চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ১ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া স্লুইস গেট এলাকায় র্যাবের অভিযানে পরিত্যক্ত এক কেজি ষাট গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গতকাল রাত ১১টার দিকে সীমান্ত থেকে মাদক চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনায় থাকা র্যাবের একটি দল মহানন্দা নদী পাড় থেকে হেরোইন উদ্ধার করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা মাদখ ফেলে পালিয়ে যায়। আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জব্দ হেরোইন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা সহ জেলার প্রধান ৩ নদীর পানি, মানুষের মধ্যে কমেছে বন্যা আতংক

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা সহ জেলার প্রধান ৩ নদীর পানি, মানুষের মধ্যে কমেছে বন্যা আতংক চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা, জেলার ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা এবং জেলার গোমস্তাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া পূণর্ভবা সহ গত ২৪ ঘন্টায় জেলার ৩ প্রধান নদীর পানি কমেছে। বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই ৩ টি নদীর পানি। গত কয়েক দিনে গড়ে পানি কমতে থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে কমে এসেছে বন্যা আতংক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় এটি প্রবাহিত হচ্ছিল ২০.৫১ মিটারে। গতকাল সন্ধ্যা ৬টায় এটি রেকর্ড হয় ২০.৫৯ মিটার, ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেমি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার, যা আজ সন্ধ্যায় এটি প্রবাহিত হচ্ছিল ১৮.৪৭ মিটারে, ২৪ ঘন্টায় পানি কমেছে ৩ সেমি। জেলার অপর নদী জেলার গোমস্তাপুর উপজেলার পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। আজ সন্ধ্যায় এটির প্রবাহ রেকর্ড করা হয় ১৮.৪৪ মিটার। গতকাল সন্ধ্যায় এটি ২০.৪৮ মিটারে প্রবাহিত হচ্ছিল, ২৪ ঘন্টায় পানি ৩ সেমি কমেছে বলে নিশ্চিত করেছে জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্র।
নিম্ন আদালতের ৮১ বিচারক বদলি

নিম্ন আদালতের ৮১ বিচারক বদলি জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের ৮১ বিচারককে বদলি করা হয়েছে। গতকাল আইন মন্ত্রণালয় এ বিষয়ে ৪ টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া বিচারকদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।এ ছাড়া একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মনিরুল শহরের বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামী উজ্জলকে বেকসুর খালাস দেন আদালত। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় মনিরুল। ১৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত গতকাল মনিরুলকে দোষী সাব্যস্ত করে আদেশ প্রদান করেন।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জবদুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জবদুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বর্তমান-শিবগঞ্জ পৌর নরোত্তমপুর সেলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা জবদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে শিবগঞ্জ পৌর সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজার পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন, শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অনান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারতে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত

ভারতে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত ভারতের অরুণাচল প্রদেশে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রদেশের আপার সুবানসিরিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইতানগরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই তিন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা বলেছে দুর্ঘটনায় প্রাণ গেছে হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং পদাতিক বাহিনীর সদস্য আশিশের। এছাড়া সেনাবাহিনী নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানিয়েছে ইস্টার্ন কমান্ড। এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় সেনাবাহিনীর ট্রাকটি গভীর খাদে পড়ে গিয়েছিল কি না এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন আছে এ বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী।
বৃষ্টি কমার আভাস, বাড়তে পারে তাপমাত্রা

বৃষ্টি কমার আভাস, বাড়তে পারে তাপমাত্রা বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমতে পারে বৃষ্টিপাত। তবে টানা দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। আজ পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের ফলে দেশের চার বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বাকি বিভাগে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমেছে। এছাড়া এই সময় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রসঙ্গত, প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা

অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইতোমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। এখনও সিনেমাহলে চলছে দাপটের সঙ্গে। সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার অক্ষয়েরই প্রতিবেশী হতে চলেছেন শ্রদ্ধা! যে অ্যাপার্টমেন্টে থাকেন অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো সুপারস্টাররা, সেটিতেই উঠতে যাচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃত্বিক রোশন যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেই নাকি যাচ্ছেন শ্রদ্ধা। তবে মুম্বাইয়ে ৬০ কোটি টাকার একটি বাড়ি রয়েছে শ্রদ্ধার। প্রচুর সম্পত্তিও রয়েছে। তবু কেন এই ভাড়া বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর, তা এই মুহূর্তে জানা যায়নি। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এবং সমুদ্রমুখী বাড়িটিতে উঠতে যাচ্ছেন শ্রদ্ধা। হৃত্বিক রোশনেরও ফ্ল্যাট রয়েছে সেখানে। শ্রদ্ধা কাপুরও এবার সেই অ্যাপার্টমেন্টেই। অক্ষয় কুমারও তার পরিবারের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকেন। এর আগে বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল নবজাতক শিশুকে নিয়ে এই বাড়িতে উঠার খবর শোনা যায়। যদিও পরবর্তীতে আর উঠেননি। তবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই এই ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন অভিনেত্রী। যেখানে হৃতিক ও অক্ষয়ের প্রতিবেশী হবেন তিনি।
আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। মঙ্গলবার (২৭ অগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২৭ অগস্ট ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক। এর আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয় শাহ। তাছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও দায়িত্বে ছিলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। আগামী ৬ বছর এই পদে থাকবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’ চলতি বছরের নভেম্বরে শেষ হচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান চাননি গ্রেগ বার্কলের মেয়াদ। এই মেয়াদসহ টানা দুই মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করছেন।
নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপপর্বের দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন মিরাজুল ইসলাম। শিরোপা নির্ধারণী ম্যাচেও এই ফরোয়ার্ড ফ্রিকিকে করলেন চোখ ধাঁধানো গোল। বাংলাদেশের ব্যবধান বাড়ানোর গোলটাও করলেন তিনিই। এরপর নেপালের জালে বল পাঠালেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। আর তাতেই নেপালে আরেকবার উড়ল লাল-সবুজের পতাকা। স্বাগতিক দলকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতল বাংলাদেশ। গত আসরে ফাইনালে স্বপন ভঙ্গ হলেও এবার শিরোপা নিয়েই ফিরছেন যুবারা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বুধবার বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শুরুতেই দারুণ সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। নেপালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল পেয়ে যান মিরাজুল ইসলাম, পাশেই ফাঁকায় থাকা রাব্বী হোসেন রাহুলের দিকে ঠেলে দেন মিরাজ, সেই বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও রাহুল শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন নেপালের এক ডিফেন্ডার। নেপালও দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে হানা দেয় বাংলাদেশের রক্ষণে। অষ্টম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আসিফের দারুণ দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ। বক্সের বেশ খানিকটা দূর থেকে নিরাজন ধামীর দূরপাল্লার শট লাফিয়ে হাতের ছোঁয়ায় বল বাইরে ঠেলে দেন আসিফ। ২১ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করে নেপাল। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে পরেন নিরাজন, তাঁর বাড়ানো পাস একদম ফাঁকায় পেয়েও ঠিকমত শটই নিতে পারেননি অবিনাশ। এরপর ঢিমেতালে চলতে থাকে খেলা। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ শিবিরে এগিয়ে যাওয়ার আনন্দের মুহূর্ত এনে দেন মিরাজুল ইসলাম। তাঁর ডান পায়ের চোখ ধাঁধানো ফ্রিকিক পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। এগিয়ে থেকেই বিরতিতে যায় মারুফুল হকের দল। দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলও পেয়ে যায়। আসাদুল ইসলাম সাকিবের লং পাসে দূরের পোস্টে থাকা আসাদুল মোল্লার হেড পাস থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিরাজুল। ম্যাচের ভাগ্য হেলে পড়ে বাংলাদেশের দিকে। আসরে মিরাজুলের এটি চতুর্থ গোল, যা সর্বোচ্চ। নেপালের ওপর চাপ ধরে রেখে ৭১ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় তৃতীয় গোল। মিরাজুলের বাড়ানো পাসে নিখুঁত ফিনিশিং করেন রাব্বী হোসেন রাহুল। ৮১ মিনিটে সামির তামাং জাল খুঁজে নিলে এক গোল পরিশোধ করে নেপাল। তাতে কিছুটা আশা দেখলেও স্বাগতিকরা আর পারেনি। বরং যোগ করা সময়ে রাহুলের ক্রসে পিয়াস আহমেদ নোভা বল জালে পাঠালে শিরোপা উদযাপনে মাতোয়ারা হয় বাংলাদেশের যুবারা।