গোমস্তাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত

গোমস্তাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত গোমস্তাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন বহিপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম। আজ উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেলা ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ। অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিয়াউল হক মুকুট পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ৯৭ টি কৃষক সংগঠনের প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

রাতে আর্জেন্টিনা, ভোরে খেলতে নামবে ব্রাজিল

রাতে আর্জেন্টিনা, ভোরে খেলতে নামবে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলের লড়াইয়ে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নামছে দুই দল। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে রাত ৩টায় নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্জেন্টিনা। তারও আগে কলম্বিয়া খেলবে বলিভিয়ার সঙ্গে। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভোর ৬টায় নামবে চিলির বিপক্ষে। এদিকে সব শঙ্কা আর ভয়কে দূরে ঠেলে ভেনেজুয়েলা পৌঁছেছে আর্জেন্টিনা। খেলা হবে ঠিকসময়েই। হ্যারিকেন মিল্টনের প্রলয়কাণ্ডে মায়ামিতে আটকে থাকার অবস্থা ছিল আর্জেন্টিনা দলের। সেই সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় যাওয়ার অনুমতিও মিলছিল না। শেষ পর্যন্ত কলম্বিয়া হয়ে মাতুরিন পৌঁছেছে আলবিসেলেস্তেরা। মায়ামি ছাড়ার আগে তাই কিছুটা চিন্তিত কোচ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, এটা আমাদের জন্য কঠিন। আমরা মাত্র একদিন আগে পৌঁছাব। আমাদের আবার থামতে হবে। কেননা তারা যুক্তরাষ্ট্রের মাটি থেকে সরাসরি ভেনেজুয়েলা যেতে দেবে না। বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে আর্জেন্টিনা আছে শীর্ষে। লিওলেন মেসির ফিরে আসা সাহস যোগাবে। তবে দলে নেই মার্কাস অ্যাকুনা, পাওলো দিবালা, নিকো গঞ্জালেস, আলেসান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কার্বোনিরা। গোলবারে এমি মার্টিনেজের পরিবর্তে থাকবেন জেরোনিমো রুল্লি। ঠিক বিপরীতে বাজে অবস্থা ব্রাজিলের। সান্তিয়াগোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চেয়েও সাধারণের আগ্রহ পল ম্যাককার্টনের প্রতি। একই হোটেলে থাকা ইংলিশ গায়কের কনসার্টের টান বেশি অনুভব করছেন তারা। যার মূলে ব্রাজিলের ফুটবল। সেই ছন্দ, সাফল্য, গোল কোনোকিছুই নেই। আর্জেন্টিনার চেয়ে দশ পয়েন্ট কম নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে তারা। চিলির সঙ্গে ম্যাচের একাদশ অবশ্য চূড়ান্ত। প্রথমবার হলুদ জার্সিতে নামবেন আবনের ও ইগর জেসুস। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, এটা স্বাভাবিক যে আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। খারাপ ফল করছি। তবে দল হিসেবে তা আমরা মোকাবিলা করতে চাই। আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবাই এক হয়ে বর্তমান অবস্থাকে পাল্টে দেওয়া।

