অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা : সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা : সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। আজ সকাল ১০টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাদের এই বৈঠক হয়। স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা এবং স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর সবার অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকারব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, ‘সুইজারল্যান্ড এবং বাংলাদেশের ৫০ বছরের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের এ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।
সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন আদালত অবমাননার অভিযোগ ওঠার পর আইনজীবী পেশা সাময়িক স্থগিত, জরিমানা করার কারণে সাবেক সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন তিনি। তিন প্রধান বিচারপতি হলেন- সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান। আর আপিল বিভাগের সাবেক চার বিচারপতি হলেন- আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান ননী। আবেদনে বলা হয়েছে, সাবেক ৩ প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতি ক্ষমতার অপব্যহার করে এখতিয়ার বহির্ভূতভাবে শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে আমাকে শাস্তি দেন। এটি অসাংবিধানিক এবং আদালত অবমাননা আইন, ১৯২৬ এর লঙ্ঘন। এরকম দুটি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে মামলায়। একটি হচ্ছে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর। এদিন সর্বোচ্চ আদালত ইউনূছ আলী আকন্দের আইনপেশার অনুশীলন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। দ্বিতীয়টি হচ্ছে- ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। এদিন আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির সুযোগ না দিয়ে ইউনূছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টে তাঁর আইন পেশার অনুশীলন স্থগিত করে রুল জারি করেছিলেন সর্বোচ্চ আদালত। আবেদনে বলা হয়েছে, আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন ১৯২৬ এর ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, আপিল বিভাগ তা দিতে পারে না। বার কাউন্সিল আইনের ৩২ ধারায় ট্রাইব্যুনালে আইনজীবীর পেশাগত অসদাচরণ প্রমানিত হলে পেশা স্থগিত করতে পারে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট এক নয়। ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায়। কিন্তু বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদে বাংলাদেশের হাইকোর্ট বিভাগে সরাসরি মামলা করা যায়। ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিল হয়। সংবিধানের ১০৪, ১০৮ অনুচ্ছেদে আপিল বিভাগে সরাসরি মামলা করা যায় না। হাইকোর্টের আদালত অবমাননা রায়ের বিরুদ্ধে অনুচ্ছেদ ১০৩(২)(গ) অনুযায়ী আপিল বিভাগে আপিল হয়। আবেদনে বলা হয়েছে, এই বিচারাপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে শপথ ভঙ্গ করে আমাকে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তী আদেশ দিয়ে আমাকে আইন পেশার অনুশীলন থেকে বিরত রাখতে বাধ্য করেন; যা সংবিধান ১১ অনুচ্ছেদে মানবাধিকার লঙ্ঘন।
ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ভোলাহাটে জামবাড়ীয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ। আজ বেলা ১১টার দিকে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এসময় কলেজে অধ্যক্ষকে না পেয়ে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি বলে কথা এড়িয়ে যান।
গোমস্তাপুরে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন

গোমস্তাপুরে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন নাচোল উপজেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরে BD Rural WASH for HCD প্রকল্পের আওতায়, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব ও সমিতি পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে গোমস্তাপুর উপজেলার হোগলায় শ্রোতাক্লাব পরিদর্শন করেন এবং এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-৪ চৌডালা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার শিমুল ও সোনিয়া শীল এবং সহকারী প্রযোজক শ্যামল কুমার বাঁধন। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে।
চলমান বন্যায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩১

চলমান বন্যায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩১ চলমান বন্যায় দেশের ১১ জেলার নয়টিতে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। বন্যায় ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা নগদ বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। আজ দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব এ সব কথা জানান। কেএম আলী রেজা বলেন, মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনী-২, চট্টগ্রামে-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজারে ৩ জন মারা গেছে। তবে মৌলভীবাজারে দুই ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। আক্রান্ত ১১ জেলার ৭৩ উপজেলা ও ক্ষতিগ্রস্ত ইউনিয়ন, পৌরসভা ৫২৮টি। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৪ হাজার তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অশ্রয়কেন্দ্রগুলোয় মোট ৫ লাখ ৪০ হাজার ৫১০ ব্যক্তি ও ৩৯ হাজার ৫৩১ গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।অতিরিক্ত সচিব বলেন, ক্ষতিগ্রস্তদের বলার জন্য নগদ বরাদ্দ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। এদে বরাদ্দ দাঁড়িয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকায় বন্যা কবলিত এলাকায় সরকারি-বেসরকারিসহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কর্তৃক সংগৃহীত মোট ৮৮ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। ডিডিএম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বন্যা আক্রান্ত জেলাসমূহের প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যমান বন্যা পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকায় সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সব কর্মকর্তা-কর্মচারির একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগরই এ অর্থ তহবিলে জমা করা হবে। দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে।
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে; যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২৭ আগস্ট মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে ‘সমস্যা সৃষ্টি’ করতে চায়।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে, আগুন নিয়ে খেলা চলছে- আর তারা (পশ্চিমা বিশ্ব) ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। একটি বা অন্য আরেকটি পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্র হাতে থাকা বয়স্ক চাচা-চাচিদের জন্য এটি খুবই বিপজ্জনক।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কের আলোচনাকে এমন কিছু হিসাবে বিবেচনা করে যে, সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন। আর যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।’ ইউক্রেনের সেনারা গত ৬ আগস্ট রুশ ভূখণ্ড কুরস্কে ঢুকে পড়ে। এরপর সাত দিনেই কুরস্কের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন। বর্তমানে ইউক্রেন ১০০ রুশ বসতি এবং ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার এলাকা (৫০০ বর্গমাইল) দখলে নেওয়ার দাবি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ায় ঢুকে এটিই ইউক্রেনের সেনাদের চালানো সবচেয়ে বড় হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) সর্বশেষ তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ হাজার জন। এ ছাড়া বন্যায় ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে। কয়েকটি অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।
হোপ ঝড়ে ধবলধোলাই দক্ষিণ আফ্রিকা

