উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগ্রেসরা। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহতে বি-গ্রুপের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ভালো কিছুর স্বপ্ন দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রুপপর্বে সবাই কিন্তু এখনো পর্যন্ত একটি করেই ম্যাচ জিতে আছে (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচ)। আমাদের এখনো সেমিফাইনালের দিকেই চোখ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব যেন সুযোগটা নিতে পারি।’ শক্তির বিচারে লাল-সবুজের দলের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ টি-২০ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাঘিনীদের পরাজয়ের স্বাদ পেয়ে হয়েছিল। এবার সেই বৃত্ত ভাঙতে চান জ্যোতিরা। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ ফরম্যাটের বৈশ্বিক আসরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিয়েও লক্ষ্য তাড়ায় মাত্র ৯৭ রানে আটকে গিয়ে হারতে হয়েছিল।

হোয়াটসঅ্যাপে দেখা যাবে আর না টাইপিং; আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে দেখা যাবে আর না টাইপিং; আসছে নতুন ফিচার জনপ্রিয় সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে আর কেউ লিখলে দেখা যাবে না টাইপিং লেখা, অন্যে টাইপ করছে দেখাতে নতুন চমক নিয়ে আসছে সবার প্রিয় অ্যাপটি। কাউকে মেসেজ করার পরে সে যদি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেয়, তবে হোয়াটসঅ্যাপ এর সেই চ্যাট উইন্ডোতে টাইপিং লেখা ভেসে ওঠার সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। না হয়ে উপায়ও নেই। ফোনে যত বিকল্পই থাক না কেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন একটা প্রায় সবারই থাকে। তবে কথা হলো, প্রত্যুত্তর আসার সেই চিরচেনা টাইপিং আর থাকবে না। ইউজারের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরো আকর্ষণীয় করে তুলতে ব্যাপারটাকে বদলে দিচ্ছে মেটা মালিকানাধীন এই সংস্থা, যা নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ-এর ফিচারের দিক থেকে এক বড় আপডেট। সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে, এবার তাহলে কী থাকতে চলেছে টাইপিং ভেসে ওঠার পরিবর্তে? জানা গিয়েছে যে এবার থেকে চ্যাট উইন্ডোতে, স্ক্রিনের ডান দিকে বাবল ফরম্যাটে এই প্রত্যুত্তর দেওয়ার ব্যাপারটা চোখে পড়বে। ৩টি বিন্দু সেখানে নড়াচড়া করবে, যতক্ষণ পর্যন্ত অপরজন তার বক্তব্য টাইপ করবেন। লেখা শেষ হলে তিনি যখন সেই মেসেজ সেন্ড করবেন, তখন তা আমাদের ফিডে চলে আসবে। জানা গিয়েছে যে, হোয়াটসঅ্যাপ Android 2.24.21.18 বিটা ভার্সনে এই ফিচার এরইমধ্যে টেস্ট করে দেখা হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই তা পুরোদস্তুর চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। টাইপিং ভেসে ওঠা বহু দিন ধরে হোয়াটসঅ্যাপ-এ চ্যাটের এক অবিচ্ছেদ্য অঙ্গ, নতুন এই আপডেট ইউজারদের পছন্দ হবে কি না সেটা তর্কসাপেক্ষ। তবে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। শুধু এই নয়, হোয়াটসঅ্যাপে আরো নানা ফিচার আসতে চলেছে। ভিডিও কলে যোগ হতে চলেছে এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার মতো নানা সুবিধা, যা ইউজারের প্রাইভেসিকে বজায় রাখবে। ঠিক যেমনটা গুগল মিট বা জুম-এ হয়, তেমনই! বুঝতে অসুবিধা নেই, প্রতিযোগীদের টেক্কা দেওয়ার কোনো পথই আর বাকি রাখতে চায় না হোয়াটসঅ্যাপ।

