২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ

২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন লাউতারো মার্টিনেজ ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী। সিরি-আ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃবিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি ইন্টারন্যাশিওনালে মিলানো লাউতারো মার্টিনেজের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবের চুক্তি সম্পন্ন হয়েছে।’ নতুন চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে লাউতারো ইন্টার থেকে নয় মিলিয়ন ইউরো মূল বেতন পাবে। আগের চুক্তিটি দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল। ইন্টার সভাপতি গুইসেপ্পে মারোত্তা গত মাসে জানিয়েছিলেন তিনি ইতোমধ্যে লাউতারোর সাথে নতুন চুক্তি সম্পর্কে আলোচনা সম্পন্ন করেছেন। কিন্তু কোপা আমেরিকার জন্য ছুটিতে থাকার কারনে নতুন চুক্তির কোনো ঘোষণা দেওয়া হয়নি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পেছনে লাউতারোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে একমাত্র গোলটিসহ পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচ গোল। এ ছাড়া গত চার মৌসুমে ইন্টারকে দ্বিতীয় সিরি-এ শিরোপা জয়েও সহযোগিতা করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে মিলান লিগ শিরোপা ঘরে তুলে। এই জয়ে অধিনায়ক লাউতারো ৩৩ লিগ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেছেন। আবারো ইন্টারের সাথে লাউতারোর থাকা সিদ্ধান্তে সিরি-আ চ্যাম্পিয়নরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হঠাৎ করেই ইন্টারের মালিকানা পরিবর্তিত হওয়ায় লটারোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। ২০তম লিগ শিরোপা জয়ের মাত্র একদিন আগে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াকট্রি ইন্টারের দায়িত্ব নেয়। বিদায়ী মালিক স্টিভেন ঝ্যাং ও সানিং শত শত কোটি টাকার ঋণখেলাপি করে গেছেন। যদিও তাদের অধীনে ইন্টার দুটি সিরি-এ শিরোপাসহ সাতটি শিরোপা জয় করেছে। এ ছাড়া দুটি ইউরোপীয়ান ফাইনালেও খেলেছে ইন্টার। এ মাসেই কোচ সিমোনে ইনজাগি ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। তারকা মিডফিল্ডার নিকোলো বারেলা ইউরো ২০২৪’কে সামনে রেখে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। শনিবার জেনোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার তাদের সিরি-আ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে।
বাতিল হলো ১৫ আগস্টের সাধারণ ছুটি

বাতিল হলো ১৫ আগস্টের সাধারণ ছুটি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রাতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ব্যাপক ঐক্যমত্য হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল।
আগামী সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়বেন জাপানের প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়বেন জাপানের প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে তিনি পুনর্র্নিবাচিত হওয়ার চেষ্টা করবেন না বলেও জানিয়েছেন। স্থানীয় সময় আজ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কিশিদা এসব কথা জানান। প্রতিবেদনে বলা হয়, সেম্টেম্বর মাসে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব সব করবো আমি।’ ঘোষণা অনুযায়ী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার তিন বছরের মেয়াদকালের অবসান ঘটবে। ২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিশিদা। দুর্নীতির কেলেঙ্কারিতে এলডিপি পার্টির জড়িয়ে পড়া, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও ইয়েনের মান পড়ে যাওয়ার মতো কয়েকটি কারণে কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে গেছে। গত মাসে তার পক্ষে জনসমর্থন নেমে মাত্র ১৫ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে জাপানের কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সর্বনিম্ন জনসমর্থন এটি। গত মাসে অপ্রত্যাশিতভাবে সুদহার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাংক। এর জেরে শেয়ার বাজারে অস্থিতিশীলতা ছাড়াও জাপানি মুদ্রা ইয়েনের দরপতন হয়েছে। গত মাসে জাপানি সংবাদমাধ্যম জিজি প্রেসের এক জনমত জরিপে দেখা যায়, কিশিদার জনসমর্থন এখন ১৫ দশমিক ৫ শতাংশে নেমে গেছে, যা ২০১২ সালের ডিসেম্বরে এলডিপি পুনরায় ক্ষমতায় আসার পর সর্বনিম্ন। আগামী ২০২৫ সালে জাপানের পরবর্তী জাতীয় নির্বাচন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা অষ্টম নেতা কিশিদা। রয়টার্স জানিয়েছে, কিশিদার সরে যাওয়ার ঘোষণায় এলডিপি পার্টিতে নতুন দলীয় প্রধান ও এর ধারাবাহিকতায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ মহানন্দা সেতুর টোল আদায়
চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ মহানন্দা সেতুর টোল আদায় জনসাধারণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় আপাতত বন্ধ করেছে সেনাবাহিনী। গতকাল সকাল থেকে এই টোল আদায় বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক এবং বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার হাম্মাদ আলী। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, টোল আদায় বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তে সাময়িকভাবে টোল আদায় বন্ধ হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়ার জন্য জেলার বিভিন্ন সংগঠন দাবী করে আসছিল। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। সম্প্রতি আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবী জানায়। এরই প্রেক্ষিতে গত ১২ আগস্ট গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার নজরে আসে। গতকাল সকালে সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল রাজ সেনা সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার সকাল ১০টার দিকে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখতে বলেন সেনাবাহিনীর আদেশে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন ইজারাদার। এজন্য সংশ্লিষ্ট ইজাদারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মহানন্দা সেতু’র টোল আদায় বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাতিক হলে সেনাবাহিনীর সদস্যরা আবারও নিজ দায়িত্বে টোল আদায় কার্যক্রম চালু করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে, গতকাল সকালে গণঅধিকার কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোল প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার হাম্মাদ আলী বলেন, দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমগুলো খুবই উপযোগী এবং অবশ্যই ভালো। আমিও চাই বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়া হোক। আমারও যানবাহন আছে। আমি এবং আমরা সকলেই উপকৃত হবো। তিনি বলেন, আমরা গত জুলাই/২৪ মাসে টোল প্লাজায় দায়িত্ব নিয়েছি সরকারের কাছে নিয়মমাফিক। রীতিমত সরকারের নিয়ম মোতাবেক ইজারার অর্থ, প্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স দিয়ে মহানন্দা সেতুর টোল ইজারা নিয়েছি। এই টোল ইজারায় প্রায় ৪০ জন অংশীদার রয়েছে। এখন হঠাৎ করে টোল আদায় বন্ধ করে দেয়ার আমরা চরম ক্ষতির মধ্যে পড়বো। তিনি বলেন, আমাদের লোকজনসহ সব মিলিয়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও ব্যাংক লোন নিয়ে আমিসহ অনেক অংশীদারই এখানে অর্থ জোগান দিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ বলেন, জনগণের দাবীর প্রেক্ষিতে এবং দেশের এমন অবস্থায় জেলায় কোন অস্থিশিল পরিস্থিতির সৃষ্টি হোক এটা আমরা চায় না। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু সরকার বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ইজারা দিয়েছেন, সেহেতু বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। যেহেতু ইজারাদাররা অর্থ দিয়ে ইজারা নিয়েছেন, সেহেতু ইজারাদাররা ক্ষতিগ্রস্থ হোক, এটাও আমরা চায় না। কিন্তু দেশের এমন পরিস্থিতে যেন কোন সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আপাতত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বলা হয়েছে, ইজারাদারও বিষয়টি মেনে নিয়েছেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। উল্লেখ্য, সোমবার গণঅধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোলা প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে নির্মানের পর থেকে মহানন্দা সেতুতে এখনো টোল আদায় অব্যাহত রয়েছে।
আগামীকাল থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন

আগামীকাল থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে না। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস কাল থেকে চলাচল শুরু হচ্ছে না। এদিকে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ রেলওয়ে।
ক্যাডার পদে নিয়োগ পেলেন বাদ পড়া ২৫৯ জন

ক্যাডার পদে নিয়োগ পেলেন বাদ পড়া ২৫৯ জন ২৮তম হতে ৪২তম বিসিএস পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৫৯ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগ শর্তে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের মেধাক্রম অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হয় বিধায় এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তগণের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই তারিখ হতে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। তাদের মূল ব্যাচের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে তার ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। শর্তে আরও বলা হয়, তাদেরকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যে-রূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদেরকে দুই বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শর্তে আরও বলা হয়. শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি হতে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন রকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যদি তিনি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। শর্তানুযায়ী, প্রার্থী ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র তাকে চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ ছাড়া প্রতি পাঁচ বছর পর পর ডিসেম্বর মাসে প্রদর্শিত সম্পত্তির হাস/বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ হতে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
শিল্পপ্রতিষ্ঠান হামলার হুমকি পেলে সেনাবাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান

শিল্পপ্রতিষ্ঠান হামলার হুমকি পেলে সেনাবাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান কোনো ব্যবসা কিংবা শিল্পপ্রতিষ্ঠান চাঁদাবাজিসহ হামলার হুমকি পেলে সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল মো. মঈন খান। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে না পারলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এ কারণে সর্বশক্তি দিয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নিরাপত্তা দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। বন্দরে কন্টেইনার জট কমানো এবং অন্যান্য অনিয়ম দূরীকরণে সেনাবাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা গেলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। ব্যবসা ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা গেলে অর্থনীতি গতিশীলতা ফিরে পাবে এবং এ লক্ষ্যে সেনাবাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে ব্যবসায়ী সমাজ আশান্বিত। এফবিসিসিআই সভাপতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবেন মর্মে জিওসিকে নিশ্চয়তা দেন। এ সময় শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া জানান, শিল্পের সুরক্ষায় ইতোমধ্যে অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। শিগগিরই বাকি সদস্যরা কাজে যোগ দেবেন। তা ছাড়া বেশিরভাগ শিল্পকারখানায় শ্রমিক উপস্থিতি আশাব্যঞ্জক। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে সামাজিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা থাকলে বিনিয়োগ হবে না। এ জন্য তিনি সবার আগে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানান এবং ব্যবসায়ীরা তাদের এ কাজে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও মো. জসিম উদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী প্রমুখ।
রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা হাত বাড়ালেন পৌর মেয়র

রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা হাত বাড়ালেন পৌর মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। আজ সকালে রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে এসে সহায়তা করেন। তিনি ব্যবসা পরিচালনার বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এ সময় উপস্থিত ছিলেন ৩ ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর মোজাহার আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকান্দুডে টি দোকান পুড়ে যায়। এতে ২ টি দোকানে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সূত্রে জানা যায়।
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪২৫ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলায় বিশেষ কায়দায় আমের ঝুড়িতে পাচারকালে ৪২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ইদ্রিস আলী। গতকাল রাতে কানসাট বাজার ব্রীজ এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ইদ্রিসকে হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মাদকের একটি বড় চালান পাচারের গোয়েন্দা তথ্যে একটি ব্যাটারীচালিত রিক্সাভ্যানের গতিরোধ করে ভ্যানে থাকা আমের ঝুড়ি তল্লাশী করে ফেনসিডিল পাওয়া গেলে ইদ্রিসকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
রহনপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রহনপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড উদয়নগর হইতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর তৈমুর রহমান তবু, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ গণ্যমান্য বৃক্তিবর্গ। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউআইডিপি-২ এর অর্থায়নে ৭৮ লাখ ১৯ হাজার ৫ শত ২৫ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়ক ও ড্রেনটি নির্মিত হচ্ছে।