বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিবাসন ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র এবার জানিয়েছে, ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশযোগ্য) ভিসা দেওয়া হবে। আজ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পরে গত ৭ জানুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ‘ভিসা বন্ড’ তালিকায় যুক্ত করা হয়। বাংলাদেশিদের জন্য এই ভিসা বন্ড কার্যকর হয়েছে ২১ জানুয়ারি থেকে। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ভিসা বন্ড প্রোগ্রামের আওতায় আবেদনকারীদের জন্য যেসব শর্ত প্রযোজ্য হবে, সেগুলো হলো— -ভিসার জন্য অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে -ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন -সর্বোচ্চ ৩ মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে -নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে -যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ যুক্ত হওয়ায়, বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে হতে পারে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করা। যেসব দেশের নাগরিকদের ওভারস্টের হার বেশি, মূলত সেসব দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশি যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো— -বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS) -জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) -ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD) নির্ধারিত এসব বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা প্রস্থান করলে ভিসা বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলে গণ্য হতে পারে, যা অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় রয়েছে— আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা। দেশভেদে ভিন্ন ভিন্ন তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। ভিসা বন্ড হলো একটি ফেরতযোগ্য আর্থিক জামানত, যা কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে গ্রহণ করে। এর মাধ্যমে ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলা নিশ্চিত করা হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করলে সেটিকে ভিসা ওভারস্টে বলা হয়। উল্লেখ্য, অতীতে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যও ওভারস্টে নিয়ন্ত্রণে ভিসা বন্ড চালুর উদ্যোগ নিয়েছিল, তবে পরে তা বাতিল করা হয়।
শিশুর যে আচরণগুলো অস্বাভাবিক নয়

শিশুর যে আচরণগুলো অস্বাভাবিক নয় প্রতিটি বাবা-মায়েরই উদ্বেগ বোধ হয়, যখন তাদের সন্তান স্বাভাবিক আচরণের বাইরে কিছু করে। এটি মনে একটি বিরক্তিকর প্রশ্ন জাগায় যে – এই আচরণ কি স্বাভাবিক, নাকি আমার উদ্বিগ্ন হওয়া উচিত? এই যুগে যেখানে তথ্যের ভার বেশি, তখন শৈশবের দৈনন্দিন আচরণ হঠাৎ করেই উদ্বেগজনক মনে হতে পারে। অন্য শিশুকে একটি মাইলফলক স্পর্শ করতে দেখে বা চুপচাপ বসে থাকতে দেখে ভাবা সহজ যে কেন আপনার নিজের সন্তান ঠিক বিপরীত করছে। জেনে নিন শিশুর কোন আচরণগুলো আসলে স্বাভাবিক- ১. নিজের সাথে কথা বলা খেলার সময় শিশুর প্রতিটি পদক্ষেপ বর্ণনা করতে বা কাল্পনিক বন্ধুদের সঙ্গে পূর্ণ কথোপকথন করতে দেখা খুবই সাধারণ। অনেক বাবা-মা চিন্তা করেন যে এটি একাকীত্বের ইঙ্গিত দেয়, কিন্তু বাস্তবতা একেবারেই বিপরীত। এই স্ব-কথোপকথন শিশুদের চিন্তাভাবনা এবং কর্ম পরিকল্পনা করতে সাহায্য করে এবং তাদের আত্ব্রে অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখে। মনোবিজ্ঞানীরা স্ব-কথোপকথনকে একটি অত্যাধুনিক