ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে খরা প্রতিরোধের লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ধারণ পরিমাণ বৃদ্ধির লক্ষে পুকুর খনন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ‘বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স : এ ফিল্ড ডে অন পন্ড মেজারমেন্ট’ শিরোনামে একটি প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সদর উপজেলার আমারকে প্রয়াস ভেড়া ও টার্কির প্রজনন খামারে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেনÑ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক। প্রশিক্ষকগণ একটি পুকুরের আয়তন ও পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় বিষয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন- পিকেএসএফ’র ব্যবস্থাপক এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. রবিউজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ নূর-ই-আলম, সহকারী প্রকল্প সমস্বয়কারী ইমরান হোসেন ও ওয়াহিদুল হক অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক ও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, হিসাবরক্ষক সফিকুল ইসলামসহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ওয়েভ ফাউন্ডেশন, এসকেএস ফাউন্ডেশন, মৌসুমী, শাপলাসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় দিবস তিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। দিবস তিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সভায় গত বছরের কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় এবং মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঁশবাড়িয়া বিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার -ভূমি জুবায়ের হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে মৎস্যচাষী ও মৎসজীবি পর্যায়ে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নির্বাচনের দিনক্ষণ। আজ নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর হবে এবারের নির্বাচন। বাফুফে ভবনে সভা শেষে সালাউদ্দিন বলেন, ‘আজ আমাদের সভায় নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে আমরা নির্বাচন করছি। ‘ নির্বাচন পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগষ্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে। কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোটেল ভাড়া বৃদ্ধি হবে এবং আগস্ট হচ্ছে শোকের মাস। আর তাই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। সালাউদ্দিন বলেন, ‘নারী বিশ্ব কাপের সময় নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে সংকট থাকবে। তখন হোটেল ভাড়া বেশি থাকবে। এছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে অনেক কাজ থাকে। আমাদের অনেক সদস্য পার্লামেন্টের মেম্বার। তারা সেই সময় ব্যস্ত থাকবেন। তাই আমরা ৩ অক্টোবরের পরিবর্তে ২৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ‘ এদিকে টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা, এমন প্রশ্ন উঠেছে এবার। তবে এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি এটা আপনাদের বলতে বাধ্য? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ‘

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র!

