শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে জাতীয় দল ম্যাচ খেলে এসেছে কিছুদিন আগেই। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচে হাভিয়ের কাবরেরার ফুটবলারদের যতটা জড়োসড়ো দেখা গেছে, অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের মধ্যে তা ছিল না। সাফের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছে সাইফুল বারীর দল। তাতে জয় না এলেও অন্তত ১ টি পয়েন্ট প্রত্যাশিত ছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি নাজমুল হুদাদের। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে ম্যাচ বের করে নিয়ে গেছে ভারত। গত বছর অনুর্ধ্ব-১৬ আসরেও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এ বছর চ্যাম্পিয়ন হওয়া অনুর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের প্রেরণা হিসেবে নিয়েছিল এই কিশোর ফুটবলাররা। তাতে লড়াই মিললেও শেষ পর্যন্ত হারের হতাশাই সঙ্গী হয়েছে। ভারত শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। ঘরোয়া ফুটবলে রক্ষণ মনস্ক হিসেবে পরিচিত কোচ সাইফুল বারীর অধীনে বাংলাদেশ প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলেছে। বাংলাদেশের রক্ষণ ছিল আঁটোসাঁটো। ফলে ম্যাচে খুব বেশি সুযোগ পায়নি ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ সুযোগ পেয়েছিল বরং বাংলাদেশই। কিন্ত বক্সের ভেতর থেকে শফিক রহমান শট পোস্টে রাখতে পারেনি। ৭৬ মিনিটে ভারতের একটা শট ক্রসবারে প্রতিহত হওয়ার পর অতিরিক্ত সময়ে কর্নার থেকে সুমিত শর্মার হেড জড়ায় জালে।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে ভারত। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ হারিয়েছিল ২৬ রানে ৩ উইকেট। এরপর দ্বিতীয় সেশনেই বাংলাদেশ হারিয়েছে আরো ৫ উইকেট। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেরা দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন সাকিব ও লিটন। দুজনের ৫১ রানের জুটি যখন ভাঙে তখন দলীয় সংগ্রহ ৯১। এক রান যোগ করতেই সাকিবও বিলালেন নিজের উইকেট। সাকিব-লিটন দুজনই আউট হয়েছেন জাদেজাকে সুইপ করতে গিয়ে। চা বিরতির আগে দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে বুমরার তৃতীয় শিকারে পরিণত হন হাসান। দ্বিতীয় সেশনে ২৭.৫ ওভারে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চা বিরতির পর ফিরিয়েছেন তাসকিনকেও। বুমরার ইয়র্কারে বোল্ড হয়েছেন তাসকিন। বাংলাদেশের ইনিংসের প্রথম উইকেটও শুরু করেছিলেন সাদমানকে বোল্ড করে। এর আগে প্রথম সেশনেই দুই বলে ২ উইকেট তুলে নিয়েছেন আকাশ দীপ। একই রকম ডেলিভারিতে জাকির ও মমিনুলকে বোল্ড করেছেন এই পেসার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন সিরাজের বলে। শেষটাও করেন সিরাজ। নাহিদ রানাকে বোল্ড করে ১৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশকে। ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে থেকে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।

বাইডেনের শেষ সময়ে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য

বাইডেনের শেষ সময়ে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এলেও গাজায় যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত। বাইডেনের মেয়াদ শেষের দিকে থাকায় ওয়াশিংটনের পদক্ষেপ সীমিত হয়ে পড়ছে। মার্কিন নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কায় প্রশাসন চাপে পড়েছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় লেবাননেও আতঙ্ক ছড়িয়েছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের ফলে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গাজায় যুদ্ধবিরতি আলোচনা জটিল করে তুলেছে। লেবাননের স্বাস্থ্য বিভাগ জানায়, এই ঘটনায় অন্তত ৩৭ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েল সাধারণত বিদেশে পরিচালিত হামলা নিয়ে মন্তব্য করে না, তবে বুধবার তারা ঘোষণা দেয়, একটি ‘নতুন যুদ্ধের যুগ’ শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর সদস্যদের ডিভাইস হ্যাক হওয়ার সন্দেহে তারা হামলার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে ভাষণ দিয়ে ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেন এবং গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান, লেবাননে তাদের রাষ্ট্রদূত আহত হওয়ার ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে। ইরানের প্রতিক্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকের পর প্রকাশিত হতে পারে, যেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। অক্টোবরের ৭ তারিখে হামাসের নেতৃত্বে আকস্মিক আক্রমণে ১২০০ এরও বেশি ইসরায়েলি নিহত এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ সীমান্তে প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। তবে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার পর এবং গাজায় ছয়জন জিম্মির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যুদ্ধবিরতি আলোচনা আরও জটিল হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কায়রোতে জানান, আলোচনায় কিছু ঘটনা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন মধ্যস্থতাকারী আমোস হকস্টেইন লেবাননে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তিনি সীমান্তে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে কাজ করছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, সামরিক পদক্ষেপই উত্তরের সীমান্তে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র উপায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এমন কোনও অভিযান ইরান, সিরিয়া বা ইরাকের আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধে জড়ানোর আশঙ্কা সৃষ্টি করতে পারে। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের জোসেফ বাহাউটের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেও মার্কিন সতর্কতাকে উপেক্ষা করেছেন, এবং তিনি আবারও একই পথ বেছে নিচ্ছেন।

