মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল

মায়োর্কার মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল মৌসুমের শুরুর ম্যাচে রিয়াল মাদ্রিদকে দেখা গেল অচেনা রূপে। বিবর্ণ এই দলের বিপক্ষে নিজেদের জাত চেনাল মায়োর্কা। শুরুতে রিয়াল এগিয়ে গেলেও বাকি সময়টা আধিপত্য বজায় রাখল স্বাগতিকরা। গত মৌসুমের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসর শুরু করল তারা। লা লিগায় গতকাল রাতে মায়োর্কার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মুরিচি। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মায়োর্কা। পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে বক্স থেকে নেওয়া দানি রদ্রিগেসের শট উড়ে যায়। ত্রয়োদশ মিনিটে উল্টো এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে পাঠান রদ্রিগো। গোল পেয়ে রিয়াল মাদ্রিদ কিছুক্ষণ দাপট দেখালেও পরে তা আর ধরে রাখতে পারেনি। বিরতির পর ছন্দ খুঁজে পায় মায়োর্কা। এরই ধারাবাহিকতায় তারা এগিয়ে যায় ৫৩তম মিনিটে। রদ্রিগেসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন মুরিচি। ৬১তম মিনিটে ফের এগিয়ে যেতে পারত রিয়াল। তবে বক্স থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ৭০তম মিনিটে তিনি সুযোগ পান আবারও। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় রক্ষা পায় মায়োর্কা। শেষদিকে বড় ধাক্কা খায় রিয়াল। বাঁশি বাজার ঠিক পূর্বে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেরলান্দ মেন্দি। লা লিগায় পরের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তাকে পাবে না লস ব্লাঙ্কোসরা।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফেউ থাই পার্টির নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা। থাই রাজা মাহা ভাজিরালংকর্ন প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিশ্চিত করার পর ১৮ আগস্ট শপথ নেন তিনি। ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা বিতর্কিত সাবেক থাই প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিনের মেয়ে। বয়সের দিক থেকে তিনিই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গত শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন। তিনি থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী হলেন। এর আগে ফেউ থাই পার্টির আরেক নেতা স্রেথা থাভিসিন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘনের’ অভিযোগ মাথায় নিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন। একই সঙ্গে মন্ত্রীসভাও ভেঙে দেওয়ার রায় দেন আদালত। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়ে ১৪৫টি ভোট। পেতংতার্ন হলেন গত দুই দশকে সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হওয়া চতুর্থ ব্যক্তি। থাইল্যান্ডের স্কুল এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। পেতংতার্ন ২০২২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা দেখভাল করতেন। তার স্বামী ওই শিল্প গোষ্ঠীর উপ-প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত রয়েছেন।
যে দেশে চলন্ত স্যুটকেসে চড়ে ঘুরে বেড়ায় মানুষ

যে দেশে চলন্ত স্যুটকেসে চড়ে ঘুরে বেড়ায় মানুষ দেশটির নাম জাপান। তথ্য প্রযুক্তিতে নতুন নতুন সংযোজন ঘটানো-দেশটির জন্য নতুন কিছু না। আমাদের দেশে বাইসাইকেল বা মোটরসাইকেলে চড়তে পছন্দ করে মানুষ। বাইসাইকেল বা মোটরসাইকেলের আদলেই তৈরি হয়েছে চলন্ত স্যুটকেস। স্থানীয়রাই শুধু না জাপানে যারা বেড়াতে যান তাদেরও অন্যতম পছন্দ চলন্ত স্যুটকেস। তবে বিমানবন্দরে এই স্যুটকেসে চড়ে ঘুরে বেড়ানো যায় না। মোটরচালিত এই বৈদ্যুতিক স্যুটকেস দেখতে প্রায় শিশুদের স্কুটারের মতো। এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে। তবে চালককে সে দেশের আইন মানতে হয়। জাপানের আইন কঠোর। এই আইন মেনেই যে কেউ চলন্ত স্যুটকেস চালাতে পারেন। স্যুটকেস বিক্রেতাদের পুলিশ কর্তৃপক্ষের পক্ষে নির্দেশ দেওয়া আছে, স্যুটকেস বিক্রির আগে ক্রেতাদের জাপানের আইন সম্পর্কে সতর্ক করে দিতে হবে। এসব স্যুটকেস কত গতিতে চালাতে পারবেন, কোথায় চালাতে পারবেন না; সব আইনে বলা আছে। রাস্তায় চলতে হলে ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি আর কি কি লাগবে তাও জানিয়ে দেন বিক্রেতা। উল্লেখ্য, সম্প্রতি জাপানে বেড়াতে গিয়েছিলেন এক চীনা নারী। তিনি ওসাকার রাস্তায় এই স্যুটকেস চালিয়েছিলেন ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে। এরপরে জাপানের আইন অনুযায়ী ও পর্যটককে সাজা দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন স্বল্প জনসংখ্যার দেশ জাপানের খালি রাস্তায় মোরটসাইকেলের মতো চলন্ত স্যুটকেস ইচ্ছা মতো যেকোন গতিবেগে চালানো যায় না।
আবারও বাফুফেকে জরিমানা ফিফার

