নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। গতকাল আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কলকাতায় ব্যাপক সংঘর্ষ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কলকাতায় ব্যাপক সংঘর্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে মঙ্গলবার ছাত্র সমাজের ‘নবান্ন ঘেরাও’ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলকাতার বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ছাত্র সমাজ নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেয়। তারা এসময় মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগও দাবি করেছে। দুপুরের দিকে আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। এছাড়া আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলোর ওপরে দেওয়া হয়েছে গ্রিজ় এবং মোবিলের পরত। স্থানীয় সময় দুপুর ১টার দিকে সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। এসময় পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় জমায়েত। আধাঘণ্টা পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাঁতরাগাছিতে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। সংঘর্ষের কারণে সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠেছে, ‘দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।’ বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ছিল বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করে পুলিশ। এসময় কাঁদানে গ্যাসও ছোড়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। আড়াইটার দিকে হাওড়ার ফোরশোর রোডে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে প্রতিবাদীরা। জলকামানও। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালিয়েছে পুলিশ। বেলা ৩টার দিকে নবান্নের প্রায় দোড়গোড়ায় পৌঁছে যায় বিক্ষোভকারীদের একাংশ। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসের শেল।

সেপ্টেম্বরে ঢাকা আসতে পারেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার

সেপ্টেম্বরে ঢাকা আসতে পারেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসতে পারেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ঢাকা সফর নি‌য়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তরের আলোচনা চলছে। সে অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ভলকার টুর্ক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। ভলকার টুর্কের সফরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত সহায়তা নিয়ে আলোচনা হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন সদ‌স্যের প্রাথমিক কারিগরি দল বর্তমানে ঢাকা সফ‌রে র‌য়ে‌ছে। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের প্রতি‌নি‌ধি দল‌টির নেতৃত্বে দি‌চ্ছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত : আবহাওয়া অধিদপ্তর

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত : আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের ৬টি জেলায়। আজ সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে গতকাল এক আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর-বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর-বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুন.) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩০.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৫ ডিগ্রি সে.। রাজশাহী ৩০.০ ডিগ্রি সে.। রংপুর ৩৫.০ ডিগ্রি সে.। খুলনা ২৯.০ ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৭ ডিগ্রি সে.। সিলেট ৩৩.৫ ডিগ্রি সে.। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ জেলায় নতুন পুলিশ সুপারকে বদলি

২৪ জেলায় নতুন পুলিশ সুপারকে বদলি গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও রদবদল করা হয়েছে। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। আজ জনস্বার্থে এ রিট দায়ের করেন আইনজীবী কামরুল হাসান। রিটে শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে গত ১৮ আগস্ট শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করেন না তিনি। ধারণা করা হচ্ছে, শিগগির সরকার নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত ঘোষণা করতে পারে।

ডিএমপির ৫২ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৫২ কর্মকর্তাকে বদলি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ৫১ পুলিশ কর্মকর্তাসহ নারায়ণগঞ্জের এক সি-সার্কেলের এএসপিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মোট ৫২ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। আজ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়। জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বদলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ চলমান বন্যায় দেশে ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। আজ দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান। ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

নির্বাচন কমিশনারদের নিয়োগে দায়মুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইনের ৯ ধারায় দায়মুক্তির বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলি জারি করেছেন হাইকোর্ট। ১০ আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন। আইনজীবীর দাবি, মূলত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য ইসির নিয়োগের দায়মুক্তি নিয়ে এখন প্রশ্ন উত্থাপন হলো। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে যদি তাদের নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তাদের কৃতকর্ম (২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন) নিয়েও প্রশ্ন উঠবে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর ৯ ধারায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং ওই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এ আইনের ধারা ৯ এর মাধ্যমে আগে নিয়োগকৃত নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে, যা সংবিধানের ২৬, ২৭ ও ৩১ অনুচ্ছেদ, ক্ষমতার পৃথকীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এমন দাবি করে ১৮ আগস্ট ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। রিটকারী আইনজীবীরা হলেন- আব্দুল্লাহ সাদিক, জি এম মোজাহিদুর রহমান, মিসবাহ উদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সরওয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক ও এ কে এম নুরুন নবী। রুল জরির পর আইনজীবী শিশির মনির জানান, ২০১২ সালে এবং ২০১৭ সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা নিয়োগ পেয়েছিলেন, তাদের নিয়োগ দেওয়া হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে। ২০২২ সালে এসে একটি আইন করে বলা হয়েছে, এ ২০১২ সালে ও ২০১৭ সালে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এ সংক্রান্ত আইনের ধারা ৯ চ্যালেঞ্জ করেছি। আদালত চার সপ্তাহের মধ্যে আইন সচিব ও নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলেছেন। এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির জানান, তাদের নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয়ে যায়, তাহলে তাদের কৃতকর্ম নিয়ে অনিবার্যভাবে প্রশ্ন উঠবে। আপনারা জানেন দুনিয়া জুড়ে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।