হোপ ঝড়ে ধবলধোলাই দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ছিল শেষ ম্যাচ জিতে শেষটা ভালো করার। তবে সেটাও হতে দিলো না ক্যারিবীয়রা। সিরিজের তৃতীয় ম্যাচেও প্রোটিয়াদের হারিয়েছে তারা। শাই হোপ ঝড়ে ৮ উইকেটের হারে ধবলধোলাই হয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো এইডেন মার্করামের দল। ২৭ আগস্ট ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম ও ত্রিস্টান স্টাবসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে শাই হোপ, নিকোলাস পুরানদের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন ও রিজা হেনড্রিকস। তবে তারা বেশিদূর যেতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে হানা দেয় বৃষ্টি। এরপর বৃষ্টি কমলে ম্যাচ নামিয়ে আনা হয় ১৩ ওভারে। বৃষ্টির পরপরই হেনড্রিকসকে ফেরান আকিল হোসেন। ২০ বলে ৯ রান করেন তিনি। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন রিকেলটন ও মার্করাম। ১২ বলে দুইটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করে ফেরেন মার্করাম। ২৪ বলে ২৭ রান করেন রিকেলটন। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ত্রিস্টান স্টাবস। ইনিংসের শেষ ওভারে ঝড় তোলার পর ১৫ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৪০ রান করে আউট হন তিনি। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ফিরে যান এলিক আথানজে। ক্রিজে এসেই ঝড় তোলেন পুরান। ১৩ বলে দু চার ও চার ছক্কায় ৩৫ রান করে ফিরে যান তিনি। বাকি পথে ঝড় তুলে যান শাই হোপ ও শিমরন হেটমায়ার। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।২৪ বলে চারটি ছক্কা ও এক চারে অপরাজিত ৪২ রান করেন হোপ। ১৭ বলে চারটি চার ও এক ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শিমরন হেটমায়ার। ম্যাচসেরা হয়েছেন রোমারিও শেফার্ড, সিরিজ সেরা হয়েছেন শাই হোপ।
৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস

৩২ বছরের রেকর্ড ভেঙে ইউএস ওপেনে নতুন ইতিহাস টেনিস ইতিহাসের স্মরনীয় এক দিন দেখলো ইউএস ওপেন। দর্শকরা বুঁদ হয়ে রইলেন টেনিস বল আর র্যাকেটের উন্মাদনায়। যে উন্মাদনার সৃষ্টি করেছেন ড্যানিয়েল ইভান্স ও কারেন খাচানভ। ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচটি খেললেন দুজন। ৩২ বছরের রেকর্ড ভেঙে নাম লেখালেন ইতিহাসের পাতায়। পাঁচ সেটে গড়ানো ম্যাচে জয়টা হয়েছে ইভান্সের। অবাছাই ইভান্স ৫ ঘণ্টা ৩৫ মিনিটের মহাকাব্যিক এই ম্যাচে ২৩তম বাছাই খাচানভকে হারিয়েছেন ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪), ৪-৬, ৬-৪ গেমে। ম্যাচের প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। ইউএস ওপেনে এর আগের দীর্ঘতম ম্যাচের রেকর্ডের ভাগিদার ছিলেন স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাং। ৩২ বছর আগে ১৯৯২ সালে পুরুষ এককের সেমিফাইনালে ৫ ঘণ্টা ২৬ মিনিট লড়াই শেষে ৬-৭, (৩/৭), ৭-৫. ৭-৬ (৭/৩), ৫-৭, ৬-৪ গেমে জেতেন সুইডিশ তারকা এডবার্গ। একই দিনে জয় পেয়েছেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ইয়াসিন সিনার। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে জিতেছেন সিনার। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও। তিনি হারিয়েছে আসা তুকে। এই আসরের ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজ ৬-২ গেমে প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান। তবে পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান টেনিসের ভবিষ্যৎ স্প্যানিশ তারকা।