হাতিয়ার হিসেবে দেখেন যা ভাষা দক্ষতা তৈরি করে, স্বাধীনভাবে সমস্যা সমাধানে উৎসাহিত করে এবং সুস্থ কল্পনাশক্তি গড়ে তোলে। ২. হঠাৎ মেজাজের পরিবর্তন হঠাৎ মেজাজের পরিবর্তন শিশুদের মধ্যে দেখা যায় এমন আরেকটি সাধারণ বিষয়। এক মিনিটে আপনার শিশু আনন্দে হাসছে এবং পরের মিনিটে বিস্কুট ভেঙে যাওয়ার জন্য মেঝেতে বসে কাঁদছে, এটা খুবই স্বাভাবিক হতে পারে। এই মানসিক পরিবর্তনগুলো সাধারণ এবং শৈশবে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ কারণ তখনও শিশুর মস্তিষ্ক জটিল অনুভূতিগুলো করতে শিখছে। ক্ষুধা, ক্লান্তি, অতিরিক্ত উত্তেজনা, এমনকী ছোটখাটো হতাশা শিশুদের হঠাৎ মেজাজের পরিবর্তনের কিছু সাধারণ কারণ। ৩. মাঝে মাঝে একাকীত্ব পছন্দ করা বাবা-মায়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন যখন তারা দেখেন যে তাদের সন্তান একা খেলতে চায়, তারা ভয় পান যে এটি সামাজিকভাবে দূরে থাকা বা দুঃখের লক্ষণ হতে পারে। নির্জনতা সুস্থ সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষণ। একা সময় কাটানোর অভ্যাস শিশুকে তার নিজস্ব ধারণা অন্বেষণ করতে, কল্পনার জগতে ডুবে থাকতে এবং সামাজিক শক্তি রিচার্জ করতে সাহায্য করে। তবে কখনোই কারও সঙ্গে মিশতে না চাইলে ভিন্ন কথা। ৪. প্রশ্ন বা গল্প পুনরাবৃত্তি শিশুরা পুনরাবৃত্তি করতে এবং বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে পছন্দ করে যতক্ষণ না জিনিসগুলো তাদের মনে স্থির হয়ে যায়। বারবার প্রশ্নের পুনরাবৃত্তি করার বা একই প্রশ্ন জিজ্ঞাসা করার এই অভ্যাস শিশুর স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং নিরাপদ বোধ তৈরি করে। যদিও এটি মা-বাবার জন্য ধৈর্যের পরীক্ষা, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে শিশুটি শিখছে এবং পরিচিতদের মধ্যে সান্ত্বনা খুঁজছে। ৫. খাবার বেছে খাওয়া শিশুর বেছে খাবার খাওয়ার অভ্যাস মা-বাবার জন্য অনেক সময় চাপ সৃষ্টি করতে পারে। বাবা-মায়েরা তখন শিশুর বৃদ্ধি এবং পুষ্টি সম্পর্কে খুব বেশি চিন্তা করেন, তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মুখের শিশুর স্বাদ এবং সংবেদনশীল ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয়। শিশুরা প্রথমে খাবারের গঠন এবং গন্ধ লক্ষ্য করে। যতক্ষণ পর্যন্ত আপনার শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে এবং খাবারে কিছুটা বৈচিত্র্য থাকবে, ততক্ষণ দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ক্যারামেল ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন

ক্যারামেল ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন মিষ্টি খাবার খেতে ভালোবাসেন এমন যে কারও কাছে পছন্দের একটি খাবার হলো ক্ষীর। বিশেষ করে অতিথি আপ্যায়নে কিংবা কোনো ভালো খবরে মিষ্টিমুখ করানোর জন্য ক্ষীরের জনপ্রিয়তা সব সময়েই রয়েছে। আপনি কি কখনো ক্যারামেল ক্ষীর খেয়েছেন? এটি তৈরি করা খুবই সহজ। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক ক্যারামেল ক্ষীর তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে চিনিগুঁড়া চাল- ১/৪ কাপ তরল দুধ- ১ লিটার চিনি- ১/২ কাপ ঘি- ১ টেবিল চামচ কাজুবাদাম- ১০-১২টি কিশমিশ-২ টেবিল চামচ পেস্তাবাদাম-২ টেবিল চামচ কাঠবাদাম- ১ টেবিল চামচ ঘি- ২ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন চাল ধুয়ে আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে ভিজিয়ে রাখা চাল দিয়ে ৩-৪ সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিন। একদম মসৃণ করবেন না, কিছুটা দানা দানা যেন থাকে। এবার একটি মোটা তলানিযুক্ত পাত্রে দুধ দিয়ে মিডিয়াম হিটে নাড়তে থাকুন। ফুটে