণ আচরণ নিয়ে খোলামেলা আলোচনা জরুরি। একই সঙ্গে এসব কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন। দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি ও সুবিধা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন প্রবাসীদের নিরাপদ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। এখন থেকে দূতাবাসেই আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে সহজ ও নিরাপদ করবে। এ কার্যক্রম প্রমাণ করে, বাংলাদেশ দূরে থাকলেও রাষ্ট্রের সেবা প্রবাসীদের থেকে দূরে থাকে না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালুর জন্য সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ সেবা তাদের ভোগান্তি কমাবে এবং আইনগত সুরক্ষা আরও সুদৃঢ় করবে। লিবিয়ায় ৭১তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার মাধ্যমে দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা পাবেন।

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ আজ নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান। নির্বাচন কমিশনের বরাত দিয়ে তিনি লেখেন, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছালেই শুধু ভোট গণনায় সম্পৃক্ত হবে।’ এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নানা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ভোটার সংখ্যার ভিত্তিতে প্রতি ৪০০টি পোস্টাল ব্যালটের জন্য একটি করে ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যালট বাক্স প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে চারটি লক দিয়ে সিল করার বিধান করা হয়েছে। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ-সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রতিটি ব্যালট বাক্সে আসনের নম্বর ও নাম উল্লেখ করে স্টিকার লাগাতে হবে। ব্যালট বাক্সে সিল দেওয়ার আগে বাক্স ও লকের নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে দিতে হবে। পরিপত্রে বলা হয়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন – ইন্না লিলাøহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর টিকোশ গ্রামের বাসিন্দা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আশিক আহমেদ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশন করা হয়েছে। আজ বিকেলে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করেন। এতে শিশু অধিকার ও সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিয়ের কুফল, শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা এবং শিশু অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- এ প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৬ প্রার্থীর সকলেই বৈধ হবার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল ৫টার নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৬ জনই প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এর মধ্যে গত ৩ জানুয়ারী রির্টানিং কর্মকর্তার বাছাইয়ে ৩টি আসনে বাতিল হয়ে নির্বাচন কমিশনে আপীল করে প্রার্থীতা ফিরে পাওয়া ৩ প্রার্থীও রয়েছেন । আজ বিকেলে জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচন সেলের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আজমাইন হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ, আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৬ প্রার্থী। এরা হলেন, বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা, জাতীয় পার্টির আফজাল হোসেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্েিতেজাটের আব্দুল হালিম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির আফজাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড.মিজানুর রহমান, কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু: খুরশিদ আলম বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির মু: খুরশিদ আলম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এরা হলেন, বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর জমা দেওয়া সব মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং শেষ ধাপে বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করা হবে।

১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম

১৩৩ রানের পুঁজি পেলো রাজশাহী; ১৩৪ রানের টার্গেটে চট্টগ্রাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় মুখোমুখি হয়েছিলো রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানে অলআউট হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে ফাইনালে উঠতে ১৩৪ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচের শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। দেখে-শুনে ব্যাট করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার। তবে জুটিটা বড় হয়নি। ৩০ রানে থামে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। আর ৩৭ বলে ৪১ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। পরের পাঁচজন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দলনেতা নাজমুল হোসেন শান্ত ৮, মুশফিকুর রহিম ০, আকবর আলি ৩, জিমি নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করে আউট হন। এরপর ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩৫ রান। তাতেই মিরপুরের মতো মন্থর গতির পিচে মোটামুটি একটি সংগ্রহ পায় রাজশাহী। এদিকে রিপন মণ্ডল ১০ ও বিনুরা ৩ রান করেন। আর ১ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন পাঁচজন বোলার।

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল যুবাদের। কিন্তু বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। আজ টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ। ৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলে তারা। পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। বাংলাদেশ সবমিলিয়ে ২ ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে।

নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত

নাচোলে খড়ের গাদা আগুনে পুড়ে ভস্মীভূত নাচোলে আগুনে পুড়ে খড়ের গাদা ভস্মীভূত হয়েছে। আজ দুপুরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হেফায়েজ মন্ডলের ছেলে মহবুল আলীর বাড়ির ছাদের উপর থাকা খড়ের গাদায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহবুল আলী বলেন, আজ দুপুরে অনাকাঙ্ক্ষিতভাবে খড়ের গাদায় আগুনের সূত্রপাত ঘটে। নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গতকাল রাতে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব। এতে বক্তব্য দেন— শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি কেতাবুল আলম, দপ্তর সম্পাদক আবদুল আখের, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, আম উদ্যোক্তা এনামুল হক স্বপন, শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা। বক্তারা শিবগঞ্জে আমচত্বর নির্মাণ, আমের সমস্যা-সম্ভাবনা, প্রি-পেইড মিটার বাতিল, শিবগঞ্জকে যানজটমুক্ত, আম গবেষণা কেন্দ্র পুনর্নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য আলোচনা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিস হতে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পুনঃস্থাপনের দাবি তুলে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক কমিটির মাধম্যকে সবাইক সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চাঁপাই উৎসবে গুণীজন হিসেবে সম্মাননা পাওয়ায় আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়।