এবার দুর্গার আগমন দোলায়, হাতিতে গমন যে কারণে

এবার দুর্গার আগমন দোলায়, হাতিতে গমন যে কারণে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ ও নেপালে দুর্গাপূজা বেশ জমকালোভাবে আয়োজিত হয়ে। আশ্বিন মাসে প্রায় দশদিন ধরে দুর্গাপূজার উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় মহাষষ্ঠী (আজ ৯ অক্টোবর) থেকে। চলতি বছরে দুর্গাপূজার মহালয়া ছিল গত ২ অক্টোবর, বুধবার। এরপর মহাপঞ্চমী ছিল গতকাল ৮ অক্টোবর! আজ বুধবার, ৯ অক্টোবর মহাষষ্ঠী। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি, দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রোববার। দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। দেবী দুর্গা ও তার পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদি কোনো বছর হয়‚ তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আসা ও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে। পঞ্জিকা অনুসারে পূজার সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর আসা যাওয়ার বাহন। শাস্ত্র অনুযায়ী, সপ্তমী রোববার বা সোমবারে হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবারে হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবারে হলে দেবীর বাহন নৌকা। একইভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবারে হলে নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী। এবার দুর্গার বাহন : এই বছর ১০ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। আগামী ১৩ অক্টোবর রোববার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র-কন্যা নিয়ে কৈলাশে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে। শাস্ত্রমতে, দুর্গা যদি পালকিতে করে আসেন, তাহলে ফল ‘দোলায়াং মকরং ভবেৎ’ অর্থাৎ মহামারি, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে, শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ। দুর্গার অন্য বাহনের মাহাত্ম্য: দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ‘ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে’ অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ হয়। সামাজিক ও রাজনৈতিকস্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। এক কথায় ‘ছত্রভঙ্গম’। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে ফল ‘শস্য বুদ্ধিস্তথাজলম’ অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।

অপু-বুবলী আমার জীবনে অতীত হিসেবেই থাকুক: শাকিব খান

অপু-বুবলী আমার জীবনে অতীত হিসেবেই থাকুক: শাকিব খান ভালোবেসেই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি। অপু-বুবলী দুজনেই এখন শাকিবের জীবনে অতীত। একাধিকবার সাক্ষাৎকারে নিজের দুই প্রাক্তন স্ত্রীকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন এই নায়ক। ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই, সেটাও স্পষ্ট করেছেন বারবার। সম্প্রতি ডেইলি বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন শাকিব খান। সেখানে আরো একবার নিজের প্রাক্তন দুই স্ত্রী প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে নায়ক সরাসরি জানিয়েছেন- অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই তার জীবনে অতীত হিসেবে থাকবে। ব্যক্তিজীবনে নিজের দুই সংসার ভাঙনে কষ্ট পেয়েছেন শাকিব। বিশেষ করে মানুষের ‘কটু কথায়’। নায়কের ভাষায়, ‘আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দু’জন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’ তবে পরিবার ও শুভাকাঙ্খীদের ভালোবাসাকে বড় প্রাপ্তি হিসেবে দেখেন শাকিব খান। নায়ক বললেন, ‘আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের কোটি কোটি ভালবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’ একই সাক্ষাৎকারে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন নায়ক। শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’ এসময় বাবা-মায়ের ইচ্ছার কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’ ওই সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে হবে ৪ শতাংশ

চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে হবে ৪ শতাংশ রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যেটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। তবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি তাদের পূর্বের পূর্বাভাসের চেয়েও বেশি হবে বলে মনে করছে ঋণদাতা এ প্রতিষ্ঠানটি। বাংলাদেশের প্রবৃদ্ধি ধীরগতির কারণ উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে উৎপাদন প্রবৃদ্ধি সদ্য শেষ হওয়া ২০২৩/২৪-এর ৫ দশমিক ২ শতাংশ ছিল। চলতি অর্থবছরে ৩ দশমিক ২ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে। বিশ্বব্যাংকের হিসাবে, মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। বর্তমান অর্থবছরের বাজেটে গত আওয়ামী লীগ সরকার ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সেই হিসাবে বিশ্বব্যাংকের পূর্বাভাস সরকারি লক্ষ্যের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী কমে গেলে তা হবে করোনা মহামারির পর সবচেয়ে কম প্রবৃদ্ধি। ২০১৯-২০ অর্থবছরে দেশে ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সংস্থাটি বলছে, প্রবৃদ্ধির প্রক্ষেপণের জন্য বাংলাদেশে ঘটে যাওয়া কিছু কারণ দায়ী। সাম্প্রতিক মাসগুলোতে নির্ভরযোগ্য তথ্য বা পরিসংখ্যানের অভাব এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পরে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিশ্চয়তা এসেছে। স্বল্পমেয়াদে, রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ এবং শিল্প প্রবৃদ্ধিকে স্তব্ধ রাখবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া সাম্প্রতিক বন্যা কৃষি উৎপাদনকে আরো পিছিয়ে দেবে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে, আর্থিক খাতে সমালোচনামূলক সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি, ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং বাণিজ্য বৃদ্ধির ফলে প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে বিশ্বব্যাংক।