ওঠার পর তাতে ব্লেন্ড করে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। অন্য একটি প্যানে ঘি গরম করে কাজুবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম ও কিশমিশ দিয়ে ২-৩ মিনিট লো টু মিডিয়াম হিটে ভেজে তুলে রাখুন। এবার সেই প্যানে ১ টেবিল চামচ ঘি ও চিনি দিন। চিনি ক্যারামেলাইজড হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তা ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে দ্রুত নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে উপরে কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
‘পাগলি লুক’ ছাপিয়ে এবার চোখ ধাঁধিয়ে দিলেন কেয়া পায়েল

‘পাগলি লুক’ ছাপিয়ে এবার চোখ ধাঁধিয়ে দিলেন কেয়া পায়েল দিন কয়েক আগেই বেশ আলোচনায় ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একটি নাটকের শুটিংয়ে তার ‘পাগলি লুক’ বেশ আলোচনার জন্ম দেয়। উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ- এমন বিধ্বস্ত লুকে অভিনেত্রী ছিলেন আলোচনা তুঙ্গে। এবার এমন আবহে নিজের চেনা ছন্দের গ্ল্যামারাস লুকে ধরা দিলেন অভিনেত্রী। আজ দুপুরে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন আঙ্গিকে। একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে নিজেকে ধরা দিয়েছেন কেয়া পায়েল। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে তার বডি শেপ। প্রকাশিত ছবিগুলোতে কেয়া পায়েলকে একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে দেখা গেছে। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে অভিনেত্রীর শারীরিক গঠন বা বডি শেপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল আর হালকা মেকআপে তার এই লুক মুহূর্তেই চোখ ধাঁধিয়েছে ভক্তদের। এছাড়াও এই একগুচ্ছ ছবির মাঝে আলোচনায় রয়েছে তার বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে যখন বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর জন্য আনা হয়েছিল, অভিনেত্রী তখনই এই ছবিগুলো তুলেছিলেন। কেয়া পায়েলের এই পোস্টের নিচে ভক্তরা নানারকম মন্তব্য করছেন। কজন লিখেছেন, ‘পাগলি সাজটা সেই ছিল, এইটার থেকেও বেটার’। আরেকজন ট্রফি ও অভিনেত্রীর সঙ্গে তুলনা করে মজার ছলে লিখেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার’। অন্যদিকে কেউ কেউ অভিনেত্রীর সেই পাগলি লুকের রেশ টেনে মজা করে বলছেন, ‘পাগলি এই ড্রেস পাইলো কোথায়!’ উল্লেখ্য, সেই আলোচিত ‘পাগলি লুক’-এর নাটকটি নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় অভিনেত্রীর এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।
এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি জুটি বেঁধে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনেকবার। এবার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ভিকি জাহেদের সাসপেন্স-থ্রিলার সিনেমা ‘পুলসিরাত’-এ দেখা যাবে দুজনকে। জানা গেছে, ইতোমধ্যেই সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির অভিনয়শিল্পী, গল্প ও শুটিং-সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে। সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন আফরান নিশো। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে। এতে তার বিপরীতে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান অভিনয় করছেন।
পদ্ম পুরস্কার পাচ্ছেন যেসব তারকা

