টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলো

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলো আরও একবার বিশ্বসেরা ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৭ বছর পর। নিজেদের সেরা প্রমাণ করলেন রোহিত শর্মারা। ২০১৩ সালের পর ক্রিকেটের কোনো বিশ্ব আসরে এই প্রথম চ্যাম্পিয়ন হলো ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল দলটা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার (২০১৭), টি-২০ বিশ্বকাপে একবার (২০১৪) এবং ওয়ানডে বিশ্বকাপে একবার (২০২৩) ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও দুবার ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত হয়েছে। অবশেষে সাফল্য ধরা দিলো রোহিত শর্মাদের হাতে। গতকাল রাতে বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে এসে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন গোটা বিশ্বকাপে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা বিরাট কোহলি। ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। ১৫ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। চলুন এক নজরে দেখে নিই টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে কে কোনো পুরস্কার জিতলো… চ্যাম্পিয়ন: ভারত রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট) ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান) স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১), সর্বোচ্চ উইকেট: ফজল হক ফারুকি ও আরশদীপ সিং (১৭ উইকেট), সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান), সেরা বোলিং ফিগার: ফজল হক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা), সর্বোচ্চ স্ট্রাইক রেট: শেই হোপ (১৮৭.৭১), সেরা ইকোনোমি: টিম সাউদি (৩.০০), সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি), সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি), সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি), সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান), সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।

বিশ্বকাপ জেতার পর কত প্রাইজমানি পেল ভারত?

বিশ্বকাপ জেতার পর কত প্রাইজমানি পেল ভারত? ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর। শনিবার রাতে বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে এসে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এবারের বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা প্রাইজমানির ঘোষণা দিয়ে রেখেছে আইসিসি। অংশগ্রহণকারী প্রত্যেক দলই মোটা অঙ্কের অর্থ পেয়েছে। সবচেয়ে বেশি অর্থ গেছে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ঝুলিতে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রোহিত-কোহলিরা প্রাইজমানি হিসেবে নিয়ে গেছেন ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকা)। রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকাও পেয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলে ৭ রানে হারলেও পাচ্ছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা। সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। প্রথমবার সুপার এইটে খেলা বাংলাদেশ পেয়েছে এই পরিমাণ অর্থ। সমান অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও। নবম থেকে দ্বাদশ এবং ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলোও পাচ্ছে দুই কোটি টাকার বেশি।

চাঁপাইনবাবঞ্জে পৃথক হত্যা ও অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক হত্যা ও অস্ত্র মামলায় নাসিম আলী ও জাহিরুল ইসলাম নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে হত্যা মামলায় নাসিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। অপরদিকে অস্ত্র মামলায় জাহিরুলকে পৃথক অপর এক ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় জাহিরুলকে যাবজ্জীবন দন্ড ভোগের পর ৭ বছর দন্ড ভোগ করতে হবে। আজ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ হিসেবে হত্যা মামলার ও সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে অস্ত্র মামলার রায় ঘোষণা করেন মোহা: আদীব আলী। এ সময় উভয় আসামী অনুপস্থিত(পলাতক) ছিলেন। হত্যা মামলায় দন্ডিত নাসিম জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামের মো. সেসরুলের ছেলে। হত্যার শিকার রংমিস্ত্রী জিয়াউর রহমান টকিন তর্তিপুরের মানিরুল ইসলামের ছেলে। অস্ত্র মামলায় দন্ডিত জাহিরুল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম হত্যা মামলার ব্যাপারে বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইল কেড়ে নেবার জন্য বাড়ির নিকটে টকিনকে লঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাসিম ও তার এক কিশোর সহযোগি। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন টকিনের পিতা মানিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে র্চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার নাসিমকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। মামলার কিশোর আসামীর বিচার শিশু আদালতে চলছে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ। অস্ত্র মামলার ব্যাপারে পিপি বলেন, ২০২২ সালের ৩১ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয় এলাকা থেকে জাহিরুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক আকরামুল হক জাহিরুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩০ জুন বিক্রির উদ্দেশ্যে বেআইনি অস্ত্র হেফাজতে রাখায় একমাত্র জাহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত জাহিরুলকে দোষি সাব্যস্ত করে সাজা দেন । আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রেজাউল আহসান রহিম।

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে মৃত ১১, আবারও ভারি বর্ষণের পূর্বাভাস

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে মৃত ১১, আবারও ভারি বর্ষণের পূর্বাভাস বৃষ্টির মৌসুম শুরুর প্রথমেই রেকর্ড বৃষ্টিতে ভারতের রাজধানী অঞ্চল দিল্লির বহু নিচু এলাকা ডুবে গেছে ও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নগরীটিতে আবারও ভারি বৃষ্টির পূর্বাভাসে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। গত শুক্রবার দিল্লিতে রেকর্ড-ভাঙা বৃষ্টি হয়েছে। এদিন নগরীটিতে ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর নগরীটিতে আজ ও আগামীকাল ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, মৌসুমি বায়ু এগিয়ে আসছে, উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে তাপদাহে দগ্ধ হচ্ছিল দিল্লি। এক পর্যায়ে নগরীর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এই তাপদাহে বহু মানুষের মৃত্যু হওয়ার পর শুক্রবার থেকে নগরীজুড়ে শুরু হয় প্রবল বর্ষণ, এতে তাপমাত্রা নেমে গরম থেকে স্বস্তি মিললেও অতি বৃষ্টিতে ফের মৃত্যুর ঘটনা ঘটছে ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে প্রায় ৬৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই এর এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে।