বিশ্ব দৃষ্টি দিবসে অন্ধ কল্যাণ সমিতির র‌্যালি ও আলোচনা সভা 

বিশ্ব দৃষ্টি দিবসে অন্ধ কল্যাণ সমিতির র‌্যালি ও আলোচনা সভা  চাঁপাইনবাবগঞ্জে আজ বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘আপনার সন্তানের চোখকে ভালোবাসুন’- এ স্লোগানকে সামনে রেখে সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষ হাসপাতাল এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- সমিতির সহসভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহসভাপতি ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সভায় সূচনা বক্তব্য দেন চক্ষু হাসপাতালের ডা. ইমরান জাভেদ। সঞ্চালনা করে সমিতির নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু। এসময় উপস্থিত ছিলেন- সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, চক্ষু হাসপাতালের ডা. তৌহিদুল ইসলাম সুজন, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।

শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পদ্মা নদীর বোগলাউড়ি ঘাটের অদূরে পদ্মা’র শাখা মরাগঙ্গা নদীর ঘাটে গোসল করেত নেমে সানাউল্লাহ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের জাহির আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। সাঁতার না জানা সানাউল্লাহ পাঁকা ইউনিয়নের চর কানছিড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাবার পর সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির নিকটেই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় মাঝিরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

৩১টি পূজাম-পে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগদ আর্থিক সহায়তা

৩১টি পূজাম-পে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগদ আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ হতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩১টি মন্দির ও পূজাম-প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুকূলে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় চরজোতপ্রতাপ শিবতলা দূর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে নগদ টাকা বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আয়োজিত নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগদ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাছমিনা খাতুন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমীর আল মনসুর শোয়াইব, আব্দুল্লাহ আল মামুন , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়।

কূখ্যাত কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বিসহ ২ সহযোগি আটক

কূখ্যাত কিশোর গ্যাং লিডার ককটেল রাব্বিসহ ২ সহযোগি আটক চাঁপাইনবাবগঞ্জের কূখ্যাত কিশোর গাং লিডার ও একাধিক মামলার আসামী রাব্বি ওরফে ককটেল রাব্বিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেইট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা ফকিরপাড়া এলাকার মৃত শহিদের ছেলে। একই সাথে গ্রেপ্তার হয়েছে একই এলাকার মৃত লালচানের ছেলে জাকির হোসেন ও মৃত মনির ছেলে জিঞ্জির সোহেল। র‌্যাব জানায়, গতকাল সকাল ৭টার দিকে দূর্গাপুজায় নাশকতা করতে পারে এমন গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, গত ২০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ ষ্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ষ্টেডিয়ামের অদূরে দু’গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে একজন গুরুতর আহত হয়। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পের পাশেই ঘটে। এ ঘটনায় এক আহতের অভিভাবক চাঁপাইনববাবগঞ্জ সদর থানায় হত্যা চেষ্টা সহ বিস্ফোরক আইনে মামলা করেন। এরপর যৌথ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৫ জনকে গ্রেপ্তার করলেও রাব্বি পলাতক থাকে। পরে গত ৩ অক্টোবর রাব্বির ভাই শিমুলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব স্থানীয়দের বরাতে আরও জানায়, ভাই গ্রেপ্তারের পর দিন গত ৪ অক্টোবর রাব্বি সহ গ্রেপ্তার তার সহযোগিরা শহরে দু’দফায় ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তাদের নামে আরও একটি মামলা হয়। এর পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের গ্রেপ্তারের অব্যহত চেষ্টা করলেও অতি ধুর্ত রাব্বি পলাতক থাকে। অবশেষে গতকাল সকালে সে সহযোগিদের সাথে গ্রেপ্তার হয়। রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এর আগে মিজানুর রহমান মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুজন। তারা হলেন- একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মসজিদের ইমাম মো. হোসেন আলী ও মৃত মসিদুর রহমানের ছেলে হারুণ অর রশিদ। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে উপস্থিত থাকা সদর থানার এসআই জুবায়ের হোসেন ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদি হাসান জানান, মারা যাওয়া মিজানুর রহমান মিজু একজন মাদকাসক্ত ছিলেন। ওয়ার্ড সদস্য মেহেদি হাসান জানান, এর আগে মাদক সেবনে হোসেন আলীসহ গ্রামবাসী মিজুকে বাধা প্রদান করেন। মিজু এতে ক্ষপ্ত হন। তারই জের ধরে মিজু আজ সকাল সাড়ে ৭টার দিকে শিমুলতলা বালুচর গ্রাম সংলগ্ন মহানন্দা নদীর পাড়ে হোসেন আলীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেন। এসময় তাকে বাধা দিতে গেলে হারুণ অর রশিদকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্যদিকে স্থানীয়রা মিজানুর রহমান মিজুকে ধরে গণপিটুনি দেন। এত তিনি গুরুতরভাবে আহত হন। সদর থানার এসআই জুবায়ের হোসেন বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় মিজুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী সুইট বলেন- “আজ সকাল ১০টার দিকে মিজানুর রহমান মিজুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিজানুর রহমান মিজুর মরদেহ হাসপাতালে রাখা ছিল।