পদ্ম পুরস্কার পাচ্ছেন যেসব তারকা ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। গ্তকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।পদ্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইট অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো—পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৫ জন, পদ্মভূষণ বিভাগে ১৩ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১৩ জন এই পুরস্কার পাচ্ছেন। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন— পদ্মবিভূষণ ১. ধর্মেন্দ্র ২. এন. রাজম পদ্মভূষণ ১. অলকা ইয়াগনিক ২. মাম্মতি ৩. পীযুষ পান্ডে ৪. শতবাধনী আর গণেশ পদ্মশ্রী ১. অনিল কুমার রাস্তোগি ২. অরবিন্দ বৈদ্য ৩. ভারত সিং ভারতী ৪. ভিকিয়া লাডকিয়া ডিন্ডা ৫. বিশ্ব বন্ধু ৬. চিরঞ্জি লাল যাদব ৭. দীপিকা রেড্ডি ৮. ধার্মিকলাল চুনিলাল পান্ডিয়া ৯. গাদ্দে বাবু রাজেন্দ্র প্রসাদ ১০. গফরুদ্দিন মেওয়াতি যোগী ১১. গরিমেলা বালাকৃষ্ণা প্রসাদ ১২. গায়ত্রী বালাসুব্রামানিন ও রঞ্জনী বালাসুব্রামানিন ১৩. হরি মাধব মুখোপাধ্যায় ১৪. হরিচরণ সাইকিয়া ১৫. জ্যোতিষ দেবনাথ ১৬. কালামান্ডালাম বিমলা মেনন ১৭. খেম রাজ সুন্দরিয়াল ১৮. কুমার বোস ১৯. অধ্যাপক (ড.) লার্স-ক্রিশ্চিয়ান কোচ ২০. মাধবন রঙ্গনাথন (আর মাধবন) ২১. মগন্তী মুরলি মোহন ২২. মীর হাজিভাই কাসাম্বি ২৩. নূরউদ্দিন আহমেদ ২৪. ওথুভার থিরুথানি স্বামীনাথান ২৫. পোখিলা লেকথেপি ২৬. প্রসেনজিৎ চ্যাটার্জি ২৭. আর কৃষ্ণান ২৮. রঘুবীর তুকারাম খেদকর ২৯. রাজস্থপতি কালিয়াপ্পা গউন্ডার ৩০. সাংইউসাং এস পঙ্গেনার ৩১. শরৎ কুমার পত্র ৩২. সতীশ শাহ ৩৩. সিমাঞ্চল পাত্রো ৩৪. তাগা রাম ভীল ৩৫. তরুণ ভট্টাচার্য ৩৬. তিরুভারুর বক্তাবতসালাম ৩৭. তৃপ্তি মুখার্জি ৩৮. যুবনাম যাত্রা সিং
হলিউডের শতবর্ষের ইতিহাস ওলটপালট করে অস্কারে সিনার্সের ১৬ মনোনয়ন!

হলিউডের শতবর্ষের ইতিহাস ওলটপালট করে অস্কারে সিনার্সের ১৬ মনোনয়ন! হলিউডের প্রায় শতবর্ষের ইতিহাস ওলটপালট করে দিয়ে অস্কারের ৯৭তম আসরে রেকর্ড ১৬টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে নির্মাতা রায়ান কুগলারের আলোচিত সিনেমা ‘সিনার্স’। গত বছর মুক্তির পর থেকেই বক্স অফিস মাতানো এই চলচ্চিত্রটি কেন সমালোচকদের চোখে বছরের সেরা, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অথচ এই সিনেমাটি নির্মাণের শুরুতে খোদ হলিউড পাড়াতেই ছিল চরম সংশয়। মাত্র দুই মাসে লেখা চিত্রনাট্য আর ১০ কোটি ডলারের বিশাল বাজেট নিয়ে কুগলার যখন কাজ শুরু করেন, তখন অনেকেই এই প্রকল্পকে স্টুডিওর জন্য ‘আত্মঘাতী’ বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে ‘সিনার্স’ এখন অনন্য উচ্চতায়। ১৯৩০-এর দশকের জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকার প্রেক্ষাপটে নির্মিত এই ভ্যাম্পায়ার হরর সিনেমাটি মূলত গভীর গবেষণালব্ধ কাজ। মিসিসিপি ডেল্টার লোককথা, দাসপ্রথা-পরবর্তী সংস্কৃতি এবং ব্লুজ সংগীতের ইতিহাসের এক অভাবনীয় মিশেল দেখা গেছে এতে। আইম্যাক্স ৭০ এমএম ফরম্যাটে ধারণ করা এই ছবিতে কুগলার কৃষ্ণাঙ্গ ইতিহাস ও সংস্কৃতিকে এমন এক সময়ে তুলে এনেছেন, যখন এসব বিষয় রাজনৈতিকভাবে নানা বাধার সম্মুখীন। বিশেষ করে জুক-জয়েন্টের দৃশ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমনি মার্কিন সংগীত ইতিহাসে এগুলোর গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার দুয়ার খুলে দিয়েছে। সিনেমার সাফল্যের অন্যতম কারিগর মাইকেল বি. জর্ডান, যিনি এতে স্মোক ও স্ট্যাক নামের যমজ ভাইয়ের চরিত্রে দ্বৈত অভিনয় করেছেন। তাঁর নিখুঁত শারীরিক ভাষা ও কণ্ঠের পরিবর্তন দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি হেইলি স্টেইনফেল্ড ও ডেলরয় লিন্ডোর অভিনয় ছবিটিকে দান করেছে এক বিশেষ গভীরতা। প্রচলিত সুন্দরের সংজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে উনমি মোসাকুর উপস্থিতি হলিউডের দীর্ঘদিনের ছাঁচে ঢালা নিয়মকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। পর্দার পেছনের কারিগর কস্টিউম ডিজাইনার রুথ ই. কার্টার ও সেট ডেকোরেটর মনিক শ্যাম্পেন মিলে ১৯৩০-এর দশকের সেই জগতকে জীবন্ত করে তুলেছেন। বক্স অফিসে ৩৬৮ মিলিয়ন ডলার আয় করা এই সিনেমাটি গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে সফল মৌলিক চলচ্চিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কোনো নামী ফ্র্যাঞ্চাইজি বা পরিচিত গল্পের ওপর ভিত্তি করে নয় বরং সম্পূর্ণ নিজস্ব ঢঙে গল্প বলাতেই ‘সিনার্স’ আলাদা হয়ে উঠেছে। এটি একই সাথে হরর, মিউজিক্যাল, গ্যাংস্টার থ্রিলার এবং ঐতিহাসিক ড্রামা। পরিচালক রায়ান কুগলার একে তাঁর প্রয়াত মামার প্রতি এক ‘ভালোবাসার চিঠি’ হিসেবে বর্ণনা করেছেন। প্রেক্ষাগৃহে দর্শকদের অভূতপূর্ব সাড়া আর অস্কারের এই বিশাল স্বীকৃতি প্রমাণ করে যে, সৃজনশীল স্বাধীনতা আর শেকড়ের গল্প আজও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত হতে পারে।
তুর্কি নায়িকার সঙ্গে তুলনা, অপুর নতুন লুক নজর কেড়েছে নেটিজেনদের

তুর্কি নায়িকার সঙ্গে তুলনা, অপুর নতুন লুক নজর কেড়েছে নেটিজেনদের সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ লিখেছেন, আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ। আবার কেউ মন্তব্য করেছেন, এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে। অনেকেই অপুর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন। শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী লিখেছেন, নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ। মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ৯৩ লাখ অনুসারীর এই ফেসবুক পেজে অপুর জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, তা স্পষ্ট হয়ে ওঠে এই প্রতিক্রিয়ায়। মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তাঁর নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই জুটি উপহার দিয়েছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ছায়াবৃক্ষ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও নতুন কাজ নিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।
মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১ মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছেন। মেয়র কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় গ্তকাল সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনার পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফুটবল ম্যাচ শেষে বন্দুকধারীরা মাঠে হামলায় চালায়। এতে ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মেয়র কার্যালয় জানিয়েছে, গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র। তবে সম্প্রীতি সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কাছে আবেদন করেছেন। এছাড়া গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে,তারা এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ফেডারেল কর্তৃপক্ষের সাথে তদন্ত এবং সমন্বয় করে যাচ্ছেন। গত বছর গুয়ানাজুয়াতোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সান্তা রোজা ডি লিমা নামে একটি স্থানীয় গ্যাং শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের সাথে লড়াই করছে। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে, ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক। এটি মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরেতে তিনটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করবে। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অন্য দুটি স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি খেলা এবং দুটি করে আন্তঃকনফেডারেশন প্লে-অফ অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার দলবদলের বাজারে ফের ঝড় তুলতে যাচ্ছে সৌদি আরব। বিশাল পরিকল্পনা নিয়ে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্লাবগুলো। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সৌদি ক্লাবগুলোর নজরে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের অভিজ্ঞ উইঙ্গার মোহামেদ সালাহ। তবে এখানেই শেষ নয়। ব্রিটিশ রেডিও ও ক্রীড়া মাধ্যম টকস্পোর্ট দাবি করেছে, সৌদি লিগ এবার বিশ্বের সেরা ৫০ জন ফুটবলারকে টার্গেট করেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোসহ একাধিক ইউরোপীয় তারকা। এই খবর প্রকাশের পর তিন বছর আগের মতো আবারও ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় হারানোর আশঙ্কায় পড়েছে। সৌদি আরবের এই আগ্রাসী পরিকল্পনার পেছনে রয়েছে বড় লক্ষ্য। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের ঘরোয়া লিগকে আগেভাগেই বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিগে পরিণত করতে চায় দেশটি। সেই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া চলতি মৌসুম শেষে সৌদি লিগ ছাড়তে পারেন এনগোলো কান্তে, ফ্যাবিনহো ও করিম বেনজেমাসহ কয়েকজন বড় তারকা। চুক্তি নবায়ন না করায় তাদের জায়গা পূরণে নতুন সুপারস্টার আনতেই এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে সৌদি ক্লাবগুলো। মোহামেদ সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা সৌদি ক্লাবগুলোর অনেক দিনের। তারকা পরিচয়ের পাশাপাশি মুসলিম ফুটবলার হওয়ায় সালাহকে আদর্শ প্যাকেজ হিসেবেই দেখছে তারা। সাম্প্রতিক সময়ে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও তাকে ঘিরে জল্পনা বাড়িয়েছে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। চুক্তির শেষ পর্যায়ে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে বড় অঙ্কে বিক্রি করতে লিভারপুলও অনাগ্রহী নাও থাকতে পারে। জানা গেছে, আল হিলাল, আল কাদিশা ও নিওম এফসি এই তিন সৌদি ক্লাব তাকে পেতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর রয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের সম্পর্কও পুরোপুরি মসৃণ নয়। ব্রাজিলিয়ান তারকার দাবি, কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও বোনাস যা দিতে রাজি নয় রিয়াল। নতুন কোচ আলভারো আরবেলোয়া ভিনিকে রাখতে চাইলেও তার শর্ত পূরণ না হলে চুক্তি নবায়ন অনিশ্চিত। এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার সক্ষমতা কেবল সৌদি ক্লাবগুলোরই রয়েছে। তবে ২৫ বছর বয়সী ভিনি সৌদি আরবে গেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কায় সেখানে যেতে অনিচ্ছুক। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডস্কির ক্ষেত্রে সে দুশ্চিন্তা নেই। বরং বার্সেলোনাও তাকে বিক্রি করতে আগ্রহী। বয়সের বিবেচনায় সৌদি লিগই হতে পারে তার জন্য উপযুক্ত গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্লাব ছাড়তে চাইলেও আমোরিম ছাঁটাই হওয়ায় সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। আর ক্যাসেমিরো ম্যানইউ ছাড়লেও সৌদি আরবে নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার দিকেই ঝুঁকছেন বলে জানা গেছে। সব মিলিয়ে, আসন্ন দলবদলের বাজারে সৌদি আরব যে আবারও ইউরোপীয় ফুটবলে বড়সড় আলোড়ন তুলতে যাচ্ছে সে ইঙ্গিত এখন স্পষ্ট।