বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। তবে অনেকেই ড্রাফটে নাম দেন। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নাম দিয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। ২০২৫ সালের আসরের ড্রাফটে আছেন এরা। সেপ্টেম্বরের ১ তারিখ মেলবোর্নে বসবে এবারের নিলাম। যেখানে বাংলাদেশের ৯ ক্রিকেটার থাকবেন। এদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ অন্তত ৭ জন। তবে এই ৯ জনের মধ্যে কেবল ৬ জন নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য প্রস্তুত রেখেছেন। তাদেরকে আসরজুড়ে পাওয়া যাবে। এই তালিকা থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেইন, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের দল পাওয়ার সম্ভাবনা থাকছে। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। বিগ ব্যাশে লেগস্পিনকে খুব গুরুত্ব দেওয়া হয়। তাই রিশাদের জন্যই বড় সুযোগটা থাকছে। নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।

আগের নিয়মেই ১৯তম শিক্ষক নিবন্ধন; দ্রুত প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি

আগের নিয়মেই ১৯তম শিক্ষক নিবন্ধন; দ্রুত প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য একটি আইন পাসের কাজ চলমান। তবে সংসদ কার্যকর না থাকায় আইনটি পাস করানো সময়সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। বিষয়টি শিক্ষা উপদেষ্টাসহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে। যেহেতু আইন পাসের বিষয়টি প্রক্রিয়াধীন, সেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে।২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এনটিআরসিএ। এরই মধ্যে এক লাখের বেশি নিবন্ধন সনদধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় নতুন আইন পাস; কর্মঘণ্টার বাইরে ধরতে হবে না বসের ফোন