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র! সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালের আগে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। যা ২০২৬ বিশ্বকাপ আয়োজকদের বেশ শঙ্কায় ফেলেছে। উত্তর আমেরিকায় আসন্ন এই ফিফা বিশ্বকাপ আদৌ সফলভাবে আয়োজন সম্ভব কিনা, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রোববার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়া বনাম আর্জেন্টিনার মধ্যকার কোপার ফাইনাল ম্যাচটি সমর্থকদের উচ্ছৃঙ্খলতার কারণে ৮২ মিনিটে দেরিতে শুরু হয়। এতে স্টেডিয়ামে প্রবেশ করা সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছ। আয়োজকদের দাবি, টিকেটবিহীন সর্মথকরা এক পর্যায়ে স্টেডিয়ামে প্রবেশের জন্য জোড়াজুড়ি শুরু করলে প্রায় তিন ঘন্টা সকল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু যখন দেখা গেল এমন অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করেছে যাদের কাছে কোন টিকেট নেই তখন আয়োজকদের আর কিছুই করার ছিল না। আর এতেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হয়। প্রচন্ড গরমে এ সময় অনেককেই অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে। ৬৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মায়ামির স্টেডিয়ামটির সবগুলো গেটে তখন হাজার হাজার সমর্থকদের ভিড় চোখে পড়েছে। হার্ড রক স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও এবারের আয়োজক অন্য দুই দেশ হলো মেক্সিকো ও কানাডা। কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল। অন্যদিকে স্থানীয় আয়োজকদের সহায়তায় বিশ্বকাপ আয়োজন করে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ফক্স স্পোর্টস চ্যানেলের ফুটবল বিশেষজ্ঞ অ্যালেক্সি লালাস বলেছেন, ‘এটা মোটেই ভাল কোন লক্ষণ নয়। কনমেবলের জন্য বিষয়টি মোটেই ভাল হয়নি। কারণ ঘটনাটি আমাদের দেশে ঘটেছে। এখানেই আগামী দুই বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে।’ কোপা আয়োজনের ব্যাপারে ফিফার কোন ভূমিকা নেই। ফাইনালের এই ঘটনার পর ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন সূত্রমতে জানা গেছে, এরই মধ্যে ফিফা যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। হার্ড রক স্টেডিয়ামের সাবেক এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়, সেটা যে ধরনের ম্যাচই হোক না কেন। প্রতিটি দর্শককে টিকেট পরীক্ষা করে স্টেডিয়ামে প্রবেশ করানো উচিৎ ছিল। তিনি আরো বলেন, এই ম্যাচ দেখতে অনেক নারী ও শিশু এসেছিল। এমনও হয়েছে দুই হাজার ডলার ব্যয় করে টিকেট ক্রয় করেও তারা মাঠে প্রবেশ করতে পারেনি, যা খুবই দু:খজনক। ঘটনাটি কনমেবলের জন্য অত্যন্ত অস্বস্তিকর, একইসাথে হার্ড রক স্টেডিয়ামের জন্যও। এর আগে কলম্বিয়া ও উরুগুয়ের মধ্যকার শার্লটে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচেও বিক্ষুব্ধ সমর্থকরা মাঠে নেমে পড়েছিল। উরুগুইয়ান খেলোয়াড়রা স্ট্যান্ডে গিয়ে কলম্বিয়ান সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাদের দাবী স্ট্যান্ডে থাকা তাদের পরিবারের সদস্যদের কলম্বিয়ান সমর্থকরা হুমকি দিয়েছে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে সফলভাবে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। কিন্তু তখনকার থেকে এবারের স্টেডিয়ামগুলোতে আসনসংখ্যা আনুপতিক হারে বেড়েছে। যে কারণে দর্শক সমাগমও এবার বেশি হবে। কিন্তু নিরাপত্তার বিষয়ে প্রশ্ন বাড়তে থাকায় আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সব কিছু ঠিক থাকলে এ ভাষণ সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রচার হবে। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বার্তায় জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে। জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে।

‘অনুমানপ্রিয়’ মানুষদের ফের হতাশ করেলেন ভিকি

‘অনুমানপ্রিয়’ মানুষদের ফের হতাশ করেলেন ভিকি বিয়ের পর বলিউডি নায়িকাদের পোশাক এবং হাঁটাচলার ধরন দেখেই তাদের অনুরাগীরা ধরে নেন কোন নায়িকা মা হতে চলেছেন। ভক্ত-অনুরাগীদের এই ধরনের নজরে ফের ধরা পড়েছেন হিন্দি সিনেমার নায়িকা ক্যাটরিনা কাইফ। কিন্তু তার স্বামী অভিনেতা ভিকি কৌশল ফের হতাশ করেছেন সেই সব ‘অনুমানপ্রিয়’ মানুষদের। সম্প্রতি শেষ হওয়া মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে নিমন্ত্রিত ক্যাটরিনা-ভিকির ছবি ভাইরাল হলে এই নায়িকার মা হওয়ার গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের শাড়ি, মেকআপ নিয়েছিলেন নামমাত্র। কিন্তু ক্যাটরিনার চলন ও দাঁড়ানোর ভঙ্গি দেখে কিছু মানুষের মতামত হল, অভিনেত্রী হয়ত অন্তঃসত্ত্বা। ভিকিকে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তার আগামী সিনেমা ‘ব্যাড নিউজ়’র প্রচারে গিয়ে। এক সংবাদ সম্মেলনে অভিনেতাকে সামনে পেয়ে ‘সুখবর’ জানতে চান সাংবাদিকরা। ভিকি বলেন, “এখন আমি নিজের সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত, এক শহর থেকে অন্য শহরে যেতে হচ্ছে। ক্যাটরিনা তার নিজের কাজে ব্যস্ত। বিদেশে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় তাকে। আমরা একান্ত সময় খুব কমই পাচ্ছি। আপাতত যে সুখবরের কথা বলছেন সেটা একেবারেই সত্যি নয়। তেমন কিছু হলে আমরা নিজেরাই জানাব।” কিছু দিন আগে বিদেশ সফর শেষে মুম্বাই ফিরেছেন ক্যাটরিনা। বিমানবন্দরেও তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। সিনেমা সংশ্লিষ্ট তেমন কোনো অনুষ্ঠানে ক্যাটরিনার দেখা মেলে কম। সোশাল মিডিয়াতেও নেই ক্যাটরিনার নতুন কোনো ছবি। রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। সর্বশেষ ‘যশরাজ ফিল্মসের’ প্রযোজনায় ‘টাইগার থ্রি’ সিনেমায় পর্দায় আসেন ক্যাটরিনা। অ্যাকশন ধাঁচের ওই সিনেমায় তার নায়ক ছিলেন সালমান খান। আর ভিকির সবশেষ সিনেমা ছিল ‘স্যাম বাহাদুর’। মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম বাহাদুরে’ ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হন ভিকি।

