বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ চলমান বন্যায় দেশে ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। আজ দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান। ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের ৯ ধারায় দায়মুক্তির বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলি জারি করেছেন হাইকোর্ট। ১০ আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন। আইনজীবীর দাবি, মূলত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য ইসির নিয়োগের দায়মুক্তি নিয়ে এখন প্রশ্ন উত্থাপন হলো। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে যদি তাদের নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তাদের কৃতকর্ম (২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন) নিয়েও প্রশ্ন উঠবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর ৯ ধারায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং ওই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এ আইনের ধারা ৯ এর মাধ্যমে আগে নিয়োগকৃত নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে, যা সংবিধানের ২৬, ২৭ ও ৩১ অনুচ্ছেদ, ক্ষমতার পৃথকীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এমন দাবি করে ১৮ আগস্ট ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। রিটকারী আইনজীবীরা হলেন- আব্দুল্লাহ সাদিক, জি এম মোজাহিদুর রহমান, মিসবাহ উদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সরওয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক ও এ কে এম নুরুন নবী। রুল জরির পর আইনজীবী শিশির মনির জানান, ২০১২ সালে এবং ২০১৭ সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ দেওয়া হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে। ২০২২ সালে এসে একটি আইন করে বলা হয়েছে, এ ২০১২ সালে ও ২০১৭ সালে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এ সংক্রান্ত আইনের ধারা ৯ চ্যালেঞ্জ করেছি। আদালত চার সপ্তাহের মধ্যে আইন সচিব ও নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলেছেন। এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির জানান, তাদের নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয়ে যায়, তাহলে তাদের কৃতকর্ম নিয়ে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে। আপনারা জানেন দুনিয়া জুড়ে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।

শিবগঞ্জে শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

শিবগঞ্জে শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির ১ শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে দাদনচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত আবদুল করিম গতকাল বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে থানা পুলিশে খবর দেয়। এদিকে নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিক ধারণা- ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে নাচোল উপজেলার ফতেপুরে শ্রোতাক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন প্রাস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-১১ ফতেপুর ব্যবস্থাপক আনোয়ার হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক ( অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার হোসেন ও সোনিয়া শীল। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকারানী মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। কমিটির সভাপতি শ্যাম কিশোর দাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা বিধান ভট্টাচার্য, রানা প্রতাপ আচার্য, মন্দির কমিটি সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা প্রধান ডাকঘরের সাবেক পোষ্টমাষ্টার লক্ষণ দাস, ইসকন প্রচার কেন্দ্র সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, তরুন সাহাসহ অন্যরা। এদিকে, জেলা প্রশাসন ও হিন্দু ধর্শীয় কল্যান ট্রাষ্টের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মাস্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ধর্মীয় নেতাসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আইসল্যান্ডে বরফের গুহা ভেঙে ১জন নিহত, ২জন নিখোঁজ

আইসল্যান্ডে বরফের গুহা ভেঙে ১জন নিহত, ২জন নিখোঁজ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্রেডামেরকুর্জোকুল হিমবাহ দেখতে গিয়েছিল একটি পর্যটক দল। সেখানে বরফের একটি গুহা আংশিকভাবে ভেঙে একজনের প্রাণ গেছে।খবর আল জাজিরার। রোববারের ঘটনায় দুজন গুরুতর আহত হন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে নেওয়া হয় রাজধানী রেইকিয়াভিকের একটি হাসপাতালে নেওয়া হয়। সুদুরল্যান্ড পুলিশ বলছে, চারজন বরফের নিচে আটকা পড়েন। দুজনকে উদ্ধার করা হয়। তারা গুরুতর আহত হন। বাকি দুজনকে খুঁজতে অনুসন্ধান চলছে। স্থানীয় খবরের ওয়েবসাইট ভিসির জানায়, আইসল্যান্ডিক কোস্ট গার্ড এবং ডেনিশ নৌবাহিনীর তিনটি হেলিকপ্টার ছাড়াও সব বাহিনীর উদ্ধারকারী দল অনুসন্ধান করছিল।ভিসির জানায়, উঁচুনিচু ভূমির কারণে বড় আকারের বরফ ভাঙার যন্ত্র ঘটনাস্থলে নেওয়া যাচ্ছিল না। উদ্ধারকারী দলগুলো হাতে ব্যবহার করার করাতসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে সেখানে যাচ্ছে।বিপজ্জনক অবস্থার কারণে রাতে উদ্ধার অভিযানটি স্থগিত করা হয়। তবে পুলিশ জানায়, সোমবার সকালে উদ্ধার প্রচেষ্টা আবার শুরু হবে।পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বরফের গুহা ভেঙে পড়ার খবর পায়। ২৫ জনের পর্যটক দল ও তাদের ট্যুর গাইডের মধ্যে চার জনজন গুহা দেখতে গিয়ে আটকা পড়েন। বরফের গুহাটির অবস্থান জোকুলসারলন হিমবাহ উপহ্রদের কাছেই। এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে পাকিস্তান। সেই আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। কাটা হয়েছে বাংলাদেশ দলের পয়েন্টও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব বল করতে যাওয়ার সময় শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। এ সময় সাকিব বল ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে। সাকিবের এমন আচরণ নিয়ে সমালোচনা হচ্ছিল। এর মধ্যে আইসিসির শাস্তি পেলেন সাকিব। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে, সেইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে শান মাসুদের দল। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এবার ফারাক্কার ১০৯টি গেটই খুললো ভারত, চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা

এবার ফারাক্কার ১০৯টি গেটই খুললো ভারত, চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টির সব কয়টি গেটের মুখ খুলে দিয়েছে ভারত। আজ ১ দিনেই এই বাঁধ থেকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক বা সেকেন্ডে ২৮.৩২ লিটারের সমান পানি। কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে। এতে বাংলাদেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ময়েজ উদ্দিন বলেন, গতকাল পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। তবে, আজ এভাবে হঠাৎ ১০৯টি গেটই খুলে দেয়ায় এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পা-ে জানিয়েছেন, বিহার ও ঝাড় খ-ে বন্যা সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানিস্তর বেড়ে গেছে। এর জন্য ফারাক্কার ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি না ছাড়া হলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, এই পানি ছাড়ার ফলে ফারাক্কার ব্যারেজের আশপাশের গ্রামে পানি ঢুকছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি। এদিকে, ফারাক্কার ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। আজ ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এ আশঙ্কার কথা জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে প্রণব কুমার পালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পলাশ দাস। আরও বক্তব্য দেন শ্যাম কিশোর দাস গোস্বামী, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় সদস্য ডা. তড়িৎ সাহা, পরিষদ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার, সদস্য হিংগু মুর্মু, বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদ সভাপতি সুধেন বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কি, আদিবাসী একাডেমি সভাপতি বিধান সিং, শিবগঞ্জ পুজা উদযাপন সভাপতি কুনাল মুখার্জী, গোমস্তাপুর পুজা উযাপন পরিষদ সভাপতি শচিন বর্মনসহ অন্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সরকার পরিবর্তনজনিত পরিস্থিতিতে সারাদেশে মন্দির ভাংচুর, হিন্দুদের উপর হামলা, চাঁদাবজি, লুটপাটের মত ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/ অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরশহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভার সূচনা করেন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি একরামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এর ম্যানেজার উত্তম মন্ডল, সহকারী শিক্ষক বাবর আলী, উম্মে জামিলা বেগমসহ অভিভাবক, ইমাম ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়া, আজকের প্রতিপাদ্যের উপর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী সুনাইদাহ সোহা এবং মরিয়ম মুক্তা।