অনূর্ধ্ব-১৭ সাফে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-ভারত

অনূর্ধ্ব-১৭ সাফে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-ভারত গেল বছর ভারতের বিপক্ষে অনূর্ধ্ব–১৬ সাফের ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। প্রতিশোধের মাচ দিয়েই সাফের অনূর্ধ্ব-১৭ মিশন শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। এ মাসেই অনূর্ধ্ব-২০ সাফে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে ভারত বরাবরই অন্যরকম দল। খেলোয়াড়দের মধ্যেও কাজ করে বাড়তি চাপ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বললেন, ‘ভারতের বিপক্ষে খেললে একটু চাপ থাকে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। চাপ থেকে বেড়িয়ে স্বাভাবিক ফুটবল খেলতে চাই। ’ প্রতিপক্ষের চাপ সামলানো গেলেও ভুটানের কন্ডিশন ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সেখানে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ঠ সময়ও পায়নি সাইফুল বারীর শিষ্যরা। সংবাদ সম্মেলনে অধিনায়ক, কোচ দুজনেই কথা বলেছেন এ নিয়ে। অধিনায়কের কথায়, ‘ভুটানের আবহাওয়া বাংলাদেশ থেকে একটু ভিন্ন। এখানে ঠান্ডা পড়ছে, আর বাংলাদেশ আমরা গরমে অনুশীলন করে এসেছি। তবে এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ’টুর্নামেন্টে পা রাখার আগে কয়েক সপ্তাহ ক্যাম্প করার সুযোগ পেয়েছে তারা। সেটি অজানা থাকার কথা নয় বাংলাদেশ কোচের, ‘ভারতীয় টিমের প্রস্তুতি নিয়ে আমরা তেমন কিছু জানি না। শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখে তারা অনুশীলন করেছে। তো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ, আর সেটি যদি হয় ভারতের বিপক্ষে… তো এটা একটা বড় ব্যাপার। তাছাড়া তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমার মনে হয় ছেলেরা এটা মোকাবিলা করতে প্রস্তুত। ’ এদিকে, ভারতীয় কোচ ইশফাক আহমেদ সমীহ করছেন বাংলাদেশকে। সেটি করাটাই যুক্তিযুক্ত। কেননা সাফের সব ক্যাটাগরি মিলিয়ে চারটি শিরোপা বাংলাদেশের দখলে। সাফ অঞ্চলে বাংলাদেশ যে শক্ত প্রতিপক্ষ সেটিই সংবাদ সম্মেলনে বলে গেলেন ইশফাক, ‘বাংলাদেশ অবশ্যই ভালো দল। সাফে তারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। বয়সভিত্তিক সাফে তারা সব বিভাগেই ভালো করছে। আমরা জানি বাংলাদেশকে হারানো মোটেও সহজ হবে না। এটা কঠিন ম্যাচ হবে, তবে আমরা তাদের মোকাবিলা করতে পেরে খুশি। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে আমরা ভালো শুরু করতে চাই। আশা করি দর্শকরা একটা উপভোগ্য ম্যাচ দেখবেন। ’

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক

সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে তাদের মধ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে। আজ বিকেলে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।

ঘুষ-দুর্নীতিকে জিরো টলারেন্স : নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ

ঘুষ-দুর্নীতিকে জিরো টলারেন্স : নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেছেন, আমি ঘুষ-দুর্নীতির বিুরদ্ধে আমার জিরো টলারেন্স। এ জন্য আমি আমার অফিস থেকেই কাজ শুরু করব, আগে আমার অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে চাই। এরপর জেলার অন্যান্য সরকারি অফিসগুলোকেও দেখা হবে। এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবাগত জেলা প্রশাসকের এই জেলায় যোগদান উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ঘুষ,দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মতবিনিময় সভায় অংশগ্রহণ করা সাংবাদিকরা চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে নতুন জেলা প্রশাসককে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় জেলার প্রধান অর্থকরি ফসল আম উৎপাদন, বিপণন, বিদেশে রপ্তানি, আমজাত পণ্য উৎপাদন, ম্যাংগো ট্রাস্ট, সোনামসজিদ স্থলবন্দর, আন্তঃনগর ট্রেন, গম্ভীরা, পরিবেশ, যোগযোগ, বিদ্যুতের লোডশেডিংসহ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় উঠে আসে সাংবাদিকদের পরামর্শে। এছাড়াও মাদক, কিশোর গ্যাং, ভুয়া এনজিওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০

লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০ লেবাননে এবার ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০, লেবাননে ওয়াকি–টকি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। আজ রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সিদন শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সেই ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে লেবাননে ১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং আহত হন প্রায় ৩ হাজার জন। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াকি–টকি বিস্ফোরণের ঘটনা ঘটল।লেবানিজ রেডক্রসকে উদ্ধৃত করে বিবিসি বলছে, লেবাননের একাধিক স্থানে ওয়াকি–টকি বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় দফা বিস্ফোরণের পর হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনসহ যোগাযোগের যন্ত্র থেকে দূরে থাকতে বলা হয়েছে।এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লেবাননে কয়েক হাজার পেজারে বিস্ফোরণের অস্বাভাবিক ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও প্রায় ৩ হাজার জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়ে পরবর্তী প্রায় ১ ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে। হিজবুল্লাহ এমপি আলী আম্মারের ছেলে মোহাম্মদ মাহদি আম্মারও নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও বিস্ফোরণে আহত হয়েছেন। এই বিস্ফোরণের জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলি শত্রুদের দায়ী করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণে আমাদের আট যোদ্ধার মৃত্যু হয়েছে। ইসরায়েল অবশ্যই এই পাপপূর্ণ আগ্রাসনের জন্য তার ন্যায্য শাস্তি পাবে।

চাঁপাইনবাবগঞ্জে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তাদেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বেসরকারি উন্নয়ন সংগঠন এসিডি কয়েকটি বিদেশী সাহায্য সংস্থা ও উন্নয়ন সংগঠনের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণে অতিথি ছিলেন সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। বক্তরা যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান,উদ্ধার ও শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াও শিশুর অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মানবাধিকার,কন্যা সন্তানের প্রতি সুদৃষ্টি রাখার বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আজ সকালে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণের পর প্রথমে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন এই জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য।

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলিশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়। ডাসকো ফাউন্ডেশনের দুর্যোগ ভলান্টিয়ার ও সিএসইও সদস্যদের আয়োজনে রোপণকালে উপস্থিত ছিলেনÑ ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক সাবের আহমেদ ও মোহাম্মদ আলী, মহিলা সদস্য ইসমত আরা ও মোসাম্মৎ তোহরা খাতুন।

৭  দিনে এলো ৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

৭  দিনে এলো ৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে দেশে বৈধপথে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৭ হাজার ১৪ কোটি টাকা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ২৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। রেমিট্যান্স বেশি আসার পেছনে সচেতনতা কাজ করছে উল্লেখ করে তিনি জানান, প্রবাসীদের কাছে পৌঁছানো আর ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিট্যান্স আসার পরিমাণ।

গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক গোমস্তাপুরে ৯ বছরের ১ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার খান আজহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ওই শিক্ষক ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার শিকার শিশুটির মা জানায়, তার ছেলে গতকাল দুপুরে তাকে অবহিত করলে তিনি বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই শিক্ষককে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নাচোলে পুকুরে ডুবে মনিরা ইয়াসমিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু কসবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে মায়ের সাথে বাড়ির অদূরে পুকুর ঘাটে যায় মনিরা। মা ঘাটে কাজ করার এক পর্যায়ে সে খেলা করতে করতে সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তার খোঁজ করা হলে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) মেসবাউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।