ওমান উপকূলে ট্যাংকারডুবি, ১৩ ভারতীয়সহ সমুদ্রে নিখোঁজ ১৬ ক্রু

ওমান উপকূলে ট্যাংকারডুবি, ১৩ ভারতীয়সহ সমুদ্রে নিখোঁজ ১৬ ক্রু ওমান উপকূলে একটি তেল ট্যাংকার ডুবে গেছে। এতে নৌযানটির ১৬ জন ক্রু নিখাঁজ হয়েছেন। নিখোঁজ এসব ক্রুদের ১৩ জন ভারতীয় নাগরিক। জোর তল্লাশি চালানো হলেও প্রেস্টিজ ফ্যালকন নামক ওই ট্যাংকারের ক্রু সদস্যদের এখনও খোঁজ মেলেনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমানের উপকূলে ডুবে যাওয়ার পর একটি তেল ট্যাংকারের ১৩ ভারতীয়সহ ১৬ ক্রু নিখোঁজ হয়েছেন বলে মধ্যপ্রাচ্যের এই দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে। ট্যাংকারের বাকি তিনজন ক্রু ছিলেন শ্রীলঙ্কান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী এই তেল ট্যাংকারটি বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি মূলত মধপ্রাচ্যের এই সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর কাছাকাছি অবস্থিত যার মধ্যে একটি বড় তেল শোধনাগারও রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ। ডুবে যাওয়া নৌযানটিকে প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমএসসি জানিয়েছে, জাহাজের ক্রুরা এখনও নিখোঁজ। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কম-এর মতে, ডুবে যাওয়া তেল ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ এই তেল ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক গুলিতে নিহত শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক দামিকা নিরোশোনা গুলিতে নিহত হয়েছেন। আমবালাগোদায় নিজ বাসার বাইরে অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে মারা গেছেন ৪১ বয়সী সাবেক এই ক্রিকেটার। হত্যাকারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ঘটনা তদন্ত ও ঘাতকে চিহ্নিত করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। আমবালাগোদায় স্ত্রী ও দুই সন্তানসহ বাস করতেন দামিকা। লঙ্কান যুব দলে মাত্র ৪ বছর খেলেছেন এই ক্রিকেটার। ২০০০ সালে অভিষেক হওয়ার পর তার সংক্ষিপ্ত ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৪ সালে। ২০০২ সালে কয়েকদিনের জন্য লঙ্কানদের নেতৃত্বও দিয়েছেন দামিকা। তবে কখনো সিনিয়র দলে খেলেননি তিনি। দামিকার বেশ কয়েকজন সদস্য পরবর্তীতে শ্রীলঙ্কা দলের তারকা ক্রিকেটার বনেও গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থারাঙ্গা ও ফারভেজ মাহারুফ।

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক! ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দেখাতে যাচ্ছেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক। তবে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই বদলে গেছে সব হিসাব। ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, আপাতত ভারতের অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের। জাতীয় দলের নেতৃত্ব পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে আরো অপেক্ষা করতে হবে। তার পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসেবে প্রকাশ করবে ভারত। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন এই ব্যাটার। সূর্যকুমার ভারতীয় দলকে দুইটি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। এদিকে হার্দিককে দলে সহ-অধিনায়ক হিসেবেই রাখা হবে।