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট আজ রবিবার জাতীয় সংসদে পাস হয়েছে। বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে আজ এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামীকাল থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ গত ৬ জুন সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট উপস্থাপন করেন। এরপর অধিবেশনজুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। বিরোধী দলের সদস্যরা নতুন বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন। বাজেটের ওপর প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও অর্থমন্ত্রীসহ ২৩৬ এমপি বক্তব্য রাখেন। আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। দাবিগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয়। সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। সংসদে শনিবার অর্থ বিল ২০২৪ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর সংক্রান্ত বিধিবিধানও অনুমোদিত হয়। বাজেটে ব্যক্তির সর্বোচ্চ করহার ৩০ শতাংশ প্রস্তাব করা হলেও সংসদ তা গ্রহণ করেনি। এর পরিবর্তে সর্বোচ্চ কর বিদ্যমান ২৫ শতাংশই বহাল থাকছে। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর বহির্ভূত ১৫ হাজার কোটি টাকা, কর ব্যতিত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৪.৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির ৫.২ শতাংশ। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান এবং ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৫ হাজার ৪০০ কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২৩ হাজার ৪০০ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৮ হাজার কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক শিবগঞ্জে শিরিন বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলাম মনিরুলের বিরুদ্ধে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল দিবাগত রাতে দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী মাইনুল ইসলাম মনিরুলকে আটক করেছে পুলিশ। নিহত শিরিন বেগমের জামাই দেলওয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে দেড়টার দিকে মাইনুল ওরফে মনিরুল তার স্ত্রী শিরিন বেগমকে দেশীর অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা ছুটে এসে শিরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে মারা যান তিনি। এদিকে মাইনুল ওরফে মনিরুলকে এলাকাবাসী আটকে রেখে শিবগঞ্জ থানা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তবে, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াদীন রয়েছে।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুটি হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের মো. আব্দুল রশিদের ১০ বছরের কন্যা বর্ষা খাতুন এবং অন্যজন আনুমনিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি সাজ্জাদ হোসেন জানান, আজ দুপুরে বর্ষা খাতুন বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এসময় অটোর সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অটোচালক পলাতক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে আজ সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ৫৫ বছরের ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি। এঘটনায় ট্রাকটি আটককরা গেলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি তাছমিনা খাতুন। সভায় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক-তদন্ত এসএম নুরুল কাদির সৈকত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর তাজকেরাতন নেসা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. শহীদুল ইসলাম শহীদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহা: সালেহউদ্দীন, এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধ অলিউল ইসলামসহ অন্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার শিমুল ও সহকারী প্রযোজক(অনুষ্ঠান ও খবর)উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মানের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, নাটক ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক বার্তা সম্প্রচারের বিষয়ে আলোচনা করা হয়।

ফাইনালের দায়িত্বে রোহিতদের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার

ফাইনালের দায়িত্বে রোহিতদের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবরো। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছে ভারত। কারণ, তার দায়িত্বে পরিচালিত হওয়া নক-আউটের ম্যাচগুলোতে কোনো সাফল্য নেই রোহিত-কোহলিদের। তবে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নয়। থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো। শুরুটা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো। হারে ধোনির ইন্ডিয়া। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ম্যাচেও কেটলবরো ছিলেন অনফিল্ড আম্পায়ার। ২০১৬ সালে নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা। সেবারও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ সালে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে কেটলবরো দায়িত্ব পালন করেছিলেন। তবে এর একটি ম্যাচেও জিততে পারেনি ভারত।

ট্যাংকসহ নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার মৃত্যু

ট্যাংকসহ নদীতে ডুবে ৫ ভারতীয় সেনার মৃত্যু ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় দেশটির পাঁচ সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের চীন সীমান্তবর্তী দৌলতবেগ ওলদি এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাংকটি মাঝ নদীতে ছিল তখন হঠাৎ করে পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান। এ ঘটনার পর পাহাড়ি নদীটিতে উদ্ধার অভিযান চালিয়ে নিহত পাঁচ সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের প্রতি এই সেনা সদস্যদের একনিষ্ঠ কর্তব্যের কথা অবিস্মরণীয় থেকে যাবে। আমার অন্তর থেকে মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। দেশের মানুষ শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে।’ টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, টি-৭২ হলো অত্যাধুনিক ট্যাংক। এ ধরনের ট্যাংকগুলো কাদামাটি, উঁচু-নিচু রাস্তা, পাথুরে জমিতেও অবলীলায় চলতে পারে। পাশাপাশি অল্প পানি রয়েছে, এমন জায়গাতেও পারাপার করতে পারে এই ট্যাংকগুলো। তবে তারও একটি সীমা রয়েছে। অতিরিক্ত পানি রয়েছে এমন জায়গা দিয়ে পার হতে পারে না।