অস্ট্রেলিয়ায় নতুন আইন পাস; কর্মঘণ্টার বাইরে ধরতে হবে না বসের ফোন নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও অনেক সময় অফিসের বসরা কর্মীদের ফোন দিয়ে থাকেন। অনেকেই বিষয়টি স্বাভাবিকভাবে নেন না। এবার কর্মীদের যেন নির্ধারিত কর্মঘণ্টার বাইরে ফোন ধরতে না হয় তা নিশ্চিত করতে রীতিমতো আইন পাস করেছে অস্ট্রেলিয়া। সোমবার থেকেই সেই আইন কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নতুন এই আইনের নাম করা হয়েছে, ‘রাইট টু ডিসকানেক্ট’। এই আইনের আওতায় এখন থেকে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কোনো অফিসের বস যদি কর্মীকে ফোন দেন, তবে কর্মী সেই ফোন না রিসিভ করার অধিকার পাবেন। তবে এই আইনে নিয়োগকর্তা বা বসরা কর্মীদের ফোন কল, মেইল বা বার্তা পাঠাতে পারবেন না এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নতুন আইন অনুসারে, যেসব প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ১৫ জনের বেশি সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাদের বস বা সহকর্মীর ফোন কল, মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন। এমনকি কোনো সেবাগ্রহীতাও যদি কোনো কর্মীর সঙ্গে কর্মঘণ্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে তা তিনি উপেক্ষা করতে পারবেন। নতুন এই আইন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য অবশ্য এক বছর পর থেকে কার্যকর হবে। ১৫ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোতে এই আইন কার্যকর হয়ে গেলেও এর চেয়ে ছোট প্রতিষ্ঠানগুলোতে এই আইন কার্যকর হবে আগামী বছরের আগস্ট মাস থেকে।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ৭ সেমি বেড়েছে পদ্মা’র পানি, আপাতত বন্যার আশংকা নেই বলছে পাউবো; খাদ্যসহ বিভিন্ন মালামাল মজুদ করছে মানুষ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় ৭ সেমি বেড়েছে পদ্মা’র পানি, আপাতত বন্যার আশংকা নেই বলছে পাউবো; খাদ্যসহ বিভিন্ন মালামাল মজুদ করছে মানুষ চাঁপাইনবাবগঞ্জে বন্যা আতংক দেখা দিয়েছে। ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে মানুষ। অনেকেই প্রয়োজনীয় সামগ্রী খাবারসহ বিভিন্ন মালামাল মজুদ শুরু করেছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত বন্যার কোন আশংকা নেই। গতকাল সংবাদ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবস্থিত ফারাক্কা বাঁধের সকল গেট হঠাৎ করে খুলে দেবার খবরে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জেলার সবত্রই এ নিয়ে শুরু হয় আলোচনা। ফেইসবুকে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য মানুষের আতংক বাড়ায়। এমনকি ফরাক্কার নিকবর্তী নদীতীরেবত জনপদে জনগণকে সতর্ক করে মাইকিংও করা হয়। যদিও পানি উন্নয়ন বোার্ড, প্রশাসন, নদীতীরবর্তী এলাকার জনপ্রতিনিধি,সাধারণ মানুষ বা দায়িত্বশীল কোন কর্তৃপক্ষ হঠাৎ অস্বাভাবিক পানি বাড়ার বা বন্যা সৃষ্টির কোন তথ্য গতকাল রাতে নিশ্চিত করে নি। তবে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে হঠাৎ করে ভয়াবহ বন্যার কারণে মানুষ এমনিতেই আতংকে রয়েছে। গতকাল বিকাল থেকে সবসময় মানুষ পানি বাড়ার খবর জানতে ও দেখতে ভীড় জমাচ্ছে নদীর তীরে। তাদের সাথে কথা বলে বোঝা যায়, মানুষের মনে এখনও অতিমাত্রায় আতংক রয়েছে। আজ দুপুরে জেলা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী মো. পান্না(৫৩) জানান, এক শ্রেণির মানুষের মধ্যে মজুদ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বাজার ঘুরেও একই চিত্র চোখে পড়ে। ওই ব্যবসায়ী ভারতের মালদহ ও মুর্শিদাবাদে তাঁর নিজ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেছেন জানিয়ে বলেন, সেখানে এমন কোন পরিস্থিতির সৃষ্টি এখনও হয় নি যে তা প্রভাব চট করে বাংলাদেশে পড়বে। তবে প্রাকৃতিক দূর্যোগের ব্যাপারে আগাম কিছই বলা যায় না বলেও তিনি স্বীকার করেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনববাবগঞ্জ পাউবো’র ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। গত সোমবার সন্ধ্যা ৬টায় পাঁকা ইউনিয়নের পাংখা পয়েণ্টে পদ্মা’র প্রবাহ রেকর্ড করা হয় ২০.৪৮ মিটার। যা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়েছে ২০.৫৫ মিটার। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৭ সে.মি। গত ১২ ঘন্টায় পানি বাড়ে নি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫মিটার। সোমবার সন্ধ্যায় এটি রেকর্ড হয় ১৮.৪৯ মিটার। মঙ্গলবার সকালে এটি রেকর্ড হয় ১৮.৫১ মিটার। এটি ২ সেমি বেড়েছে। জেলার অপর নদী পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। মঙ্গলবার সকালে এটি ১৮.৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। প্রকৌশলী ময়েজ বলেন, ফারাক্কার গেট সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমের। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব কোন তথ্য নেই এ সম্পর্কে। তবে গেট খোলা থাকলেও আপাতত: বন্যার কোন আংশকা নেই। তবে সতর্ক থাকা হচ্ছে। আতংকিত হবার মত কিছু এখনও ঘটে নি। এদিকে আজ সন্ধ্যায় ফারাক্কার সবচেয়ে নিকটবর্তী জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গেট খোলার সংবাদ শোনা গেছে। তবে এর প্রতিক্রিয়া বোঝা যায় নি। পানি যা বেড়েছে তা স্বাভাবিক। বিগত ২৪ ঘন্টায় আধা ইঞ্চির মত। ইউনিয়ন থেকে ফারাক্কা প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সকল ইউপি সদস্য,গ্রাম পুলিশ,ইউপি সচিবসহ সতর্ক রয়েছেন। ইউনিয়নের সর্বনিম্নাঞ্চল ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, পানি তেমন বাড়ে নি। পদ্মার গহীনের চরাঞ্চলসহ সকল জনপদ নিরাপদ রয়েছে এখন পর্যন্ত। সকল কর্তৃপক্ষ খবর রাখছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

