পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেফতার: আইজিপি

পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেফতার: আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ময়নুল ইসলাম বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। আইজিপি আরো বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান

সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে: সেনাপ্রধান শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।আজ বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান ওকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন। আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। শতাব্দীর পর শতাব্দী এটাই আমরা করে আসছি এবং এটাই জারি থাকবে। ‘সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, সারাদেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো,’ যোগ করেন সেনাপ্রধান।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। অপরদিকে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২২৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ১৭২ জন।

ইনিংস ব্যবধানে হেরে ইতিহাস গড়ল পাকিস্তান

ইনিংস ব্যবধানে হেরে ইতিহাস গড়ল পাকিস্তান মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে হেরে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে পাকিস্তান। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০’র বেশি রান তোলার পর ইনিংস ব্যবধানে হারের নজির গড়ল। দুই টেস্টে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সফরকারীদের ২৬৭ রানের লিড পায়। টেস্টে এটি চতুর্থ সর্বাধিক দলীয় রানের রেকর্ড। শুক্রবার পঞ্চম দিন ২২০ রানে স্বাগতিকরা গুটিয়ে যায়। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ফরম্যাটটিতে এতি তাদের টানা ষষ্ঠ হার। ঘরের মাঠে সর্বশেষ ৯ টেস্টে দলটি সপ্তম হারের স্বাদ পেলো। ২০২২ সালের মার্চ থেকে দেশের মাটিতে দলটি টানা ১১ ম্যাচ (৭ হার, ৪ ড্র) জয়ের মুখ দেখেনি। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘরের মাঠে খেলা ১১ টেস্টের মধ্যে ১টিতে হেরেছিল ও ১০টিতে ড্র করেছিল। পাকিস্তানের লজ্জার এখানেই শেষ নয়। ইংল্যান্ড দলীয় আট শতাধিক রান স্কোরবোর্ডে তুলেছে ১৫০ ওভারে (৯০০ বল)। এত লম্বা সময় বোলিং করেও পাকিস্তানি বোলাররা মাত্র একটি মেডেন ওভার নিতে পেরেছে। এর আগে ১৯৩৯ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ৮৮.৫ ওভারে (৮ বলে ওভার ছিল) বোলিং করে দক্ষিণ আফ্রিকার বোলাররা কোনো মেডেন ওভার আদায়ে সক্ষম হয়নি। রেকর্ডতি এখনো অক্ষত রয়েছে। তবে সবচেয়ে বেশি ওভার ও ডেলিভারিতে সবচেয়ে কম মেডেন নেয়ার রেকর্ড পাকিস্তানের নামের পাশে লেখা হয়ে গেল। দুই দল প্রথম ইনিংসে ৫৫০ রানের বেশি তোলার পরও সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ম্যাচের ফল এসেছে। ২০২২ সালে এই দুই দলের রাওয়ালপিন্ডি টেস্টেও একই ঘটনা ঘটেছিল। মুলতান টেস্টের তিন ইনিংস মিলিয়ে রান রান রেট ৪.৫১। অন্তত ২০০০ বল খেলা হয়েছে, এমন টেস্টে এটি দ্বিতীয় সর্বাধিক। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে রেকর্ড ৪.৫৪ রানরেট উঠেছিল। এক ইনিংসে ৫০০ রান ছুঁয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ার ঘটনা টেস্টে এই নিয়ে ১৯ বার ঘটল। সর্বোচ্চ পাঁচবার এমন হারের শিকার পাকিস্তান। এক ইনিংসে সর্বাধিক তিন ব্যাটার সেঞ্চুরি আদায় করলেও দল হিসেবে এমন ম্যাচে দ্বিতীয়বার পরাজয়ের দৃষ্টান্ত দেখাল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ২০২২ সালে ইংলিশদের সঙ্গে তাদের সেই তিক্ত অভিজ্ঞতা ছিল। কলম্বো টেস্টে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার তিন ব্যাটার শতক হাঁকিয়েছিলেন। তবুও স্বাগতিকরা হেরে বসেছিল। এদিকে, দীর্ঘ ৪৮ বছর পর টেস্টে এশিয়া মহাদেশে ইনিংস ব্যবধানে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। ১৯৭৬ সালে দিল্লি টেস্টে ইংলিশরা ভারতের বিপক্ষে ইনিংস ও ২৫ রানে জিতেছিল। শুক্রবার ৬ উইকেটে ১৫২ রান নিয়ে স্বাগতিকরা পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করে। চতুর্থ দিন ম্যাচের মাঝপথে অসুস্থ হয়ে পড়েন স্পিনার আবরার আহমেদ। তাকে হাসপাতালে ভর্তির পর বেশ কিছু পরীক্ষা করানো হয়। অসুস্থতার কারণে ব্যাট করতে পারেননি। ব্যক্তিগত ৬৩ রানে থাকতে আঘা সালমানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জ্যাক লিচ। এতে সপ্তম উইকেটে আমের জামালের সঙ্গে তার ১০৯ রানের জুটি ভাঙে। এরপর লিচ শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর উইকেট তুলে নেন। জামাল অপরাজিত থাকেন ৫৫ রানে।

শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিও

শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিও এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিও। ‘হিবাকুশা’ নামে পরিচিত এ সংগঠনটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এ বছর পুরস্কারটির জন্য আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসকে এগিয়ে রাখা হচ্ছে। পুরস্কারের ঘোষণা নেবেলপ্রাইজ.ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এই বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি সংস্থা ছিল। ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ১১১ ব্যক্তি ও ৩১ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪২। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি ১৯১৭, ১৯৪৪ ১৯৬৩ সালে তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দফতর ১৯৫৪ ও ১৯৮১ সালে দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এছাড়া ২৭ স্বতন্ত্র সংস্থা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি জানায়, ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়। একাডেমি জানায়, ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কারজয়ী ঘোষণা করে।বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ম্যান বুকার বিজয়ী কথাশিল্পী, প্রাবন্ধিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক হান কাংকে ২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। উল্লেখ্য, সমাজের ‘নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। আগামী ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ছয় নম্বর ও সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ডিম দিবস-২০২৪ উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ডিম দিবস-২০২৪ উদযাপিত ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’-শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ডিম দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে শিশু ও সাধারণ মানুষের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়। আজ সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, দপ্তরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, কৃত্রিম প্রজনন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ডা.এমরান আলী, ভেটেরেনারী কর্মকর্তা ডা.কবীর উদ্দিন আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইয়ামিন আলী, ভেটেরিনারী সার্জন ডা.আখতারুজ্জমান, গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী প্রমুখ। বক্তারা ডিমের পুষ্টিগুন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশে ডিমের গুরুত্ব ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে করনীয় সম্পর্কেও সভায় আলোচনা হয়।

আজ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা

আজ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ। শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন এটি। বিভিন্ন মন্দির ও ম-পে আজ অষ্টমী বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পুজামন্ডপে ভোর রাত থেকে মহাষ্টমীর পুজো শুরু হয়। পরে সকালে সন্ধি পুজা ও ১০টার দিকে মহানবমী পুজো শুরু হয়। মন্ডপগুলোতে দর্শনার্থীরা পুজো দিয়ে অঞ্জলি দিয়ছেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় মহাস্টমীর পুজা সম্পন্ন হয়।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে শিশু নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে হাসান আলী নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোয়াপুকর গ্রামের সমির আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দিননাথপুর গ্রাম সংলগ্ন নদীর ঘাটে গোসলে নেমে সে ডুবে যায়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে খোঁজ করেও শিশুটির সন্ধান পায় নি। সংশ্লিস্ট ইউপি সদস্য এনামুল হক জানান, কয়েকদিন পূর্বে শিশুটি মায়ের সাথে দিননাথপুর গ্রামে আত্মীয় রাকিব আলীর বাড়ি বেড়াতে আসে। আজ দুপুরে আত্মীয়’র বাড়ির পাশে পিতলাতলা ঘাটে গোসলে নেমে সে নিখোঁজ হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশিদ জানান, ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজ করে শিশুটিকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুপুর ২টার দিক থেকে নৌকা নিয়ে নদীতে নেমে খোঁজ শুরু করে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।

উইন্ডিজকে ১০৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ

উইন্ডিজকে ১০৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে অল্পেই থেমেছে টাইগ্রেসরা। শারজাহতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনারের কেউই। পাওয়ার প্লে-র মাঝেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার ও সাথী রাণী। এর আগে করেন যথাক্রমে ১৯ ও ৯ রান। তৃতীয় উইকেটে ৪০ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে সোবহানা আউট হওয়ার পর থেকে আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। যদিও একপ্রান্ত আগলে লড়াই করছিলেন জ্যোতি। শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। ঋতু মনি করেন ১০ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইন্ডিজের হয়ে কারিশমা রামহরক চারটি, আফি ফ্লেচার দুটি ও হেইলি ম্যাথিউজ একটি করে উইকেট নেন।

উইন্ডিজের বিপক্ষে রান করতে ধুঁকছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে রান করতে ধুঁকছে বাংলাদেশ নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে রান করতে ধুঁকছে টাইগ্রেসরা। শারজাহতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে দুই উইকেটে ৫৪ রান করেছে বাংলাদেশ। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনারের কেউই। পাওয়ার প্লে-র মাঝেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার ও সাথী রাণী। এর আগে করেন যথাক্রমে ১৯ ও ৯ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি দুজনে দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন। তবে ফরম্যাট অনুসারে রানের গতি বাড়াতে পারছেন না তারা। জ্যোতি ১৭ ও মোস্তারি ৯ রানে ব্যাট করছেন। শক্তির বিচারে লাল-সবুজের দলের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ টি-২০ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাঘিনীদের পরাজয়ের স্বাদ পেয়ে হয়েছিল। এবার সেই বৃত্ত ভাঙতে চান জ্যোতিরা। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ ফরম্যাটের বৈশ্বিক আসরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিয়েও লক্ষ্য তাড়ায় মাত্র ৯৭ রানে আটকে গিয়ে হারতে হয়েছিল।