আইন নিজের হাতে তুলে না নেয়ার নির্দেশ ড. ইউনূসের

আইন নিজের হাতে তুলে না নেয়ার নির্দেশ ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সেই পোস্টে বলা হয়েছে, গতকাল খাগড়াছড়ি ও আজ (শুক্রবার) রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। পোস্টে আরো বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া যাচ্ছে। আইন নিজ হাতে তুলে নেয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে আরো বলা হয়েছে, এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে। এ প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৯

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৯ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ১৯ হাজার ৫৭৭ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৬৫ জন। এর মধ্যে ৬২.৫ শতাংশ পুরুষ ও ৩৭.৫ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ১২৪ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

“চাঁপাইনবাবগঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

“চাঁপাইনবাবগঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “চাঁপাইনবাবগঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী জেলা শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত স্কাই ভিউ ইন হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায়, অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ১৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষক ছিলেন, সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক শাহনাজ মুন্নি, সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, সমষ্টির মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট সানজিদা তামান্না ঐশী এবং চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক রবিউল হাসান ডলার। এতে প্রয়াস ও রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মো. নয়ন আলী ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। ফ্র্রি প্রেস আনলিমিটেড এর আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কর্মশালার আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কন্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে সমষ্টি।

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য পেল ৩৪২৯ পরিবার

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য পেল ৩৪২৯ পরিবার শিবগঞ্জ পৌরসভায় নিম্ন  আয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। আজ সকালে পৌরসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম শুরু হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল দেয়া হয়। শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে- প্রতি কেজি চাল ৩০ টাকা, ডাল ৬০ টাকা ও ১০০ টাকা দরে বিক্রি করা হয়। ৯টি ওয়ার্ডে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ পণ্যসামগ্রী কিনতে পারছেন।

রহনপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

রহনপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা রহনপুর স্টেশনবাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে স্টেশন বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। এসময় বক্তব্য দেন রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সহ সভাপতি সানোয়ার হোসেন, রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আব্দুল আজিজ, রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জজামান বাবুু, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যারা। ব্যবসায়ীরা বক্তব্যে বলেন সঠিক নিয়ম মেনে আমরা ব্যবসা করতে চাই, অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ বন্ধ করতে হবে এবং রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতি, নাজমুল হুদা খান রুবেলের পদত্যাগের দাবি করা হয়।

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন ও গণহত্যা চালানোর ফলে সমগ্র দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা গণবিক্ষোভ করে। আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও বিচারের দাবিতে সরকার পতনের একদফা দাবি ওঠে। ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশত্যাগ করেন। মহামান্য রাষ্ট্রপতি ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবিলা, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখা এবং রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত যাচনা করেন। ‘সংবিধানের ১০৬ অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৮ আগস্ট স্পেশাল রেফারেন্স নম্বর- ০১/২০২৪ দ্বারা মতামত প্রদান করেছে যে, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। মহামান্য রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে শপথ পাঠ করাতে পারবেন। ’ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অব নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবিলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে, গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা পূরণের ও রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতি কর্তৃক ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। গঠিত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা জরুরি। বর্ণিত প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। উপদেষ্টা পরিষদ ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে।

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও সেচ্ছাবেবকদের ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও সেচ্ছাবেবকদের ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দার কর্মী ও সেচ্ছাবেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। দারিদ্রতার বিরুদ্ধে “প্রোগ্রাম প্রডাকশন ট্রেনিং ফর কমিউনিটি রেডিও স্টাফ অ্যান্ড ভলেন্টিয়ার’’ শীর্ষক কর্মশালায় রেডিও মহানন্দার ১৩ জন কর্মী ও স্বেচ্ছাসেবক অংশ নেন। জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে গত ১৭ সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। কর্মশালার কো-ফ্যাসিলেটেটর ছিলেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম এবং প্রশিক্ষক ছিলেন, গত ২৫ থেকে ৩০ জুলাই নেপালে অনুষ্ঠিত (টিওটি) কর্মশালায় অংশ নেওয়া রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী। অগঅজঈ অংরধ চধপরভরপ, ঈঅগঊঈঙ ও জার্মানির অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮এফএম। কমিউনিটি রেডিও কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রোপ্রামের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্দেশ্য হলো- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমিউনিটি রেডিও’র কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।