খালি পেটে তুলসি ভেজানো পানি খাবেন যে কারণে

খালি পেটে তুলসি ভেজানো পানি খাবেন যে কারণে তুলসি পাতা তার ঔষধি গুণাবলীর জন্য পরিচিত। বহু শতাব্দী ধরে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই পাতা ব্যবহৃত হয়ে আসছে। তুলসি Lamiaceae পরিবারের অন্তর্গত এবং এটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির একটি জনপ্রিয় উপাদান। শ্বাসযন্ত্রের ব্যাধি, ভাইরাল সংক্রমণ, এবং আরো অসুখ সারাতে কাজ করে এই পাতা। কাশি এবং সর্দি থেকে তাৎক্ষণিক উপশমের জন্য তুলসি পাতা চিবিয়ে খাওয়া যেতে পারে, অথবা পাতা বা বীজ ফুটন্ত পানিতে যোগ করে চা হিসেবেও পান করা যেতে পারে। তুলসি গরম পানিতে ভিজিয়ে রেখে সেই পানি প্রতিদিন খালি পেটে খেতে পারেন। তুলসি ভেজানো পানির উপকারিতা বর্ষাকালে তুলসি বিশেষভাবে উপকারী। কারণ ডেঙ্গু, ম্যালেরিয়া এবং সিজনাল ফ্লুর মতো অসুখ নিরাময়ের প্রতিকার হিসাবে এর পাতা বিশেষভাবে কাজ করে। আয়ুর্বেদিক কাশির চিকিৎসা হিসেবে তুলসি পাতার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এটি শ্বাসযন্ত্রের ব্যাধির ক্ষেত্রে শ্লেষ্মা মুক্ত করতে সহায়তা করতে পারে। তুলসি গলা ব্যথা থেকেও মুক্তি দিতে পারে। কিডনির স্বাস্থ্যের উন্নতি ঘটায় তুলসির অনেক নিরাময় বৈশিষ্ট্য কিডনিতে পাথর রোগীদের জন্যও উপকারী হতে পারে। রেনাল স্টোনে আক্রাক্রো মধুর সঙ্গে এই পাতার রস খেলে উপকার পাবেন। এটি মূত্রনালীর মাধ্যমে পাথর অপসারণ করতে পারে। সেজন্য ছয় মাস পর্যন্ত এই পানি খেতে হতে পারে। রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে তুলসি ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা, রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে। গ্লোবাল সায়েন্স রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে, খালি পেটে দুই থেকে তিনটি তুলসি পাতা বা এক টেবিল চামচ তুলসির রস খেলে তা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ত্বকের সংক্রমণের চিকিৎসায় তুলসির অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য ত্বকের সংক্রমণের চিকিৎসায়ও উপকারী। তুলসীর রস প্রয়োগ করলে তা ছত্রাকের সংক্রমণ এবং অন্যান্য ত্বকের রোগের চিকিৎসায় কাজ করে। এটি লিউকোডার্মা নিরাময়েও ব্যবহার করা যেতে পারে। মানসিক চাপ কমায় তুলসি একটি অ্যাডাপ্টোজেনিক হিসাবে পরিচিত যা মেজাজের পরিবর্তন নিয়ন্ত্রণ করতে কাজ করে। এটি প্রশান্তি এবং মানসিক স্বচ্ছতা বাড়াতেও সহায়তা করে। এটি পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য শরীরের ক্ষমতা বাড়ায়। হার্টের স্বাস্থ্য তুলসি ভিটামিন সি এবং ইউজেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, যা ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে হার্টকে রক্ষা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী আদা, রসুন, লাল আঙ্গুর এবং বরইয়ের সমতুল্য। রক্তচাপ কমায় তুলসি রক্তচাপ কমানো সহ বিভিন্ন অসুখে একটি আয়ুর্বেদিক প্রতিকার। এটি পটাসিয়াম, ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। কার্যকর ফলাফলের জন্য চার থেকে ছয় সপ্তাহের জন্য প্রতিদিন খালি পেটে তুলসি ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করা হয়েছে। আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। এর আগে পাঁচজন বিশিষ্ট নাগরিকের এ আবেদন করার জন্য আপিল বিভাগের চেম্বার আদালত থেকে ২৫ আগস্ট অনুমতি নেওয়া হয়। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার জন্য সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এ আবেদন করেন। অন্য চার ব্যক্তি হলেন, তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আবারো অন্তর্বর্তী সরকারে  দপ্তর পুনর্বণ্টন

আবারো অন্তর্বর্তী সরকারে  দপ্তর পুনর্বণ্টন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়; ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰণালয়; ভূমি মন্ত্রণালয়।উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্ৰণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়।উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। উল্লেখ্য, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরো চার উপদেষ্টা। গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয়। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে এবার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবার দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।

