চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল করিম নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। তাকে আহত অবস্থায় জেলা হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) খোকন চন্দ্র ভৌমিক বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল

ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকের আলী অনিককেও। রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। তাদের হারায় ২-০ ব্যবধানে। এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরিফুল ছিলেন না চোটের কারণে। এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরিফুলের জায়গায় জাকেরকে নেওয়া। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি। আগামী ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।
শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা এরপর ব্যাটারদের হাত ধরেই সহজেই এসেছে আরও এক জয়। আজ পি সারা ওভালে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে তারা পায় ৭২ রান। ৪০ বলে ২৭ রান করা নিতমি পুরনাকে ফেরান ফাহিমা। পরের সাত ওভারে স্রেফ ২৯ রান করেছে লঙ্কান মেয়েরা, হারিয়েছে ৬ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিকি নুথাওয়াঙ্গে। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট পান ফাহিমা। একটি করে উইকেট পান রাবেয়া খান, জাহানারা আলম, রিতু মণি ও সুলতানা খাতুন। রান তাড়ায় নেমে দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শামীমা সুলতানা। এছাড়া ৩১ বলে ২৮ রান আসে সুবহানা মোস্তারির ব্যাটে। ২২ বলে ২০ রান করেন ওপেনার সাথী রাণী।
ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত: ভিয়েতনামে ১৭৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত: ভিয়েতনামে ১৭৯ জনের মৃত্যু রাজধানী হ্যানয়সহ ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭৯ জন। আজ দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া প্রবল বর্ষণে রেড রিভার নদীর পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বন্যায় ডুবে গেছে হ্যানয়ের অধিকাংশ এলাকা। এখনও প্রায় ১২৮ জন নিখোঁজ রয়েছে। আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল ধ্বংস হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত দুর্যোগ কর্মকর্তারা একটি অফিসিয়াল রিপোর্টে এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে গত ৭ সেপ্টেম্বর শনিবার সকালে। এ ঘূর্ণিঝড়কে চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্সের। ভিয়েতনামে আসার আগে ফিলিপাইনের লুজন প্রদেশ এবং চীনের কোটু দ্বীপেও তাণ্ডব চালায় ইয়াগি। আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া সংস্থার কর্মকর্তাও বলছেন, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এশিয়ায় যত ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, সেসবের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ইয়াগি। গত শনিবার সকালে উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানার পর রাজধানী হ্যানয়ের দিকে এগোতে শুরু করে ইয়াগি। যেসব এলাকার ওপর দিয়ে ঝড়টি গিয়েছে, সেসব এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে একটি বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনইএক্সপ্রেস জানায়, ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে। গত সোমবার থেকে শক্তি হারানো শুরু করে ঘূর্ণিঝড়টি। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকে। ব্যাপক বর্ষণের জেরে হ্যানয়ের পাশদিয়ে বয়ে যাওয়া রেড রিভারসহ দেশের বিভিন্ন এলাকার পানি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পরিচালক মাই ভ্যান কিয়েম বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, রেড রিভার নদীর পানি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া অন্যান্য নদীতে পানি বেড়েছে বিপুল পরিমাণে। নদীতে পানির প্রবাহ রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় বন্যা এবং ভূমিধস শুরু হয়েছে রাজধানী হ্যানয়সহ বিভিন্ন প্রদেশে। দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ইতোমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। নিয়মিত আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন স্কুল ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন লোকজন। বন্যার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। টাইফুন ইয়াগির প্রভাবে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। হাইনানে ঝড়ের কারণে হতাহতের ঘটনাও ঘটে।
শহীদের তালিকা চূড়ান্ত না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না

শহীদের তালিকা চূড়ান্ত না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না শহীদের তালিকা চূড়ান্ত না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে, সেটার ওপর ভিত্তি করেই স্মরণসভা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর বা আশপাশের একটা দিন সেটার সম্ভাব্য তারিখ ঠিক করা ছিল। তালিকা তৈরির কাজ যেহেতু চলছে, সেহেতু ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করবো। এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জনের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তাদের ঠিকানা খুঁজে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর ২০ হাজার ২৬৩ জন আহত হয়েছে। তিনি বলেন, বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, ৮০০ জন শহীদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়তো পাবো। উপদেষ্টা বলেন, শহীদ স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক মাধ্যমে কিছু কথা উঠেছে, এটা আসলে একটা বিভ্রান্তি হয়েছে। এ অনুষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। তার মানে এ নয় যে এখানে পাঁচ কোটি টাকাই খরচ হবে। খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। বেশিরভাগ খরচ মূলত ৬৪ জেলা থেকে শহীদ পরিবার সদস্যদের ঢাকায় নিয়ে এসে একরাত থাকার ব্যবস্থা করায় যাবে। নাহিদ ইসলাম বলেন, এ স্মরণ সভায় কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত খরচের ব্যবস্থা নেই। আর এটা রাষ্ট্রীয় কর্মসূচি। আমরা চেয়েছিলাম, সব শহীদ পরিবারকে এক জায়গায় করা এবং তাদের থেকে আরও তথ্য পাওয়ার আছে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিষয়ও আছে। সেটা খুবই দ্রুতই হবে।
শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলা হবে: ড. ইউনূস

শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলা হবে: ড. ইউনূস কলকারখানাসহ সব ক্ষেত্রে শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার একটা বড় আশা, যে মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। জেনেভা কনভেনশনে যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটা বহুদিন পড়ে আছে, আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারিনি। শ্রমিক, মালিক, সরকার সবাই যখন একটি টিম হলাম ওটাও আমরা করে ফেলবো। তিনি বলেন, ওটা না করলে সামনে এগোনো কষ্ট হবে। যেখানেই যাবেন এটা বাধা দেবে। বলছে তোমরা শ্রমিকদের যা শর্ত, প্রাপ্য এগুলোতে তোমরা সই করতেছো না। কাজেই যদি আমাদের এগোতে হয় পরিষ্কারভাবে হতে হবে। ড. ইউনূস বলেন, আমাদের সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে সই করে ফেলি।
১৬৬৭ পর্ন-৫৬০ জুয়ার সাইট বন্ধ করা হয়েছে: নাহিদ ইসলাম

১৬৬৭ পর্ন-৫৬০ জুয়ার সাইট বন্ধ করা হয়েছে: নাহিদ ইসলাম এক হাজার ৬৬৭টি পর্ন ওয়েবসাইট এবং ৫৬০টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বিগত এক মাসে দুই মন্ত্রণালয়ের কার্যক্রম এবং ১০০ দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিষয়ে উপদেষ্টা বলেন, চিঠিপত্র ও পার্সেল, ডকুমন্টেস গ্রাহক সেবা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজে ঘরে বা অফিসে বসে যেকোনো সময় পার্সেল বা ডকুমেন্টস যেকোনো সময় বুকিং করতে পারবেন। তিনি বলেন, প্রথমে এসে বৈষম্যবিরোধী কোটা সংষ্কার আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার তদন্ত কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট পেয়েছিলাম। বিস্তারিত প্রতিবেদন দাখিল হয়েছে। বর্তমানে কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। একইভাবে ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত এ বিভাগের সব উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন ও পর্যালোচনা চলছে। উপদেষ্টা জানান, টেলিযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় এক হাজার ৬৬৭টি পর্ন ওয়েবসাইট এবং ৫৬০টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। ম্যালওয়ার ছড়ায় এরূপ সাইটে প্রবেশগম্যতায় কার্যক্রম অব্যাহত রয়েছে। উপদেষ্টা আরও জানান, টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবা সম্প্রসারণ উন্নয়য়েণর মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে। ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে সব প্রক্রিয়া শেষ করে অতি শিগগিরই আইএফটি জারি করা হবে। আইসিটি বিভাগের বিষয়ে তিনি বলেন, হাইটেক পার্কের নাম পরিবর্তন হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি। ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান বলেন, বেশ কিছু বকেয়া টেলিফোন অপারেটরদের কাছে আছে। আমাদের ১০০ দিনের কর্মসূচির মধ্যে অন্তভুক্ত করা হয়েছে। যেকোনো মূল্যে আমরা বকেয়াগুলো আদায় করতে চাই। আমরা একটা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে অন্তত পক্ষে কিছু পরিমাণ হলেও আদায় করতে ব্যবস্থা নেব। কলড্রপ নিয়ে এক প্রশ্নে টেলিযোগাযোগ সচিব বলেন, কলড্রপ দীর্ঘদিনের একটি সমস্যা। গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। সীমিত পর্যায়ে আনা যায় এবং জনগণকে ভোগান্তি থেকে মুক্ত রাখা যায় সে বিষয়ে আমাদের পদক্ষেপ আছে। বিটিআরসির কমিশনার মুশফিক মান্নানের বিরুদ্ধে এফডিআরের অর্থ আত্মসাৎসহ লাইসেন্স বাণিজ্যের অভিযোগ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা- প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন, প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিটিআরসি চেয়ারম্যানসহ তিনজন এরই মধ্যে পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান দেওয়া হয়েছে। আমরা আরও নতুন কমিশনার নিয়োগ দেবো। মূলত তারা তারা দায়িত্ব নিয়ে বিষয়গুলো সমাধান করবেন।
এলপি গ্যাসের দাম বাড়ল ৪৪ টাকা

এলপি গ্যাসের দাম বাড়ল ৪৪ টাকা ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দাম ঘোষণা করে। নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা। প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।
আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক

আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক ২৭ বছর পর প্রথমবারের মতো আদমশুমারি করা হবে ইরাকে। আগামী নভেম্বরে এ লক্ষ্যে দেশটিতে জারি করা হবে দুই দিনের কারফিউ। গতাকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’ দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে। কয়েক দশকের সংঘাত ও সহিংসতার কারণে বিধ্বস্ত দেশ ইরাকে বেশ কয়েকবার আদমশুমারি স্থগিত করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণেও আদমশুমারি স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সাধারণ আদমশুমারি ১৯৯৭ সালে ১৫টি ইরাকি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত। বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইরাক সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে। আর তাই ২৭ বছর পর আদমশুমারির আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন বলে ধারণা করা হয়। অতীতে, ইরাক প্রতি ১০ বছর পর পর আদমশুমারি করত। কিন্তু ১৯৯৭ সালের পর পরবর্তী আদমশুমারি ২০০৭ সালে করা যায়নি। কারণ দেশটি সেসময় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়েছিল।
টানা ৪ বার বাড়ার পর কমলো স্বর্ণের দাম

টানা ৪ বার বাড়ার পর কমলো স্বর্ণের দাম দেশের বাজারে টানা চার বার বাড়ার পর কমলো স্বর্ণের দাম। এক সপ্তাহ ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই মূল্যবান ধাতুর দাম কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩২৯ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭ টাকা কমিয়ে ৮৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।