যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ যুক্তরাজ্যের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ইতোমধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির নেতা কিয়ার স্টারমার। এর মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টির দীর্ঘ ১৪ বছরের শাসনামলের অবসান হল। দায়িত্ব গ্রহণ করেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন নতুন প্রধানমন্ত্রী স্টারমার। প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন মুসলিম নারী। তার নাম শাবানা মাহমুদ। শাবানা মাহমুদের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। তবে তিনি পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ-কাশ্মীর বংশোদ্ভূত। তার বাবা-মা আজাদ কাশ্মীরের মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন। তবে শাবানা মাহমুদের শৈশব কেটেছে সৌদি আরবের তায়েফে। তিনি ইংরেজির পাশাপাশি উর্দু ও মিরপুরি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ২০১০ সালে তিনি প্রথমবারের মতো অ-ব্রিটিশ মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যান। ওই বছরই প্রথম মুসলিম অ-ব্রিটিশ হিসেবে আরও দু’জন নারী (বাংলাদেশি রুশনারা আলী ও পাকিস্তানি ইয়াসমিন কুরেশি) সংসদ সদস্য হয়েছিলেন। শাবানা মাহমুদ হলেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী। শুধু তাই নয়, তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী ‘লর্ড অব চ্যান্সেলর’ নামের এই প্রাচীন পদটি গ্রহণ করলেন। এদিকে, যুক্তরাজ্যের নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী অর্থমন্ত্রী।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। আজ বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা গেলে তিনি স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। বাকিংহাম প্রাসাদের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদপত্যাগপত্র গ্রহণ করেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে জয়ী হওয়ার পর কিয়ার স্টারমার বলেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ আর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে স্টারমার বলেছেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে। ইটের ওপর ইট তুলে দেশের অবকাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। নতুন নতুন বিদ্যালয় ও ঘর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডে ৪টি সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় ৪টি সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তা ৪টি হচ্ছে ৩ নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লায় ২ টি রাস্তা, ৩ নম্বর ওয়ার্ডের ঢাবপাড়া মহল্লায় ১টি ও ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হালুয়াবান্দা মহল্লায় ১টি। রাস্তাগুলো নির্মাণের ফলে ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে। এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমনিক ২০ লক্ষ ৫০ হাজার টাকা।
ফাইনালের আগে আজ রাতে মুখোমুখি হবে স্পেন-জার্মানি

ফাইনালের আগে আজ রাতে মুখোমুখি হবে স্পেন-জার্মানি একদিকে স্পেন-জার্মানি অন্যদিকে পর্তুগাল-ফ্রান্স। ইউরোর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে যেন ফাইনালের রোমাঞ্চ উপহার দিচ্ছে। আজ রাত ১০টায় স্টুটগার্টে স্বাগতিক জার্মানদের মুখোমুখি উড়ন্ত স্পেন। ম্যাচটি ঘিরে এরই মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির বহুল প্রতিক্ষীত এই ম্যাচটির দিকে চোখ থাকবে ফুটবল বিশ্বের। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মোকাবিলা করবে। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে স্পেন। গত রোববার শেষ ষোলোর ম্যাচে তারা জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে। এ নিয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। লুইস ডি লা ফুয়েন্তের তারুণ্যনির্ভর দল আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই জার্মানির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। শেষ পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশিপে এই প্রথম তারা শেষ আটের টিকেট পেয়েছে। এমনকী খোদ জার্মানির জসুয়া কিমিচ স্বীকার করেছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় দল হলো স্পেন। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা স্পেন ১৯৮৮ সালের পর জার্মানির বিপক্ষে শেষ ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের একটিতেও হারেনি। ছয়টি ম্যাচের তিনটিতে জয় ও তিনটি ড্র হয়েছে। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে এই দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। স্পেনের একটি অভিশপ্ত রেকর্ড রয়েছে। ইউরো কিংবা বিশ্বকাপের নক আউট পর্বে কখনই তারা স্বাগতিক দেশকে হারাতে পারেনি। ১৯৩৪ সালের পর থেকে এমন নয়টি ম্যাচেই প্রতিটিতেই তারা পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে, ১৯৯৬ সালের পর প্রথম ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক জার্মানি। বিশ্বকাপে ১৪ বার ও ইউরোতে পাঁচবার মিলিয়ে সর্বমোট ১৯তম কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে জার্মানি। বৈশ্বিক এই দুটি বড় টুর্নামেন্টে আর কোনো দল এতবার শেষ আটে খেলেনি। ইউরো ২০২৪’এ সবচেয়ে বেশী গোল (১০), সবচেয়ে বেশী আক্রমন (২৬৫), গোলের সবচেয়ে বেশী শট (৭১), গড়ে সর্বোচ্চ পজিশন (৬২%) নিয়ে শেষ আটে খেলতে নামবে জার্মানরা। তার ওপর বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে থাকছে স্বাগতিক সমর্থক। সব মিলিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সব ক্ষেত্রই প্রস্তুত আছ। এখন শুধু মাঠে নিজেদের প্রমাণের অপেক্ষা। ঘরের মাঠে শেষ আট ম্যাচে অবশ্য লা রোজাদের বিপক্ষে অপরাজিত রয়েছে জার্মাান। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে এখনো কোনো স্বাগতিক দল বিদায় নেয়নি। আজকে ম্যাচে স্প্যানিশ বস ডি লা ফুয়েন্তে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল ও অ্যাথলেটিকো বিলবাও নিকো উইলিয়ামস তিন জনের আক্রমনভাগে অধিনায়ক আলভারো মোরাতার সঙ্গী হবে। সেন্ট্রাল মিডফিল্ডে পেড্রিকে ছাড়িয়ে ওলমো ও মিকেল মেরিনোর খেলার সম্ভাবনাই বেশী। তবে মূল একাদশে রড্রি ও ফাবিয়ান রুইজের সাথে পেড্রিও খেলতে পারেন। পায়ের ইনজুরি কাটিয়ে নাচো ফার্নান্দেজের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। তাকে জায়গা দিতে সেন্ট্রাল ডিফেন্সে লি নরমান্ড অথবা অমারিক লাপোর্তের মধ্যে একজন বদলী বেঞ্চে চলে যাবেন। ফুল-ব্যাক হিসেবে মাঠে নামবেন ডানি কারভাহাল ও মার্ক কুকুরেলা। অন্যদিকে সেন্টার-ব্যাক জোনাথান টাহ নিষেধাজ্ঞা কাটিয়ে জার্মান দলে ফিরছেন। ডেনমার্কের বিরুদ্ধে বাদ পড়েছিলেন লেফট-ব্যাক ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাডে। কিন্তু ডেভিড রমকে ছাড়িয়ে তারই মূল দলে ফেরার সম্ভাবনা বেশী। আক্রমনভাগে লেরয় সানের পরিবর্তে ফ্লোরিয়ান রিটজ ফিরতে পারেন।
নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর দুই বছর আগে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। কিন্তু মাত্র ৪৫ দিন পর তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। আর দুই বছর পর ভোটাররা তাকে পার্লামেন্ট থেকেই বিদায় করে দিয়েছেন। লিজ ট্রাসের নামের পাশে রয়েছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার লজ্জার রেকর্ড। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর একটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেন। কিন্তু তার এ পরিকল্পনা বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এরপর চাপে পড়ে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। ট্রাস তার নির্বাচনী আসনে ১১ হাজার ২১৭ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি মাত্র ৬৩০ ভোটের ব্যবধানে হেরেছেন। এবারের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির যে বিপর্যয় হয়েছে; সেটি আরও ফুটে উঠেছে লিজ ট্রাসের পরাজয়ের মাধ্যমে। ট্রাস যে নির্বাচন হারবেন— এমন চিন্তা খুব কম মানুষই করেছেন। কারণ তার আসনটি কনজারভেটিভদের শক্তিশালী ঘাঁটি ছিল। এর আগে ১৯৯৭ সালের নির্বাচনে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল পোর্টিলো হেরে গিয়েছিলেন। আর এবার হারলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভদের শোচনীয় পরাজয়ের ব্যাপারে আগে থেকেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই নির্বাচনের পর যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন এটি স্পষ্ট হওয়া শুরু করে।
হজে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫১৯৮১ জন

হজে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫১৯৮১ জন চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন , আজ হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১২৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। এদিকে, চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬০ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ৪৩ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবার নাম পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল। সর্বশেষ ৪ জুলাই ইসমাইল হোসেন নামে (৬৪) নামে একজন হাজি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।
বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের আগামীকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জসিম উদ্দিনের। চোখে-মুখেও ছিল দাম্পত্য জীবন শুরুর স্বপ্ন। কিন্তু তার সে স্বপ্ন নিমিষেই মিশে গেল। আজ বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে প্রাণ হারান জসিম উদ্দিন। জসিম গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ মহাদেবপুরের মহিষবাথানে চাকুরি করতেন। স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, জসিম উদ্দিন মোটরসাইকেলে করে যাওয়ার সময় দেবীপুর মোড়ে পৌঁছালে গ্রামের মধ্যে থেকে উঠে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জসিম উদ্দিন ২০২৩ সালের ৯ জানুয়ারি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে যোগদান করেন। তিনি প্রয়াসের ইউনিট-৬২ (মহিষবাথান), মহাদেবপুর, নওগাঁ অফিসে প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। এদিকে জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন। গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ (মহিষবাথান) অফিসের প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিনের মৃত্যুতে প্রয়াস পরিবারের সকলে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আজ রাত ৯টায় স্থানীয় গোরস্থানে জসিম উদ্দিনের জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় প্রয়াসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ ও ৯ জুলাই রাশিয়া সফর করবেন। ক্রেমলিন আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-ভারত সম্পর্কের আরো উন্নয়নের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডায় প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবেন’। মস্কো ইউক্রেনে যুদ্ধ শুরর পর রাশিয়ায় এটি মোদির প্রথম সফর। পশ্চিমাবিশ্বে বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে পুতিন মোদিকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল। পাশাপাশি ভারত রুশ তেলের ক্রয় বাড়িয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোতে যোগ দেয়নি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদির মধ্যে বৈঠক হয়। সেখানে মোদিকে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে সংঘাত সম্পর্কে মোদির ‘উদ্বেগ’ তিনি বুঝতে পারেন। মোদি চান, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ এ যুদ্ধ শেষ হোক। এই বছরের শুরুর দিকে ভারত বলেছিল, তারা রাশিয়াকে তাদের কিছু নাগরিককে মুক্তি দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যারা রুশ সেনাবাহিনীতে সহায়ক হিসেবে চাকরি করতেন। এর আগে রুশ সীমান্ত শহরে আটকা পড়া কয়েকজন ইউক্রেনে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। ভারত তার নাগরিকদের ‘এই সংঘাত থেকে দূরে থাকার’ আহ্বান জানিয়েছে। নয়াদিল্লি কিয়েভের কট্টর সমর্থক না। তবে গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি শীর্ষ শান্তি সম্মেলনের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করে দেশটি। ওই বিবৃতিতে যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানানো হয়েছিল। এ ছাড়া ভারত রুশ তেলের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রাশিয়া সেখানে অত্যন্ত প্রয়োজনীয় একটি রপ্তানি বাজার পেয়েছে। তবে অর্থপ্রদানের সমস্যা ও রুশ রপ্তানিকারকরা আয় ফিরিয়ে আনতে পারছেন না বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত মোদি শেষবার রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। তিনি দেশটির সুদূর পূর্বের শহর ভ্লাদিভোস্টকে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন।
হজ শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজার হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজার হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৫ হাজার ৪৩২ জন। তাঁরা ১১৫টি ফ্লাইটে দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৪২টি ফ্লাইট পরিচালনা করে। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৩ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় দুজন মারা যান। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন। গত ১৫ জুলাই পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে। এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।
আগামী ২৮ আগস্ট শুরু ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

আগামী ২৮ আগস্ট শুরু ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। আগামী ২৮ আগস্ট এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আজ পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১২ টায়। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ৪৬তম বিসিএসসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।