হংকংয়ে সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশ, সূচি প্রকাশ

হংকংয়ে সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশ, সূচি প্রকাশ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টি-টেন ক্রিকেট। অনেক দেশই ১০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের দিকে ঝুঁকছে। তবে হংকং আরো আগে থেকে সিক্স-এ-সাইড ক্রিকেট আয়োজন করে আসছে। মাঝে লম্বা সময় বিরতি থাকলেও ফের ছয় ওভারের টুর্নামেন্টটি আয়োজিত হবে। সিক্স-এ-সাইড টুর্নামেন্টে ছয় ওভারের পাশাপাশি মাঠের লড়াইয়ে থাকবেন ছয় জন ক্রিকেটার। ‌‌‘হংকং সিক্সেস’ নামক এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে সংশ্লিষ্টরা। চারটি পুল বা গ্রুপে মোট ১২টি দলকে ভাগ করে রাখা হয়েছে। বাংলাদেশের অবস্থান ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলংকা ও ওমানকে। প্রথম দিনেই ওমান ও শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ করে ফেলবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে আছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং স্বাগতিক হংকং ও চায়নার যৌথ দল। গ্রুপ ‘বি’-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নেপাল। আর গ্রুপ ‘সি’-তে আছে ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। একেবারেই সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ম্যাচ হওয়ায় তিন দিনের মধ্যেই শেষ হবে এবারের আসর। ২ নভেম্বর বোল ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচের ম্যাচ খেলবে দলগুলো। শেষদিন বিভিন্ন গ্রুপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চায়না কাপের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ দিন মেয়েদের একটি প্রীতি ম্যাচের আয়োজনও করা হয়েছে। এই টুর্নামেন্ট উপলক্ষে আরও কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সাত সদস্যের স্কোয়াডে আছেন ফাহিম আশরাফ (অধিনায়ক), আমির ইয়ামিন, আসিফ আলী, দানিশ আজিজ, হুসাইন তালাত, মোহাম্মদ আখলাক এবং শাদাব খান। হংকং ও চায়নার যৌথ দলও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। দলে আছেন নিজাকাত খান (অধিনায়ক), বেনি সিং, এহসান খান, ইমরান আরিফ, জেসন লুই, সাহাল ভার্নকার ও জিশান আলী।

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৩

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৩ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২৪৬ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। আজ সুইডেনের স্থানীয় সময় বিকেল ১টা ও বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠানের মাধ্যমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের সেক্রেটারি জেনারেল প্রফেসর হ্যান্স এলেগ্রেন ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন। একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এর আগের বছর ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। ইয়োন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন। ১৯০১ সালে,সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম (১৮৩৯-১৯০৭)। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাস’-এর জন্য যৌথভাবে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কারজয়ী ঘোষণা করে। সূত্র: দ্য গার্ডিয়ান

দ্বিতীয় টি-২০তে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

দ্বিতীয় টি-২০তে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। আজ  দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফের মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি জায়গায় পরিবর্তন আনা হতে পারে। টি-২০তে সাম্প্রতিক সময়ে যখনই সুযোগ পেয়েছেন, সেটিকে কাজে লাগিয়েছেন ‍তরুণ পেসার তানজিম হাসান সাকিব। টি-২০ বিশ্বকাপেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি নজর কেড়েছিলেন। আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন তিনি। তানজিমকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন প্রথম টি-২০তে কার্যকরী ভূমিকা রাখতে না পারা তাসকিন আহমেদ। এই ম্যাচেও টাইগারদের ওপেনিংয়ে থাকবেন লিটন কুমার দাস এবং পারভেজ হোসাইন ইমন। যথারীতি তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। চারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে দেখা যাবে নিজের শেষ টি-২০ সিরিজ খেলার ঘোষণা দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফরম্যাটটিতে তিনি নিশ্চয়ই নিজের শেষটা রাঙাতে চাইবেন। এ ছাড়া ফিনিশারের ভূমিকায় জাকের আলি অনিক এবং রিশাদ হোসেনের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দল। রিশাদ অবশ্য বিশেষজ্ঞ লেগ-স্পিনার হিসেবেও নিজের কাজটা করে যাবেন বোলিংয়ে। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটেও তিন পেসার নিয়েই সাজানো হবে টাইগারদের পেস বোলিং লাইনআপ। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে যুক্ত হতে পারেন তানজিম সাকিব। বাংলাদেশ সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার।আজ সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকারকে। অপরদিকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি জানায়, মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়। একাডেমি জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।

ড. ইউনূসের সঙ্গে রাশিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ড. ইউনূসের সঙ্গে রাশিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। আজ সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। ১৮ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ রাষ্ট্রদূত। ঐ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনরায় ঘোষণা করেন।

বিশ্ব ডাক দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত

বিশ্ব ডাক দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত বিশ্ব ডাক দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ সচিবালয়ে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন উপদেষ্টা। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে সবাইকে শুভেচ্ছা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম ‘Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps’ এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যন্ডের বার্নে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে ‘বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের’ নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদফতরের ঊদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এটিই সুপ্রিম কোর্টে সবচেয়ে বড় বিচারপতি নিয়োগের ঘটনা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রাব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখ করা ২৩ জনকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হলো। নিয়োগপ্রাপ্তরা হলেন– মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।