বাংলাদেশিসহ ভূমধ্যসাগর থেকে ১৮২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বাংলাদেশিসহ ভূমধ্যসাগর থেকে ১৮২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ভূমধ্যসাগরে পৃথক তিনটি অভিযানে ৩০ বাংলাদেশিসহ ১৮২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ মারি ইয়োনিও। স্থানীয় সময় ২৪ আগস্ট সন্ধ্যায় শুরু হওয়া অভিযানগুলো শেষ হয় ২৫ আগস্ট সকালে। তিউনিশিয়ার উপকূল থেকে ৩৫ মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় স্থানীয় শনিবার সন্ধ্যা ৬টায় একটি কাঠের নৌকা দেখতে পায় উদ্ধারকারী জাহাজ মারি ইয়োনিও। ইতালির কোস্ট গার্ডকে নৌকাটির অবস্থান সম্পর্কে জানায় তারা। অভিবাসীবাহী নৌকাটি যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে ভেবে নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে লাইফ জ্যাকেট দেন মারি ইয়োনিওর উদ্ধারকর্মীরা। অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ইতালীয় কোস্ট গার্ড। নৌকা থেকে ৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের সবাই ছিলেন উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। উদ্ধারের পর তাদের সবাইকে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়।তার কিছুক্ষণ পর কাছাকাছি আরেকটি দুর্দশাগ্রস্ত নৌকার খবর পায় মারি ইয়োনিও। রাত ১১টা ২০ মিনিটে বিপদগ্রস্ত ওই রাবারের নৌকাটির কাছে পৌঁছেন উদ্ধারকারীরা। ওই নৌকাটিতে ৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করে তোলা হয় মারি ইয়োনিওতে। অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। ৫০ জনের মধ্যে ৪৩ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক এবং নারী ছিলেন দুজন। তাদের সবাইকে ইতালির উপকূলরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসতে থাকা আরেকটি নৌকা থেকে ৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে মারি ইয়োনিও।এদের মধ্যে ৩০ জন বাংলাদেশি, ২৬ জন সিরীয় ও ছয়জন পাকিস্তানি নাগরিক ছিলেন। তাদের ইতালির সিসিলির পোৎসালো বন্দরে নামানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তৃতীয় নৌকার যাত্রীদের উদ্ধারের পর একটি আবেগঘন পরিবেশ তৈরি হয় উদ্ধারকারী জাহাজের ডেকে। অভিবাসনপ্রত্যাশীরা স্বেচ্ছাসেবকদের জড়িয়ে ধরে তাদের উদ্ধারের জন্য ধন্যবাদ জানায়। অভিবাসনপ্রত্যাশীদের একজন বলেন, ‘আপনারা ফেরেশতা, আমাদের সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা আপনাদের পাঠিয়েছেন।’ নৌকাটি তার আগের দিন সন্ধ্যায় লিবিয়ার উপকূল থেকে রওনা হয়েছিল। জাহাজে থাকা বেশির ভাগই লিবিয়ায় বন্দি ছিলেন। তাদের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে একজন তার নিজ দেশে বিচারক ছিলেন। দামেস্কের একজন আরবি শিক্ষকও ছিলেন সেখানে। তিনি ইংরেজি ভাষার প্রথিতযশা সাহিত্যিক শেকসপিয়ার নিয়ে আলোচনায় খুবই আগ্রহ দেখিয়েছেন। ইতালির নাগরিক সমাজ পরিচালিত বেসরকারি সংস্থা মেডিটেরানিয়ান সেভিং হিউম্যানসের ১৮তম উদ্ধার অভিযান ছিল এটি। ইতালিয়ান বিশপ’স মাইগ্রেন্টস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি কাজ শুরু করেছিল।

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা- ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের প্রতিনিধি আহসান হাবিব, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি একেএস রোকন, ডেইলী সানের প্রতিনিধি কামাল সুকরানা, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম রানা, বিজয় টিভির প্রতিনিধি নাদিম হোসেন, মানবজমিনের প্রতিনিধি ইমরান আলী, জাগো নিউজের প্রতিনিধি সোহান মাহমুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মমিনুল ইসলাম বাবুসহ অন্যরা। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। যদিও সেই দলে জায়গা পাননি দুজন মিলে ৪০০ এর অধিক ম্যাচ খেলা জনি বেয়ারস্টো ও মঈন আলী। অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির পর তারা নতুন করে দল গোছাতে চাইছে। সে কারণেই নতুনদের সুযোগ দিচ্ছে। গেল মাসে সীমিত ওভারের কোচ ম্যাথিউ মটসকে ছাটাই করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার বেয়ারস্টোর পাশাপাশি মঈন আলীকেও দলের বাইরে রাখলো। জস বাটলারের সহকারী মঈনের বয়স এখন ৩৭। অন্যদিকে বেয়ারস্টোর বয়স ৩৫। তাদের দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার পড়তির মুখে। তাদের জায়গায় নতুনদের সুযোগ দিতে চাচ্ছে বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষের এই দলে নতুন মুখ জায়গা পেয়েছে পাঁচজন। তার মধ্যে বাহাতি পেসার জশ হাল, অলরাউন্ডার জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার উল্লেখযোগ্য। তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় দলে সুযোগ পেয়েছেন। এছাড়া ড্যান মসলি ও জর্ডান কক্স জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কুরান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার। ওডিআই স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।