আবারও বাফুফেকে জরিমানা ফিফার দ্বিতীয়বারের মতো ফিফার জরিমানার কবলে পড়তে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এবার মাঠে দর্শক অনুপ্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে বাফুফের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন, ‘ফিফার চিঠিটি আমরা কয়েকদিন আগেই পেয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক প্রবেশের কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। ’ গত ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। ৮৮তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। ওই দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। দর্শক উচ্ছৃঙ্খলা জরিমানা গোনা বাফুফের জন্য নতুন নয়। ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।
ভরিতে ২৯০৪ টাকা বেড়ে স্বর্ণের দামে শ্রেষ্ঠ রেকর্ড !

ভরিতে ২৯০৪ টাকা বেড়ে স্বর্ণের দামে শ্রেষ্ঠ রেকর্ড ! দেশে স্বর্ণের দামে ইতিহাস শ্রেষ্ঠ রেকর্ড হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৮৫। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ৮১ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৫ জুলাই থেকে আজ পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৭৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে। আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় আহত ছাত্র-জনতার চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করাসহ কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে আহত ছাত্র-জনতা নানাভাবে আহত হয়েছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে। তাই তাদের অস্ত্রোপচার-পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। এ কারণে স্পেশালাইজড বিভাগে চিকিৎসক নার্স এবং রোগীর বৈধ প্রতিনিধি ছাড়া অন্য কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব ইউনিটে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। স্পেশালাইজড ইউনিটগুলোতে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অতি জরুরি।
ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে : ফারুক-ই-আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে : ফারুক-ই-আজম অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। আজ দুপুরে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন, ‘ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন। এবার সঠিকভাবেই তালিকা করা হবে। যারা মিথ্যা তথ্য দিয়েছেন, তারা অপরাধ করেছেন। তাই তাদের আইনের আওতায় আনা হবে।’ মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘প্রতারণার আশ্রয় নিয়ে তারা এত দিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।’ ফারুক-ই-আজম আরো বলেন, ‘আমরা দেশে কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছে, মুক্তিযোদ্ধাদের অবস্থা কী সব বিষয় যাচাই-বাছাই করে জনসাধারণের নিকট উন্মুক্ত করে দেব।’ পরে তিনি কোতোয়ালি থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ দিন পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

২৯ দিন পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক সারা দেশে অবশেষে পুরোদমে শুরু হলো ট্রেন চলাচল। আজ শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস। জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্ত নগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই ভোগান্তিও। এমনটাই বলছেন বেশির ভাগ যাত্রী। এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্ত নগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রীসংকট। তবে আন্দোলনে সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস বন্ধ। আর এতে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।
আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যগণ তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকাল রোববার একটি বৈঠকে মিলিত হবেন।
আঘাত হানল হারিকেন আর্নেস্টো

আঘাত হানল হারিকেন আর্নেস্টো হারিকেন আর্নেস্টো স্থানীয় সময় আজ ভোরে বারমুডায় আঘাত হেনেছে। এ সময় সেখানে প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যায়। এতে ব্রিটিশ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা বিপজ্জনক ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার সতর্কতা জারি করেছেন। মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে পুয়ের্তো রিকোতে আঘাত হানা ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় স্থলভাগে প্রবেশের পর বারমুডার দ্বীপপুঞ্জের ওপর দিয়ে যাচ্ছিল এবং এর সর্বাধিক গতি ছিল ঘণ্টায় ১৩৭ কিলোমিটার। এনএইচসি সতর্ক করে বলেছে, বারমুডার উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঝড় ও জলোচ্ছ্বাসের ফলে উল্লেখযোগ্য উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। উপকূলের কাছাকাছি জলোচ্ছ্বাসের সঙ্গে বিশাল ও ধ্বংসাত্মক ঢেউ দেখা যাবে। আর্নেস্টোর প্রভাবে বারমুডায় ১৫০ থেকে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হয়েছিল। এনএইচসি বলেছে, এই বৃষ্টিপাতের ফলে দ্বীপের নিম্নাঞ্চলে উল্লেখযোগ্য প্রাণহানিকর ঝুঁকিপূর্ণ আকস্মিক বন্যা হতে পারে। এদিকে বারমুডার বিদ্যুৎ কম্পানি বেলকো জানিয়েছে, ঝড়ে প্রায় ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া বারমুডার এলএফ ওয়েড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার পর রবিবার পর্যন্ত এটি বন্ধ থাকবে। আর্নেস্টো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।এটি স্থানীয় সময় শনিবার রাতে ধীরে ধীরে বারমুডা ছেড়ে যাবে এবং সোমবার রাতে পূর্ব কানাডার নিউফাউন্ডল্যান্ডের কাছাকাছি বা পূর্ব দিকে চলে যাবে বলে এনএইচসি জানিয়েছে।